২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাষা: অস্তিত্বের শেকড় ও রক্তস্নাত উত্তরাধিকার

যতদিন এই ভূখণ্ডে, এই বদ্বীপে মানুষের স্বপ্ন, প্রেম, দ্রোহ ও প্রতিবাদ থাকবে, ততদিন বাংলা ভাষাও বেঁচে থাকবে সগৌরবে। আমাদের দায়িত্ব হলো এই ভাষাকে কেবল আবেগ দিয়ে নয়, মনন ও চর্চা দিয়ে সমৃদ্ধ করা। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এক নির্ভুল, সুন্দর ও শক্তিশালী বাংলা ভাষা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

অনুভব আহমেদ অনুভব আহমেদ

Published : 13 Feb 2026, 12:44 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ভাষা মানুষের সহজাত প্রবৃত্তি। বিবর্তনের ইতিহাসে মানুষকে যে অস্ত্রটি টিকিয়ে রেখেছিলো তা হল "ভাষা"।

মানুষের পরিচয়ের সবচেয়ে বড় স্মারক তার মাতৃভাষা। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের মুখ থেকে যে বুলি শোনে, যে ভাষায় সে প্রথম তার আনন্দ-বেদনা, ক্ষুধা আর তৃষ্ণার অনুভূতি প্রকাশ করে,তাই তার মাতৃভাষা।

আর আমাদের সেই প্রকাশের ভাষা "বাংলা"। আমাদের মাতৃভাষা বাংলা।

প্রতুল মুখোপাধ্যায়ের মত করে বললে-

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার

আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার,

বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক

আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।

বাংলা ভাষা কেবল মানুষের বাগযন্ত্র থেকে নিঃসৃত ধ্বনির সমষ্টি নয়, কিংবা কিছু ব্যাকরণিক বিধির যান্ত্রিক প্রয়োগমাত্রও নয়। বাংলা ভাষা একটি জাতির সামগ্রিক চেতনার ধারক, তার হাজার বছরের ইতিহাসের জীবন্ত দলিল এবং ভবিষ্যৎ নির্মাণের মৌল উপাদান। মানুষের চিন্তাশক্তি, অনুভূতির সূক্ষ্মতা ও কল্পনার বিস্তার গড়ে ওঠে মূলত তার মাতৃভাষার ভেতর দিয়েই। 

ভাষাতাত্ত্বিক ও মনোবিজ্ঞানীদের মতে, মাতৃভাষা ছাড়া মানুষের বুদ্ধিবৃত্তিক ও মননশীলতার বিকাশ অসম্পূর্ণ থেকে যায়। মানুষ যখন স্বপ্ন দেখে, যখন সে নিজের একান্ত অনুভূতিগুলো নিজের কাছেই ব্যক্ত করে, তখন সে মাতৃভাষার আশ্রয় নেয়।

ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো ভাষাবিজ্ঞানীরা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন-মনের ভাব প্রকাশ, চিন্তার স্বচ্ছতা এবং সৃজনশীল উৎকর্ষের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো মানুষের নিজের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর ভাষাকে তুলনা করেছিলেন 'মায়ের বুকের দুধে'র সাথে, যা ছাড়া শিশুর পুষ্টি অসম্ভব। একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য, লোকবিশ্বাস এবং মূল্যবোধ তার ভাষার শব্দে, প্রবাদে এবং ছন্দে গেঁথে থাকে।

বাঙালি হিসেবে আমাদের জন্য মাতৃভাষার তাৎপর্য পৃথিবীর অন্য যেকোনো জাতির চেয়ে আলাদা। পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে জমি দখলের জন্য, ধর্মের জন্য, ক্ষমতার জন্য কিন্তু কেবল ভাষার জন্য প্রাণ দেওয়ার নজির একমাত্র বাঙালিরই আছে।

১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকরা বাঙালির সংস্কৃতি ও ভাষার ওপর আঘাত হানতে শুরু করে। তারা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চায়। কিন্তু ধীমান বাঙালি তা মেনে নেয়নি। ১৯৪৮ সাল থেকেই শুরু হয় প্রতিবাদ। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সেই প্রতিবাদ চূড়ান্ত রূপ নেয়। ঢাকার রাজপথে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অনেক শহীদের রক্তে রঞ্জিত হয় পিচঢালা পথ।

তাদের এই আত্মত্যাগ বিফলে যায়নি। পাকিস্তান সরকার বাংলাকে  রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সালে এসেছে আমাদের মহান স্বাধীনতা। অর্থাৎ, বাংলাদেশ নামক রাষ্ট্রটির বীজ রোপিত হয়েছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। তাই বাংলাদেশের ইতিহাসে বাংলা ভাষা কখনোই নিছক যোগাযোগের উপকরণ হয়ে থাকেনি। এই ভাষা একদিকে যেমন সাহিত্য ও সংস্কৃতির ধারক, তেমনি অন্যদিকে রাজনৈতিক সংগ্রাম ও জাতিসত্তার রক্ষাকবচ। বাংলা ভাষার ইতিহাস মানে কেবল সাহিত্যিক বিবর্তনের ইতিহাস নয়, এটি এক গভীর আবেগ, আত্মপরিচয় ও রক্তস্নাত লড়াইয়ের ইতিহাস।

