২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটি টিয়া পাখির গল্প

ফারজানা রেস্টুরেন্টের বেলকনিতে দাঁড়িয়ে আছে, রিভানা মায়ের কোলে, পিছনে বোস্টনের ঘূর্ণায়মান পাহাড়।

তামান্না আক্তার তামান্না আক্তার

Published : 18 Dec 2024, 09:39 PM

Updated : 01 Sep 2026, 11:16 AM

এক নজরে

এই অসময়ের ঝড় তুফান তাকে অশান্ত করে তোলে, বুক ভরে শ্বাস নিয়ে সে বারবার এলিকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে।

আজকে নভেম্বর মাসের প্রথম দিন, হঠাৎ বিকেলে মেঘলা আর দমকা হাওয়ায় চারিদিকে অন্ধকার নেমে আসে, কিছুক্ষণ বাদে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয় শহরের বুকে। এলির শরীরটা খাঁচার ভিতরে বাতাসের ঝাপটাতে দোল খেতে থাকে আর ঝরতে থাকা বৃষ্টির বিন্দু বিন্দু জল এসে ঝাপটা দেয় তার সবুজ অঞ্চলে। নাফিজ আরাফাত একজন শৌখিন বৃক্ষপ্রেমী, তার বারান্দায় সুসজ্জিত আছে নানা জাতের ফুল ও ফলের গাছ। টিয়াপাখিটির নাম “এলি”, নাফিজ এটিকে সন্তানের মতো আদর করেন। এলিকে মানুষের মতো কথা বলা শিখানোর ট্রেনিং শুরু করেছেন মাস খানেক হলো তবে এখনো কোন উন্নতি দেখতে পাননি। পৌঢ় বয়সে পদার্পণ করার পর মানুষের ভিতর অনেক ধরনের পরিবর্তন আসে, নাফিজের ক্ষেত্রে সেটা খুব লক্ষনীয় তার আচার-আচরণে, একসময়কার সদাহাস্যোজ্জ্বল,প্রানবন্ত ব্যক্তি থেকে তিনি অনেকটা ঘরকুনো এবং বিমর্ষ হয়ে পড়েছেন, পুরনো বন্ধুবান্ধবদের সাথে একপ্রকার যোগাযোগও বিচ্ছিন্ন তার। বাইরের আবহাওয়া দেখে জলদি নাফিজ তার পছন্দের একটি রবীন্দ্র সঙ্গীত ছেড়ে দিয়ে স্ত্রী ফারজানার ফোনে ম্যাসেজ লেখে, "এক কাপ চা করে বারান্দায় এসো (হার্ট ইমুজি)"। ফোনটা টেবিলের উপরে রেখে সে দেয়ালে ঝুলতে থাকা কেলেন্ডারটি মনোযোগ দিয়ে দেখতে থাকে। ১৯৯৩ সালের পহেলা নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়, প্রায় দেড়শত বছর পূর্বে ১৮৪৮ সালে নারীদের জন্য প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় বোস্টনে ইত্যাদি তথ্য মনে মনে আওড়াতে থাকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির প্রস্তুতি নেওয়ার সময় এইরকম তিনি অনেক ঘটনা আর সাল মুখস্থ করেছিলেন, তার মধ্যে অল্পকিছু হয়তো এখনো তার মনে আছে। অগত্যা মেহগনি কাঠের পুরনো বইয়ের তাক থেকে মারলোর বিখ্যাত ক্লাসিক ডক্টর ফস্টাস বইটি বের করে তিনি বিছানার পাশের ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ের মলাটটি মনযোগ দিয়ে দেখতে