২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহনজিন ৪ - জাপানের প্রথম অনুভূতি

গাড়ির ভেতরে বিভিন্ন দুর্বোধ্য ভাষায় উচ্ছ্বাসপূর্ণ মৃদু গুঞ্জরণ শুরু হলো।

আশরাফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 11:12 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

অক্টোবরের পাঁচ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার পর ওসাকায় বিমানটি অবতরণ করলো। চীনা ভাষায় যে তিনটি সাংকেতিক চিহ্ন দ্বারা ওসাকা লেখা হয় তাদের অর্থ হচ্ছে বড় শহর, জাপানে গিয়ে সেই অর্থই জেনেছিলাম। বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসংখ্যার বিচারেও এটি জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর (পাঁচ দশকের ব্যবধানে ও বর্তমানে তৃতীয় বৃহত্তম)। শুধু জাপানেরই নয়, আমি পৃথিবীরও একটি অন্যতম বড় শহরে এসে পৌঁছেছি। অনুভূতি হিসেবে আমার সমস্ত অবয়ব জুড়ে বিশেষ শিহরণ লাগার কথা। কিন্তু চারটি দেশের চারটি বিমানবন্দরের দীর্ঘ প্রায় তিরিশ ঘণ্টা ভ্রমণের শ্রান্তিতে জাপানের প্রথম অনুভূতি বিশেষভাবে টের পেলাম না। সর্বোপরি গত তিরিশ ঘণ্টায় আমার অভিজ্ঞতার থলি এতো বিচিত্র ঐশ্বর্যে পূর্ণ হয়ে আছে যে জাপানে পদার্পনটি স্বাভাবিক বলেই মনে হয়েছিল। তবে নতুন দেশের নতুন আচার আচরণ সম্পর্কে বিশেষ ধারণা না থাকায় মনে মনে কিছুটা ভীতও ছিলাম।  

অনেক পেছন থেকে লক্ষ করলাম ভারতের প্রমোদ শ্রীবাস্তব আমার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারলাম প্রথমবার বিদেশে বেরিয়ে আমার মতো সেও কিছুটা অসহায় বোধ করছে। তাই সঙ্গী হিসেবে আমাকে ওর সাহস জোগাচ্ছে। অনুভব করলাম প্রতিবেশী ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্যকারী এবং একটি বিশাল দেশ হলেও সদ্য স্বাধীন হওয়া আয়তনে ক্ষুদ্র বাংলাদেশের এক নাগরিক হিসেবে আমার মূল্য কম নয়। ব্যপারটি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল। কিন্তু ওর তড়িৎ গতির ফলে বিমান-নির্গমন থেকে শুরু করে ইমিগ্রেশন-কাস্টমস পর্যন্ত সব কাজ আমার আগে শেষ করে ফেলাটা বারবার আমাকে পীড়া দিচ্ছিল। যুদ্ধ করে স্বাধীন হওয়া বাংলাদেশের নাগরিক আমি। আমাকে পেছনে ফেলে দেয়ার অর্থ হচ্ছে বাংলাদেশকে পেছনে ফেলে দেয়া। আমি কেন পেছনে পড়ে থাকবো? এসব চিন্তা আমাকে আচ্ছন্ন করে রেখেছিল বলে বিমান বন্দরে পৌঁছেই জাপান দেশটি সম্পর্কে আমার প্রথম ধারণার দিকে মনযোগী হতে পারিনি। প্রতিটি ধাপে আমি প্রমোদের প্রতিযোগী হতে চেষ্টা করি। ফলে ইমিগ্রেশন-নিয়ন্ত্রিত সর্বশেষ দরোজা দিয়ে আমরা দুজনে একই সাথে বের হয়ে এলাম।

দরজার বাইরে বেশ কিছু মানুষের জটলা ছিল। একজনের হাতে বড় বড় ইংরেজি হরফে ‘ইউনেস্কো ইন্টারন্যাশনাল কোর্স ইন মাইক্রোবায়োলজি’ লেখা একটি বোর্ড ধরা ছিল। নিজে এগিয়ে এসে আমার পরিচয় নিশ্চিত হয়ে স্বাগত জানালেন। ছোটখাট দেহের নিরীহ গোছের এই ভদ্রলোক ওসাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইয়োশিদা। তিনি ছিলেন এই কোর্স প্রধান ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাহারু তাগুচি’র অধীনস্ত। প্রায় একই সময়ে ফিলিপিন্স, কোরিয়া, ভারত, শ্রীলংকা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এবং তুরস্ক থেকে আগত একই কোর্সে যোগদানকারীরা অপেক্ষা করছিল। তাঁদের মাঝে ভারতীয় আরেকজন, চন্দ্রীগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সুধীর কুমার ঘাইও ছিল। ঘাই  এর সাথে পরিচিত হয়ে এতোক্ষণ সাথে থাকা প্রমোদ শ্রীবাস্তব আমাকে ছেড়ে ওর সাথে বেশ ঘনিষ্ট হয়ে গেল। আমিও  একাকী হয়ে পড়লাম।

