২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঁবোর কবিতা : অনুবাদ মূল্যায়ন

মোস্তফা তোফায়েল

Published : 19 Mar 2014, 08:13 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

বিনয় বর্মনকৃত র‌্যাঁবোর কবিতা অনুবাদ বইটিতে ১০৩টি কবিতার বাংলা অনুবাদ আছে; সঙ্গে বোনাস হিসেবে রয়েছে মূল ফরাসি ভাষ্য এবং একাধিক ইংরেজি অনুবাদকের ইংরেজি ভাষান্তর বা অনুবাদ। ইংরেজি অনুবাদক ভিন্ন ভিন্ন হওয়াই স্বাভাবিক, কারণ এক একটি মূল ফরাসি র‌্যাঁবো সংগ্রহের ইংরেজি অনুবাদ করেছেন একজন বা একাধিক ইংরেজ অনুবাদক, তাঁদের নিজস্ব জ্ঞান ও রুচি অনুযায়ী। তাঁদের উপর নির্ভর করতে গিয়ে বর্তমান বাংলা অনুবাদক কবি বিনয় বর্মনকে ছুটতে হয়েছে এক সংগ্রহ থেকে অন্য সংগ্রহে। তিনি মূল ফরাসির সাহায্যও নিয়েছেন; ফরাসি ভাষার পাঠ তিনি গ্রহণ করেছেন অনুবাদের মহৎ লক্ষ্য সামনে রেখে, যেমন করে ভাই গিরিশচন্দ্র সেন আরবি পাঠ গ্রহণ করেছিলেন কোরআন অনুবাদের লক্ষ্য সামনে রেখে। যাঁদের ইংরেজি অনুবাদ তিনি প্রধানত গ্রহণ করেছেন, তাঁরা হলেন : A. S. Kline, Helen Rootham, Oliver Bernard I Wallace Fowlie। অন্যান্য কয়েকজন অনুবাদকের মধ্যে আছেন : John Ashberry, Jethro Bithell, Paul Schmidt, Wilfred Charles Thorley, Ludwig Lewisohn, William John Robertson, Louis Ratisbonne, Reynolds Price এবং Norman Cameron। আর্তুর র‌্যাঁবোর যে বইগুলো অনুবাদক বিনয় বর্মনের নির্বাচনে এসেছে, সেগুলো হচ্ছে :Les Illuminations, Poemes, Une Saison en Enfer, Le Bateau Ivre, Derniers Vers, Album Zutique et Autres Poemes এবং কয়েকটি অগ্রন্থিত কবিতা।

অনুবাদককে ধন্যবাদ যে তিনি বাঙালি পাঠকদের সুবিধার্থে শুরুতেই ২২ পৃষ্ঠার একটি দীর্ঘ ভূমিকায় র‌্যাঁবোর পরিচিতিসহ তাঁর কাব্যিক বৈশিষ্ট্য, অন্যান্য বঙ্গানুবাদক পরিচিতি এবং তাঁর নিজের অনুবাদ বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন,

"র‌্যাঁবোর গদ্যকবিতাগুলো অনুবাদের সময় শব্দানুগ থেকেছি, অর্থাৎ কবি যা বলেছেন, যেভাবে বলেছেন, সেভাবেই অনুবাদ করা হয়েছে। কিন্তু তাঁর ছন্দোবদ্ধ কবিতাগুলো অনুবাদের সময় অনুবাদক হিসেবে যথেষ্ট স্বাধীনতা নিয়েছি। এর কারণ নান্দনিক ও কারিগরি। ছন্দ, মিল ও ভাবের সামঞ্জস্য করতে গিয়ে মাঝে মাঝে মূল থেকে কিছুটা সরে আসতে হয়েছে। কিন্তু কবিতার রস যাতে ক্ষু্ণ্ন না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। মনে রাখতে হবে যে অনুবাদ মৌল সৃষ্টি নয়, পুনঃসৃজন। পুনঃসৃজন মানেই সেখানে যোগবিয়োগ থাকবে। অনুবাদে কেবল মূল লেখকই উপস্থিত থাকেন না, অনুবাদকও সশরীরে উপস্থিত থাকেন। অনুবাদে ঘটে যৌথ মেধার সংশ্লেষ। বুদ্ধদেব বসুকৃত বোদলেয়ারের অনুবাদ আমার জন্য মডেল হিসেবে কাজ করেছে।"

