২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াসুনারি কাওয়াবাতা: ঘুমন্ত সুন্দরীর ঘর-১

তবু সে তার আঙুল দিয়ে আলতোভাবে ধরল। ওটা ভেজা নয়। বয়স কুড়ির মতো হবে ওর। মেয়েটি যে শিশুসুলভ তা বলা যায় না, কিন্তু তার শিশুসুলভ গায়ের গন্ধটি অস্বাভাবিক লাগল তার কাছে। আসলে গন্ধটি নারীসুলভ গন্ধ।

মনিকা চক্রবর্তী মনিকা চক্রবর্তী

Published : 09 Nov 2025, 12:09 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

বৃদ্ধ এগুচি সরাইখানাতে পৌঁছা মাত্রই সরাইখানার তত্ত্বাবধায়ক মহিলাটি তাকে সতর্ক করে দিল, এখানে কিন্তু অরুচিকর কিছুই করা যাবে না।  কৌতূহলী হয়ে ঘুমন্ত মেয়েটির মুখের ভেতর আঙুল দিতে পারবে না । এই জাতীয় কিছুই করতে পারবে না। 

সেখানে যে ঘরটি ছিল তা ছিল ১৪৪ বর্গ ফুটের, পরেরটিও ঠিক একইরকম, মনে হয় না ওপরে আর কোনো ঘর আছে। নীচের তলাটিও দেখে মনে হয় অতিথির ঘর হিসেবে অপরিসর, জায়গাটিকে আদৌ সরাইখানা বলা যাবে কি না তা নিয়েও সন্দেহ আছে। সম্ভবত গোপনীয়তা বজায় রাখার জন্য বাড়ির গেটে কোনো সাইনবোর্ড ঝুলানো নেই। এক সুনসান নীরবতা পুরো বাড়িটা জুড়ে। তালাবদ্ধ নির্দিষ্ট গেট দিয়ে ভেতরে প্রবেশের পর বৃদ্ধ এগুচি এই একজন মহিলাকেই দেখল, যার সঙ্গে সে এখন কথা বলছে। এখানে প্রথমবারের মতো তার আসা। মহিলাটি কি এই সরাইখানার মালিক না তত্ত্বাবধায়ক তা সে জানে না। মনে হলো এটা না জিগ্যেস করলেই ভাল। 

মহিলাটি মধ্যবয়সি, ছোটখাটো,কিন্তু তার কণ্ঠস্বরে রয়েছে যৌবনের তারুণ্য। সে স্বভাবে শান্ত আর দৃঢ়। এই শান্ত স্বভাবটি যেন সে চর্চা করে রপ্ত করেছে। কথা বলার সময় তার পাতলা ঠোঁটগুলো আলাদা হতে চায় না। এগুচির দিকে যে খুব একটা তাকাচ্ছে তাও নয়। তবে তার গভীর কালো চোখের মধ্যে এমন কিছু একটা আছে, যা এগুচির আত্মরক্ষার শক্তিকে দমিয়ে দেয়। যদিও মহিলার আচরণ স্বাভাবিকই।

 সে চা তৈরি করল লোহার কেতলীতে, তামার ধাতব চুলায়। চায়ের ফুটে ওঠা পাতার অসাধারণ চমৎকারিত্ব এই পরিবেশ ও ঘটনার সাথে বেশ মানানসই। এসবের জন্য এই পরিবেশে এগুচির নিজেকে শান্ত আর সমাহিত মনে হচ্ছিল। তাকের ওপর ঝোলানো কাওয়াই গিউকুডুর আঁকা পার্বত্য গ্রামের শরতের পাতাঝরার একটি অবিকল রূপ ছবিটিতে প্রতিফলিত হয়েছে। চারদিকে তাকিয়ে মনে হলো এই ঘরটিতে আসলে গোপনীয়তার তেমন কিছু নেই। 

‘দেখুন, মেয়েটিকে কোনোভাবেই জাগানোর চেষ্টা করবেন না। যা চান তাই করা যাবে না। মেয়েটি কিন্তু গভীর ঘুমের মধ্যে রয়েছে।’ মহিলাটি আবার সতর্ক করে বলল, ‘মেয়েটি শুধু ঘুমাতেই থাকবে, ঘুমাতেই থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছুই জানবে না। তার সঙ্গে কে আছে, কে ছিল। আর এসব বিষয়ে আপনার একটুও ভাবতে হবে না।’

এগুচির মনে সংশয় জাগানো যে সব প্রশ্ন ছিল, তা নিয়ে সে কোনো কথা বলল না। 

মহিলা বলল, ‘মেয়েটি অত্যন্ত সুন্দর। আমি এখানে সেসব অতিথিকেই গ্রহণ করি, যাদেরকে আমি বিশ্বাস করতে পারি।’

এগুচি চারদিকে তাকাতে তাকাতে তার চোখ গিয়ে পড়ল, তার নিজের হাতঘড়ির দিকে। 

‘ক’টা বাজে?’

