২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওম শান্তি ও অন্যান্য কবিতা

ঠাণ্ডা এখন কনকনে বড় টের পাই হাড় ও পেশীতে সব ঋতুতেই বেঁধে বেঁধে থেকো বিশেষত থেকো এ শীতে

ওম শান্তি ও অন্যান্য কবিতা
রাকীব হাসানের চিত্রকর্ম

অবনি অনার্য অবনি অনার্য

Published : 29 Jan 2026, 08:40 AM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ওম শান্তি  

শৈত্যপ্রবাহে পুড়ে যাক প্রিয় সব ভুল আর ভ্রান্তি

সব ঋতুতেই লোভনীয় বিশেষত শীতে ওম শান্তি

ঠাণ্ডা এখন কনকনে বড় টের পাই হাড় ও পেশীতে

সব ঋতুতেই বেঁধে বেঁধে থেকো বিশেষত থেকো এ শীতে

জলে ডুব দেয় সকলেই আমি ডুব দেব তোর কাজলে

কাছে আসো প্রেমজর্জর হই— কেন সকলের গা জ্বলে?

শুধু শীতে নয় বিবিধ কারণে বিবেকও হয়ে আসে হিম

শীতে উপাদেয় শিম তবু কেন খাচ্ছে অনেকে হিমশিম!

শির ও নামহীন 

কতিপয় লাশ মহৎ অধিক 

বাকিসব মৃদু অগহিন।

কিছু খুন পোস্টার-হেডলাইন

বাদবাকি শির ও নামহীন।

কিছু লাশ পায় তালাশের খোঁজ

কিছু পথঘাট-জলাশয়।

কেউ মরে গিয়ে বীর-শহীদান

কেউ নেহায়েত লাশ হয়।

আদরকষাকষি

দরকষাকষির চেয়ে আদরকষাকষি হোক অধিক। 

পাষাণবাঁধানো হৃদয়ের ঘাটও গলেগলে হবে ধারাপাত।