এই মডেল বলতে বিনয় বর্মন বলেছেন যে, মূলের ছন্দোবদ্ধ কবিতার ক্ষেত্রে ছন্দ কবিতায় আর গদ্য কবিতার ক্ষেত্রে তিনি গদ্যানুবাদ করেছেন। যেমন Le Bateau Ivre অনুবাদের ক্ষেত্রে ভূমেন্দ্র গুহ গদ্যধর্মী, বিনয় বর্মন সেখানে পদ্যধর্মী, কারণ মূল কবিতাটি ছন্দে। আমি ব্যক্তিগতভাবে এই অনুবাদটিতে এত বেশি মুগ্ধ ও আকৃষ্ট হয়েছি যে আমার র‌্যাঁবো পড়ার আগ্রহ ও উৎসাহ বহুগুণে বৃদ্ধি পেয়েছে এটি পাঠ করার পর। আমি বিশ্বাস করি যে, অনুবাদ এখানে বিপুলভাবে উত্তীর্ণ। এটি মূলানুগ। অর্থ ও শৈলীতে, শব্দ চয়নে, ধ্বনি ব্যঞ্জনায়, আবেগ-ধারণে, তালে এবং লয়ে সর্বতোভাবে সার্থক তিনি। তাঁর 'মাতাল নৌকা' নামকরণও কবিতাটির মমার্থ বিবেচনায় অধিকতর অর্থবাহী 'মাতাল তরণী'র তুলনায়, কারণ 'নৌকা' যতোটাই মনোজগতিক ও ইহলৌকিক, 'তরণী' ততোটাই আধিদৈবিক ও পারলৌকিক। বস্তুবাদী র‌্যাঁবোর জীবনযন্ত্রণার আহাজারি এবং তাঁর মানবিক টাল-মাটাল অবস্থার প্রতিফলন প্রকাশে বর্তমান অনুবাদকের 'মাতাল নৌকা' অধিকতর অর্থবহ মনে হয় ভূমেন্দ্র গুহের 'মাতাল তরণী'র তুলনায়।

তবে ছন্দোবদ্ধ কবিতার অনুবাদ সাজুয্যপূর্ণ ছন্দ কবিতায় আর ছন্দবিহীন গদ্যধর্মী কবিতার অনুবাদ গদ্যে করার সিদ্ধান্তে ঐকমত্য নেই আমার। এক্ষেত্রে রবীন্দ্রাশ্রয়ী আমি দৃষ্টান্ত খাড়া করবো রবীন্দ্রনাথের স্বকৃত ইংরেজি গীতাঞ্জলি 'The Song Offerings'-এর, যেখানে তিনি বাংলা সংগীতভুক্ত সুখ্যাত শতাধিক কবিতার অনুবাদ করেছেন গদ্য ছন্দে এবং সগর্বে ঘোষণা করেছেন, এগুলো Prose Translations।

