২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরস্বতী যখন সিন্ধুর সাথে মিলেছিলো

এখন ভারতকে পরিচ্ছন্ন করার জন্য আমাদের ঘোরের পাশাপাশি ভারতীয়রা কেন “এত নোংরা” তা ব্যাখ্যা করার জন্য যখন অনেক তত্ত্ব ভেসে বেড়াচ্ছে তখন মন্ত্র গায়ক ও নগরবাসীর মধ্যে কল্পিত সংঘাত পুনরায় মাথাচাড়া দিয়েছে।

ইমন রায়

Published : 20 Jan 2025, 01:32 PM

Updated : 26 Aug 2026, 11:37 AM

ঋগ্বেদের স্তোত্রগুলো একটি প্রাণবন্ত ভাবকল্পের সংস্কৃতির কথা বলে যা ঘোড়া, গরু, রথ অথবা অন্তত মালগাড়িকে, যাযাবর জীবনযাত্রার সাথে মানানসই যজ্ঞ নামক একটি বহনযোগ্য রীতিকে, জ্যোতির্বিজ্ঞানের প্রতি অনুরাগকে, ইন্দ্র নামক এক যুদ্ধবাজ দেবতাকে এবং চারভাগে বিভক্ত একটি সমাজকে উদযাপন করত। এগুলো সরস্বতী নামক এক মহান নদীর স্মৃতিকে ধরে রেখেছিলো এবং পাঞ্জাবের সমতল থেকে গাঙ্গেয় সমতলের দিকে অভিবাসনের ধরনকে প্রকাশ করেছিলো কিন্ত ভারতের বাইরে থেকে নয়, যেমনটা ইউরোপীয় পণ্ডিতরা এক সময় বিশ্বাস করতেন। এসকল মানুষকে স্তোত্র গায়ক বলা যাক।

শস্যভাণ্ডার, রাস্তা, নিষ্কাশন ব্যবস্থাসম্পন্ন সুগঠিত নগরসমূহের একটি খুবই শহুরে সভ্যতাকে প্রকাশ করে সিন্ধু উপত্যকার নগরগুলোর অবশেষ। সীলমোহরগুলো মহিষ ও বাঘ ও হাতিসহ উদ্ভিদ ও প্রাণীর উপাসনাকে প্রকাশ করে, কিন্তু কোনো ঘোড়াকে নয়। আনুষ্ঠানিক অগ্নিবেদী ও সিঁড়িযুক্ত কুয়ো রয়েছে, কিন্তু শ্রেণীকরণ কিংবা অতিরিক্ত ধর্মীয় চিত্রের চিহ্ন নেই। সবকিছুই উপযোগিতামূলক ও ন্যূনতম বলে মনে হয়। এসকল মানুষকে নগরবাসী বলা যাক।

পার্থক্যটি প্রকট। সমসাময়িক ভারতীয় সমাজ এসকল স্তোত্র গায়ক ও নগরবাসী উভয়ের প্রভাবকে প্রকাশ করেঃ গরু পবিত্র রয়ে গেছে, তেমনি পবিত্র রয়েছে পিপল গাছ। এই দুটো ভিন্ন সম্প্রদায় কি ভারতকে রূপদান করেছে? নাকি তারা কেবলই এক?

দুটো সংস্কৃতির চেতনায় অত্যুজ্জ্বল পার্থক্য থাকা সত্ত্বেও এটি বিশ্বাস করার দৃঢ় আকাঙ্ক্ষা রয়েছে যে স্তোত্র গায়করাও নগরবাসী ছিলেন। প্রমাণ বেশ অপ্রতুল রয়ে গেছে। আর ভারতীয়রা কেন “ভালো” পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিত্যাগ করেছে তার ব্যাখ্যা এটি দেয় না, কিন্তু আমরা কেন “খারাপ” চারভাগে বিভক্ত সামাজিক বিভাজনকে আঁকড়ে ধরেছি তার ব্যাখ্যা দেয়।

