শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তার পশু-পাখিপ্রেম
পশু-পাখিকেও যে ব্যক্তিসত্তার সমান গুরুত্বে দেখা উচিত তা তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন।
‘অপরাজেয় কথাশিল্পী’ খ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখায় মানবতার পরিচয় দিয়েছেন বহুবার। তিনি যে মানুষের জন্য ভাবতেন, তাদেরকে ভালোবাসতেন—সে বিষয়ের উল্লেখ পাওয়া যায় তার বিভিন্ন রচনায়। তার এই মানবতার পরিচয় তিনি অন্য ক্ষেত্রেও দিয়েছেন। শরৎচন্দ্রের বিভিন্ন রচনায় আমরা তার পশু-পাখির প্রতি অত্যধিক মায়া ও ভালোবাসার আভাস পেয়েছি এবং তিনি ব্যক্তিজীবনেও ঠিক তাই ছিলেন। একজন পশু-পাখিপ্রেমী। এমনকি পশু-পাখির প্রতি তার এই স্নেহ-মমতার কথা বিভিন্ন জন তাদের লেখাতে উল্লেখও করেছেন। এর মধ্যে সবার আগে আসে তার প্রিয় কুকুর ‘ভেলু’র নাম।
উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তার স্মৃতিকথায় ভেলুর কথা লিখেছেন। ভেলুকে তিনি ‘পথেঘাটে ঘুরে-বেড়ানো নেড়ি কুকুর’ বলেছেন যে কিনা ‘অপরিমিত মাংস’ খেয়ে এবং প্রভুর ‘অসংগত আদর’ পেয়ে মোটা ও রাগী হয়ে উঠেছিল; যার মেজাজ সবর্দাই গরম থাকতো। তিনি ভেলু সম্পর্কে আরোও লিখেছেন,
“বাইরে থেকে কেউ এলেই প্রথমে সে দন্তাস্ফালন করে, তারপর তেড়ে যায়। এ বিষয়ে তার ভদ্র-অভদ্র বাছবিচার নাই।”
ভেলু মারা গেলে শরৎচন্দ্র খুব ভেঙে পড়েন। সেসময় তার মনের অবস্থা নিয়ে শৈলেশ বিশী লিখেছিলেন—
“আমি ঘরে ঢুকতেই ভেলুর কোন সাড়া পেলুম না। শরৎদার দিকে চেয়ে দেখি। কেঁদে কেঁদে তার চোখ দুটি ফুলে গেছে। আমাকে দেখেই তিনি একেবারে কেঁদে উঠলেন। আমার নাম ধরে বললেন—ভেলু আমাদের ছেড়ে গেছে। কোন প্রিয় আত্মীয় বিয়োগ হলে, কোন অন্তরঙ্গকে দেখলে যেমন সেই শোক উথলে উঠে, আমাকে দেখে দাদার শোক যেন দ্বিগুন উথলে উঠল। আমার অবস্থা তখন, আমি হাসি কি কাঁদি? হাসলে তিনি জীবনে আর আমার মুখ দেখবেন না। অথচ কাঁদাও দরকার। দেখতে পেলুম দাদার এই দুঃখ ও ব্যথা কত গভীর। কিন্তু কান্না আমার এলো না।”
শরৎচন্দ্র তার প্রিয় ভেলুর জন্য নিজের হাতেই মাটি খুঁড়েছিলেন; ভেলুকে কবর দিয়েছিলেন। ভেলুর স্মৃতিস্তম্ভ কেমন হবে তা নিয়েও তিনি খুব বিচলিত হয়েছিলেন। অবশেষে, হিরণ্ময়ী দেবীর প্রস্তাবে তিনি একটি শ্বেতপাথরের পাদপীঠের ওপর মার্বেলের একটি তুলসীমঞ্চ স্থাপন করেছিলেন।
শরৎচন্দ্রের একটি লেখার খাতা ছিল। যেখানে তিনি তার সব পোষ্যদের মৃত্যু সংবাদ লিখে রেখেছিলেন। তার বাজে-শিবপুরের প্রতিবেশী অমরেন্দ্রনাথ মজুমদার যিনি শরৎচন্দ্রের বাড়ির সদস্যদের সাথে পরিচিত ছিলেন তিনি লেখকের কলকাতার বাড়িতে এই খাতাটি দেখেছিলেন। সেখানে শরৎচন্দ্র ভেলুর মৃত্যু সংবাদ দিন ও তারিখসহ লিখে রেখেছিলেন।