অনুবাদ সাহিত্য নিয়ে আরো একটা কথা উচ্চারিত হতে দেখেছি। অনেকে বলেন, একই বিদেশি কবিতার একাধিক বাংলা অনুবাদে অযথা সময় নষ্ট করা কেন? কেউ কেউ স্পষ্ট বলেছেন: অরুণ মিত্রের অনুবাদ থাকতে বিনয় বর্মন কি জন্য? উত্তরটা হচ্ছে, জন্মদিনের প্রতিটি শুভেচ্ছা বাণীর একই অর্থ, কিন্তু প্রতিটি বাণীর ভাষিক ব্যঞ্জনা যদি হয় নতুনতর আবেদনে সিঞ্চিত, তা হলে জন্মদিনটির সার্থকতা ধন্যতর হতে হতে মহাধন্য হয়ে যাবে। এতে আপত্তির কিছু নেই। আপত্তি থাকার কথা নয় একই কবির নতুন নতুন অনুবাদ প্রকাশের ক্ষেত্রে। কবি সাহিত্যকদের কাজই হচ্ছে, নজরুলের ভাষায়, "বহুপাত্রে ঢেলে পি'ব সে শরাব লহু"।

র‌্যাঁবোর Eternity কবিতা অনুবাদে Eternity শব্দের বাংলা তর্জমা লোকনাথ ভট্টাচার্য করেছেন শাশ্বতী, Personification এর অভিপ্রায়ে। বিনয় বর্মন করেছেন 'নিত্যতা'। বিনয় বর্মন জগৎ সংসারের চিরন্তনী চারিত্র্যকেই অগ্রাধিকার দিয়েছেন আলংকারিক ভাবালুতার জায়গায়। ইংরেজি অনুবাদক A. S. Kline যে ইংরেজি ভাষ্য উপস্থাপন করেছেন, তা থেকে কবিতাটির বাংলা তর্জমা দাঁড়ায় নিম্নরূপ :

"আছে আছে, বেশ তো আছে নিত্যতা; সে খুবই আছে। সাগর-স্রোতের সাথে সাথে যেমন ছুটে চলেছে সূর্য, দিনে এবং রাতে। আত্মা-বন্ধু ধরা দেয় কানের কাছে ফিস্ফিসিয়ে; তার এই ধরা দেওয়ার দিবস-কালীন উচ্ছলতা রাতে ফুরিয়ে যায় শূন্যতার ফলাফলে। মানবজীবনের দুঃখ-ব্যথা সবই নশ্বর, কামনারাও নশ্বর। সবকিছুকেই নিত্যতার স্রোতে ঢেলে দিতে হবে, বৈশ্বিক সাম্যগগনে পাখা মেলে উড়ে যেতে হবে। তুমি আমি একা একা চলে গেলেও পিছে পড়ে থাকবে চিতাভস্ম; শেষ নিঃশ্বাসটা নিচে গড়িয়ে গিয়ে তোমার দায়িত্ব কর্তব্য অর্পিত হবে পরবর্তী জনের শ্বাস-প্রশ্বাসে। এই যে জগৎ-সংসার, এখানে আশালতার নিরংকুশ বেড়ে-ওঠা পরাহত, মিনতি ও প্রার্থনার রোদনরাশি ভূলুণ্ঠিত; প্রবোধ-প্রবুদ্ধ সবই বৃথা, সত্য কেবল যাতনা ও বেদনা "সে যে কেবলই যাতনাময়"। এসব নিয়েই জীবন চলে, নিত্যতা সে খুবই কাছে; সাগর স্রোতের সাথে সাথে ছুটছে সূর্য, দিনে এবং রাতে। "