‘পৌনে এগারোটা।’

‘আমারও এমনটাই মনে হচ্ছিল। সাধারণত বৃদ্ধ লোকেরা তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আপনি যখন ঘুমের জন্য তৈরি হবেন, তখনই বিছানায় যেতে পারবেন।’

সে উঠে দাঁড়িয়ে পাশের ঘরটিকে খুলে দিল। কাজটি সে করেছিল বাঁ হাত দিয়ে। উল্লেখযোগ্য কিছু ছিল না সেখানে কিন্তু তবুও এগুচির কেন যেন দমবন্ধের অবস্থা হলো। মহিলা পাশের ঘরের দিকে তাকাল। সে খুব স্বাভাবিকভাবেই দরজার ফাঁক গলিয়ে ঘরটিকে দেখল এবং পরে এগুচির দিকে ঘুরে দাঁড়াল। তবুও বিষয়টি বিসদৃশ লাগছিল। মহিলার আঁচলের কোনায় একটি পাখির ছবি আঁকা। এগুচি বুঝতে পারছিল না এটি কোন প্রজাতির পাখি। আঁচলে আঁকা কৃত্রিম পাখিটির চোখ ও পাগুলো এত বাস্তবসম্মত যে এটা এগুচির মনে প্রশ্ন এঁকে দিল। এমন নয় যে পাখিটির নির্মাণ তার মনে অস্বস্তির সৃষ্টি করছিল, শুধু তার মনে হচ্ছিল পাখিটির ডিজাইনটি অস্বস্তিকর। মহিলার পেছন দিকটি দেখতে যে বেঢপ লাগছে, তার জন্য দায়ী পাখিটির ডিজাইন। জমিনটি ছিল বিবর্ণ হলুদ, অনেকটা সাদা মতোই। 

পাশের ঘরে আলো খুব কম। মহিলা দরজা বন্ধ করল, তবে তালাবদ্ধ না করেই। আর চাবিটি রাখল বৃদ্ধ এগুচির সামনে। তার আচরণের মধ্যে এমন কোনো আভাস নেই যে সে একটা গোপন ঘর পরিদর্শন করেছে। এবং তার কণ্ঠস্বরেও এমন কিছুর আভাস মিলল না। 

‘এই যে চাবিটি এখানে থাকল। আশা করি আপনার খুব ভালো ঘুম হবে। বালিশের পাশে কিছু ঘুমের বড়ি রেখে গেলাম, যদি ঘুমাতে অসুবিধা হয়, তবে খেয়ে নেবেন।’

‘আপনার কাছে কি কোনো পানীয় আছে?’

‘আমি তো কোনো পানীয় রাখি না।’

‘ঘুমের আয়োজনে আপনার কোনো পানীয়ের প্রয়োজন পড়ে না?’

‘না।’ 

‘সে কি পাশের ঘরটিতে আছে?’

‘বলতে পারেন, আপনার অপেক্ষায় সে পাশের ঘরটিতে ঘুমিয়ে আছে।’

‘ওহো?’ এগুচি একটু অবাক হলো। মেয়েটি ঘরে এল কখন? কতক্ষণ ধরে ঘুমাচ্ছে? মহিলা কি দরজা খুলে দেখে নিশ্চিত হয়েছে যে মেয়েটি আসলেই ঘুমাচ্ছে?’ যেসব বৃদ্ধলোকেরা এখানে আগে এসেছিল তাদের কাছ থেকে এগুচি জেনেছিল মেয়েটি ঘুমের ভেতরে অপেক্ষা করবে এবং সে কখনো জাগবে না। কিন্তু সত্যিই এখানে আসার পর বিষয়টি তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। 

‘আপনি কোথায় কাপড়চোপড় খুলবেন?’ মহিলা যেন তাকে সাহায্য করার জন্য তৈরি । এগুচি নীরব। ‘ঢেউ আর বাতাসের শব্দ শোনো।’ 

‘ঢেউ?’ (নীরবে কেউ যেন বলল মনের ভিতরে)

এরপর ‘শুভরাত্রি’ বলে মহিলাটি চলে গেল। 

একাকী, বৃদ্ধ এগুচি ঘরটিকে দেখল ভালভাবে, শূন্য ঘরে কোনো রহস্যের আভাস নেই। তার চোখ পাশের ঘরে প্রবেশের রাস্তায় এসে স্থির হলো। দরজাটি ছিল দারু কাঠের, প্রায় তিন ফুটের মতো চওড়া। মনে হচ্ছিল বাড়ির কাজ শেষ করার পর দরজাটি লাগানো হয়েছে। দরজাটি পরীক্ষা করে মনে হলো, এটা একসময় হড়কে সরে যাওয়া দরজা ছিল। ঘুমন্ত সুন্দরীদের জন্য ঘর তৈরির কারণে এটিকে এখন স্থায়ী করে দেওয়া হয়েছে। দেয়াল ও দরজার রং মিলেমিশে আছে, রংটা খুব সজীব, মনে হয় কয়েকদিন আগের। 

এগুচি চাবিটা হাতে নিল। চাবিটি হাতে নিয়ে পাশের ঘরেই তো যাবার কথা, কিন্তু সে তা না করে চাবিটি হাতে নিয়ে বসেই রইল। তার অবস্থা যেন মহিলার বলা সেই কথাটির মতো, ‘ঢেউয়ের আঘাতের শব্দেরা খুবই সাংঘাতিক। ঢেউগুলি যেন পাড়ের খাড়া বাঁধের ওপর আছড়ে পড়ছে, আর ছোট বাড়িটা সেই খাড়া বাঁধের শেষ প্রান্তে।’ বাতাস বয়ে এনেছে শীতের আভাস, হতে পারে এই শীতভাব ঘরটির নিজস্ব অবস্থানের জন্য, অথবা এগুচির মনের ভেতরেই বয়ে যাচ্ছিল শীতের আভাস। এখনো এত শীত পড়েনি, ফায়ারপ্লেসে একটি কাঠই যথেষ্ট। এই জেলাটি অবশ্য জলবায়ুর দিক থেকে উষ্ণ। না শীত, না গরম। বাতাস যে পাতাদের একেবারেই উড়িয়ে নিচ্ছে, তাও নয়। অনেক দেরিতে আসার কারণে এগুচি বুঝতে পারেনি, জায়গাটি কেমন, কিন্তু বাতাসে সমুদ্রের গন্ধ ভেসে আসছিল। বাড়ির তুলনায় বাগানের জায়গা বড়, বেশ কিছু পাইন ও মেপলগাছ আছে। পাইনগাছের সুচালো শাখাগুলি ধেয়ে আছে আকাশের দিকে। বাড়িটা যেন ঠিক একটা গ্রামীণ বাড়ি। 

