২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“যখন কাফকা পড়ি না তখন কাফকার কথা ভাবি...”

আমার ব্যাখ্যা হচ্ছে, আমাদের কোনো মহৎ সাহিত্য নেই। তবে পাঠকের এটি দরকার, ওষুধ হিসেবে নয়, বিভ্রম হিসেবে নয়, বরং এজন্য যে, কোনো ওষুধ যে নেই একথাটি কেউ একজনের তাদের বলা দরকার।

মোস্তাক শরীফ মোস্তাক শরীফ

Published : 09 Oct 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

লাসলো ক্রাসনাহোরকাইয়ের জন্ম ১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে। পাঁচটি উপন্যাস আর কয়েকটি প্রবন্ধ ও ছোটগল্প সংকলন আছে তাঁর। ২০২৫-এর নোবেল জেতার আগ পর্যন্ত ইংরেজিভাষী মানুষদের কাছে তিনি পরিচিত ছিলেন ২০১৫ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার এবং তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি চলচ্চিত্রের জন্য। কয়েক দশক হলো, চিত্র পরিচালক বেলা তার-এর সঙ্গে জুটি বেঁধেছেন, যার ফলে জন্ম নিয়েছে স্মরণীয় কয়েকটি চলচ্চিত্র। প্রথম উপন্যাস সান্টানটাঙ্গো প্রকাশের পর থেকেই ব্যতিক্রমী ঔপন্যাসিক হিসেবে সমালোচকমহলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন ক্রাসনাহোরকাই। তাঁর লেখা সম্বন্ধে নিউ ইয়র্ক রিভিউ অব বুকস-এ অ্যাডাম থার্লওয়েল লিখেছিলেন, ‘ক্রাসনাহোরকাইয়ের লেখার রোমাঞ্চ জাগানো দিক হলো, নিজস্ব এক মৌলিক রূপ নিয়ে আবির্ভুত হয়েছেন তিনি। সমাসাময়িক সাহিত্যে তাঁর লেখার মতো আর কিছু নেই।’ নিউ ইয়র্কার পত্রিকায় লিখতে গিয়ে টমাস উড ক্রাসনাহোরকাইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সেরা লেখকদের সারিতে টমাস বার্নহার্ড, ক্লদ সিমোঁ আর ডেভিড ফস্টার ওয়ালেসদের পাশে রেখেছেন। ক্রাসনাহোরকাইয়ের লেখা সম্বন্ধে যে বিশেষণত্রয়ী তিনি ব্যবহার করেছিলেন সেগুলো হচ্ছে, ‘বিশিষ্ট, অদ্ভুত ও সুন্দর।’ তাঁর তিনটি বই ইংরেজিতে অনুবাদ করা জর্জ জার্টেস ক্রাসনাহোরকাইয়ের লেখাকে তুলনা করেছেন ‘বর্ণনার ধীরগতির লাভার প্রবাহ, বিশাল এক কালো নদী’র সঙ্গে। জার্টেসের মতে, পাঠককে ‘অন্ধকার গলিপথে নিয়ে যান ক্রাসনাহোরকাই। ভূগর্ভস্থ কুঠুরিতে ঢোকার আর বের হওয়ার অনুভূতি হয় পাঠকের।’ দ্য হোয়াইট রিভিউ পত্রিকার জন্য ক্রাসনাহোরকাইয়ের এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন জর্জ জার্টেস নিজেই। সাক্ষাৎকারটি তর্জমা করেছেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও অনুবাদক মোস্তাক শরীফ।

জার্টেস: অনুবাদের সুবিধা, অসুবিধা আর বিপদ কী বলে আপনি মনে করেন?