কিছুক্ষণের মাঝেই আমাদের সবাইকে একটি বড়সড় ও নতুন মাইক্রোবাসে তোলা হলো। গাড়ির ভেতরে বিভিন্ন দুর্বোধ্য ভাষায় উচ্ছ্বাসপূর্ণ মৃদু গুঞ্জরণ শুরু হলো। ড্রাইভারের ঠিক পেছনে আমার পাশের সিটটিতে কোথা থেকে যেন উদয় হয়ে বেশ ভারিক্কি দেহের এক জাপানি ভদ্রলোক এসে বসলেন। পিটপিট চোখে তাকিয়ে পাতলা ঠোঁট দুটো পরস্পরের সাথে চেপে চেপে হাসিমুখে নিজেকে অধ্যাপক তাগুচি বলে পরিচয় দিলেন। আমরা যে ইউনেস্কো কোর্সে এসেছি, তিনি তার প্রধান। অধ্যাপক হিসাহারু তাগুচি। গত কয়েকমাসে তাঁর স্বাক্ষরিত কয়েকটি চিঠি আমরা পেয়েছি। ঘাড় উঁচিয়ে ও ফিরিয়ে সামনে-পেছনের সব যাত্রীকেও জাপানে স্বাগত জানালেন। কথা বলার সময় তাঁর শ্বাস থেকে ভূষ ভূষ করে মদের গন্ধ বেরোলেও তিনি মদ্যপ মোটেই ছিলেন না। এই কোর্সে সর্বোচ্চ পদাসীন ব্যক্তি আমার পাশে বসাতে একদিকে যেমন ভয়ে সংকুচিত ছিলাম, অন্যদিকে বেশ গর্বও বোধ করছিলাম।

গাড়ি ছুটে চলেছে। বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী প্রথম পরিচয়ে বয়োজ্যেষ্ট বা উচ্চপদাসীন ব্যক্তিটিকে যথেষ্ট ভয় পাচ্ছিলাম। কিন্তু অপরিচিত হলেও পাশাপাশি দুজন অনেক্ষণ চুপ করে থাকাটাও অসহনীয়। তাই মনের ভয়টি লুকিয়ে রেখে তাঁর কুশলবার্তা জানতে চাইলে তিনি খুশি হলেন। আগের বছরগুলোতে বাংলাদেশ থেকে আগত ছাত্রদের নাম বলে আমি চিনি কিনা জানতে চাইলেন। সবাই আমার পরিচিত ও আপনজন শুনে খুশি হলেন। এক সময়ে জানালাম বাংলাদেশের সমুদ্র উপকূলের কিছু সালোকসংশ্লেষণকারী বা ফটোসিন্থেটিক ব্যক্টেরিয়ার প্রাথমিক বংশ পরিচয় ঢাকায় আমরা নিজেরা নির্ণয় করেছি। কিন্ত সেগুলোর ‘জি-সি কন্টেন্ট’ নামে বংশগত তথ্য পরীক্ষা করার ব্যবস্থা ঢাকা বা আমাদের দেশে নেই। তাই এরকম তিন চারটি ব্যাক্টেরিয়ার নমুনা আমি সাথে নিয়ে এসেছি। আশা করছি অধ্যাপক তাগুচি এদেশের উপযুক্ত বিজ্ঞানীকে দিয়ে জি-সি কন্টেন্ট নির্ণয় করে আমাদের করা বংশ পরিচয়কে আরো সুদঢ় করবেন। আমার এই আগ্রহ দেখে অধ্যাপক তাগুচি যুগপত আশ্চর্য ও চমৎকৃত হলেন বলে মনে হলো। অথবা তেমনটি ভেবে আমি আত্মপ্রসাদ লাভ করলাম।      

অল্পক্ষণের মাঝেই গাড়িটি একটি দোতালা সাদা দালানের সামনে এসে থামলো। এটি ওসাকা বিশ্ববিদ্যালয়ের কিতা-সেনরি ক্যাম্পাসের কাছাকাছি ওয়াই-ডাবলিও-সি-এ’র দালান। আপাততঃ আমরা এই বাড়িতেই থাকবো। মহিলাদের জন্য সংরক্ষিত দালানে থাকবো শুনে মনে মনে খুশি হলেও আশ্চর্য চেহারায় শ্রীবাস্তভ ও ঘাই এর দিকে তাকালাম। ঘাই ইতোপূর্বে বিলাতে পোস্ট-ডক করেছে বিধায় সে বললো উন্নত দেশে মহিলা-পুরুষের প্রভেদ ভেবে বিচলিত হওয়ার কিছু নেই। একই হোস্টেলে ছেলেমেয়ে একসাথে থাকার প্রচলন খুবই স্বাভাবিক।  

