২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউকিও মিশিমার ‘স্বর্ণমন্দির’: সুন্দর ও নশ্বরতা

সুন্দরের বিলীন হওয়া এবং শূন্যতার সরাসরি অনুভব বিস্তৃত হয়েছে ‘স্বর্ণমন্দির’ উপন্যাসে একাধিক চিত্রকল্পে।

শুভদীপ বড়ুয়া শুভদীপ বড়ুয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 04:18 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক জাপানের ইউকিও মিশিমা’র ‘কিংকাকুজি’ (১৯৫৬) উপন্যাসের মূল জাপানি থেকে বাংলায় অনুবাদ ‘স্বর্ণমন্দির’ প্রকাশিত হয়েছিল ২০২০ সালে। অনুবাদক অভিজিৎ মুখার্জি সেই সংস্করণের ভূমিকা বা ‘অনুবাদকের কথা’ প্রসঙ্গে লিখেছেন, ‘দৃশ্যগত জগতের আলো ও অন্ধকারের মতোই, সুন্দর ও অসুন্দর পরস্পর অবিচ্ছেদ্যভাবে সৃষ্ট হয়, থেকে যায় মানুষের স্মৃতির, সংস্কারের, জীবনের ঘটনাবলী ও পরিস্থিতির একেবারে পরতে পরতে। যে কোনো সময়ে একে অন্যের স্থান ও ভূমিকা বিনিময় করে নেয়। কিন্তু তার মধ্যেও বেঁচে থাকার স্বাদ পেতে গেলে মানুষকে নিত্য সুন্দরের সন্ধানে নিজেকে চালিত করতে হয়। সুন্দর ক্ষণস্থায়ী, তাকে উপর্যুপরি সৃষ্টি করে নেওয়াতেই বেঁচে থাকা অর্থবহ হয়ে ওঠে, পচনশীলতা রোধ করা যায়। মিজোগুচি (কাহিনির প্রধানতম চরিত্র) পাঠককে একসময় জানিয়ে দেয়, বহু বছর আগে এক শিশু বাবার হাত ধরে এসে স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে সেটিকে অপরূপ সুন্দর বলে অনুভব করে যে মুগ্ধ হয়ে গিয়েছিল, সেই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে বহুকাল পরে যে সে ওটিকে ধ্বংস করে দিতে চায়, তার কারণগুলো।’

কিন্তু সেই বালক বড়ো হয়ে কিয়োতো’র ঐতিহ্যপূর্ণ এক প্রাচীন বুদ্ধমন্দির, স্বর্ণখচিত দেহশোভা এবং স্বর্ণাভ সৌন্দর্যের কারণে হয়তো তার নাম ‘স্বর্ণমন্দির’— সেটিকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল কেন? ১৯৫০ সালে বাস্তবিকই এক তরুণ বৌদ্ধ ভিক্ষু সেই স্বর্ণমন্দিরে অগ্নিসংযোগ করেছিলেন। মিশিমা এই সত্য ঘটনার সূত্রটিকে ব্যবহার করেছিলেন মাত্র তাঁর কাহিনির গঠনভিত্তিতে। কিন্তু বাস্তবের তরুণ ভিক্ষু এবং মিশিমা’র কাহিনির মিজোগুচি’র অন্তর্গত হৃদয়ের কার্যকারণ এবং রসায়ন হয়তো ভিন্ন। সাহিত্যে আধুনিকতর রস-জাগরণের অনুষঙ্গে— জাপানের সাহিত্য-কাব্যের প্রাচীন ঐতিহ্য, সৌন্দর্যতত্ত্ব এবং শিল্পের অনুভূতিতে সুন্দরের বহিঃপ্রকাশ, ধর্মাচার এবং জীবনচর্যার সঙ্গে শিল্পের অঙ্গাঙ্গী সম্পর্ক, এর কোনো কিছুই কিন্তু আধুনিক জাপানি সাহিত্যে হারিয়ে যায়নি। বলা যায়, সময়ের সঙ্গে সঙ্গে দৃঢ়তর হয়ে উঠেছে আধুনিক জাপানি-সাহিত্যে সবরকম জাপানি নিজস্বতা। মিশিমা যে সময়ে তাঁর উপন্যাস ‘স্বর্ণমন্দির’ রচনা করছেন, বিশ্বযুদ্ধের পরেকার সেই অস্থিরতার সময়ে পশ্চিমের শিল্প-সাহিত্যের সৌন্দর্যতত্ত্বে কিন্তু বড়োসড়ো বদল দেখা দিয়েছিল। যার সরাসরি প্রভাব নজরে পড়তে শুরু করে বিশের দশকের সাহিত্য থেকেই।