লাসলো ক্রাসনাহোরকাই: সুবিধা অসুবিধা নিয়ে কিছু বলব না, তবে বিপদ সম্বন্ধে বলতে চাই যেহেতু বিপদ বলে আসলে কিছু নেই। আমার বিচারে, অনূদিত কাজটিকে কোনোভাবেই আরেক ভাষায় লেখা মূলের সঙ্গে এক করে দেখা যাবে না। একেবারেই উদ্ভট এটি। অনূদিত কাজটি লেখকের নয়, অনুবাদকের রচনা। লেখকের কাজ হচ্ছে সেটি যা নিয়ে মূল ভাষার গল্পটি গঠিত হয়েছিল। অনূদিত কাজ ভিন্ন ভাষায় অনুবাদকের নতুন একটি রচনা, যে রচনার লেখক অনুবাদক নিজেই। একই পরিবারের সদস্যদের মধ্যে যেমন মিল থাকে, সেভাবে মূল রচনার সঙ্গে কমবেশি মিল এর আছে। লেখক স্রেফ দেখেন এবং পড়েন: লেখাটি তাঁর কাছে পরিচিত, কখনও খুবই পরিচিত। পড়ে ভালো মনে হলে তিনি খুশি হন, ভালো মনে না হলে রেগে যান। আমি একবারই মাত্র রেগেছিলাম, ওয়ার অ্যান্ড ওয়ার-এর জার্মান অনুবাদ পড়তে গিয়ে, একেবারেই বাজে একটি বই। এটি মেরামতের অযোগ্য। নতুন একটি অনুবাদের দায় কে নেবে? খুবই কঠিন কাজ। ওটা ছাড়া আমার সবগুলো লেখার অনুবাদ বিস্ময়ে ভরে দিয়েছে মন। চমৎকার সব অনুবাদক আছে আমার।

জার্টেস: বসবাসের জন্য বার্লিনকে বেছে নিলেন কেন?

লাসলো ক্রাসনাহোরকাই: ১৯৮৭ সালে লম্বা সময় এ শহরে থাকার সুবাদে শহরটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সে সময় পশ্চিম বার্লিন ছিল আহত প্রাণের নির্বাসনের জন্য ভালো জায়গা। সব শিল্পী, এবং যারা শিল্পী হতে চায়, কাজের জন্য এ শহরের প্রতি আকৃষ্ট হতো। পরিবারের সদস্যের মতো মনে করি এমন সেরা সব শিল্পী যেসব বারে, সত্যি বলতে কী যেসব টেবিলে বসতেন সেখানে বসতে পারব, এটা জানাটাই চমৎকার ব্যাপার ছিল। সম্পর্কটি আজ পর্যন্ত আছে। এ শহরে বেশির ভাগ সময় কাটালেও এখন আর এ নিয়ে ভালো বোধ করি না। এখন এটি বেশি আকৃষ্ট করে এমন শিল্পীদের যারা কাজ করতে নয়, কাজ বিক্রি করতে চায়। এই যদি হয় ঘটনা তাহলে এখানে আর ওখানের মধ্যে তফাত থাকল কোথায়?

জার্টেস: আপনি কখন কীভাবে লেখেন?

লাসলো ক্রাসনাহোরকাই: আমি কোনো ওয়ার্কস্টেশন, অর্থাৎ কিনা লেখার টেবিলে বসি না। ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে আইডিয়াও খুঁজি না। বরং এ অনুমানের ওপর ভিত্তি করে মাথার মধ্যে কাজ করি যে, সাহিত্য আমার কাজ। ব্যক্তিগত কারণের কথা বাদ দিয়ে বলি, যখন লিখতে শুরু করি, পরিস্থিতি খুবই কঠিন ছিল। লেখার কোনো টেবিল ছিল না, একা থাকারও সুযোগ ছিল না। ফলে মাথার মধ্যে বাক্য শুরু করার অভ্যাস বানিয়ে ফেলি, সেগুলো সম্ভাবনাময় মনে হলে বাক্যটি তার স্বাভাবিক সমাপ্তিতে পৌঁছানো পর্যন্ত একের পর এক অর্থ জুড়তে থাকতাম। তারপর সেটিকে লিখে ফেলতাম। এমনকি এখনও এভাবেই কাজ করি। অদ্ভুত সব জায়গায়, অদ্ভুত সব সময়ে। অন্যভাবে বললে, সবসময় কাজের মধ্যেই আছি। সবকিছুই লিখি একেবারে শেষে। স্বাভাবিক ভঙ্গিতে লেখা সংশোধন করি না, যেহেতু সব কাজ করেছি মাথার মধ্যে।

জার্টেস: কাফকার মতো ধ্রুপদী লেখার কথা বাদ দিলে আর কী পড়েন?

লাসলো ক্রাসনাহোরকাই: যখন কাফকা পড়ি না তখন কাফকার কথা ভাবি। যখন কাফকার কথা ভাবি না তখন তাকে না ভাবার অভাব বোধ করি। কিছুক্ষণের জন্য তাকে না ভাবার অভাব বোধ করলে তাকে খুঁজে বের করে আবার পড়ি। এভাবেই এটা কাজ করে। একই ঘটনা ঘটে হোমার, দান্তে, দস্তয়েভস্কি, প্রুস্ত, এজরা পাউন্ড, বেকেট, টমাস বার্নহার্ড, আটিলা জোসেফ, স্যান্ডর ভেরোস এবং পিলিনিস্কির ক্ষেত্রেও।

জার্টেস: সান্টানটাঙ্গো এতো বিখ্যাত হয়েছিল কেন বলে মনে হয় এখন? পৃথিবীতে বা সাহিত্যের ভুবনে এমন কিছু কি ঘটেছে যা এর জন্য দরজা খুলে দিয়েছে?