সকল সম্ভাব্যতায় তারা একই মানুষ ছিলেন না। তারা কি ভিন্ন ভিন্ন সময়ে একই ভৌগোলিক এলাকায় বাস করতেন? যদি তাই হয় তাহলে কারা প্রথমে এসেছিলেনঃ স্তোত্র গায়করা নাকি নগরবাসীরা? বৈদিক মন্ত্রগুলো হয়ত পরে এসেছিলো। কিন্তু জাতীয়তাবাদীদের কাছে এটি গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা এমনভাবে ধাতস্থ হয়েছি যে পূর্বে যা কিছু এসেছে তাই উচ্চতর। যেসব তত্ত্ব অনুসারে মেসোপটেমিয়াতে প্রাপ্ত মিট্টানি লিপির প্রমাণের ওপর ভিত্তি করে বৈদিক মন্ত্রগুলোকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে নির্দেশ করা হয় সেগুলোর তুলনায় যেসব তত্ত্বের দ্বারা আদি বৈদিক মন্ত্রগুলো ৬০০০ খ্রিস্টপূর্বাব্দের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে নির্দেশ করে সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়। তবে স্তোত্র গায়করা যদি যদি আগে আসতেন তাহলে নগরগুলোর উত্থান ও পতন অবশ্যই দেখে থাকবেন। কিন্তু কোনো মন্ত্রই তা বলে না। আর গাঙ্গেয় সমতলে অভিবাসনের ফলে নিষ্কাশন ব্যবস্থাসম্পন্ন পরিকল্পিত নগরের নতুন জোয়ার তৈরি হয়নি।

তারা হয়ত একই সময়ে কিন্তু ভিন্ন ভিন্ন ভৌগোলিক এলাকায় থাকতেন। ইউরোপীয় প্রাচ্যবিদরা, যারা সিন্ধু নগরগুলো আবিষ্কার করেছিলেন এবং সংস্কৃত ভাষার ইন্দো-ইউরোপীয় শেকড়কে প্রথম বিশ্লেষণ করেছিলেন, জোর দিয়েছিলেন যে তারা বিদেশী ছিলেন। কানান নগরের বাসিন্দাদের পরাভূত করে যাযাবর ইহুদী গোত্রগুলোর জুডেয়া রাজ্য প্রতিষ্ঠায় বাইবেলের ওল্ড টেস্টামেন্টের কাঠামো ব্যবহার করে খ্রিস্টান হিসেবে তারা এই ধারণাটি উত্থাপন করেছিলেন যে বৈদিক যুদ্ধরথ সিন্ধু নগরগুলোকে ধ্বংস করেছিলো। এই তত্ত্বটি ব্রিটিশ শাসকরা পছন্দ করেছিলেন কারণ এটি তাদেরকে হিন্দু জাতীয়তাবাদীদের সাথে তর্ক করার সক্ষমতা প্রদান করেছিলো যে তাদের পূর্বপুরুষগণ, ইউরোপীয়দের মত এবং তাদের পূর্বে মুসলমানদের মত, আক্রমণকারী ও ঔপনিবেশিক ছিলেন। তারা “আসল” ছিলেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিবাদের উত্থানের ফলে আর্য একটি খারাপ শব্দ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অনেক ভারতীয়র কাছে, বিশেষ করে যারা বিশুদ্ধ আর্যদের দলভুক্ত হওয়ার ধারণাকে লালন করতেন, তাদের কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হয়েছিলো। দুর্ভাগ্যজনকভাবে এই আক্রমণ তাত্ত্বিকদের জন্য বৈদিক মন্ত্রে কিংবা নগরগুলোর প্রত্নতাত্ত্বিক অবশেষে আক্রমণের একদমই কোনো প্রমাণ নেই। বিজ্ঞানীরা আশ্বস্ত হয়েছেন যে আক্রমণ নয়, জলবায়ু পরিবর্তনই সিন্ধু নগরগুলোকে ধ্বংস করেছিলো; বেদে যাকে সরস্বতী হিসেবে চিহ্নিত করা হয় সম্ভবত এটি ছিলো সেই নদীর শুকিয়ে যাওয়া কিংবা দিক পরিবর্তন।