মধ্যযুগ হয়ে উনবিংশ শতক পর্যন্ত ইয়োরোপের যে সাহিত্য ধারা, তার যে সৌন্দর্যতত্ত্ব, সেটি প্রথম হোঁচট খেল টমাস মানের ‘ডের টড ইন ফেনেডিকশ’ (১৯১২) বা ‘ভেনিসে মৃত্যু’ উপন্যাসে। সেই সময় থেকেই ইয়োরোপের জনচেতনায় একটু জোর করেই যেন এক ধরনের আর্থ-সামাজিক ‘নৈরাশ্যবাদ’ প্রবেশ করতে শুরু করেছে। ইয়োরোপের সনাতন আধ্যাত্ম-জগতে সৌন্দর্যের যে প্রচলিত বোধ, নীটশে’র মতামত মেনে সেটিকে অবিনশ্বর মনে করার চেষ্টা হলেও, সৌন্দর্যের বোধ থেকে যে বিশালকায় ঐশ্বরিক অনুভূতি জন্ম নেয়, সেটি আসলে মৃত্যুতুল্য অনুভূতি, যা সৌন্দর্যের উপভোক্তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ‘ভেনিসে মৃত্যু’ উপন্যাসে টমাস মান দেখালেন, এক সারল্যে ভরা কিশোর, তার অপূর্ব সুন্দর দেহ, মন, চিন্তার স্বচ্ছতা, সব কিছুর যে সামগ্রিক সৌন্দর্য, সেটি কারও চোখে হয়ে উঠেছিল মাত্রাতিরিক্ত সুন্দর। ঐশ্বরিক অনুভূতির স্পর্শ পেয়েছিল সে সরল সেই কিশোরের সাহচর্যে। সুন্দরের সেই অতিকায় এবং অত্যন্ত প্রগাঢ় অনুভূতিই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। দীর্ঘকাল ধরে সভ্যতার নানাবিধ সাংস্কৃতিক পরিবর্তন এবং যুদ্ধের পর যুদ্ধে অগণিত লোকক্ষয় এবং প্রিয়জনের বিয়োগে এরকম এক ধারণার জন্ম নেওয়াই হয়তো স্বাভাবিক ছিল যে, সুন্দর এবং প্রেম— দুটিই বড়ো ক্ষণিকের। প্রকৃত প্রেম এবং চরম সুন্দরের পরশ আসলে মৃত্যুরই ভিন্ন অনুভূতি। টমাস মানের ‘ডের ৎসওবেরবের্ক’ (১৯২৪) বা ‘জাদু পাহাড়’ উপন্যাসেও দেখা যায়, অবিচল পাহাড় ও তার নিসর্গ, সেইসঙ্গে মুগ্ধতার এক শাশ্বত অনুভূতির সামনে খুব ধীরে ধীরে নত হচ্ছেন কেউ একজন। বরণ করে নিচ্ছেন মৃত্যুকেই।

