২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রসঙ্গে

অথচ তারা এটা বলেন না যে বাংলাদেশ কোনো শরিয়াভিত্তিক রাষ্ট্র না, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়নি। ফলতঃ অন্য সকল প্রজাতান্ত্রিক আইন মেনে নিয়ে, আধুনিক ফিনান্স ক্যাপিটালিস্ট ব্যাংকিং ব্যবস্থা বা সুদ মেনে নিয়ে শুধুমাত্র মেয়েদের সম্পত্তি বঞ্চিত করা হিপোক্রিসি হয়। তারা দেখেন না যে কুরানের আইন যে একটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে একটি বিশেষ সময়ের জন্য লেখা হয়েছিলো, তা আর বাংলাদেশে নাই। আমরা এখন আর গোত্রে বাস করি না।

সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রসঙ্গে
মুর্তজা বশীর-এর চিত্রকর্ম

নাদিয়া ইসলাম

Published : 09 Mar 2026, 10:41 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

সমতা মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের মূলনীতিতে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিলো ১৯৭১ সালে, সেই রাষ্ট্র তার সংবিধানের মারফত রাষ্ট্রের সকল লিঙ্গের মানুষের সম অধিকার নিশ্চিত করে। কিন্তু এই নিশ্চিতকরণের পরেও বাবার সম্পত্তিতে আজকের দিন পর্যন্ত বাংলাদেশের সনাতনী বৌদ্ধ চাকমা ত্রিপুরা সহ আদিবাসী মেয়েরা তো অবশ্যই মুসলিম নারীরাও সমান অধিকার পান না। একমাত্র উত্তরাধিকার আইন ১৯২৫ অনুযায়ী বাবার সম্পত্তিতে খ্রিশ্চান নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। মারমা বা খাসিয়ারা মায়ের সম্পত্তি পান। 

হিন্দু বা আদিবাসী নারীদের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তাহীনতার আলাপ তুলে যুগ যুগ ধরে তাদের সম্পত্তি বঞ্চিত করে রাখা হচ্ছে।  

মুসলিম নারীরা বাবার সম্পত্তিতে ভাইদের অর্ধেক পেয়ে থাকেন। এক্ষেত্রে বৈষম্যের কারণ হিসাবে ইসলামপন্থীরা বলে থাকেন (১) কুরানের আইন পরিবর্তন করা যাবে না, (২) যেহেতু মেয়েরা বিয়েতে দেনমোহর এবং স্বামীর সম্পত্তিতে ভাগ পান তাই এই আইনই যুক্তিযুক্ত। 

অথচ তারা এটা বলেন না যে বাংলাদেশ কোনো শরিয়াভিত্তিক রাষ্ট্র না, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়নি। ফলতঃ অন্য সকল প্রজাতান্ত্রিক আইন মেনে নিয়ে, আধুনিক ফিনান্স ক্যাপিটালিস্ট ব্যাংকিং ব্যবস্থা বা সুদ মেনে নিয়ে শুধুমাত্র মেয়েদের সম্পত্তি বঞ্চিত করা হিপোক্রিসি হয়। তারা দেখেন না যে কুরানের আইন যে একটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে একটি বিশেষ সময়ের জন্য লেখা হয়েছিলো, তা আর বাংলাদেশে নাই। আমরা এখন আর গোত্রে বাস করি না। আমাদের পিতৃতান্ত্রিক যৌথ পরিবারপ্রথা অনেকক্ষেত্রেই আর কাজ করে না। ছেলেরাই শুধুমাত্র এখন বাবা-মা’কে দেখে রাখেন না। সকল মেয়ে বিয়ে করেন না। যারা বিয়ে করেন, তাদের দেনমোহরও অনেকাংশে আদায় হয় না। বাংলাদেশে প্রচুর মেয়ে আছেন বিধবা এবং ডিভোর্সড। তার মধ্যে স্বামীদের যদি সামর্থ্য থেকেও থাকে, তাতেও তারা বঞ্চিত হন। উত্তরাধিকার আইন অনুযায়ী স্বামীর সম্পত্তিতে নারী যা ভাগ পান, স্ত্রীর সম্পত্তিতে স্বামী ভাগ পান তার দ্বিগুণ। 