মূল কবিতার এই পাঠের সাথে মিলিয়ে নিলে দেখা যাবে বিনয় বর্মন ফরাসি ভার্সনের ছন্দ এবং A. S. Kline প্রদত্ত ইংরেজি ছন্দের সাথে যেমন রক্ষা করেছেন বিশ্বস্ততার বন্ধন, তেমনই অর্থ ও উপমারাশির উল্লেখে রক্ষা করেছেন নিখাঁদ সংলগ্নতা। কিন্তু লোকনাথ ভট্টাচার্য পাঠ থেকে বহুদূর সরে গিয়ে কবিতাটিকে রোমান্টিক আবেগতাড়িত অবয়বে সাজিয়ে ফেলেছেন। তিনি Embers শব্দটিকে করে দিয়েছেন লা-পাত্তা; Entreaty-র অর্থ কাকুতিমিনতি হলেও তিনি সেটাকে বানিয়েছেন উদয়-পথ। বিনয় বর্মনের অনুবাদে কবিতাটি ছড়ার ঢঙে তরতর পা ফেলে ছন্দোময় পথে হেঁটে গেছে, এটি স্পষ্ট করে যে জীবনের শেষে ব্যর্থতা থাকলেও দিনানুদৈনিক যাপিত জীবনই জীবন। সে "কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়।" এখানেই তার নিত্যতা। কিন্তু, লোকনাথ ভট্টাচার্যের অনুবাদে যে অনুভূতিটা আসে তা বিরহানুভূতি, শাশ্বতী নামে কোনো প্রিয়ার চলে যাওয়ার স্মৃতি।

এবার আসি 'ঊষা' প্রসঙ্গে। অরুণ মিত্রের অনুবাদে ঊষা Personified; সে ধরা দেওয়ার কাছাকাছি, হাত-ছুঁই-ছুঁই অধরা মাধুরি। প্রথম উদ্যমেই সে অধরা ধরা দিয়েছে একটি ফুল হয়ে, নাম বলেছে তার। জলপ্রপাতের কাছাকাছি পৌঁছে যায় নায়ক, মাধুরি তখন ঝাউগাছের মধ্যে এলায়িত দেহ। গম্বুজ, গির্জাচূড়া ইত্যাদির ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লুকোচুরি দৌড়াদৌড়ির পর লতাগুল্মের কাছাকাছি গিয়ে সে অনিচ্ছার ভান করে স্বেচ্ছায় ধরা দেয়। মাধুরি ঊষা শিশুসুলভ নিরাভরণ হয়ে ধরাশায়ী হয় নায়কের হাতে। অরুণ মিত্রের উপস্থাপনায় লীলায়িত গদ্যভঙ্গিতে কবিতাটি পড়ার পর অনেকেরই হয়তো স্কুলজীবনের সহপাঠিনীসহ ভোরের আলো-আঁধারিতে আম কুড়াতে যাওয়ার স্মৃতি মনে পড়বে। কিন্তু, বিনয় বর্মন তাঁর 'ঊষা' অনুবাদে স্রেফ রোমান্টিক না হয়ে অনেকটাই Panoramic। তাঁর লেখনভঙ্গিমায় প্রকৃতির সাজ, ভ্রমণের অভিজ্ঞতা, আঁকাবাঁকা পথ, ঝরনার হাসি, রুপোলি চূড়া, ঘন্টাচূড়া ফুল, বনবীথিকা, পাথরখাঁড়ি, লরেলবন প্রাধান্য পেয়েছে। তিনি অনেক আলাদা, বহুদূর স্বাতন্ত্র্যে ভাস্বর। আপন মহিমায় উজ্জ্বল তার ভাষা এবং উপস্থাপনা, তৎসঙ্গে মূলানুগও।

তবে, কখনো কখনো মনে হয়েছে বিনয় বর্মন খুব মিতব্যয়ী; তিনি বেশি কথা বলতে চান নি। ওফেলিয়ার আত্মাহুতি ও বিয়োগান্তক বিদায়েও তিনি সংক্ষিপ্ত এবং সাশ্রয়ী। অধিক শোকে পাথরের মতো স্বল্পবাক। তিনি এড়িয়ে গেছেন কবিতালতার পল্লবগ্রাহিতা। র‌্যাঁবো-বৈশিষ্ট্যের সাথে কণ্ঠলগ্ন অবস্থান গ্রহণের কারণেই তাঁর এই কৃচ্ছ্রতাসাধন।

Ophelia-3 এর A. S Cline অনূদিত ইংরেজি পাঠ নিম্নরূপ :

And the poet tells how in the starlight pale
The flowers you culled, by night, you come sacking,
How he has seen on the stream, lying in her long veil,
Like an immense lily, white Ophelia floating.