কিন্তু পুবে, বিশেষত জাপানের আধ্যাত্মিক চেতনাতে সুন্দর আর মৃত্যুর সম্পর্ক সুপ্রাচীন। প্রকৃত সুন্দরকে অনুভব করা মাত্র সুন্দরের প্রতি অচেতন মনে নশ্বরতার বোধ জেগে ওঠা এবং মৃত্যুর অনুভূতির জন্ম— এই চেতনা জাপানের আধ্যত্মিকতার বোধের গভীরে ঐতিহাসিকভাবে ব্যাপ্ত। বৌদ্ধতত্ত্ব মতে, সুন্দরের অনুভূতি হচ্ছে ক্ষণিকের অনুভূতি। সুন্দরের অনুভূতি কখনোই বেশিক্ষণ থাকে না। যে ব্যক্তি ক্ষণিকের জন্য সুন্দরকে অনুভব করতে পারেন, অর্থাৎ ক্ষণিকের প্রাপ্তিতে সৌন্দর্যের যে পূর্ণ বিকাশ ঘটে তার মনে, তাতেই যেন উপভোক্তার তৃপ্তিটি সম্পূর্ণ হয়, নতুবা জীবনের পিপাসা বেড়েই যায়। সপ্তম শতকের বৌদ্ধ দার্শনিক ধর্মকীর্তি বলছেন— ‘একঝাঁক জোনাকির চাইতেও সুন্দর ঝোড়ো বাতাসের সামনে এলোমেলোভাবে উড়তে থাকা বিচ্ছিন্ন একটি জোনাকি। স্রোতস্বিনী ঝর্ণার চাইতেও বেশি সৌন্দর্য ধারণ করতে পারে সেই ঝর্ণার কারণে পাথরের বুকে ক্ষণিকের জন্য জন্মানো বুদবুদ, যে রামধণুর সব কটি রঙ ধরে রাখে। কিন্তু সেসব ভারী ক্ষণিকের।’ তাই সুন্দরকে ক্ষণিকের জন্য দেখা অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতির অন্তর্ভুক্ত করানো, বা কানে শুনে ফেলা যদি ঘটে, সেই অনুভূতির শেষটুকু বিলীন হয়ে যায় অতি ক্ষুদ্র লহমায়। অনুভূত হয়— কিছু একটা ছিল, এখন যা নেই। কিন্তু সুন্দরের এই অতি অল্প বা ক্ষণিকের স্থায়িত্ব এবং বিনাশ বা অন্তর্হিত হওয়ার পরে যে শূন্যতা বোধের উদ্ভব ঘটে, সেটির সঙ্গে বিশ্বযুদ্ধ পরেকার সময়ে ইয়োরোপের মানুষের ‘অ্যালিয়েনেশন’ জাতীয় রিক্ততার অনুভূতির তুলনা করা উচিত হবে না হয়তো। বৌদ্ধ দর্শনে শূন্যতার বোধ একান্তভাবে স্মৃতি-নির্ভর। যে স্মৃতির অভ্যন্তরে রয়ে গিয়েছে সুন্দরের গঠনসজ্জা এবং অনুভূতি, হয়তো কোনও ব্যক্তি বা বস্তু, যার না-থাকাটুকু ইন্দ্রিয়গ্রাহ্য হয়ে ওঠা মাত্র জন্ম নেয় শূন্যতা। অর্থাৎ স্মৃতির যে বিরাট আধার, সেই আধারেই জন্ম নেয় শূন্যতা। ব্যবহারিক জীবনের দৈনন্দিনতায় নয়।

সুন্দরের বিলীন হওয়া এবং শূন্যতার সরাসরি অনুভব বিস্তৃত হয়েছে ‘স্বর্ণমন্দির’ উপন্যাসে একাধিক চিত্রকল্পে। মিশিমা লিখেছেন: ‘পুকুরের জলের উপরিতল, রাতের আকাশ প্রতিফলিত হয়ে অস্পষ্ট সাদাটে। কিন্তু প্রভূত পরিমাণ শ্যাওলায় মনে হয় যেন স্থলভাগের অংশ। তাতে ইতস্তত ছড়িয়ে থাকা ছোটো ছোটো ফাঁকগুলোতে জলের উপস্থিতি টের পাওয়া যায়। ঢেউয়ের বৃত্ত তৈরির মতো অত বৃষ্টি হচ্ছিল না। জল থেকে বাষ্প উঠে আর্দ্রতা ঘন হয়ে, পুকুরটাকে দেখে মনে হচ্ছিল যেন অনন্তবিস্তৃত। ...পায়ের কাছ থেকে একটা ছোটো নুড়ি তুলে আমি পুকুরে ফেললাম। জলের শব্দে চারপাশের বাতাসে চিড় ধরে গেল যেন, এমন জোরালোভাবে অনুরণিত হলো। আমি কুঁজো হয়ে নিথর হয়ে রইলাম, নৈঃশব্দ্য দিয়ে এক্ষুনি তৈরি করা অপ্রত্যাশিত আওয়াজকে বিলীন করিয়ে দেব বলে।’