আমরা এখন আর সেই ১২ হাজার বছর আগের কৃষিবিপ্লবের যুগে বা এমনকি ৫ হাজার বছর আগের সামন্তপ্রথায় বাস করি না যেখানে নারীর দায়িত্ব শুধুমাত্র সন্তান বা শ্রমিক উৎপাদন আর পুরুষের দায়িত্ব শুধু ভরণপোষণ। আজকে যৌনাঙ্গ ভিত্তিক সেই দায়িত্ব বিভাজন আর নাই। আজকে নারী একই সাথে যেমন সন্তান জন্ম দিচ্ছেন, তেমনি তার কাঁধে একই সাথে সংসারের বোঝাও। বাংলাদেশ বুরো অভ স্ট্যাটিস্টিক্স লেবার ফোর্স সার্ভের ২০১৬-১৭ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ৬ কোটি কর্মক্ষম মানুষের মধ্যে ১ কোটি ৮৬ লক্ষই নারী। 

এদিকে কুরান কিন্তু জীবিত থাকা অবস্থায় ভাই-বোনদের মধ্যে সমানভাবে সম্পত্তি ভাগ করা নিয়ে আপত্তিও করে না। কুরান অনুযায়ীই বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়েকে সমানভাবে সম্পত্তি ভাগ করে হেবা করার ক্ষমতা রাখেন। ফলতঃ সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার চাইলেই যে তা কুরান বা সুন্নাহর পরিপন্থী হয়ে যাবে তা মনে করার সুযোগ নাই।

কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ইসলামপন্থীরা যেহেতু ধর্মের নামে ব্যবসা করেন, তাই অন্য কোনো ক্ষেত্রে তারা ইসলাম না মানলেও এই ক্ষেত্রে কুরানের এক আয়াত দিয়ে নারীদের বঞ্চিত করতে বিশেষ সিদ্ধহস্ত।   

এই অবস্থা পরিবর্তনে আমাদের প্রয়োজন একটা ইউনিফায়েড সিভিল আইন। যার মাধ্যমে বাংলাদেশের সকল ধর্মের, সকল বৈবাহিক অবস্থার, সকল অর্থনৈতিক সামাজিক শ্রেণীর, সকল জাতিসত্তার নারীরা সম্পত্তিতে তাদের ভাইদের সমান সম্পত্তি লাভের অধিকার পাবেন। এই আইন আমাদের প্রয়োজন কারণ সম্পত্তিতে এই বঞ্চনা লৈঙ্গিক আধিপত্যবাদী একটা সমাজে নারী নির্যাতনের রাস্তা প্রশস্ত করে।  

এই সমাজে নারী পুরুষ আন্তঃলিঙ্গ সকলের সমান ভূমিকা ও প্রয়োজন আছে। মাথায় রাখতে হবে আমরা যখন সমান অধিকারের কথা বলছি, আমরা কেউ বলছি না নারী পুরুষ সমান। আমাদের শারীরিক ও সেই সূত্রে মানসিক পার্থক্য আছে অবশ্যই। আমরা যখন সমান অধিকারের কথা বলছি, আমরা রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে সমান অধিকার লাভের কথা বলছি। 

তাই আমরা যদি জুলুমের বিরুদ্ধে দাঁড়াই, আমরা যদি মজলুমের পাশে থাকি, আমরা যদি ন্যায়বিচারের কথা বলি, ন্যায্যতার কথা বলি, তাহলে নারীকে সমান সম্পত্তির ভাগ না দিয়ে আমরা একটা ন্যায়সঙ্গত বৈষম্যহীন রাষ্ট্র তৈরি করতে পারবো না। 

আসুন, আমরা সবাই আমাদের বোনদের অধিকার বঞ্চিত করার আইন থেকে বেরিয়ে আসি। 

সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।  

(নারী অঙ্গনের ২০২৫ সালের ৮ মার্চ নারীদিবস আয়োজনে এই বক্তৃতা দেওয়া হয়েছিলো।)