“ভেলু
দেহত্যাগের দিন
১০ ই বৈশাখ, বৃহস্পতিবার ১৩৩২
সকাল ৬ টা ২৩ শে এপ্রিল ১৯২৫
সমাধি—বেলা ৯ II
বাজে শিবপুর হাবড়া”
শুধু ভেলু নয়; ‘বাঘা’ নামের তার আরও একটি কুকুর ছিল। সামতাবেড় যাবার পর তিনি এই কুকুরটি পুষেছিলেন। বাঘাকেও তিনি ভেলুর মতোই আদর-যত্ন করতেন। কিন্তু বাঘাকে একবার পাগলা শেয়ালে কামড়েছিল; চিকিৎসা ব্যবস্থা নেওয়ার পরেও বাঘাকে বাঁচানো যায় নি। তিনি তার সেই খাতায় বাঘার মৃত্যুর কথাও লিখে রেখেছিলেন—
“আজ বাঘা মারা গেল।
মোহিনী ঘোষালের বাড়ির সম্মুখে কি জানি কবে তাকে
পাগলা শিয়ালে কামড়েছিল।”
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পুরো জীবন পশুহত্যার বিরোধী ছিলেন। তিনি পূজাতেও পশুবলির বিরোধিতা করতেন। একবার তিনি কঠিন অসুখে পড়েন। তখন হিরণ্ময়ী দেবী তার রোগ-মুক্তির জন্য কালীঘাটে মা-কালীর কাছে জোড়া পাঠা মানত করেছিলেন। আরোগ্য লাভের পর শরৎচন্দ্র এ কথা জানেন এবং তিনি দুটি পাঁঠার বদলে তিনটি পাঁঠার দাম মা-কালীর কাছে পাঠিয়েছিলেন। তবুও তিনি পশুবলি উৎসাহিত করেন নি।
কুকুর পোষাতেই শেষ নয়। ‘স্বামীজী’ নামে গেরুয়া লোমের একটি খাসি পুষতেন তিনি। ‘স্বামীজী’ কীভাবে শরৎচন্দ্রের কাছে এসে পড়লো সে ঘটনাটি জানা যাক। সামতাবেড়ে থাকার সময় তিনি একদিন পথে বেড়াতে বেরোন। তখন তিনি দেখেন এক জায়গায় কয়েকজন লোক মিলে একটি খাসি কাটার উপক্রম করছে যাতে তারা সবাই মাংস ভাগ বাটোয়ারা করে নেবে। কিন্তু খাসিটার আর্তনাদ শুনে শরৎচন্দ্রের বড্ড মায়া হলো। তিনি লোকগুলোকে খাসির কেনা দামের চেয়েও বেশি দাম দিয়ে খাসিটিকে নিজের কাছে নিয়ে এলো এবং নাম রাখলো ‘স্বামীজী’।
শরৎচন্দ্রের সেই খাতাটিতে স্বামীজীর মৃত্যু সংবাদও আছে। সংবাদটি নিম্নোক্ত:
“১৩ ই মাঘ ১৩৩৯ (বেলা ১১-৩)
বৃহস্পতিবার—স্বামীজীর মৃত্যু,
আর একটা ভাবনা ঘুচলো।
সামতাবেড়, হাবড়া।”
তিনি যে শুধু পশু পুষতেন তা নয়; তার একটি পাখিও ছিল—নুরি পাখি। রেঙ্গুনে থাকাকালীন সময়ে তিনি একটি নুরি পাখি কিনেছিলেন। মালয় উপদ্বীপে শুক বা টিয়া জাতীয় একরকম পাখি আছে—এদেরকেই নুরি পাখি বলে। এ পাখিগুলো দেখতে খুব সুন্দর এবং কথা বলা শেখালে দু-একটা কথাও বলে। শরৎচন্দ্র তার নুরি পাখিটির নাম রেখেছিলেন ‘বাটু’। তাদের মধ্যে কিন্তু খুব মিষ্টি একটি স্নেহের সম্পর্ক ছিল—শরৎচন্দ্র তার এই পাখিটিকে ‘বাটু বাবা’ বলে ডাকতেন এবং আশ্চর্যজনক ভাবে বাটুও শরৎচন্দ্রকে ‘বাবা’ বলে ডাকত। শরৎচন্দ্র যখন রেঙ্গুন থেকে বাংলায় ফিরে এসেছিলেন তখন কিন্তু তিনি বাটুকে ফেলে আসেন নি। নিজের সাথে করে নিয়ে এসেছিলেন এবং যেই দশ বছর তিনি হাওড়াতে ছিলেন, বাটুও তার সাথে ছিল—ভালোবাসা ও আদরে। শরৎচন্দ্রের বাড়ির উঠোনে একটা পেয়ারা গাছ ছিল। সে গাছের পাকা পেয়ারা বাটুর আগে অন্য কারো খাওয়ার অনুমতি ছিল না।