থাকেন। মেফিস্টোফিলিসেরর (শয়তানের প্রধান সেনাপতি) সাথে একজন ভালো এঞ্জেল এবং একজন খারাপ এঞ্জেল ফস্টাসের শেষ মুহূর্তের সাক্ষী হচ্ছে আর শয়তানের সেনাপতি অপেক্ষা করছে তাকে টেনেহিঁচড়ে নরকে নিয়ে যাওয়ার জন্য। প্রায় দুই যুগ আগে ২য় বর্ষে থাকাকালীন নাফিজ ডিপার্টমেন্টের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সেনাপতির চরিত্রে অভিনয় করেছিলেন, সেই দিনের স্মৃতি নাফিজের চোখ মুখে ভেসে ওঠে। মঞ্চের ঠিক পিছনে বসে সে ডায়লগগুলো মুখস্থ করছিলো, এমন সময় তাকে পিছন থেকে তার ডিপার্টমেন্টের ক্রাশ, সিনথিয়া আমিন ডেকে বলেছিল , "বাহ! তোমার সাজটা তো দারুণ হয়েছে, ঠিক যেন বইয়ের মলাটের মতো।" নাফিজ মুচকি হেসে উত্তর দিয়েছিলো, "ধন্যবাদ।" ফারজানা এক কাপ চা এনে টেবিলে রেখে বলে, "এখানে খাবেন, নাকি বারান্দায়?" নাফিজ বইটি তার হাত থেকে খাটের উপরে রেখে বলল, "বারান্দায় "। একটা দুইটা করে শব্দ শেখাতে শেখাতে টিয়া পাখি কথা বলা শিখে যায় মানুষের মতো, তাই নাফিজও চেষ্টা করতে থাকে পাখিটিকে নতুন শব্দ শেখানোর জন্য। টিয়া পাখির ঘাড়ে “সিরিনক্স” নামক একটি অঙ্গ রয়েছে যা তাদের শ্বাসনালিতে অবস্থিত। এই অঙ্গটির মাধ্যমেই এরা মানুষের মতো কথা বলতে পারে। কয়েকশত বছর আগে, যখন প্রথম এমন কিছু ঘটেছিল তখন মানুষ এটিকে অলৌকিক ঘটনা ভেবেছিল। কেউ কেউ আবার এর সঙ্গে ঈশ্বরের যোগসূত্রও খুঁজে বের করতে চাচ্ছিলেন। কিন্তু বিজ্ঞানের কল্যাণে এখন এই রহস্য সমাধান করা গেছে। ফারজানা এগিয়ে এসে কাপটা চেয়ারে বসে থাকা নাফিজের হাতে দিয়ে বসার ঘরে রিভানার কাছে যায় চা দিতে। রিভানা কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে, এখন কলেজের পোশাক ছেড়ে একটা সাদা ফতুয়া আর হলুদ রঙের পায়জামা পরে চানাচুর আর মুড়ি খাচ্ছে। মায়ের হাতের ধোঁয়া ওঠা মালাই চা রিভানার ভীষণ প্রিয়, চায়ের কাপের ধোঁয়া ফু দিয়ে সরিয়ে রিভানা টিভিতে পাকিস্তানি সিরিজ দেখতে থাকে। ফারজানা এসে সোফাতে বসলে রিভানা জিজ্ঞাসা করে, ” বাবা কি এখনো ব্যস্ত?" ফারজানা জবাবে বলে, "ঝড় বৃষ্টির দিনে তোর বাবা ছোটবেলা থেকে একা থাকতে পছন্দ করেন। গুনগুনিয়ে গান গেয়ে বই উল্টিয়ে সময় কাটায়।” বলার পরে ফারজানা কর্নার টেবিলে রাখা অনেকগুলো ছবির ফ্রেমের ভিতর থেকে একটি ছবির দিকে তাকিয়ে রিভানাকে নিয়ে আসার জন্য ইশারা করল। রিভানা চায়ের কাপটি সামনের টেবিলে রেখে ছবিটি দিতে দিতে জিজ্ঞাসা করল, " মা এটা বোস্টনের সেই রেস্টুরেন্টের ছবিটা না যেখান