যতীন সরকারের ইতিহাসচেতনা ও ফোকলোরচর্চা
যতীন সরকার সারাজীবন মফঃস্বলে বাস করে, মফঃস্বলের কলেজে অধ্যাপনা করে জাতীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন কেবল প্রজ্ঞা আর দেশেপ্রেমের মাধ্যমে।
যতীন সরকারকে আমরা নানান অভিধায় চিহ্নিত করলেও তাঁর মূল পরিচয় মার্কসবাদী প্রাবন্ধিক হিসেবে। কিন্তু তাঁর প্রবন্ধসাহিত্যের ভাণ্ডার গড়ে উঠেছে সাহিত্যবিশ্লেষণ, জীবনীচর্চা, স্থানীয় ইতিহাসন্ধান এবং ফোকলোরচিন্তার মাধ্যমে। নেত্রকোণা তথা ময়মনসিংহের চারজন গুণী মানুষের জীবনী রচনার মাধ্যমে তিনি যেমন স্থানীয় ইতিহাস তুলে ধরেছেন, তেমনি ফোকলোরের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। ময়মনসিংহের হরিচরণ আচার্য (১৮৬১-১৯৪১), কেদারনাথ মজুমদার (১৮৭০-১৯২৬), চন্দ্রকুমার দে (১৮৮৯-১৯৪৬) এবং সিরাজউদ্দীন কাসিমপুরীর (১৯০১-১৯৭৯)-ও জীবনী রচনা করেছেন। এর মধ্যে দ্বিতীয় জন ব্যতিরেকে বাকি তিনজন ফোকলোরবিদ। আর কেদারনাথ মজুমদার ইতিহাসবিদ ও সম্পাদক হিসেবে সম্মানীয় হলেও ফোকলোরকে তিনি ইতিহাসের উপকরণ হিসেবে বিবেচনা করেছেন। কেদারনাথ মজুমদার ইতিহাসের জনশ্রুতি, পুরাকীর্তি ও বিবরণ, লোককাহিনী সংগ্রহ করে ‘সৌরভ’ পত্রিকায় প্রকাশ করেছেন। ইতিহাসবিদ পরিচয়ের পাশে তাঁর ফোকলোরবিদ পরিচয়টিকেও তুলে ধরেছেন যতীন সরকার। হরিচরণ আচার্য তাঁর সমকালের এক বড়ো কবিয়াল। চন্দ্রকুমার দে ছিলেন মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক। সিরাজউদ্দিন কাসিমপুরী লোকসংগীতের সংগ্রাহক ও ব্যাখ্যাতা। এঁদের অবদানকে চিহ্নিত ও মূল্যায়ন করে যতীন সরকার প্রকারান্তরে নিজের ফোকলোর মানসিকতারই প্রকাশ ঘটিয়েছেন।
নরসিংদীর হরিচরণ আচার্যের কবিগানের কৃতিত্বকে তুলে ধরা হয়েছে হরিচরণ আচার্য জীবনীতে। লোককবি হয়েও তিনি রচনা করেছেন কবির ঝংকার, অমিয় লহরী, বঙ্গের কবির লড়াই, নবদ্বীপ সুধা ও নদীয়া-মঙ্গল প্রভৃতি গ্রন্থ। ‘বাঙালি ঐতিহ্যের প্রকৃত পরিচয় সন্ধানের জন্য হরিচরণ-চর্চা একান্ত প্রয়োজন’--এই উপলব্ধি থেকেই তিনি এই জীবনী রচনায় প্রবৃত্ত হয়েছেন। লুপ্তপ্রায় অনেক মূল্যবান তথ্য উদ্ধার করা যতীন সরকারের বড়ো কৃতিত্ব।
কেদারনাথ মজুমদারকে যতীন সরকার ‘মফস্বলবাসী সাহিত্য-সেবক’ বলেছেন। ময়মনসিংহে বসেই কেদারনাথ ‘কুমার’, ‘বাসনা’, ‘আরতি’, ‘শিক্ষা’ ও ‘সৌরভ’ নামে ৫টি পত্রিকা সম্পাদন করেছেন, এই সত্য তিনি উদ্ধার করেছেন। এগুলোর মধ্যে ‘আরতি’ ও ‘সৌরভ’ ছিল সকল বিচারেই শীর্ষস্থানীয় পত্রিকা। কেদারনাথ রচিত অনেক গ্রন্থই এখন দুষ্প্রাপ্য। কিশোরগঞ্জের গচিহাটা গ্রামের কেদারনাথ কী করে ইতিহাস ও ফোকলোরের সাধক হয়ে উঠলেন, যতীন সরকার তার বিবরণ দিয়েছেন। তাঁর ভাষ্য মতে, চন্দ্রকুমার দে-কে আবিষ্কারের কৃতিত্ব কেদারনাথের। বাঙালির প্রথম নারীকবি চন্দ্রাবতীর জীবন-কথা লেখেন চন্দ্রকুমার দে। কেদারনাথের মাধ্যমেই চন্দ্রকুমারের পরিচয় ঘটে দীনেশচন্দ্র সেনের (১৮৬৬-১৯৩৯) সঙ্গে। আর চন্দ্রকুমারের সংগ্রহ থেকেই গড়ে ওঠে দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ গীতিকা। কেদারনাথের পত্রিকাতেই প্রকাশিত হয় বাংলার দ্বিতীয় নারী কবি সুলা গাইনের পরিচয়। যতীন সরকারের মূল্যায়নে, “কেদারনাথের প্রবর্তনাতেই ‘সৌরভে’র মাধ্যমে ময়মনসিংহের কবি গান, বাউল গান, ঘাটু গান প্রভৃতি সম্পর্কে ও এ-জেলার পুরাকীর্তি, আচার-ব্যবহার, রীতি-নীতি প্রভৃতি নিয়ে অজস্র আলোচনা প্রকাশিত হয়েছিল। সেসব আলোচনা আজও বাংলার সাহিত্য-সংস্কৃতির ইতিহাসের মূল্যবান আকর রূপে বিবেচিত।’ অষ্টাদশ শতকের কবি গঙ্গারাম রচিত ‘মহারাষ্ট্র পুরাণ’ পুথির আবিষ্কারক যে কেদারনাথ মজুমদার, সেই তথ্যও আমরা পাই যতীন সরকারের মাধ্যমে। কেদারনাথ তাঁর সমকালে উপেক্ষিত ছিলেন। সেই উপেক্ষার বিবরণ দিয়েছেন যতীন সরকার--“একালের তরুণ সাহিত্য-সেবক ও গবেষকদের সামনে কেদারনাথের দৃষ্টান্ত তুলে ধরার প্রয়োজন অনুভব করিনি। স্বাধীন বাংলাদেশে ১৯৭৮ সনে যে ‘ময়মনসিংহ জেলা গেজেটিয়ার’ প্রকাশিত, তাতেও ময়মনসিংহের সাহিত্যসেবকদের তালিকায় কেদারনাথ মজুমদারের উল্লেখ নেই। সাময়িক পত্রিকার তালিকায় নেই ‘সৌরভ’-এর উল্লেখ।” যতীন সরকারের কৃতিত্ব হলো উপেক্ষার আড়াল থেকে কেদারনাথের মতো সাহিত্যসেবকদের তিনি পাদপ্রদীপের আলোচয় তুলে এনেছেন।
যতীন সরকার ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দের জীবন-কথা রচনার প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করেছেন, ‘চন্দ্রকুমারের জীবনাবসানের দীর্ঘদিন পরও তাঁর একটি পূর্ণাঙ্গ জীবন-চরিত্র প্রকাশিত হয় নি, গীতিকা সংগ্রহ ছাড়া তাঁর অন্যান্য কৃতি সম্পর্কে কেউই তেমন কোনো আগ্রহ প্রদর্শন করেননি, তাঁর জীবনদর্শন ও রচনাবৈশিষ্ট্যের প্রকৃতি নির্ণয়ের প্রতিও কারো নজর পড়েনি। ইতোমধ্যেই চন্দ্রকুমার সম্পর্কীয় অনেক জ্ঞাতব্য তথ্য হারিয়ে গেছে, আর অধিক বিলম্ব হলে কিছুই হয়তো অবশিষ্ট থাকবে না। এমন একটি পরিস্থিতি মোটেই বাঞ্ছিত নয়।’ তাই তিনি এই জীবনীগ্রন্থ রচনা করেন। এবং এ কথা ঠিক যে যতীন সরকার ছাড়া উপযুক্ত ব্যক্তি নেই ওই জীবনীগ্রন্থ রচনার। এই জীবনী রচনার যে সব চ্যালেঞ্জ যতীন সরকার উল্লেখ করেছেন, তা হলো, ‘চন্দ্রকুমারের জন্ম তারিখ আমাদের জানা নাই। এমন কি তাঁর জন্ম সনটিও সঠিকভাবে নির্দেশ করতে পারা কঠিন। চন্দ্রকুমারের জন্ম সম্পর্কে যতীন সরকার দুটি মতের উল্লেখ করেছেন। দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকার ভূমিকায় ১৮৮৯ সনকে চন্দ্রকুমারের জন্মবর্ষ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে কলকাতার folklore পত্রিকার ১৯৬২ সনের নভেম্বর সংখ্যায় প্রকাশিত একটি রচনায় বলা হয়েছে যে চন্দ্রকুমারের জন্ম সাল ১৮৮১ সন (১২৮৮ বঙ্গাব্দ)।’ এরকম প্রতিকূলতার মধ্য থেকেই তিনি চন্দ্রকুমার দে-র জীবনকে মূর্ত করে তুলেছেন।