শরৎচন্দ্র তার সেই খাতাটিতে বাটুর মৃত্যুর কথাও উল্লেখ করেছিলেন:
“আজ রাত্রি ১০-৪৫
বাটুর মৃত্যু হলো
মঙ্গলবার ২৪ শে ফাল্গুন, ১৩৩৮
সামতাবেড়, হাওড়া
বন্ধন থেকে সে নিজেই শুধু মুক্তি পেলে না
আমাকেও একটা মুক্তি দিয়ে গেল।
প্রভাসের পাশেই সমাহিত করলাম।
বাকি রইল কেবল আর একটা।”
শরৎচন্দ্র তার প্রতিটি পোষ্যের মৃত্যুসংবাদ যেভাবে লিখেছিলেন তা থেকেও পশু-পাখির প্রতি তার প্রচণ্ড ভালোবাসা ও মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। বাটুর মৃত্যু সংবাদের এক পর্যায়ে তিনি লিখেছেন—
‘বাকি রইল কেবল আর একটা।”
এই কথাটি দ্বারা তিনি সম্ভবত সেইসময়ে তার পোষ্য কাকাতুয়াকে বুঝিয়েছেন। কুকুর, খাসি, পাখি, কাকাতুয়ার পাশাপাশি তিনি ময়ূরও পুষেছিলেন। ব্যক্তিজীবনে পশু-পাখির প্রতি তার মমত্ববোধের আভাস তার রচনায় ও পাওয়া যায়। তার পশুবলির বিরোধিতার নিদর্শন আমরা দেখতে পাই ‘লালু’ গল্পটিতে যেখানে তিনি লালু চরিত্রটির মাধ্যমে খুব স্পষ্টভাবেই পশুবলির বিরোধিতা করেছেন। এছাড়া তার কালজয়ী গল্প ‘মহেশ’—যেখানে তিনি চাল-চুলোহীন দরিদ্র মুসলিম কৃষক গফুরের অভাব-অনটনের সংসারে স্নেহ ও মমতায় লালিতপালিত গবাদি পশু মহেশের কথা বলেছেন। গফুরের কাছে মহেশ যেন শুধু একটা পশু নয়, বরং তার নিজের সন্তান। গল্পের শেষে গফুর, গফুরের মেয়ে ও মহেশের পরিণতি অনেক পাঠককেই কাঁদিয়েছে।
‘অতিথির স্মৃতি বা দেওঘরের স্মৃতি’ নামে পরিচিত শরৎচন্দ্রের এ রচনাটিতেও আমরা পশুর প্রতি তার ভালোবাসার একটি নিদর্শন দেখতে পাই। এ গল্পে অতিথি হলো একটি কুকুর। চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য লেখক দেওঘরে যান। সেখানে তার একটি কুকুরের সাথে পরিচয় হয়। অতিথি হিসেবে কুকুরটিকে তিনি বাড়িতে আমন্ত্রণ জানান। কুকুরটিকে খেতে দেওয়া হয়। হঠাৎ লেখক জানলেন কুকুরটিকে মালি-বৌ তাড়িয়ে দিয়েছে। গল্পের সে অংশটুকু ছিল এমন:
“দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে, খবরের কাগজটা যেমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ, এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম, দুদিন দেখতে পায়নি, তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম-খাওয়া হয়েছে তো রে? কী খেলি আজ?
হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজেভিজে, যেন গোপনে আমার কাছে কী একটা নালিশ ও জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালালো।
জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস?
আজ্ঞে না। মালি-বৌ ওরে তাড়িয়ে দিয়েছে যে।
আজ তো অনেক খাবার বেঁচেছে, সে সব হলো কী?
মালি-বৌ চেঁচেপুঁচে নিয়ে গেছে।”
লেখক যখন দেওঘর থেকে ফিরে যান তখন তার অতিথির সাথে বিদায়বেলাটাও যেন এক বিষন্ন গল্পের মতো। লেখক লিখেছেন—
“শরীর সারলো না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন-দুই দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিস বাঁধাবাঁধি শুরু হলো, দুপুরের ট্রেন। গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়াল, মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি।
একে একে গাড়িগুলো ছেড়ে দিলে, আমার গাড়িটাও চলতে শুরু করলে। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কীরে, এখানেও এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিলে,- কি জানি মানে তার কী!
টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিশ পেল সবাই, পেল না কেবল অতিথি। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে, যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম-স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। হয়ত, ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই! কেবলই মনে হতে লাগল, অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢোকবার জো নেই! পথে দাঁড়িয়ে দিন-দুই তার কাটবে, হয়ত নিস্তব্ধ মধ্যাহ্নের কোন ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা।”
শরৎচন্দ্রের লেখায় মানবিকতার স্থান ছিল। সে মানবিকতা শুধু মানুষের জন্যই সীমাবদ্ধ ছিল না, পশু-পাখিদের জন্যেও ছিল। পশু-পাখিকেও যে ব্যক্তিসত্তার সমান গুরুত্বে দেখা উচিত তা তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। তিনি নিজে এমন এক মানুষ হয়েছিলেন যে অন্যান্য প্রাণীর সাথে co-exist করতো। মানুষ প্রাণ আর পশু প্রাণ বলে আলাদা করে নয়, তিনি বরং এক পাল্লায় তাদেরকে দেখেছেন। ভালোবেসেছেন। শরৎচন্দ্রের সময়টা তো আমরা পিছনে ফেলে এসেছি। প্রতিনিয়ত ই আমরা সামনে এগোচ্ছি। কিন্তু আমাদের বর্তমান ও সামনের দিনগুলোতে আমরাও যাতে ‘co-existence’ কে নিজেদের মধ্যে ধারণ করতে পারি এটাই প্রত্যাশা। ভালোবাসা-স্নেহ-মমতার চেয়ে বেশি শক্তি আর কিছুতেই নেই। তার প্রমাণ আমরা বারেবারে পাই। সুন্দর সূর্যাস্ত বলি, কিংবা মনভোলানো সব পাহাড়, কুকুরের বিশ্বস্ততা কিংবা বিড়ালের আদুরে ডাক, রাতের আকাশে বিশাল বড় চাদ কিংবা ছিমছাম শান্ত এক সকাল—প্রকৃতির এসবকিছুই তো মানুষের অস্তিত্ব; এসব নিয়ে এবং এসব ঘিরেই মানুষের বাস। আর অস্তিত্ব বা মানব সভ্যতা যাই ই বলি না কেন সেখানে পশু-পাখিদের ও সমান গুরুত্ব, তাদেরও সমান অবদান। তারা ছাড়া মানুষ অসম্পূর্ণ। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় অন্য সৃষ্টি আছে বলেই। আমরা কি কখনো ভাবি অন্য সৃষ্টি না থাকলে আমরা কি করতাম? এখানে ব্রাট্রেন্ড রাসেলের একটা উক্তি বলা যায়: ‘“It's coexistence or no existence.”