চাবি হাতে নিয়েই এগুচি একটি সিগারেট ধরাল। এক-দুটি টান দিয়েই তা সে নিভিয়ে ফেলল, কিন্তু দ্বিতীয় আরেকটি ধরিয়ে সে পুরো সিগারেটটাই শেষ করল। একটি অপ্রীতিকর শূন্যতা অনুভব করে এক অজানা আশঙ্কায় সে যেন নিজের সাথেই তামাশা করছে। বিছানায় যাবার আগে সাধারণত সে একটু হুইস্কি খেয়ে নেয়। আজেবাজে স্বপ্নের ভিড়ে তার সাধারণত ভাল ঘুম হতে চায় না। একজন মহিলা কবি যিনি খুব অল্প বয়সেই ক্যান্সারেই মারা যান, তিনি তাঁর একটি কবিতায় বলেছিলেন, ‘রাতগুলো আমার জন্য নিয়ে আসে ব্যাঙ, কালো কুকুর আর জলে ডুবে মরা মানুষের মৃতদেহ।’ 

 কবিতার এই লাইনটিকে এগুচি কখনো ভুলতে পারে না। লাইনটিকে এই মুহূর্তে মনে করে এগুচি বিস্মিত হয়ে ভাবল পাশের ঘরের ঘুমন্ত মেয়েটি—না, না যাকে জোর করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে সে বোধ হয় জলে ডুবে মরা কোনো মৃতদেহ! এবং এর পরেই পাশের ঘরে যাবে কি যাবে না ভেবে সে একটু দ্বিধায় পড়ে গেল।  কীভাবে ঘুম পাড়ানো হয়েছে মেয়েটিকে! তা কিন্তু সে জানে না। মেয়েটি হয়তো যেকোনো কারণে নিঃসাড়,  কী যে ঘটে যাচ্ছে তার চারদিকে সে কিছুই জানে না, ড্রাগে ক্ষয়ে যাওয়া অস্থিচর্ম একটি নারী দেহও হতে পারে! হতে পারে তার চোখের নীচে কালি পড়ে আছে, তার পাঁজর হয়তো ঢাকা আছে শুকনো কুঁচকানো চামড়ায়। অথবা এমনও হতে পারে সে একটা ঠান্ডা, থলথলে স্ফীতকায় পিণ্ড মাত্র। সে হয়তো ঘুমিয়ে গিয়ে নাক ডাকছে, তার ঠোঁট ফাঁক হয়ে দেখা যাচ্ছে বেগুনি রঙের মাড়ি। এই সাতষট্টি বছরের এগুচি নারীদের সঙ্গে অনেক বাজে রাতও কাটিয়েছে। এমনকি  ভুলে যাওয়াও বেশ কঠিন সেই কদর্য রাতগুলো। সেই কদর্যতার সঙ্গে নারী দেহের রূপ লাবণ্যের কোনো যোগ নেই, বরং তাদের দুঃখভরা জীবন এবং যে জীবনের মধ্যে ওরা থাকে তার সঙ্গে সেই কদর্যতার যোগ রয়েছে। জীবনের এই পর্যায়ে এসে আরেকটি এমন অধ্যায়ের সঙ্গে সে পরিচিত হতে চায় না। এভাবেই রোমাঞ্চকর কোনো অভিজ্ঞতার জন্য তার চিন্তা ঘুরপাক খেতে লাগল। ঘুম পাড়িয়ে রাখা একটি মেয়ের সঙ্গে সারা রাত একজন বৃদ্ধের রাত্রিযাপনের মতো কদর্যতা কী আর কোথাও আছে! বৃদ্ধবয়সে কদর্যের চূড়ান্ত রূপ দেখার জন্যই কি এগুচি এখানে এসেছে এই বয়সে?