এ কবিতাটির ঠিক সমান চার লাইনের কখকখ অন্ত্যমিল কবিতানুবাদ করেছেন বিনয় বর্মন। আমার মনে পড়ে, তারা বাংলা চ্যানেল, কলকাতা টিভিতে রঞ্জন চৌধুরীর উপস্থাপনায় একজন অতিথি অধ্যাপক এই 'ওফেলিয়া-৩' এর একটি অনুবাদ আবৃত্তি করে শুনিয়েছেন কিছুদিন আগে (রোববার সন্ধ্যা : ১০/১১/২০১৩ তারিখ)। সে অনুবাদটি আমার স্মৃতিচারণে নিম্নরূপ :
কবি বলে যান গভীর বেদনা বুকে,
রাতের আকাশে মলিন তারার আলোয় :
যে ফুল চয়ন করেছিলে তুমি হৃদয়-হরণ সুখে–
সে ফুল সহসা হারালো কোন সে ধুলোয়!

ঝরনার জলে ভেসে চলে সেই ফুল!
বিশাল বিপুল আয়তন তার,
স্রোতে চলমান বেদনার ভার;
শ্বেত শতদল অবগুণ্ঠনে ঢাকা।

শতদল সে কি? শতদল সে-তো নয়!
আড়ালেতে তার মহা বেদনার
ওফেলিয়া নিশ্চয়,
শোকের তরলে মাখা!

Pathos বা শোকের আবহ এই কবিতাটির মূল অনুষঙ্গ। বিনয় বর্মনের অনুবাদে অধিক শোকে পাথরের নীরবতা রূপ লাভ করেছে ঋজু শব্দচয়নে ও অলংকার বর্জনে, মূলানুগত্যে; এবং সেটাই তাঁর স্বকীয় অনুবাদ-রীতি। অপর পক্ষে, উপরে উদ্ধৃত মুক্তক ছন্দের কবিতায় পাই আলুলায়িত তরলতাময় একটি প্রকাশভঙ্গি। দুটোই প্রশংসনীয়।

ওফেলিয়া-১ (পৃষ্ঠা ১৯১), ওফেলিয়া-২ (পৃষ্ঠা ১৯৪), চতুর মেয়ে (পৃষ্ঠা ২৪২), আমার বাউণ্ডুলে জীবন (পৃষ্ঠা ২৫১), গির্জায় গরীব লোক (পৃষ্ঠা ২৭২), অপহৃত হৃদয় (পৃষ্ঠা ২৭৮), সর্বোচ্চ ভবনের গান (পৃষ্ঠা ৩৭৪), মাতাল গাড়োয়ান (পৃষ্ঠা ৮৬), পিতামাতা (পৃষ্ঠা ৩৯৮), বন্ধুগণ (পৃষ্ঠা ৪০৪) অনুবাদ কবিতাগুলো মুগ্ধ হয়ে পড়েছি। মাত্রাবৃত্ত সবগুলো কবিতায় তিনি দক্ষতা ও সাবলীলতার পরিচয় দিয়েছেন। মনে হয়েছে যেনো এগুলো মৌলিক রচনা। অনুবাদক যেন 'আপন মনের মাধুরি মিশিয়ে' এগুলো পুনঃরচনা কালে বলেছেন, 'তুমি আমারই, তুমি আমারই, তুমি সন্ধ্যার মেঘমালা'। আঠারো মাত্রার সমিল কবিতায় মিল রক্ষা করার দুরূহ কাজ 'আবার বাউণ্ডুলে জীবনে' তিনি সহজেই সাধন করে দেখিয়েছেন অনুবাদ কবিতা পুনঃলিখন নয়, পুনঃসৃজন।