কয়েকটি সোফা ও চেয়ার সম্বলিত বড়সড় একটি ঘরে বসে অধ্যাপক তাগুচি প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে কুশল আদান প্রদান করলেন। একটি টেলিভিশনে দুর্বোধ্য জাপানি ভাষায় কেউ সংবাদ পাঠ করছে। পুরুষ পাঠকের চেহারা ও অভিব্যক্তির সাথে সাথে উচ্চারিত ভাষাটিকে কর্কশ মনে হচ্ছিল। ভাষা না বুঝলেও ‘দেস, দেসতা, মাস, মাসতা ও গোযাইমাস’ বারবার উচ্চারিত শুনতে পেলাম। নির্ভুলভাবে ধারণা করলাম শব্দুগুলো ইংরেজি ভাষার এ, আন, এন্ড, বা দি-র অনুরূপ কিছু হয়ে থাকবে।,  

সবাই সোফায় বসলে আলাপের সময় সম্ভবত শিক্ষাগত ও পেশাগত দিক দিয়ে সর্বোচ্চ ছিল বলে তিনি ভারতের ডঃ সুরেশ ঘাইকে গুরুত্ব দিচ্ছিলেন। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন ডঃ ঘাইকে আমাদের দলনেতা করলে কারো আপত্তি হবে কিনা? কোর্স সদস্য অধিকাংশের সাথে আমাদের কারো পারস্পরিক পরিচয়ের সুযোগ তখনো হয়নি। তথাপি অধ্যাপকের প্রশ্নের মাঝেই উত্তর লুকিয়েছিল বলে কেউ আপত্তি করলাম না।

কোরিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের শিক্ষার্থীরা অধ্যাপক তাগুচিকে কাগজে মোড়া ছোটখাট উপহার দিতে দেখে মনে হলো আমি তো তেমন কিছু আনিনি। তখন ব্যাগ থেকে মেঝমামীর দেয়া নারকেলের চিড়ার কৌটাটি খুলে তাঁর সামনে ধরলাম। মনে মনে মেঝমামীর প্রতি আবারো কৃতজ্ঞতা প্রকাশ করলাম। শুনলাম রাত ন’টার বেশি হয়ে যাওয়ায় সব রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কষ্ট করে রাতটি উপোস থাকতে হবে।

প্রতি ঘরে আমরা দুই বা তিনজন করে দশজন পুরুষ এবং পাঁচজন মহিলার রাত কাটানোর ব্যবস্থা হলো। আলাদা আলাদা বিছানায় আমার ঘরে ভারতের অপর দুজন। রাতে ভালো ঘুম হলো না। সারা শরীর ও মন জুড়ে একনাগাড়ে আকাশে বিমান ভ্রমণের ঝিমঝিম অনুভূতি। এর সাথে কানে বেজে চলেছে কখনো অসংখ্য কণ্ঠের অবোধ্য চিনা ভাষার চিং-চুং-হুয়া-র নানা শব্দ, আবার কখনো অবোধ্য জাপানি ভাষার দেস, দেসতা-মাস-মাসতা শব্দ। কত ঘণ্টা থেকে হিসাব করতে পারছি না, কিন্তু ব্যাংকক থেকে হংকং, এবং হংকং থেকে তাইপে পর্যন্ত শুধু চারিদিকে চিনা ভাষাই শুনে এসেছিলাম এবং পরে তাইপে থেকে ওসাকা আসা পর্যন্ত জাপানি ভাষার আধিক্য তখনো আমার শ্রবণেন্দ্রিয় ছেড়ে যেতে পারছিল না।

কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ঘুম ভাঙলো প্রমোদের ডাকে। সে ইতোমধ্যেই মুখ হাত ধুয়ে ফেলেছে। সুরেশ ঘাই এখনো আমার মত বিছানায়।

সকালের বিভিন্ন সময়ে ডাইনিং টেবিলে একে একে সবাই উপস্থিত হলাম। একজন মাঝবয়সী জাপানি মহিলা ডিম পোচ, পাউরুটি টোস্ট, মাখন, পনির ও কফি সাজিয়ে রাখলেন। তিনি একটি ইংরেজিও বলতে পারেন না কিন্তু সদা ধবধবে ও স্বাস্থ্যবান পাউরুটি ভরা প্লেটটি খালি না হতেই সেটি নতুন টোস্ট করা রুটি দিয়ে ভরে দিচ্ছিলেন। জীবনের এই প্রথম কোনো হিসাব না করেই পাউরুটির ওপর সুগন্ধযুক্ত হলুদ মাখনের পুরু স্তর মেখে মেখে নাসতা করেছিলাম। আজ এতো বছর পরও চোখ বুজে মাখনের সেই গন্ধ ও স্বাদ পেতে চেষ্টা করি!

৬ই জানুয়ারি, ২০১৯

আগের পর্বটি এই লিংকে পড়া যাবেঃ https://bangla.bdnews24.com/arts/48ee8b33982a?fbclid=IwY2xjawFfhAJleHRuA2FlbQIxMQABHe3yk2T_1TAPyyCi7Kb3PfGkEcBhxvJBLZFp46xgZo6FrJA_0x_6E6TjfA_aem_SzXJ6AEfREFXd3H4PdVR1A