১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করার মধ্য দিয়ে বাংলা ভাষার এই মহান আত্মত্যাগকে বিশ্বজনীন স্বীকৃতি দিয়েছে। আজ সারা বিশ্বে যখন ২১শে ফেব্রুয়ারি পালিত হয়, তখন তা কেবল বাংলা ভাষার জয়গান নয়, বরং পৃথিবীর বিলুপ্তপ্রায় সকল মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হয়ে ওঠে।

বাংলা ভাষার জন্ম ও বিকাশ একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বহু শতাব্দীর ভাঙাগড়ার মধ্য দিয়ে এই ভাষা তার বর্তমান রূপ পেয়েছে। ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী এর আদি উৎস হলেও বাংলার শরীরে মিশে আছে অস্ট্রো-এশিয়াটিক, দ্রাবিড়, কোল-মুন্ডা ও তিব্বতি-বর্মি ভাষার বিচিত্র উপাদান। এই সংমিশ্রণই বাংলা ভাষাকে দিয়েছে এক অনন্য নমনীয়তা ও গ্রহণক্ষমতা।

ভাষাতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের যে শাখাটি ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, তা কালক্রমে 'ভারতীয় আর্যভাষা' হিসেবে পরিচিতি পায়। এই আর্যভাষার বিবর্তনের তিনটি স্তর--প্রাচীন, মধ্য ও নব্য। প্রাচীন ভারতীয় আর্যভাষা (বৈদিক ও সংস্কৃত) সাধারণ মানুষের মুখের ভাষা থেকে দূরে সরে গেলে প্রাকৃত ভাষার উদ্ভব হয়। এরপর আসে অপভ্রংশের স্তর। মাগধী প্রাকৃত ও মাগধী অপভ্রংশের খোলস ছেড়ে খ্রিস্টীয় সপ্তম থেকে দশম শতকের মধ্যবর্তী কোনো এক সময়ে বাংলা ভাষা তার স্বতন্ত্র রূপ লাভ করতে শুরু করে।

এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভব 'গৌড়ী প্রাকৃত' থেকে এবং এর সময়কাল সপ্তম শতাব্দী। অন্যদিকে, ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলার জন্ম 'মাগধী প্রাকৃত' ও 'অপভ্রংশ' থেকে, যার সময়কাল দশম শতাব্দী। তবে উৎস যা-ই হোক, সংস্কৃতের কঠোর ব্যাকরণিক অনুশাসন ভেঙে সাধারণ মানুষের মুখের বুলি হিসেবেই বাংলার জন্ম। এই জন্মলগ্নেই বাংলা ভাষা প্রমাণ করেছে যে, সে অভিজাতের ড্রয়িংরুমের ভাষা নয়, বরং সে মেঠোপথ ও সাধারণ মানুষের কণ্ঠস্বর।

বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন 'চর্যাপদ'। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এই পাণ্ডুলিপি আবিষ্কার করেন। হাজার বছর আগের রচিত এই পদগুলোতে আমরা পাই বাংলার তৎকালীন সমাজজীবনের স্পষ্ট ইঙ্গিত। বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত এই পদগুলোতে ধর্মতত্ত্বের গূঢ় কথা বা 'সন্ধ্যা ভাষা'র আড়ালে প্রতিফলিত হয়েছে নদীমাতৃক ভূগোল, শ্রমজীবী মানুষের জীবন এবং শোষণ-শোষিতের দ্বন্দ্ব। চর্যাপদের কবি যখন বলেন, "হাড়িত ভাত নাহি নিতি আবেশ"-তখন তা কেবল কবিতা থাকে না, তা হয়ে ওঠে সেই সময়ের দারিদ্র্যপীড়িত বাংলার বাস্তব চিত্র। এটি প্রমাণ করে, বাংলা ভাষা শুরু থেকেই ছিল অন্তজ ও শ্রমজীবী মানুষের ভাষা।

মধ্যযুগে এসে বাংলা ভাষা আরও বিস্তৃত সাহিত্যিক পরিসর লাভ করে। এই যুগটি ছিল ধর্ম ও মানবিকতার সংমিশ্রণ। বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যে রাধা-কৃষ্ণের প্রেমলীলার আড়ালে মূলত মানবিক ও সামাজিক অনুভূতির প্রকাশ ঘটেছে। এরপর শ্রীচৈতন্যদেবের আবির্ভাবে বাংলা সাহিত্যে এক প্লাবন আসে। বৈষ্ণব পদাবলীতে প্রেম পরিণত হয় ভক্ত ও ভগবানের একাত্ম হওয়ার দর্শনে।