২১৩ পৃষ্ঠার কবিতা The First Evening এর অনুবাদ 'প্রথম সন্ধ্যা' অনবদ্য। লিরিক বৈশিষ্ট্যে, রোমান্টিক সৌন্দর্যে, তরল ধ্বনির রুনুঝুনুতে বাংলা অনুবাদ কবিতাটি সৃজনশীলতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। যদি কেউ ধরিয়ে না দেয় যে প্রথম সন্ধ্যা মূলত র‌্যাঁবোর কবিতা, তা হলে অনায়াসেই এটি মর্যাদা পেতে পারে মৌলিক সৃষ্টির। বিনয় বর্মন এরকম আরো বহু সংখ্যক অনুবাদে নিজেকে উজার করে দিয়েছেন। তাঁর শ্রম ও মেধা সোনার ধান ফলিয়েছে অনুবাদ ক্ষেতে।

The Stolen Heart কবিতাটির অন্তর্গত বেদনা যা, র‌্যাঁবোর ব্যক্তিক জীবনের মর্মান্তিক ক্ষরণও তাই। কবিতাটির অনুবাদ-ভাষ্যে বিনয় বর্মন প্রথম পংক্তিতেই যখন বলেন, হৃদয়ে আমার কেবলই রক্তক্ষরণ, তখনই তিনি চলে যান এর ভেতরে। কিন্তু, মূলে যেখানে আছে নোংরা ঝালরে কলুষিত হৃৎ-প্রদেশের দৃশ্যকল্প, সেখানে অনুবাদক কেন আশ্রয় নিলেন দূরাগত উৎপ্রেক্ষার, তা বোঝা গেল না। হৃৎ-প্রদেশের জায়গায় আকাশ এই অনুবাদ একটি দূরাগত অন্বয় মনে হচ্ছে। ইংরেজি অনুবাদে যে লাইনগুলির দ্বিরুক্তি আছে প্রত্যেক স্তবকের শুরু ও শেষে, অনুবাদক তা বিশ্বস্ততার সাথে সুরক্ষা করেছেন। শেষ স্তবকে When they have finished chewing their plugs এর উৎপ্রেক্ষাজাত একটি গুঢ় অনুবাদ করা হয়েছে, যা যথার্থ। অনুবাদক ঐ লাইনটির বাংলা করেছেন : 'যখন ফেলেছে পয়সা তাদের গিলে।' আত্মজৈবনিক এই কবিতাটি উপভোগে সহায়ক ভূমিকা রেখেছে বিনয় বর্মনের অনুবাদ। তার হাতে অনুবাদ হয়েছে কাব্যিকতায় সমর্পিত।

'Ma Boheme' -এর বাংলা 'আমি ভবঘুরে' করেছেন শরৎ কুমার মুখ্যোপাধ্যায়; বিনয় বর্মন করেছেন 'আমার ভবঘুরে জীবন'। আত্মজৈবনিক এই কবিতাটিও অতি-কাব্যিকতায় আক্রান্ত হয়েছে কবি-অনুবাদকদের হাতে। সাদাসিধে গদ্য অনুবাদে যেখানে অংশটি দাঁড়ায় :

কোটের ছেঁড়া পকেটে হাত ঢুকিয়ে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আমার ওভারকোট ছিল তেমনই নেতিয়েপড়া। খোলা আকাশের নিচে যখন পৌঁছলাম, কাব্যলক্ষ্মী আমাকে তলব করলো কবিতা লিখতে। হায়, পোড়া কপাল! এই কাব্যলক্ষ্মীকে নিয়ে কতই না প্রেমের স্বপ্ন দেখেছি আমি! মাত্র একটি পাজামা ছিল আমার, ছেঁড়া-ফাটা তালি দেওয়া। বুড়ো গনক টম; ব্যাটা তাকাচ্ছিল আকাশের দিকে; আর আমি পথ-চলার তালে তালে ছড়া কাটছিলাম।

