২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা কী ডুবে যাচ্ছি?

আনিসুর রহমান

Published : 19 Jun 2022, 03:15 PM

Updated : 22 Jul 2022, 02:49 AM


বিভীষিকা রাত দিশেহারা দিন, বিচ্ছিন্ন মানুষ, মানুষের ভিটেমাটি;
আশ্রয়ের খোঁজে মানুষ পশু আর পাখি, কী ঘোর ক্যামেরায় চোখ রাখি;
টেবিলে মাথা ঠুকে নগরে রোবট কবি বানভাসি তাদের আখ্যান লিখি।

'ঘরে কোমরপানি, কেতা–বালিশ, পোলাপান লইয়া এইহানও আশ্রয় নিছি;
এইহানে খাওন নাইগ্যা, রান্নাবান্না ব্যবস্থা নাইগ্যা, এক কেজি ছিড়া আছিন;
আমগো ছিড়া শ্যাষ, খাওন না পাইলে এহন আমরারে না খাইয়া মরতে অইবো।'

বৃষ্টিজল উজানের ঢল, সব গেল তল, গ্রামকে গ্রাম জলের খপ্পরে —
পাঠশালা ও ধর্মশালা; ভাসে পশু আর পাখি, ভাসে মানুষ বেঁচে ও মরে;
'মালসামানা পানির তলে, রুজি সব শ্যাষ , ডুবে মরবো নাকি থই পাবো?'

ডুবে ঘর, ডুবে বই খাতা জমির দলিল আর হিসেবের খতিয়ান;
আশ্রয়ের তাড়া, পোষা পাখির বাসা বিড়াল ও কুকুর রয়ে যায় জলে;
মরে গরু, মরে পশু আর পাখি, বালক জল ভাঙে বাছুর সঙ্গে করে।

বানের জলের তোড়ে, মানুষ অজানা ঘর খোঁজে আপনার ঘর ছাড়ে;
জল গড়ায় ভাটির পানে, ফসলহারা জমি, কোল খালি করা মায়ের লাহান;
আকালের উপাখ্যান, জমিনে পড়ে থাকে পশু-পাখি–মানুষের কঙ্কাল।

বাড়ে নদীর পানি, ভাঙে নদীর পাড়, বিপৎসীমার উপরে বা নিচেই;
ডুবে জমিন, জমিনের ফসল, ডুবে কারবার আর কারবারির ত্রিফল;
বাড়ে সবজির দাম, বাড়ে চালের দাম, বাড়ে মাছ- মাংস ও ডিমের দাম।

বাড়ে ফলের দাম, বাড়ে অস্থিরতা, চারদিকে বাড়াবাড়ির এ বাড়বাড়ন্ত,
সবকিছু ডুবডুবন্ত — করে উসুল; নাটের গুরু, আমরা কী ডুবে যাচ্ছি?