থেকে পাহাড়গুলো স্পষ্ট বুঝা যায়।” ছবিটিতে নাফিজ, ফারজানা রেস্টুরেন্টের বেলকনিতে দাঁড়িয়ে আছে, রিভানা মায়ের কোলে, পিছনে বোস্টনের ঘূর্ণায়মান পাহাড়। একটু থেমে ফারজানা বলা শুরু করলেন, " তোর বয়স যখন ৪ বছর, তোর বাবা তখন ইতালীয় দূতাবাসে চাকরি করে, চাকরির কারণে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন তাই সেবার তোর জন্মদিনটা নাফিজ বোস্টনে পালন করবে বলে ঠিক করে। এপ্রিলের ২৪ তারিখে আমরা পুরোটা সকাল চার্লস নদীর তীরে কাটিয়ে লাঞ্চ শেষ করি। ছবিটি তোলার পর অস্তাচলে ডুবে যাওয়া সূর্য দেখি, তারপর আবার আমাদের হোটেলে ফিরে বিশ্রাম নিতে থাকি। স্প্রিং সিজনে বোস্টনে মাঝেমধ্যেই প্রচুর বৃষ্টি হয়, কখনো আবার কালবৈশাখীর মতো নর' ইস্টারের (ঝড়ের নাম) প্রকোপ দেখা যায়। জন্মদিনে সারাদিন ঘুরাঘুরির পর তুই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলি আর আমি তোর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আমারো চোখ হালকা ঘুমেতে ঝপসা হয়ে আসে। মধ্যরাতে উঠে রিসিপসনে কল দিয়ে জানতে পারি আলো নিভে যাওয়ার পর ঝড় শুরু হয়েছিল।" কেবলমাত্র আটলান্টিক থেকে ভেসে আসা বাতাসের তীব্র গতি কমেছে এমন সময় ফারজানা পুরো রুমে, বেলকনিতে, লবিতে কোথাও নাফিজকে খুঁজে পায়না। রিসিপশন থেকে জানায় ঝড় শুরু হওয়ার সময় উনি বেরিয়ে গিয়েছিলেন। কোন কারণে সেদিন রাতে ঝড়ের ভিতর সে বেরিয়ে গিয়েছিল, গিয়ে কোথায় ছিলো, কি করছিলো কোন কিছু ফিরে আসার পর খোলাসা করে বলেনা নাফিজ। তারপর সেদিন বিকেলে তারা ডাউনটাউনের দিকে রওনা দিয়ে দেয়। অতীতের কথাগুলো রিভানা বেশ আনন্দের সাথে স্মরণ করতে থাকে, এত ছোটবেলার স্মৃতি তার মনে থাকা কথা নয় তবুও গল্পগুলো শুনার পর তার কল্পনার জগতে কিছু খন্ডিত ছবি তৈরি হতে থাকে। টিভি দেখতে দেখতে তার মনে পড়ে যায় রবীন্দ্রনাথের কবিতার লাইন, "মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে...."। সেদিন রাতে মায়ের একমাত্র অবলম্বন ছিলো রিভানা, অপরিচিত জায়গাতে কিছু না জানিয়ে একা রেখে তার বাবা ঝড়ের পালে হাওয়া লাগাতে বের হয়ে গিয়েছিলো অদৃশ্যের দিকে, অজান্তে রিভানার চোখ ভিজে আসে, গলা পরিষ্কার করে হালকা সুরে " পুরানো সেই দিনের কথা...." গাইতে শুরু করে। ফারজানা হাত থেকে ফ্রেমটি রেখে মেয়ের সুরে সুর মেলাতে শুরু করে। নাফিজ সাহেব চেয়ারের গদিতে গা এলিয়ে গ্রিলের ভিতর দিয়ে মেঘের গর্জন শুনছে। চারিদিকে মুষলধারে বৃষ্টি চলমান, এই অসময়ের ঝড় তুফান