লাসলো ক্রাসনাহোরকাই: আমার মনে হয় যেসব পাঠক বেলা তার ও আমার চলচ্চিত্র সান্টানটাঙ্গো সম্বন্ধে এরই মধ্যে জানে এবং দ্য মেলাঙ্কলি রেজিস্ট্যান্স, ওয়ার অ্যান্ড ওয়ার এবং অ্যানিমেলইনসাইড পড়েছেন তাঁরা এটিও পড়ার জন্য অপেক্ষা করছিলেন। এছাড়াও মনে হয়, সান্টানটাঙ্গো প্রকাশের পর অনেকের মনে হলো এটি এমন একটা বই যা বহু মানুষ পড়তে চাচ্ছিলেন। কারা? চটকদার আড়ম্বর আর ক্লান্তিকর রকমের নতুনের মাঝখানের জায়গাটি থেকে যারা মুক্তি চাচ্ছিলেন, যারা এমন একটা বইয়ের অপেক্ষায় ছিলেন যেটি দুনিয়া সম্বন্ধে কিছু একটা বলে, যারা স্রেফ বিনোদনের বাইরে কিছু একটা চাচ্ছিলেন, জীবন থেকে পালাতে নয়, বরং বারবার এটি যাপন করতে চাচ্ছিলেন, তাঁদেরও যে একটি জীবন আছে এবং সে জীবনেও তাদের হিস্যা আছে--একথাটি জানতে চাচ্ছিলেন এবং যাদের বেদনায়ক সুন্দরের প্রতি পক্ষপাত ছিল। আমার ব্যাখ্যা হচ্ছে, আমাদের কোনো মহৎ সাহিত্য নেই। তবে পাঠকের এটি দরকার, ওষুধ হিসেবে নয়, বিভ্রম হিসেবে নয়, বরং এজন্য যে, কোনো ওষুধ যে নেই একথাটি কেউ একজনের তাদের বলা দরকার।

জার্টেস: সবকিছুর মানচিত্র এতোটা স্পষ্টভাবে আঁকা আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন? সুনির্দিষ্ট অবস্থানটি চিহ্নিত করা কেন এতো গুরুত্বপূর্ণ?

লাসলো ক্রাসনাহোরকাই: যেহেতু কোথায় কী আছে সেটি জানা সবসময় গুরুত্বপূর্ণ। কোনো জিনিস কেবল যেখানে আছে সেখানেই সুনির্দিষ্টভাবে থাকতে পারে।

জার্টেস:  লেখক হিসেবে যে দুনিয়ায় আপনি যাত্রা শুরু করেছিলেন-ঠিক শুরু নয়, তবে সান্টানটাঙ্গো যখন প্রথম আবির্ভুত হয়েছিল-সেখান থেকে আজকের দুনিয়া কত দূরে এবং এই দুই দুনিয়ার মিল কোথায়?

লাসলো ক্রাসনাহোরকাই: মিল তো বিস্ময়কর রকমের। আপাতদৃষ্টিতে সবকিছুই বদলে গেছে, আবার সবকিছুই একইরকম আছে। দ্রুত প্রবহমান উত্তাল একটি নদীর উপরিভাগের কথা ভাবুন। ফেনার মধ্যে একটিমাত্র বুদ্বুদ ঘুরতে ঘুরতে কীভাবে ভেঙে যায়। ভেঙে ছোট ছোট পানির বিন্দুতে রপ নেয়, তারপর একসঙ্গে মিলে ছোট একটি স্রোত হয়ে ফের আপনমনে বয়ে যায়। পানির ফোঁটাগুলো দেখি আমি, কোনো একটির ওপর মনোনিবেশের চেষ্টা করি। কাজটা অসম্ভব। একটাও ফোঁটা নেই। কীভাবে যেন কেবল সমগ্রটাই আছে, প্রতি মুহূর্তে যেটি আলাদা, আবার একইরকম। এদিকে সমগ্রেরও অস্তিত্ব নেই। অংশগুলোও নেই। তাহলে আছেটা কী? আছে এক অপরিবর্তনীয়তা যেটি প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এটি আসলে অনুভবের অগম্য।