সে মহিলা বলছিল, যাদের প্রতি তার বিশ্বাস আছে সে তাদেরকেই এখানে থাকার অনুমতি দেয়। এখানে যারা আসে, তাদের সকলকেই এই মহিলা বিশ্বাস করে বলে মনে হচ্ছে। এগুচিকে এই বাড়ির সন্ধান যিনি দিয়েছিলেন তিনি এতই বৃদ্ধ যে মানুষ হিসেবে চলাফেরা করার সামর্থ্যও তার নেই। সে লোকটির ধারণা ছিল এগুচিও তার মতো জবুথবু এক বৃদ্ধ। প্রবীণ লোকদের বিষয়ে মহিলাটির যাবতীয় আয়োজন ও প্রস্তুতি ছিল বলে এগুচির বিষয়ে তার কোনো কৌত‚হল বা অনুকম্পা কোনোটাই কাজ করেনি। এগুচি এখনো জীবনকে উপভোগের সামর্থ্য রাখে, ফলে তাকে অন্য বৃদ্ধ অতিথিদের মতো বিশ্বাস করা যায় না। কিন্তু তবু তাকে বিশ্বাসযোগ্যদের মধ্যে রাখা যায় এই মুহূর্তে তার অনুভব, অবস্থান ও সঙ্গের জন্য। বৃদ্ধ বয়সের কদর্যতা তার ওপর চেপে না বসলেও বৃদ্ধকালের অপারঙ্গমতার সময়টি তার থেকে খুব দূরেও নয়। আর বৃদ্ধত্বের লক্ষণ যদি তার মধ্যে না-ই আসে, তাহলে সে খুঁজতে খুঁজতে এই জায়গায় কেন। আর এখানে প্রবীণদের বিষয়ে যে বাজে ও অরুচিকর বাধা নিষেধ রয়েছে তা অমান্য করার কোনো ইচ্ছাও তার নেই। না, সে এইগুলো ভাঙতে চায় না, ভাঙবেও না। যদিও এই সরাইখানাটি গোপনীয়, তবু এর সদস্য সংখ্যা খুব কম নয় বলে তার ধারণা হলো। যে কাজগুলি এখানে হয় যদি তা হয়ে থাকে পাপ, এগুচি তা উন্মোচন করতে আসেনি, বা তাকিয়ে তাকিয়ে গোয়েন্দার মতো খুঁচিয়ে খুঁচিয়ে তা বের করার কোনো উদ্দেশ্যও তার নেই। বৃদ্ধ বয়সের স্থবিরতা তার ওপর অনেকটা চেপে বসেছে বলে তার সেই প্রচণ্ড কৌতূহলও নেই। 

মহিলার কথা থেকে সে জেনেছিল, যেসব ভদ্রলোকেরা এখানে আসে তারা আসে কিছু স্বপ্ন নিয়ে। কেউ কেউ স্মৃতিকাতর হয়ে যৌবনের স্বপ্নময় দিনগুলিকে স্মরণ করে। 

কিন্তু এসব শোনার পরেও তার মুখে কোনো পরিহাসের হাসি ফুটল না। সে তার হাত দুটো টেবিলে রেখে উঠে দাঁড়াল। এগিয়ে গেল দারু কাঠের দরজার দিকে। 

‘আহ্।’ একটা শব্দ হলো। 

ঘরটি ছিল লাল ভেলভেটের পর্দায় মোড়ানো। মৃদু আলোর কারণে তা যেন আরও রক্তিমাভ হয়ে উঠেছে। আলোর একটি পাতলা স্তর এসে পড়েছিল পর্দার ওপর, আর তাতে তৈরি হয়েছিল এক ইন্দ্রজাল। চারটি দেয়ালের প্রতিটিতেই পর্দা টাঙানো। দরজাগুলোতেও পর্দা টাঙানো আছে আর তার কোনাগুলো গুঁজে দেওয়া হয়েছে। সে দরজাটা লাগিয়ে দরজার পর্দাগুলো নামিয়ে দিল এবং তারপর সে তাকাল মেয়েটির দিকে। দেখে মনে হলো মেয়েটি কোনো ভান করছে না, তবে তার শ্বাস-নিশ্বাসে বোঝা যাচ্ছিল সে গভীর ঘুমে অচেতন। এগুচি দমবদ্ধ করে দাঁড়িয়ে থাকল। সে যেমন প্রত্যাশা করেছিল মেয়েটি তার চেয়েও সুন্দর। সৌন্দর্যই যে তার একমাত্র অবাক করার বিষয় তা কিন্তু নয়, সৌন্দর্য ছাড়াও সে ছিল যথেষ্ট যুবতি। সে বাম দিকে ঘুরে শুয়ে আছে, মুখটা ঘোরানো এগুচির দিকে। মেয়েটির শরীর সে এখনও দেখেনি, কিন্তু বুঝতে পারছে তার বয়স এখনো কুড়ি হয়নি। এটা ভেবে এগুচির হৃৎস্পন্দন বেড়ে গেল। 

তার ডান হাত ও কব্জি একেবারে কম্বলের ধারে। আর বাম হাতটি আড়াআড়িভাবে কম্বলের ওপর ছড়িয়ে আছে। ডান হাতের বুড়ো আঙুলটা  চিবুকের নীচে অর্ধেক লুকানো। ঘুমের শিথিলতার কারণে মুখের পাশে বালিশের ওপর ছড়ানো আঙুলগুলো একটু বাঁকা হয়ে আছে, কিন্তু ততটাও বাঁকা হয়নি যে তা আঙুলের ফাঁকগুলিকে মুছে দিচ্ছে যেখানে  হাতগুলি একত্রিত হচ্ছে। উষ্ণ রক্তিমাভ ভাবটি হাতের তালু থেকে আঙুলের মাথার দিকে আরও তীব্র। হাতটি ছিল মসৃণ, সতেজ ও উজ্জ্বল, আর ধবধবে সাদা। 