‘অপ্রত্যাশিত আওয়াজ’— এটি জন্ম নিতেই মূল সৌন্দর্যটি বিঘ্নিত হল কি? পুকুরের জলে নুড়ি পাথরটা ছুঁড়ে না মারা পর্যন্ত যে দৃশ্যটি চোখের সামনে এতক্ষণ ছিল, সেটি ছিল নিয়ত বহমান। একভাবে চলতে থাকা। ক্ষয়হীন। কিন্তু ওটিই অধিকতর সুন্দর ছিল বোধহয়? তাই শেষ অবধি ব্যাহত হতে হল। কিন্তু যে ক্রিয়া, অর্থাৎ একটি ছোট্ট নুড়ি বৃষ্টিপাতের সময়ে পুকুরের জলের অতিরিক্ত সৌন্দর্যের ওপর আলতো করে ছুঁড়ে মারা— এই ক্রিয়াটিতে ‘নুড়ি ছুঁড়ে মারা’ সেই ব্যক্তি তার ক্রিয়াসমেত ওই বৃহত্তর নিসর্গ ও তার সৌন্দর্যের অন্তর্গত হয়ে উঠলেন। অর্থাৎ ওই ব্যক্তির স্মৃতিতে বৃষ্টির সময়ে পুকুরপাড়ে কিছুক্ষণ বসে থাকাটুকু কিন্তু ওখানেই শেষ। ওই যে ক্ষণিকের একটি মুহূর্ত ছিল, যখন ‘ঢেউয়ের বৃত্ত তৈরির মতো অত বৃষ্টি হচ্ছিল না। জল থেকে বাষ্প উঠে আর্দ্রতা ঘন হয়ে, পুকুরটাকে দেখে মনে হচ্ছিল যেন অনন্তবিস্তৃত।’ সেই মুহূর্তটি যখনই থেমে গেল, বা শেষ হল, জন্ম নিল অ-সুন্দর বা ভিন্ন কোনও সুন্দর, কিংবা আরও সুন্দর। কিন্তু যে সুন্দরটি বিলীন হল, সে গেল চিরতরে। সে আর ফিরে আসবে না। ‘এ পৃথিবী একবার পায় তাকে’, তারপর সে স্মৃতি হয়ে যায়। আসলে সুন্দরের সঙ্গে বিভিন্ন সংযোগ এবং প্রতিনিয়ত সরাসরি ঘাত-প্রতিঘাতে যেতে চাওয়ার এহেন উদ্দেশ্যই হল, সুন্দরকে চিরতরে স্মৃতিতে রেখে দেওয়া। এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছিলেন টমাস মান তাঁর ‘জাদু পাহাড়’ উপন্যাসে। তিনি বলছেন, ‘প্রতিটি শিল্পীসত্তার স্বাভাবিক প্রবৃত্তি হল, সুন্দরের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত হয়ে হৃদয়ে আঘাত পাওয়া, সেই আঘাতকে দীর্ঘক্ষণ নিজের ভেতর রেখে দিতে চাওয়া। সুন্দরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এটি এক পুরনো পন্থা।’ আবার জন কীটস তাঁর ‘ওড ফর মেলানকোলি’-তে লিখে গিয়েছেন, ‘She dwells with Beauty—Beauty that must die; And Joy, whose hand is ever at his lips.’ অর্থাৎ সুন্দরের মৃত্যু হবে একদিন, জেনেও এক স্বর্গীয় অনুভূতির জন্ম হয়। এটি আসলে সুন্দরের মৃত্যুর কারণে নয় একেবারেই, সুন্দরকে সুন্দর বলে আবিষ্কার করতে পারার আনন্দ-অনুভূতি।

সেই সুন্দরের কিছুক্ষণের জন্য থেকে যাওয়া, হারিয়ে ফেলা কোনও সুন্দরকে ক্ষণিকের জন্য ভিন্ন পরিবেশে, ভিন্ন সময়ে এক ঝলকের জন্য মনে করতে পারার অতি সূক্ষ্ম অথচ খুবই স্বাভাবিক সব অনুভূতির মধ্যে দিয়ে মিশিমা বারংবার বলতে চেয়েছেন— সুন্দর মাত্রেই নশ্বর। কিন্তু স্মৃতি অখণ্ড, অবিনশ্বর। মানুষই সচেষ্ট থেকে যায় তার স্মৃতির ভাণ্ডারটিকে চিরন্তন করে তুলতে। অনেকদিন আগে ঘটে যাওয়া অদ্ভুত অথচ অশেষ গুরুত্বপূর্ণ একটি ঘটনার কথা যখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে একদিন নতুন করে শোনে মিজোগুচি, সে অনুভব করে— ‘আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন আমি আর ৎসুরুকাওয়া, দু’জনে মিলে নানজেন মন্দিরের গেট থেকে যা দেখেছিলাম, সেই অবিশ্বাস্য দৃশ্যের স্মৃতি আবার জেগে উঠল। নিজে থেকে মেয়েটাকে সেই স্মৃতির কথা আর বললাম না। কেননা, মনে হল যে যদি বলে ফেলি, এখন এই কাহিনি শুনে যে মানসিক অনুভূতি হয়েছে, সেই সময়ের রহস্যস্পৃষ্ট মানসিক অনুভূতির প্রতি সেটা আর বিশ্বস্ত থাকবে না, তাই মন চাইল যে এই নিয়ে এখন আর কথা না বলি, যাতে এখনকার এই কাহিনি সেই রহস্যকে খোলসা করে না দেয়, বরং রহস্যের কাঠামোটা দ্বিগুণ স্ফীত হয়ে ওঠে, আরও যাতে গভীর করে তোলে রহস্যকে।’