তাকে অশান্ত করে তোলে, বুক ভরে শ্বাস নিয়ে সে বারবার এলিকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। নাফিজের ছোটবেলা মফস্বলে বন্ধুদের সাথে হাসি আনন্দে, দাদীর শাসনে কেটেছে। বাবাকে সে সারাজীবন শুধু ভয় পেয়ে এসেছে, চাকরি পাওয়ার পর প্রথম যেদিন বাড়িতে গেছিলো বাবা তাকে বুকে জড়িয়ে নিয়েছিলো, মাথায় হাত দিয়ে দোয়া করেছিল। নাফিজ প্রথমে বেশ অপ্রস্তুত হয়েছিল বাবার এমন ব্যবহারে, কেননা বাবার এত কাছে সে আগে কখনো যেতে পারেনি। ১৪ বছর আগে যখন তিনি মারা যান, কিছুদিন পরেই দূতাবাসের সেটেল্ড জব ছেড়ে নাফিজ পরিবারসহ দেশে ফিরে আসেন। রিভানার বয়স তখন এগারো বছর মাত্র, প্রথমদিকে সে প্রায়ই অসুস্থ থাকতো আর স্কুল কামাই করে বাবার সাথে গল্প করতো। ছোটবেলায় যখন নাফিজের মা মারা যায়, নাফিজ তখন ২য় শ্রেণীর ছাত্র, নিয়মিত স্কুলে যায়। জুনের এক দুপুরে ক্লাসের পর প্রিয় বন্ধু হৃদয়ের সাথে খেয়া পার হয়ে চরে গিয়েছিলো সে। ওদের বাড়ি চরের ভিতরে ছিলো, ভাত খাওয়া শেষে হৃদয়ের মামা নাফিজকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলেছিল। আকাশটা ততক্ষণে ঘন মেঘে ঢেকে যায় আর প্রবল বেগে কালবৈশাখীর হাওয়া শুরু হতে থাকে। "এই ঝড়ের ভিতর তোমাকে এইভাবে পাঠাবো কি করে!" দোয়া পড়ে বুকে ফুঁ দিয়ে বলতে থাকে হৃদয়ের মা। কালবৈশাখীর হাওয়ার সাথে নদীর ঢেউগুলো দোল খেতে খেতে শুকনো জমিনে ছড়িয়ে পড়ে, সকালবেলা বাড়ি ফিরে নাফিজ দেখতে পায়, বাড়ি লোকে লোকারণ্য, দাদী দৌড়ে এসে নাফিজকে শক্ত করে ঝড়িয়ে ধরে, কি অসুখে মরল তার আম্মা? দিব্যি তো স্কুলে যাওয়ার আগে ডিম ভাজি দিয়ে ভাত মেখে গালে তুলে খাইয়ে দিলো, বায়না করে যখন খেতে চায়নি তখন আম্মা ছড়া কেটে বললো: “নাও নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোঁদড় নাচে ওরে ভোঁদড় ফিরে চা খোকার নাচন দেখে যা আয়রে আয় টিয়ে...." এইসব প্রশ্ন তার মনে জেগে ওঠেনি সেদিন, সে মায়ের লাশটির পাশে চুপ করে বসে চোখের পানি ফেলেছিলো, সপ্তাহ না ঘুরতেই ঘরে নতুন মা এলো, প্রথমদিকে নতুন মাকে তার অসহ্য লাগতো, ভদ্রমহিলা কখনো নিজে থেকে চেষ্টাই করেননি নাফিজকে কাছে ডেকে স্নেহ করতে, একটু আদর করে ঘুম পাড়িয়ে দিতে, বছর ঘুরতে যখন তাদের ঘরে নতুন সন্তান এলো, নাফিজকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিলো তার বাবা। কারণ মা মরে যাওয়ার পর নাফিজ বেশ চুপচাপ হয়ে যায়, একমাত্র হৃদয়ের সাথে সে স্কুলে গিয়ে কথা বলে। একদিন