অন্যদিকে মঙ্গলকাব্যগুলোতে (মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল) উঠে আসে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, আশা ও দৈনন্দিন আকাঙ্ক্ষা। দেবদেবীর মাহাত্ম্য প্রচারের ছলে কবিরা মূলত তৎকালীন বাংলার কৃষিভিত্তিক সমাজের সুখ-দুঃখের কথাই বলেছেন। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনীর মুখে উচ্চারিত-“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এই প্রার্থনাটি কেবল সাহিত্যের পঙক্তি নয়, এটি যুগ যুগ ধরে বাঙালির ন্যূনতম বাঁচার দাবি ও চিরায়ত স্বপ্ন।

মধ্যযুগেই বাংলা ভাষায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয় আরাকান রাজসভার কবিদের হাত ধরে। আলাওল, শাহ মুহম্মদ সগীর ও দৌলত উজির বাহরাম খানের মতো কবিরা বাংলা ভাষায় আরবি-ফারসি শব্দের সুষম ব্যবহার শুরু করেন। তারা হিন্দু পুরাণের বাইরে গিয়ে মানবিক প্রেমউপাখ্যান ও রোমান্টিক প্রণয়গাথা রচনা করেন। ফলে বাংলা ভাষা হয়ে ওঠে আরও সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক যা পরবর্তীকালে নজরুলের কাব্যে নতুন শক্তি নিয়ে ফিরে আসে।

উনিশ শতকের নবজাগরণ বা রেনেসাঁ বাংলা ভাষাকে মধ্যযুগীয় গণ্ডি থেকে মুক্তি দিয়ে আধুনিকতার পথে নিয়ে আসে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে দিলেন শৃঙ্খলা, যতিচিহ্নের ব্যবহার ও যুক্তিবদ্ধ কাঠামো। 

মাইকেল মধুসূদন দত্ত পয়ার ছন্দের হাজার বছরের পুরোনো বাধন ভেঙে প্রবর্তন করলেন 'অমিত্রাক্ষর ছন্দ'। তিনি বাংলা কাব্যে নিয়ে এলেন মহাকাব্যিক গাম্ভীর্য ও ট্র্যাজেডির হাহাকার।

এরপর এলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাংলা উপন্যাসকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করালেন। আর এই ভিত্তিগুলোর ওপর দাঁড়িয়ে বাংলা ভাষাকে যিনি বিশ্বদরবারে নিয়ে গেলেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।

বিংশ শতাব্দীতে কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় নিয়ে এলেন বিদ্রোহ ও যৌবনের তেজ। তিনি আরবি-ফারসি শব্দের বলিষ্ঠ প্রয়োগে বাংলা ভাষাকে করলেন আরও গতিশীল ও শক্তিশালী। বাংলা ভাষার এই প্রবহমান সমুদ্রে ঢেউয়ের মতো জুড়ে আছে আরও কত নাম!

রোজ কোনো নতুন কবি,লেখক তার ভাবনার বীজটি ভাষা দিয়ে রোপন করে চলেছেন নব নব মাধ্যমে,মাত্রায়।

তবে একুশ শতকে এসে বাংলা ভাষা এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। বিশ্বায়ন ও প্রযুক্তির প্রভাবে অন্য ভাষার প্রবণতা বাড়ছে। হুমায়ুন আজাদ তার ‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ গ্রন্থে ভাষার এই দীর্ঘ যাত্রাপথকে কিশোরদের উপযোগী করে তুলে ধরেছেন এবং ভাষার বিশুদ্ধতা ও তার বিবর্তন নিয়ে আলোচনা করেছেন।।

যতদিন এই ভূখণ্ডে, এই বদ্বীপে মানুষের স্বপ্ন, প্রেম, দ্রোহ ও প্রতিবাদ থাকবে, ততদিন বাংলা ভাষাও বেঁচে থাকবে সগৌরবে। আমাদের দায়িত্ব হলো এই ভাষাকে কেবল আবেগ দিয়ে নয়, মনন ও চর্চা দিয়ে সমৃদ্ধ করা। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এক নির্ভুল, সুন্দর ও শক্তিশালী বাংলা ভাষা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।

চর্যাপদের কাল থেকে বাহান্ন'র রক্তস্নান পেরিয়ে এই ভাষা আজ বিশ্বমানচিত্রে প্রতিষ্ঠিত। যতদিন এই ভূখণ্ডে মানুষের স্বপ্ন, প্রেম ও প্রতিবাদ থাকবে, ততদিন বাংলা ভাষাও বেঁচে থাকবে। এটি কেবল একটি ভাষা নয়, এটি বাঙালির অস্তিত্ব, ইতিহাস ও চেতনার অবিচ্ছেদ্য উত্তরাধিকার।