‘তুমি কি ঘুমিয়ে আছ! তুমি কি জেগে উঠবে?’ এগুচির মনে হলো মেয়েটি যদি জেগে ওঠে, তাহলে এগুচি তার হাতটি ধরবে। সে মেয়েটির হাতটি নিজের হাতে নিল আর হাতটি ঝাঁকাল। এগুচি জানে যে মেয়েটি চোখ তুলে তাকাবে না। মেয়েটির হাত তার হাতের ভেতরে, সে মেয়েটির মুখের দিকে তাকিয়ে আছে, ভাবছে কী ধরনের মেয়ে সে হতে পারে? তার চোখের ওপরের ভ্রূগুলোতে কসমেটিকসের কোনো ছোঁয়া নেই, বদ্ধ চোখের পাপড়িগুলো সমানভাবে বিন্যস্ত। সে অনুভব করতে পারছিল মেয়েটির চুলের সৌরভ। কিছুক্ষণ পর সমুদ্র ঢেউয়ের গর্জন আরও তীক্ষè হয়ে উঠলে, তার হৃৎকম্পনও বেড়ে যাচ্ছিল। খুব দৃঢ়তার সঙ্গে সে তার কাপড়চোপড় খুলে ফেলল। ওপর থেকে ভেসে আসা আলোর দিকে সে দৃকপাত করল না। ওপর থেকে দুটি বাতির আলো জাপানি কাগজের স্তর ভেদ করে আসছিল। বৈদ্যুতিক বাল্বের আলোটা তার মনের ভারের চেয়ে শান্ত, সে নিজেকেই প্রশ্ন করল বাতির আলোটাই কি ভেলভেটের রক্তিম আভাকে উজ্জ্বল করে তুলছে, নাকি ভেলভেটের উজ্জ্বলতা মেয়েটির গায়ের রংকে ভ‚তুড়ে করে তুলছে। কিন্তু আলোটি মেয়েটির গায়ের রংকে স্পষ্ট করে তুলেও ধরতে পারছে না, বরং আলোর সঙ্গে সে নিজেকে মানিয়ে নিয়েছে। এগুচি বাতি নিভিয়ে ঘুমায় বলে আলোটা তার কাছে তীব্র মনে হচ্ছিল কিন্তু বাতিটা নেভানোর কোনো উপায় নেই। সে শুতে গিয়ে দেখল গায়ে দেওয়ার কম্বলটা বেশ ভালো।  

জোরে শব্দ হলে মেয়েটি জেগে উঠতে পারে সেই আশঙ্কায় সে খুব সন্তর্পণে কম্বলের নীচে আশ্রয় নিল। মেয়েটি প্রায় নগ্ন বলেই মনে হলো। কিন্তু মেয়েটির কোনো প্রতিক্রিয়াই হলো না, না কাঁধ বাঁকানো, বা কোমর দুলিয়ে নড়ে ওঠা কিছুই নয়, মনে হলো মেয়েটি এগুচির উপস্থিতি টের পায়নি। যতই ঘুমের ঘোরে থাকুক অন্য কারও আগমনে  মেয়েটির কি একটু টের পাওয়ার কথা নয়! কিন্তু এগুচিতো এটাও  জানে, এই ঘুম অন্য ঘুমের মতো নয়, শক্তিশালী ঘুমের ওষুধের প্রভাব। সে বিছানায় হাত পা ছাড়িয়ে শোয়ার সময় মেয়েটির গভীর ঘুমের বিষয়টি নিয়ে ভাবল এবং মেয়েটির গায়ে যেন কোনো স্পর্শ না লাগে সেভাবে শুয়ে থাকল। মেয়েটি যে শুয়ে আছে তার হাঁটুটা সামনের দিকে একটু বেঁকে আছে, তাই এগুচিরও নিজের পা সামান্য বাঁকা করে রাখতে হচ্ছে। খুব ভালো করে পর্যবেক্ষণ না করেও এগুচি বুঝল যে মেয়েটি শোয়ার সময় কোনো আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়নি এবং সে তার ডান হাঁটুকে বাম হাঁটুর ওপর তুলে রাখেনি। ডান হাঁটুটি পেছন দিকে টেনে রাখা, বাম পা প্রসারিত। তার ঘাড়ের ভারের জন্য বাম দিকে শুয়ে থাকা কাঁধের কোণ ও কোমর সমান্তরালে আসতে পারেনি। দেখে মনে হয়, সে খুব একটা লম্বা নয়। 

এগুচি মেয়েটির গভীর ঘুমের ভেতর হালকাভাবে তার আঙুল ধরে ঝাঁকি দিল। হাতটি ধরে ছেড়ে দেওয়ার পর হাতটি সেখানেই পড়ে যায়। বালিশটা সরাতে গেলে হাতটি এবার বিছানায় পড়ে গেল। সে দেখল একটি কনুই বালিশের ওপর। কনুইয়ের দিকে তাকিয়ে থেকে থেকে এগুচি বিড়বিড় করল, কী সজীব কনুইটি। অবশ্যই সজীব আর অসাধারণ সুন্দর এবং এই কথাটি ভাববার সঙ্গে সঙ্গেই সে যেন অশুভ একটা ইঙ্গিত পেল। যদিও মেয়েটি ঘুমের গভীরে হারিয়ে গেছে, আর এই ঘুমের সময়টা বাদ পড়ে গেছে জীবন থেকে। কিন্তু সে নিজে তো তার জন্য দায়ী নয়, তাকে ডুবিয়ে দেওয়া হয়েছে এক গভীর ঘুমের গভীরতায়। সে তো কোনো জীবন্ত পুতুল নয়। আর যে জীবন্ত সে তো পুতুল হতে পারে না, তবু একজন বৃদ্ধকে লজ্জায় না ফেলার মানসে তাকে জোর জবরদস্তি করে জীবন্ত পুতুলে পরিণত করা হয়েছে। না সে পুতুল নয়, এই বৃদ্ধ লোকের জন্য সে জীবনেরই প্রতিনিধি। এমন একটি জীবনকে প্রত্যয়ের সাথে আলিঙ্গন করা উচিত। এগুচির প্রবীণ চোখ বলছে, কাছ থেকে মেয়েটির হাত আরও বেশি সুন্দর, আরও বেশি মসৃণ। হাতটি স্পর্শ না করেও সে অনুভব করছে তার মসৃণতা। 