টিফিন পিরিয়ডে বেঞ্চে ব্যাগের উপর মাথা দিয়ে শুয়েছিলো নাফিজ, তার সহপাঠীরা মনে করেছিলো নাফিজ ঘুমাচ্ছে। ফিসফিসিয়ে একটি মেয়ে বলে ওঠে, "আমার মা বলেছে ওর কাছে না যেতে, আমি ওকে একা কথা বলতে দেখেছি "। নাফিজ তার জায়গা থেকে নড়ে না, শব্দ করে না, চোখ বুঝে সে মায়ের শাড়ির আটপৌরে গন্ধ টের পায়, তার মনে হতে থাকে "আম্মা সাথে আছেন।" ঘটনাটি ঘটার পর থেকে নাফিজ প্রায়ই স্কুলে যেতে চাইতো না, তাই তার বাবা জোর করে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছিলেন। নাফিজ আলাদা ছিলো, তার ভিতর প্রতিভা ছিলো, পড়াশোনায় সবসময় ভালো ছিলো কিন্তু কি যেন ছিলো না, আকাশ কুসুম কল্পনা করে সময় কাটাতো যেখানে বাকি ছেলেরা খেলাধুলা আর দুষ্টুমি করতো। এমন ভাবুক ছেলে ইউনিভার্সিটিতে উঠে নিজেকে নতুন পরিবেশের সাথে বরাবরের মতো মানিয়ে নিতে পারলো না, পড়াশোনা শেষ হলে চাকরি পাওয়ার পর তার থেকে ৭ বছরের ছোট ফারজানাকে বিয়ে করে সংসার শুরু করল।

একটু দূরে প্রকাণ্ড শব্দে বাজ পড়ে, বিদ্যুতের ট্রান্সমিটার ব্লাস্ট হওয়ার শব্দ আর চারিদিকের ঝড়ের দাপটে নাফিজ সাহেব হকচকিয়ে চেয়ারের উপর ঘাপটি মেরে বসে পড়লেন। শব্দটা মিলিয়ে যেতেই হঠাৎ করে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, "বাবা"। চোখের সামনে নাফিজ এলিকে কথা বলতে দেখে অবিশ্বাসে নিজের চোখ দুটো অন্ধকারের সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করে, " বাবা আমি এলি, তোমার টিয়া পাখি, এতদিন ধরে আমাকে যে প্রশ্ন গুলো তুমি জিজ্ঞাসা করে গেছো আজকে সেগুলোর উওর দিবো, তুমি প্রস্তুত তো?" নাফিজ মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে। বাইরের ঝড়ের শব্দ ক্রমশ ফিকে হয়ে আসে, নাফিজের হৃদকম্পন তীব্র থেকে তীব্রতর হয়ে মস্তিষ্কের শিরা উপশিরায় ছড়িয়ে পড়তে থাকে। এলি সুর বদলে নাফিজের মায়ের গলায় বলে " আজকে থেকে তোকে মুক্তি দিলাম, আমি আর তোকে আটকে রাখতে পারব না, আমি জানতাম তুই আমার পথেই পা বাড়াবি, তাই তোকে ছেড়ে যাইনি, কিন্তু আমি ব্যর্থ। সেদিন বোস্টনের ঝড়ের রাতে নিজেকে ফিরিয়ে আনতে পারলেও এই পুরোটা সময় ধরে তোর স্ত্রী আর কন্যার থেকে লুকিয়ে রেখেছিস, মাত্র ১৫ বছর চাকরি করে তুই এখানে এসে দিন গুনছিস শেষ যাত্রার। গত সাত দিন ওরা ঘুমালে সারা বাড়িতে তুই ঘুরে বেড়িয়েছিস। টিয়া পাখি আজ কথা বলেছে,খুশি তো বাবা!" নাফিজের হাত পা ঠান্ডা হয়ে আসে আর তার হাত দুটো মৃদুভাবে নড়তে থাকে। জীবনের মানে