‘সত্য মানেই সুন্দর’ কথাটা আজও যত না নিরীক্ষণ সাপেক্ষ, তার চাইতেও অনেকটাই বেশি আধুনিক পৃথিবীতে গুরুত্ব পেয়েছে সত্যের নানাবিধ আপেক্ষিক রূপে আত্মপ্রকাশ। ইউকিও মিশিমা’র দর্শন, এবং বৌদ্ধ-দর্শনে চরম-সত্য বলে কিছু হয় না। কিছু সার্বজনীন তথ্য ও সেসব তথ্যের প্রত্যক্ষ ফলাফল শুধুমাত্র চরম-সত্যের সম্মাননায় ভূষিত হতে পারে। সত্যিই আসলে সেদিন কী ঘটেছিল, সেই সত্যের প্রতি মিজোগুচি’র যে উদাসীনতা, নিজের স্মৃতির প্রতি সুগভীর দায়বদ্ধতা, সবই আসলে তার স্মৃতিকে টলে যেতে না দেওয়া, বা চিড় ধরতে না দেওয়ার ক্রমাগত চেষ্টা। হোক সে স্মৃতি অসম্পূর্ণ, কিংবা একাংশে অসত্য, সেটি আজও তার মনে একইরকম রয়ে গিয়েছে। সেই অজানা বা জানতে-না-পারার কারণে যেসব রহস্যরেখা তার মনের কোণে আজও সংবেদনশীল রয়ে গিয়েছে, সেগুলোও না হয় একইরকম থাক। রহস্য, অর্ধেক জানা, অজানা, না-বুঝতে পারা, ভুল বুঝে ফেলা, সবই— স্মৃতিরই অংশ। সেই স্মৃতিকে সত্যের নিরিখে শুদ্ধতার অগ্নিপরীক্ষায় বারবার উত্তীর্ণ হতে প্ররোচিত করলে সকলের আগে বিনষ্ট হবে স্মৃতির সঙ্গে লেগে থাকা সৌন্দর্যবোধ। স্মৃতির সযত্ন লালন-পালনে সচেষ্ট মিজোগুচি এবং কাহিনির আরও চরিত্র, যাদের চেতনাতে সুন্দরের স্থায়িত্ব একেবারে চিরকালের না হলেও, দীর্ঘকাল অবিকল রেখে দিতে চাওয়ার যে ঈপ্সা, তার বাইরে থেকে যাওয়া চরিত্রও রয়েছে এই উপন্যাসে। এমনই কেউ একজন, যে মন থেকেই চায়— সুন্দর যেন সত্যিই ক্ষণিকের হয়। হঠাৎ শেষ হয়ে যাওয়া সুরের মতো।

সুন্দরের স্থায়িত্বের উপস্থাপনায় তাই অনেকবারই সঙ্গীতের তুলনা এসেছে এই উপন্যাসে। পা নিয়ে সমস্যায় ভোগা, একটু খ্যাপাটে, কিন্তু চমৎকার বাঁশি বাজাতে জানা মিজোগুচি’র বন্ধু কাশিওয়াগি, সেই কাশিওয়াগি সম্বন্ধে মিজোগুচি’র নিজস্ব অনুভব ছিল: ‘কাশিওয়াগিকে গভীরভাবে জানার সূত্রে বুঝতে পেরেছিলাম, দীর্ঘস্থায়ী সৌন্দর্য ওর একেবারেই পছন্দ হত না। তখন তখনই সমাপ্ত হওয়া সঙ্গীত, কয়েকদিনের মধ্যে শুকিয়ে যাওয়া ইকেবানা (পুষ্পসজ্জা), ওর পছন্দ সীমাবদ্ধ ছিল এগুলোতেই, স্থাপত্য কিংবা সাহিত্য, এসব ওর বাজে লাগত। ও যে স্বর্ণমন্দিরে চলে এসেছিল, সেও যে চাঁদের আলোয় আলোকিত থাকাকালীন স্বর্ণমন্দিরের উদ্দেশ্যেই, সে বিষয়ে সন্দেহ নেই। এসব সত্ত্বেও, সঙ্গীতের সৌন্দর্য যে কী অদ্ভুত জিনিস! বাঁশিবাদক যে অনতিদীর্ঘ সৌন্দর্যকে রূপ দেয়, হুবহু পুনরাবৃত্তি না করেও একটা নির্দিষ্ট সময়কালকে তা অবিচ্ছিন্ন, ধারাবাহিক করে তোলে, ফড়িঙের মতো ক্ষণস্থায়ী জীবনকালের প্রাণীদের মতোই সেই সৌন্দর্য জিনিসটা, জীবনের মতোই বিমূর্ত, জীবনেরই সৃষ্ট। জীবনের সঙ্গে সঙ্গীতের যতটা সাদৃশ্য, ততটা আর কিছুর সঙ্গে নয়, একইরকম সুন্দর হলেও, স্বর্ণমন্দিরের মতো জীবনের থেকে এতটা দূরে থাকা, জীবনকে দৃশ্যতই তাচ্ছিল্য করা সৌন্দর্যও আর নেই। আর কাশিওয়াগি গোশোকুরুমা বাজানো শেষ করার মুহূর্তটিতে, সঙ্গীতের— সেই অমর্ত্য জীবনের— অবসান হল, আর সম্পূর্ণ অক্ষত, অপরিবর্তিত ভাবে থেকে গেল ওর অসুন্দর দেহ আর নিরানন্দ চেতনা।’