কানের লতির দিকে দৃষ্টি দেওয়ার পর, সেখানেও রয়েছে রক্তিম আভা আর আঙুলের ডগা পর্যন্ত তা রক্তিম দেখাচ্ছে। চুলের ফাঁক গলিয়ে সে মেয়েটির কান দেখছিল। এগুচিকে মোহিত করছিল কানের লতির সজীবতা। যে কৌত‚হল নিয়ে সে এসেছিল এখানে গোপন ঘরে, আসার পরে তার মনে হচ্ছে বৃদ্ধ বয়সের মানুষেরা এখানে এসে নিজেদের অনেক বেশি সুখী ও দুঃখী বোধ করে। মেয়েটির চুলগুলো বেশ লম্বা, বৃদ্ধরা যেন চুলগুলো নিয়ে খেলতে পারে সেজন্যই মনে হয় চুলগুলি এত লম্বা। বালিশে হেলান দিয়ে সে চুলগুলো একটু আঁচড়িয়ে দিল তার কানটি দেখার জন্য। কানের পেছনে চুল যেখানে শেষ সেখানে সাদা। গলা ও কাঁধ সতেজ ও তারুণ্যদীপ্ত। মেয়েটা এখনো পূর্ণ রমণী হয়ে ওঠেনি। এগুচি ঘরের চারদিকে তাকিয়ে দেখল। শুধুমাত্র তার কাপড়চোপড়ই বাক্সের ভেতর রয়েছে। মেয়েটির কোনো কাপড়চোপড়ের চিহ্ন দেখা গেল না। সম্ভবত মহিলাটি তার কাপড়চোপড়গুলি নিয়ে গেছে, কিন্তু সে ভাবতে থাকল মেয়েটি বোধ হয় এখানে নগ্ন হয়েই এসেছে। মেয়েটি দেখার মতো। সে জানত যে মেয়েটিকে তো এখানে ইচ্ছাকৃতভাবেই ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আর এখানে নতুন কোনো বিস্ময়ও নেই, তাই এগুচি মেয়েটির কাঁধ ঢেকে দিয়ে তার চোখ বন্ধ করল। মেয়েটির শরীর থেকে ছোট্ট শিশুর সৌরভ আসতে থাকল। এটি ছিল খুব ছোট্ট শিশুর গায়ের দুধগন্ধ যা মেয়েটির গায়ের গন্ধের চেয়েও তীব্র। মেয়েটির কি কোনো শিশু থাকতে পারে! না এটা একেবারেই অসম্ভব ।তার স্তনও এতটা ফোলা নয় যে স্তনবৃন্ত থেকে দুধ ঝরতে পারে। সে আবারও মেয়েটির কপাল ও চিবুক পরীক্ষা করল এবং চোয়াল থেকে ঘাড় পর্যন্ত তার যে রমণীয় সৌন্দর্য তা দেখল। যদিও সে ভালো করেই দেখেছে তাকে, তবু সে কাঁধের ওপরে ঢাকা কম্বলটি উঁচু করে ধরল। স্তনগুলি কোনোভাবেই দুধ ঝরাতে পারবে না। তবু সে তার আঙুল দিয়ে আলতোভাবে ধরল। ওটা ভেজা নয়।  বয়স কুড়ির মতো হবে ওর। মেয়েটি যে শিশুসুলভ তা বলা যায় না, কিন্তু তার শিশুসুলভ গায়ের গন্ধটি অস্বাভাবিক লাগল তার কাছে। আসলে গন্ধটি নারীসুলভ গন্ধ। কিন্তু সেই মুহূর্তে এগুচি গন্ধটিকে মাতৃসুলভ গন্ধ বলে ভুল করেছে। এটি কি কোনো অপসৃত অপচ্ছায়া! নিজেকে সে যতই প্রশ্ন করছে সে এই বিষয়ে কোনো সদুত্তর পাচ্ছিল না, কিন্তু মনে হয় এই ভাবনাটি হৃদয়ের কোনো এক হঠাৎ শূন্যতার ভেতর দিয়ে প্রবেশ করেছে। সে অনুভব করতে শুরু করল এক বিষাদময় একাকিত্বের জোয়ার। তবে একাকিত্ব বা দুঃখবোধ থেকে বেশি প্রবল হয়ে উঠছে বার্ধক্যের অন্ধকার। তা যেন গভীর হয়ে জমে আছে তার মধ্যে। এটি তাকে বরফের মতো জমিয়ে ফেলেছে, আর এই অনুভব পরিবর্তিত হচ্ছে মেয়েটির প্রতি করুণা বা স্নেহে। যদিও মেয়েটির কাছ থেকে পাচ্ছে সে তারুণ্যের উষ্ণতা।তবু বার্ধক্যের এই শীতল অপরাধবোধ এড়ানোর জন্য সে যেন মেয়েটির শরীরে চাইছে সংগীতের মূর্ছনা। এক প্রেমময় সংগীতের। ভিতরে ভিতরে যেন সে পালানোর পথ খুঁজছে, তাই সে তাকাল রক্তিম ভেলভেটে মোড়া চার দেয়ালের দিকে। ছাদ থেকে আলো ঝরছে, নরম আর স্থির, রক্তিম ভেলভেটের ওপর। তারপর সে ঝুলন্ত আলোটা স্থির হলো ঘুমন্ত মেয়েটির ওপর আর তার নিজের ওপর। 