দীনেশ চন্দ্র সেনের সম্পাদনায় যে গীতিকাগুলো কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশ করে তার ৪ খণ্ডে ৫৪টি পালার মধ্যে ২৫টি পালার সংগ্রাহক চন্দ্রকুমার দে। আজকে যে মৈনসিংহগীতিকার জন্য বিশ্ববাসী গৌরব বোধ করে তাঁর সংগ্রাহক চন্দ্রকুমার দে-র জীবনতথ্য উদ্ধার করে যতীন সরকার কেবল ফোকলোরচর্চায় নিজের নাম যুক্ত করলেন, তা-ই নয়। তিনি বড়ো এক সাহিত্যিক-সামাজিক দায় পালন করলেন। চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত পালাগুলোর সম্পর্কে যতীন সরকারের মূল্যায়ন হলো-
ক. সাহিত্যে বাস্তবতার জন্য বাংলা সাহিত্য কেবল পাশ্চাত্যের কাছে ঋণী নয়, পাশ্চাত্য সাহিত্যের সংস্পর্শে আসার বহুপূর্ব থেকেই আমাদের প্রাকৃত জনগণ আকাড়া বাস্তবকে সহৃদয়-হৃদয়বেদ্য শিল্পশ্রীমণ্ডিত করে সাহিত্যে তুলে এনেছেন।
খ. পালাগানগুলো বাংলাভাষী সমাজের নিম্নস্তরের মানুষকে সাহিত্যের রস আস্বাদ করতে সাহায্য করেছে।
গ. পালাগানগুলো বাংলা গ্রামীণ জনগণের সৃষ্টি এবং যথার্থ গণসাহিত্য।
সিরাজউদ্দিন কাসিমপুরী নেত্রকোনা জেলার কাসিমপুর গ্রামের মানুষ। অপেক্ষাকৃত নিকট অতীতের এই গবেষক ও সংগ্রাহকের অবদানের কথা যতীন সরকার তুলে না ধরলে এতদিন সকলে ভুলে যেত। সিরাজউদ্দিন কাসিমপুরীর ১. ময়মনসিংহের ভূগোল, ২. আমার পড়ার বই (দ্বিতীয় ভাগ), এবং ৩. প্রাইমারি স্বাস্থ্য ও বিজ্ঞান (চতুর্থ ভাগ) নামে ৩টি স্কুলপাঠ্য গ্রন্থ লিখেছেন। কিন্তু তার চেয়ে বড়ো অবদান রেখেছেন ১. লোকসাহিত্যের ছড়া, ২. লোকসাহিত্যের ধাঁধা এবং ৩. বাংলাদেশের লোক-সংগীত পরিচিতি নামের তিনটি গ্রন্থ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত এই তিনটি গ্রন্থে কাসিমপুরী বাংলাদেশের ফোকলোর উপকরণ সংগ্রহের নজির স্থাপন করেছেন। এছড়া তাঁর বেশ কিছু পাণ্ডুলিপি অগ্রন্থিত রয়েছে। যতীন সরকার এই মহান গবেষকের জীবনী রচনা করেছেন। যতীন সরকার বলেন, ‘সিরাজউদ্দিনের লোকসাহিত্যচিন্তায় যেমন সূক্ষ্ণ রসবোধের সঙ্গে তীক্ষ্ণ কাব্যজ্ঞানের যোগ রয়েছে, তেমনি লোকায়ত সাহিত্য-সংস্কৃতির প্রতিও রয়েছে গভীর পর্যবেক্ষণ। প্রকৃতপক্ষে আমৃত্যু দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেও নিষ্ঠার সঙ্গে লোকসাহিত্যের অঙ্গনে স্মরণীয় ও অসামান্য অবদান রেখে গেছেন সিরাজউদ্দিন কাসিমপুরী।’ আমরা সহজেই বুঝতে পারি যতীন সরকার বাংলা একাডেমির জীবনীগ্রন্থমালায় এই ইতিহাসবিদ ও ফোকলোরবিদ চারজনের জীবনী রচনা করে নিজের ইতিহাসচেতনা ও ফোকলোরচিন্তার প্রকাশ ঘটিয়েছেন। যতীন সরকার বাংলাদেশের কবিগান নিয়ে পৃথক গ্রন্থও রচনা করেছেন। যতীন সরকারের সঙ্গে ঢাকায়, নেত্রকোণার সাতপাইয়ের বাড়িতে এবং বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে। উৎসাহ দিতেন আঞ্চলিক মনীষীদের জীবনী রচনায়। একই সিরিজে আমার লেখা ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ ও ‘বিপ্লব দাশ’ শীর্ষক জীবনীদুটির প্রশংসা করতেন। তিনি বলতেন, জীবনী কেবল জীবনকর্মের তথ্য উদ্ধার করা নয়, অবদানের মূল্যায়ন করা’। যতীন সরকার সারাজীবন মফঃস্বলে বাস করে, মফঃস্বলের কলেজে অধ্যাপনা করে জাতীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন কেবল প্রজ্ঞা আর দেশেপ্রেমের মাধ্যমে।