চন্দ্রালোকিত রাতে সমুদ্র দেখা— ব্যাপারটাকে যদি বলা যায়, সুন্দরের ওপর সুন্দরের সমাপতন, তবে ‘চাঁদের আলোয় আলোকিত থাকাকালীন স্বর্ণমন্দিরের উদ্দেশ্যেই’ স্বর্ণমন্দির দেখতে চলে আসা কাশিওয়াগি যেন চাইত, সুন্দরের ওপর আপতিত সুন্দরের কারণে জন্মানো অতি বিরল সেই সুন্দরের সবটা একসঙ্গে দেখে নিতে, অনুভব করতে। সে জানে, এই ক্ষণটুকুর স্থায়িত্ব খুব দীর্ঘ হয় না। কাশিওয়াগি’র নির্মাণ ঘটেছে মিশিমা’র মতো অতি বলিষ্ঠ সাহিত্যিকের কলমে সুন্দর এবং অসুন্দরের মাঝে দোদুল্যমান স্বাভাবিক এক মানবসত্তার মতোই। সচেতন মনে সুন্দরের দিকে সে ধাবিত হলেও, সে জানে, সুন্দর নিয়ে রোমান্টিসিজমের কোনও অর্থ থাকে না তার জন্য। সে চিরকাল বস্তুমুখী। অথচ প্রতি মুহূর্তেই সুন্দরকে তার অনুভব করা চাই। অপরপক্ষে পরমাসুন্দরী একটি মেয়ে উইকো, যাকে মিজোগুচি হৃদয়ের অন্তঃস্থলে চিরতরে ধরে রাখতে পেরেছিল, কারণ উইকো’র সৌন্দর্যে এতটুকু ফাটল ধরতে কখনো দেখেনি সে। তাই খুব তাড়াতাড়ি উইকো স্মৃতি হয়ে উঠেছিল। সে মারা গিয়েছিল। মিশিমা’র নির্মিত অজস্র পুরুষ এবং নারীচরিত্র রয়েছে ‘স্বর্ণমন্দির’ উপন্যাসে। মিশিমা’র দর্শনে তারা সকলেই কমবেশি সুন্দর-অসুন্দরের অবিমিশ্র মানব-মানবী। একেবারেই রক্তমাংসের বলা চলে। কিন্তু সুন্দরের যে উপভোক্তা, তার চোখে তারা হয়ে উঠছে বর্ণনার অতীত খণ্ডিত সব সুন্দর মুহূর্ত। কেউ ধরা দিচ্ছেন দেবদূত হয়ে, কেউ বা জটিল মনস্তাত্ত্বিক অভিঘাতে হয়ে উঠছেন দেশ-কাল অতীত একেকটি বিচ্ছিন্ন চরিত্র— যাদের যে করে হোক, সুন্দরের কাছাকাছি থাকার ছিল। সুন্দরকে স্মৃতির ভেতরে চিরতরে রেখে দেওয়ার ছিল। কিন্তু এভাবে ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে হতে একক ব্যক্তিসত্তার এই যে পথযাত্রা, আধুনিক সাহিত্যের প্রাঙ্গনে এটি বিরল এক বিশিষ্টতা। সাহিত্যে আধুনিকতার অন্যতম উজ্জ্বল শিখর এই বিছিন্ন একক সত্তা— যে সত্তা কোনও বাহ্যিক ক্রিয়াশীলতার কারণে নয়, শুধুমাত্র নিজের চেতনার দ্বারাই চালিত। মিশিমা’র এই ধারার উত্তরসূরি হলেন হারুকি মুরাকামি। তাঁর সৃষ্ট অধিকাংশ চরিত্রেরই পূর্ব-ইতিহাস কাহিনিগত কারণে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। অতীতকে পরিহার করে নয়, ভুলে যাওয়াও নয়, অতীতের থেকে উদ্গত বর্তমানের সবরকম কাজ বা ‘কর্ম’ নিয়ত ধাবিত হচ্ছে ভবিষ্যতের দিকে, নিরবচ্ছিন্ন এক কর্মের ধারাকে সুচালিত করে রাখার জন্য। কালাতীত এক চেতনার নিরবচ্ছিন্ন প্রবাহের জন্য।