মেয়েটির কাঁধ ঝাঁকিয়ে এগুচি বলে উঠল, ‘জেগে ওঠো, তুমি জেগে ওঠো।’ তারপর মেয়েটির মাথা ওপরে তুলে বলল, ‘জেগে ওঠো তুমি, জাগো।’ 

মেয়েটির জন্য নিজের ভেতরে তৈরি হওয়া একটি অনুভব তাকে তাড়িত করেছিল বলেই সে এমন করেছিল। এটি এমন একটি সময়, যে সময়টায় ঘুমিয়ে আছে মেয়েটি, আর ঘুমিয়ে থাকার কারণে এই যে নীরবতা, তার ভিতর দিয়ে মেয়েটি জানতেও পারছেনা যে এখানে এগুচি নামে একটি লোক আছে। কথা না বলে একপ্রকার বোবা হয়েই আছে সে। এই পুরো কান্ডকারখানা এগুচির কাছে অসহ্য মনে হলো। এগুচির অস্তিত্বের সামান্য অংশও মেয়েটির কাছে পৌঁছতে পারছে না। ও যে নিথর মাথাটি নিজের হাতে ধরে রেখেছে, কিন্তু মেয়েটিতো জাগবেই না। কিন্তু মেয়েটির সামান্য কুঁচকে ওঠা ভ্রূ জানান দিচ্ছে, সে জীবিত। এগুচি তার হাতটিকে স্থির রাখল। যদি সামান্য নড়াচড়ায় মেয়েটি জেগে ওঠে তাহলে কিন্তু জায়গাটির বিশেষত্ব থাকে না। কারণ বৃদ্ধ কিগা এই রহস্যজনক জায়গার সন্ধান দেবার সময় তাকে বলেছিল  ‘এখানে থাকা মানে বুদ্ধের সঙ্গে থাকা’। বিশ্বাসী বৃদ্ধরা যারা এখানকার খরিদ্দার আর মালিকের কাছে বিশ্বাসী, মালিক যাদেরকে ঘুমন্ত মেয়েটির কাছে শুয়ে থাকতে দেয়, এই জায়গাটি তাদের জন্য একটি প্রলোভন, আনন্দযাত্রা ও বিপজ্জনক অভিযান। বৃদ্ধ কিগা তাকে এও বলেছিল, ঘুমন্ত মেয়েটির কাছে গেলেই এগুচি যে নিজে জীবিত আছে সেই জীবিত থাকার বিষয়টি অনুভব করতে পারবে।

কিগা যখন এগুচির কাছে গিয়েছিল তখন সে বাগানটা ঘুরেফিরে দেখে। শরতের শ্যাওলার মধ্যে লাল রঙের কিছু একটা পড়ে থাকতে দেখেছিল সে। 

এটা কী হতে পারে!

সে ভালোভাবে দেখার চেষ্টা করল। দাগগুলো আসলে লাল রঙের বেরি ফল। প্রচুর পরিমাণে এইগুলি মাটিতে পড়ে আছে। কিগা তার মধ্যে থেকে একটি হাতে তুলে নিল, ফলটিকে হাতের মধ্যে নিয়ে নাচাতে নাচাতে সে এগুচিকে সরাইখানার কথাটি বলল। বলল, বার্ধক্য যখন তাকে দুঃখের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল তখন সে কিভাবে এসেছিল এই বাড়িতে । 

‘এটা দীর্ঘদিন আগের কথা যখন নারীদের বিষয়ে আমার সব আশা শেষ হয়ে গেছে। তখন জানলাম যে এই বাড়িতে নারীদের ঘুম পাড়িয়ে রাখা হয়, আর মজার বিষয় যে তারা জাগে না।’

একটি মেয়ে ঘুমের গভীরে আছে, কিছু বলছে না, কিছু শুনছেও না, একজন বয়স্ক মানুষই যা কিছু বলার বলছে, একজন নারীকে, কিন্তু নারীটি পুরুষের আহ্বানে জাগছেই না। এমন নারীর সাথে এগুচির এটাই প্রথম অভিজ্ঞতা। কিন্তু যে মেয়েটি এখানে ঘুমিয়ে আছে, এই অভিজ্ঞতা মেয়েটির জন্য প্রথম অভিজ্ঞতা নয়, অনেক বৃদ্ধ পুরুষের সাহচর্য সে পেয়েছে। ঘুমের ঘোরে সে এগুচির কাছে সম্পূর্ণ সমর্পিত, সহজ ঘুমে আচ্ছন্ন হয়ে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছে, তার সরল মুখচ্ছবি রয়েছে এগুচির পাশেই। কোনো কোনো বৃদ্ধ আসবে, তার সারা গায়ে হাত বোলাবে, আবার কেউ কেউ অক্ষমতায় কাঁদবে। কিন্তু মেয়েটা জানবেও না কে হাত বুলিয়েছে, বা কে অক্ষমতায় কেঁদেছে। এসব ভাবনা ভেবে এগুচি কিছুই করতে পারছে না। সে তার ঘাড়ের কাছ থেকে হাতটি সরিয়ে নিল, এমনভাবে সরিয়ে নিল, যেন কাচের মতো ভঙ্গুর কিছু একটা সরাচ্ছে। কিন্তু পাশাপাশি এও সত্য মেয়েটিকে জাগাবার জন্য একটা সহিংস ইচ্ছাও হচ্ছে তার মধ্যে। 