গদ্য ছন্দে যা খুব সহজ ও সুন্দর হতে পারে, তাকে কবিতায় আঁকাবাঁকা করে ফেলেন শরৎকুমার মুখ্যোপাধ্যায়। তিনি বাংলা করেন :
দুটি হাত ছেঁড়া পকেটে গলিয়ে পালিয়েছিলাম,
আমার বিশাল কোটখানা, তারও ছিরি তদ্রুপ,
আহা মরি, বড়ো মনোরম প্রেম স্বপ্নের রূপ-
উপরে আকাশ, বাগ্দেবী, আমি তোমার গোলাম।
প্রকাণ্ড এক ছিদ্র অদ্বিতীয় পাৎলুনে
যেতে যেতে বুড়ো আংলা বেঘোরে ছড়া আওড়াই
ওই দূর সাত ঋষিমণ্ডলে ঘর ছিল, তাই
আকাশনিবাসী তারাদের মুখ ফিসফিস। শুনে
আমি বসে পড়ি পথের উপর, কী মধুর রাত:

বিনয় বর্মন ২০ মাত্রার কবিতাভাষ্যে যে অনুবাদ করেছেন, তাতে তিনি মূল পাঠ-চ্যুতি পরিহার করতে সচেষ্ট, প্রতীয়মান হয়। তিনি আগাগোড়াই চেয়েছেন মূলের প্রতি বিশ্বস্ত থাকতে। তবে, এই করতে গিয়ে তাঁর কবিতা হয়ে গেছে ঈষৎ গদ্যময়। যেমন, সনেট আঙ্গিকের ষষ্ঠকের প্রথম লাইন :

রাস্তায় বসে বসে অমৃত ধ্বনি সেই কান পেতে শুনি। আমার মতে, অনুবাদটি কবিতায় করতে গিয়ে বিনয় বর্মন ১৬ মাত্রা বা ১৮ মাত্রার ছন্দে, অথবা গদ্যকবিতার টানা ছন্দে আরো মূলানুগ হতে পারতেন।

বিনয় বর্মনের র‌্যাঁবোর কবিতা সাম্প্রতিক প্রকাশনা, যা মুগ্ধকর। কাব্যমূল্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্রকর্ম দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর, সিনেমা দিয়ে সত্যজিৎ রায় এবং অর্থনীতি আলোচনায় অর্মত্য সেন বাঙালি জাতিকে আর্ন্তজাতিকভাবে মহত্তর আসনে বসিয়ে দিয়েছেন; কিন্তু বাংলা অনুবাদ সাহিত্যের মাহাত্মে বুদ্ধদেব বসু কিংবা বাংলা সাহিত্য থেকে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে কেতকী কুশারী ডাইসন ও উইলিয়াম রাদিচেরা পিছনে পড়ে আছেন বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলার চর্চা না থাকার কারণে। এখন প্রয়োজন, যেমন ইংরেজি সাহিত্য তেমন করে বাংলা সাহিত্যকে বহির্বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া। অবাঙালি এবং উপনিবেশবাদীদের জাতক হওয়া সত্ত্বেও 'দুঃখিনী বর্ণমালা'র মলিন মূর্তি ঘোচানোর যে প্রত্যয় ও সাধনা দেখি ইংরেজ অনুবাদক কবি উইলিয়াম রাদিচের বক্তব্যে, সেই প্রত্যয় ও সংকল্প দেখা দিক আবার বর্তমান প্রজন্মের বিনয় বর্মন প্রমুখের প্রয়াসে। তাদের অবদানেই বাংলা অনুবাদ সাহিত্য সমৃদ্ধ হবে।
র‌্যাঁবোর কবিতা (ত্রিভাষিক সংস্করণ)
অনুবাদ : বিনয় বর্মন
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারী ২০১৩
প্রকাশক : পান্থজন, কনকর্ড এম্পোরিয়াম, কাঁটাবন, ঢাকা
পৃষ্ঠাসংখ্যা : ৪১২
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
মূল্য : ৩০০ টাকা