নাফিজের জন্য তার পরিবারইতো, কিন্তু কেন সে সবার সামনে থেকেও তার অন্তরের অসুখের কথা জানান দিতে পারেনি জিজ্ঞাসা করে নাফিজ। এলি সুর বদলে গর্জন করে শয়তানের সেনাপতির কন্ঠে বলে ওঠে," আমি ইবলিশের গোলাম এবং আমি তার ইশারা ছাড়া তোমার সাথে কোনো সন্ধি করব না, তুমি অনুমতি না দিলে তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারব না। তোমাকে আমি অনুসরণ করছি তোমার উপলব্ধিরও আগে থেকে। বোস্টনে তুমি তোমার কথা রাখনি, আজকে আমাকে ডেকেছো, এরপরে কোনদিন ডাকলে আমি আর আসবো না।" নাফিজ ইতিমধ্যে বারন্দায় উদ্যত ভঙ্গিতে পায়চারি করা শুরু করেছে, মুখের ভিতরে শব্দগুলো পেঁচিয়ে অদ্ভুত একধরনের আওয়াজ বের হচ্ছে,"না, না, যাবে না, কী চুক্তি, কিসে সই, কি মোহর মারতে হবে বলো। শান্তির দিকে তোমার প্রভুকে অনুসরণ করব, তাহলে কি আমার পিছু ছাড়বে?" সেনাপতি গগনবিদারী অট্টহাস্যে বলে,"তুমি ভুলে যেওনা এর মাধ্যমে তুমি তোমার স্ত্রী কন্যাকে আমাদের হাত থেকে মুক্তি দিচ্ছো, গত একমাস ধরে তোমার মাথায় কি চলছে সব আমার জানা আছে," পৈশাচিক হাসিতে পৃথিবী তলিয়ে যায় আর নাফিজ মাটিতে বসে পড়ে। তার হাত পা ঠান্ডা হয়ে যায়, ঝর্ণার মতো নামতে থাকে অশ্রুধারা আর নিস্তব্ধতা ছড়িয়ে যায় সমস্ত অঙ্গপ্রতঙ্গ জুড়ে।

"বিশিষ্ট সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত পররাষ্ট্র উপসচিব নাফিজ সারাফাত কাল মধ্যরাতে ইহলোক ত্যাগ করেছেন, মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি", নাফিজের মৃত্যুর রিপোর্ট করছেন তরুণ সাংবাদিক জিয়াদ। রাতের ঝড় শেষে নভেম্বরের আকাশ এখন রৌদ্র ঝলমলে,ক্যামেরার সামনে কথা বলার পর জিয়াদ পশ্চিম দিকের বারান্দার দিকে তাকালে দুই তালা বাড়ির সেই বারান্দায় হরেক রকম গাছপালার ভিতর বাগানবিলাসের বড় দুইটা ডাল ছাদের কার্নিশ ছুঁয়ে নুয়ে পড়তে দেখে। বারান্দায় রিভানা গ্রিল ধরে দাঁড়িয়েছিল, নাবিলকে দেখতে সে ঘরের ভিতরে ঢুকে গেলো। লোকজন চলে গেলে রিভানা আবার বারান্দায় যায়, খাঁচায় থাকা টিয়া পাখিটির জন্য দারুণ মায়া হয় তার, “এলি, তুমি বাবার অনেক প্রিয় ছিলে”, পাখিটির কাছে এসে বলে রিভানা। খাঁচাটি মুক্ত করে দিতে পাখিটির সবুজ দেহ নীল আকাশের বুকে হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যায়। ঘরে এসে আলমারি আর টেবিলের উপরে এলোমেলো বইগুলো সে গুছিয়ে রাখে, তারপর খাটের উপরে রাখা ডক্টর ফস্টাস বইটি ড্রয়ারে রেখে দুই কাপ চা বানাতে রান্নাঘরের দিকে এগিয়ে যায়।