মিশিমা’র এই উপন্যাসের প্রধানতম চরিত্র মিজোগুচি— ধর্মীয় পরিমণ্ডলে বড়ো হয়ে ওঠা, প্রাজ্ঞ পুরোহিতের সন্তান হওয়া সত্ত্বেও, শৈশবে প্রথমবার পিতার হাত ধরে স্বর্ণমন্দির দেখে আসার পর থেকে সে যে অভিযাত্রা বা অ্যাডভেঞ্চার শুরু করেছিল— অনেক ওঠাপড়া, ছোটবড়ো নানান বাঁক পেরিয়ে উপন্যাসের শেষতম পরিচ্ছেদে সে যখন আবার স্বর্ণমন্দিরের সামনে এসে দাঁড়াল, সে দেখল তার দেখাটাই বদলে গিয়েছে। মুগ্ধতার বদল হয়নি এতটুকু, বরং বেড়েছে। কিন্তু মুগ্ধতার কারণগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার ইচ্ছে জাগছে। বিশাল সেই মন্দির ও তার অতি মনোরম পারিপার্শ্ব দেখে সে অনুভব করেছিল— ‘পুকুরে এসে পড়া ওই ছায়া, ওই ছোট ছোট দ্বীপ, ওই পাইনগাছ, ওই নৌকো বাঁধার ঘাট অবধি খুঁটিনাটির সৌন্দর্য খুঁটিয়ে দেখলে, সৌন্দর্য মোটেই খুঁটিনাটিতেই সমাপ্ত হয়ে, খুঁটিনাটির ভিত্তিতে উপসংহার টানার মতো নয়, যেকোনো একটা অংশেই পরেরটার সৌন্দর্যের ইঙ্গিত ধারণ করা আছে। খুঁটিনাটির সৌন্দর্য, তার নিজের মধ্যে অস্থিরতায় পরিপূর্ণ। সম্পূর্ণতার স্বপ্ন দেখতে দেখতে, পরিণতি না পেয়ে, পরবর্তী সৌন্দর্যের, তখনও অজানা সৌন্দর্যের প্রতি প্রলুব্ধ হয়ে থাকছিল। আর ইঙ্গিতের পর ইঙ্গিত যুক্ত হয়ে, অস্তিত্বই নেই এমন সৌন্দর্যের আলাদা আলাদা নানা আভাস তৈরি হয়ে, সেটাই যেন স্বর্ণমন্দিরের অন্তর্লীন মোটিফ হয়ে উঠছিল বলে ভাবা যায়। এইসব প্রত্যাশাবাহী ইঙ্গিতই শূন্যতার লক্ষণ। শূন্যতাই এই সৌন্দর্যের মূল কাঠামো।’