এগুচি নিজের হাতটি সরাতে যাবার সময় মেয়েটির মাথা ও ঘাড়টি একটু সরে গেল খুব স্বাভাবিকভাবেই, ফলে সে এখন মুখটা ওপরের দিকে দিয়ে শুয়ে আছে। সে একটু পিছিয়ে এসে ভাবল, মেয়েটি হয়তো চোখ মেলে তাকাবে। ছাদ থেকে বিচ্ছুরিত আলোতে তার নাক ও ঠোঁট জ্বলজ্বল করছিল যৌবনের উজ্জ্বলতায়। মেয়েটি নিজের অজান্তেই ঘুমের ঘোরে তার নিজের বাম হাতটি তার মুখের কাছে নিয়ে এল। মনে হলো সে তার তর্জনী দাঁতের ফাঁকে রাখবে, এগুচি অবাক হয়ে ভাবল ঘুমাবার সময়ও কি তার হাতটি এমনভাবে ছিল! কিন্তু সে শুধুমাত্র তার হাতটি কোমলভাবে ঠোঁটের কাছে রাখল, ব্যাস, এইটুকুই। ঠোঁট দুটি একটু ফাঁক হলো যেন দাঁতগুলো দেখাবার জন্যই। সে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিল নাক দিয়ে, এবং এখন যখন তার মুখটি ফাঁক হলো এখন সে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে মুখ দিয়ে। মনে হচ্ছিল শ্বাস-প্রশ্বাসের গতিটা যেন বেড়েছে। মনে হলো মেয়েটি ব্যথা পাওয়ার আশঙ্কায় এর বেশি আর এগোল না। কারণ ঠোঁট দুটো ফাঁক হবার পর তার চোখে-মুখে যেন একটু হাসির আভাস পাওয়া গেল। খাড়া পাহাড়ের গায়ে সমুদ্রঢেউয়ের আঘাতকে মনে হচ্ছিল আরও নিকটে। ঢেউয়ের শব্দে মনে হলো খাড়া পাহাড়ের নীচে বিশাল পাথর রয়েছে। জলরাশি এখানে এসে আটকে পড়ে, তারপর ধীরে ধীরে নেমে যায়। মেয়েটির নিশ্বাস-প্রশ্বাস মুখ দিয়ে নেওয়ার ফলে তা একটু জোরে হচ্ছে আর গন্ধও আসছে। এটা অবশ্য দুধের গন্ধ নয়। তারপর সে আবার নিজেকে জিগ্যেস করল, আচ্ছা, তাহলে আমি দুধের গন্ধ পেলাম কেন? হয়তো মেয়েটি নারী হয়ে উঠেছে বলেই। 

বৃদ্ধ এগুচি যেন এখন তার নাতির দুধের গন্ধ পাচ্ছে। সে যেন দেখতে পাচ্ছে তাকে নিজের চোখের সামনে। তার তিন কন্যারই বিয়ে হয়ে গেছে আর তাদের সন্তানও আছে। সে এখনো ভুলে যায়নি তাদের গায়ের সেই দুধের গন্ধ। আর কন্যাদের শিশুবেলায় সে যে যতœ করতো, সে বিষয়টিও তার মনে আছে। রক্ত সম্পর্কীয় আত্মীয়দের দুধের গন্ধ কি তাকে তিরস্কার করার জন্য ভেসে আসছে? না, এগুলি হচ্ছে এগুচির হৃদয়ের গন্ধ, যা ছুটে যাচ্ছে ঘুমন্ত মেয়েটির দিকে। এগুচিও তার মুখটা ওপরের দিকে নিল এবং এভাবে শুয়ে থাকল যেন মেয়েটির গায়ে কোনো স্পর্শ না লাগে, এবং তারপর চোখ বন্ধ করল। এখন তার মনে হলো বালিশের নীচের ঘুমের বড়িটা নিলে ভালো হতো। নিশ্চয়ই মেয়েটিকে যে ওষুধ দেওয়া হয়েছে, এটি সেই ওষুধের মতো শক্তিশালী নয়। এবং সে যদি এটা খায়ও তাহলেও মেয়েটি ঘুম থেকে ওঠার আগেই তার ঘুম ভেঙে যাবে। তা না হলে তো, মেয়েটি যদি আগে জেগে যায়, তাহলে এ জায়গার যে আকর্ষণ আর গোপনীয়তা সেই অর্থে আর কিছুই থাকবে না। সে ঘুমের বড়ির প্যাকেটটা খুলল। এর ভেতরে দুটো সাদা বড়ি আছে। একটি যদি খায় সে, তাহলে তার মোটামুটি ঘুম আসবে, আর যদি দুটো খায় তাহলে একেবারে মড়ার মতো হয়ে যাবে। ঘুমের বড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে সে ভাবছে কী করবে। তখনই দুধের গন্ধের সাথে কিছু তিক্ত আর পাগলাটে স্মৃতি মনে পড়ে গেল।

চলবে