২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের গবেষক থিবো দুবের পেলেন ‘বিদ্যাবিনোদ’ উপাধি

“এই উপাধি গ্রহণের মাধ্যমে মধ্যযুগের বাংলা সাহিত্য গবেষণার জন্য আমার দায়িত্ব আরও বাড়ল,” বলেন তিনি।

ফ্রান্সের গবেষক থিবো দুবের পেলেন ‘বিদ্যাবিনোদ’ উপাধি
থিবো দুবের, ফ্রান্সের গবেষক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 10:49 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আলাওলের সাহিত্য নিয়ে কাজ করা ফ্রান্সের গবেষক থিবো দুবেরকে 'বিদ্যাবিনোদ' উপাধি দিয়েছে ভাবনগর ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের বহুভাষী এ গবেষককে এ সম্মাননা দেওয়া হয়।

এসময় তাকে সনদপত্র ও ক্রেস্ট দেওয়ার তথ্যও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে।

অনুষ্ঠানে থিবো দুবের এর পরিচিতি তুলে ধরে তাকে সম্মাননা জানাতে উপাধি দেওয়ার কথা ঘোষণা করেন কবি শাহেদ কায়েস। পরে ভাবনগর ফাউন্ডেশনের তরফে চর্যাপদ পুনর্জাগরণের শিল্পী সাধিকা সৃজনী তানিয়া এবং ভাবনগর সাধুসঙ্গের শিল্পী শিলা মল্লিক ফুলের মালা পরিয়ে তাকে সংবর্ধনা দেন।

পরে তাকে ‘বিদ্যাবিনোদ’ উপাধির সার্টিফিকেট ও স্মারক ক্রেস্ট তুলে দেন ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি সাইমন জাকারিয়া ও নির্বাহী পরিচালক কথাসাহিত্যিক নূরুননবী শান্ত।

সাইমন জাকারিয়া বলেন, বর্তমান বিশ্বে মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে যারা গবেষণা করছেন তাদের মধ্যে ড. থিবো দুবের শীর্ষস্থানীয়। তিনি কৃত্তিবাসী রামায়ণ দিয়ে মধ্যযুগের বাংলা সাহিত্য গবেষণা শুরু করেন এবং পরে আলাওলের কাব্য নিয়ে দুই পর্বে একাডেমিক গবেষণা সম্পন্ন করেন।

প্রথমে তিনি এমফিল গবেষণা সম্পন্ন করেন ইন্দো-পার্সিয়ান কালচার এবং মধ্যযুগের বাংলায় আলাওলের সাহিত্যকর্মের বিশ্লেষণের মাধ্যমে। পরে তিনি পিএইচডি গবেষণা করেন কাব্যিক অনুবাদ ও সাংস্কৃতিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে আলাওল ও সপ্তদশ শতকে আরাকান রাজসভার বাংলা সাহিত্যের ঐতিহ্য বিষয়ে।

অনুষ্ঠানে বলা হয়, এছাড়া প্রায় ১৫ বছর ধরে দুবের ও সাইমন জাকারিয়া আলাওলের ‘সয়ফুলমলুক-বদিউজ্জামাল’ সম্পাদনার পাশাপাশি অনুবাদ করেছেন।

মধ্যযুগের বাংলা কাব্যের ধারায় রচিত মোহাম্মদ শফির নূরনামা নিয়েও বিশ্লেষণী গবেষণা সম্পাদন করেছেন দুবের।

সংবর্ধনা ও উপাধি গ্রহণের প্রতিক্রিয়ায় থিবো দুবের বলেন, “এই উপাধি আমার দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি বলে মনে করছি। এই উপাধি গ্রহণের মাধ্যমে মধ্যযুগের বাংলা সাহিত্য গবেষণার জন্য আমার দায়িত্ব আরও বাড়ল।

“আপনারা জানেন, মধ্যযুগের বাংলা সাহিত্য আমার প্রিয় বিষয়। আমার জীবনের সিংহভাগ সময় মধ্যযুগের বাংলা সাহিত্য গবেষণায় ব্যয় করেছি এবং এখনও করে যাচ্ছি। এখন উপলব্ধি করছি আমাকে সারাজীবন এই কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানে প্রাচীন বাংলার চর্যাপদ পরিবেশন করেন সুরকার, শিল্পী ও প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া, বরিশালের সাধক শিল্পী শাহ আলম দেওয়ান, শরিয়তপুরের শিলা মল্লিক, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, পটুয়াখালীর বাউল আনিস মুন্সী, জামালপুরের হেলাল উদ্দিন, ঝিনাইদহের ফতেহ কালাম, কিশোরগঞ্জের অন্ধ আল-আমিন সরকার পিপাসী, জিল্লুর সরকার, জাকির চিশতি, হাসান মিয়া।

কবি সাইফ হাফিজের সঞ্চালনায ধন্যবাদ দেন ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত। অনুষ্ঠানে কবি ও লেখক ব্রাত্য রাইসু, সাংবাদিক তরুণ সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপক মঞ্জুলা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শহিদুল হাসান, সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক সাইম রানা, বাংলা বিভাগের প্রভাষক জোবায়ের আব্দুল্লাহ্, মো. নাজমুল হোসেন, লেখক অর্জয়িতা রিয়া, চলচ্চিত্রকার ইভান মুনোয়ার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোহানুজ্জামান সোহান, আবু সাঈদ তুলু, চিত্রশিল্পী নাছির আহম্মেদ, পুথিকার আবুল বাশার তালুকদার, অনুবাদক অনন্ত উজ্জ্বল।