বাইরের দৃশ্যমান জগতটিকে পুরোপুরি বুঝতে না পারা, বা উপলব্ধি করতে না পারার কারণে মনের গভীরে যে ‘অনিশ্চয়তার বোধ’ কাজ করে যায়, ‘শূন্যতার গঠনতত্ত্ব’ আলোচনার প্রারম্ভিকতায় পশ্চিমের দার্শনিক মার্টিন হাইডেগার তাঁর ‘সাইন উন ৎসাইট’ (১৯২৭) বা ‘সত্তা এবং সময়’ গ্রন্থে সেই অনিশ্চয়তাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। ‘অ্যাংশট’ বা বিশেষ ধরনের সেই ‘অনিশ্চয়তার বোধ’ থেকেই আধুনিক মানুষের তাবৎ শূন্যতাবোধের জন্ম এবং সেই শূন্যতাকে জীবনভর বহন করে যাওয়া। সেই তত্ত্বেই সুদৃঢ় হয় বিংশ শতকের অস্তিত্ববাদ। ‘লে-এৎরে ল নিঞ’ (১৯৪৭) বা ‘সত্তা এবং শূন্যতা’ গ্রন্থে জঞ পল সারত্র যদিও হাইডেগারের অনিশ্চয়তার চাইতেও অধিক গুরুত্ব আরোপ করেন সত্তার আপন দেখাটিতে। বাইরের বিশ্বটিকে চোখ মেলে দেখার মধ্যে দিয়ে যে অপূর্ণতার বোধ জারিত হয়, সেটি হয়তো বা পূর্ণতা পেতে পারত, কিন্তু দেখার গুণে কিংবা অগুণে, বা যথাযথ দেখতে না পাওয়ার কারণে দেখাটি কিছুতেই পূর্ণতা পাচ্ছে না, শূন্যতা জমে উঠছে। শূন্যতার জন্ম হচ্ছে কিন্তু সেই দেখা-জিনিসটাকে ঘিরে নয়, সেই জিনিসটা যে রূপে দেখা দিচ্ছে কারও মনে, সেই মনের ভেতরেই জন্মাচ্ছে কার্যকারণহীন শূন্যতা। কিন্তু পুবে, বৌদ্ধদর্শন বলছে, দৃশ্যমান জগতে দীর্ঘস্থায়ী ক্ষয়হীন অন্তহীন যা ক্রমেই প্রবাহিত হয়ে চলেছে অতীত থেকে বর্তমান হয়ে ভবিষ্যতের পথে, যদি সবটুকু জানা হয়ে যায় তার— তবে সে শূন্যতা ব্যতীত আর কিছুই নয়। এর বাইরে যা কিছু চেতনার অন্তর্গত, কিন্তু চলমান, যার শুরু থেকে শেষ আছে, সৃষ্টি আছে, আছে বিনাশ, যা চেতনায় আংশিক রূপে ধরা দেয়, অসম্পূর্ণতাই যার বৈশিষ্ট্য, সেটিই আসল পূর্ণতা। সেটিই সুন্দর। শূন্যতার সৌন্দর্যের শেষে পড়ে থাকে সম্পূর্ণ ‘নাস্তিক্যবাদ’— যা অনেক চিরস্মরণীয় প্রজ্ঞাবান ব্যক্তিকে মৃত্যুর দিকে প্ররোচিত করেছে ইতিহাস জুড়ে। কিন্তু অসম্পূর্ণতার সৌন্দর্য শুধুই ইতিবাচক, রবি ঠাকুরের ভাষায় ‘তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর’, যার জোরে এগিয়ে চলার প্রেরণা পাওয়া যায়। সঞ্চারিত করে ‘কর্ম’। যুদ্ধে বিধ্বস্ত হয়ে যাওয়া একটি জাতি পর্যন্ত যার জোরে ঘুরে দাঁড়াতে পারে। বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানের দিনগুলোকে মিশিমা বলছেন— শাশ্বতকাল, অর্থাৎ যে কালটি ক্ষয়হীন। আবার ক্ষয়হীন যা কিছু, সে আসলে শূন্যতারই আরেক রূপ। বিশ্বযুদ্ধে এত প্রচণ্ড ক্ষয়স্বীকার করেও যেন কিছুই ধ্বংস হয়নি মিশিমা’র দেশে। এমনকি সেই শাশ্বতকাল কিংবা ক্ষয়হীন দিনগুলো নিজের থেকেই বলে যাচ্ছে, সব সুন্দরের মতো স্বর্ণমন্দিরও চিরকাল থেকে যাবে। সব জমা রয়ে গিয়েছে স্মৃতির ভাণ্ডারে, মানুষের ক্ষয়হীন কালাতীত চেতনায়।

মিশিমা লিখছেন: ‘আমার কাছে যুদ্ধে পরাজয় জিনিসটা, এহেন আশাভঙ্গের অভিজ্ঞতা বৈ আর কিছু হয়ে এল না। এখনও যেন আমার সামনে দেখতে পাচ্ছি বলে মনে হয়, পনেরোই আগস্টের সেই অগ্নিশিখার মতো সূর্যালোক। সবাই বলছিল, সমস্ত মূল্যবোধ নাকি ধ্বংস হয়ে গেছে, আমার ভিতরে কিন্তু উল্টে শাশ্বতকাল জেগে উঠে, পুনর্জীবন পেয়ে, নিজের অধিকার দাবি করে বসল। শাশ্বতকাল বলছিল, স্বর্ণমন্দির এরপরেও চিরকাল এখানে থেকে যাবে।

স্বর্গ থেকে বর্ষিত শাশ্বতকাল আমাদের গালে, হাতে, পেটে লেগে থাকছিল, আমরা তার নীচে চাপা পড়ে যাচ্ছিলাম। এক এক অভিশাপ। ... ...একেবারেই। যুদ্ধসমাপ্তির দিন, চারপাশের পাহাড়ে ঝিঁঝিঁপোকাদের ডাকের মধ্যেও এই অভিশাপ হেন শাশ্বতকালই আমার শ্রবণে এসেছিল। সোনালি রঙের প্লাস্টারের মধ্যে সেটি আমাকে সিল-বন্ধ করে ফেলেছিল।’

এমন ইতিবাচক একটি উপন্যাস গত শতকে আর একটিও লেখা হয়নি।             

বইসূত্র:

স্বর্ণমন্দির

মূল: মিশিমা ইউকিও

অনুবাদ: অভিজিৎ মুখার্জি

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা, ২০২০