ইউরোপীয় প্রাচ্যবিদরা আরো প্রস্তাব করেছিলেন যে সংস্কৃত, অথবা অন্তত আদি-সংস্কৃত, হচ্ছে একটি বিদেশী ভাষা যা পশ্চিমের কোনো এক জায়গা থেকে ভারতে এসেছিলো। নিঃসন্দেহে ইরান ও দূরপ্রান্তের ইউরোপের ভাষাগুলোর সাথে বৈদিক ভাষার অনেক মিল আছে। তবে এর রয়েছে ৩০০ শব্দ যা স্থানীয় মুন্ডা উপজাতিরা ব্যবহার করে। ভাষাটি কি মধ্য এশিয়া থেকে এসেছিলো এবং তারপর ইরানে গেঁড়ে বসেছিলো যাতে এক দল পশ্চিমে ইউরোপে চলে গিয়েছিলো এবং অন্য দলটি পূর্বে ভারতে এসেছিলো? নাকি ভাষাটি ভারত থেকে ছড়িয়ে পড়েছিলো এবং পশ্চিম দিকে ইউরোপে এবং পূর্ব দিকে গাঙ্গেয় সমতলে এসেছিলো, যেখানে পরেরটি বৈদিক মন্ত্রে বিবর্তিত হয়েছিলো, আরেকটি শুধুমাত্র অসুর ও দেবদের স্মৃতিকে এমনভাবে ধরে রেখেছিলো যাতে অসুররা প্রাচীন ইরানের ঈশ্বর আহুরা এবং দেবরা প্রাচীন ইরানের দানব দিবে পরিণত হয়েছিলো? গতানুগতিকভাবে, আনুমানিকভাবে, বিদেশী পণ্ডিতরা পশ্চিম থেকে পূর্ব তত্ত্বকে এবং ভারতীয় পণ্ডিতরা– কেবল জাতীয়তাবাদীরা নন–পূর্ব থেকে পশ্চিম তত্ত্বকে প্রাধান্য দেন।

পূর্ব থেকে পশ্চিম কিংবা পশ্চিম থেকে পূর্ব দিকে অভিবাসন সম্বন্ধে সকল আলাপে একটি বড় অনুমান রয়েছে: ভাষা হচ্ছে জাতির সমান! এটি সত্য নয়। ভাষার অভিবাসনের সাথে মানুষের অভিবাসনের সামান্যই সংযোগ রয়েছে। বৈদিক ভাষার অনেক শব্দ মধ্য এশিয়া থেকে আসতে পারে, তবে মানুষ অবধারিতভাবে নয়। বণিক ও পরিব্রাজকদের মাধ্যমে ভাষা পৌঁছুতে পারে, অবধারিতভাবে অভিবাসী কিংবা আক্রমণকারীদের মাধ্যমে নয়। মানুষ চলে যেতে পারে কিন্তু তারা ভাষাকে রেখে যেতে পারে। আজ যারা ইংরেজিতে কথা বলে ও বই লিখেন তারাও যেমন মূলনিবাসী ভারতীয় হতে পারেন, তেমনি যারা ইন্দো-ইউরোপীয় শব্দসহ বৈদিক সংস্কৃতে ঋগ্বেদের মন্ত্র রচনা করেছিলেন তারা সকল সম্ভাব্যতায় মূলনিবাসী ভারতীয় ছিলেন, হয়ত নগরবাসী ভারতীয় নন কিন্তু তৎসত্ত্বেও ভারতীয়। তারা এমনকি যদি বিদেশী হতেন তাহলেও কি সত্যিকার অর্থে কিছু এসে যায়? আমরা আসলেই কখনো তা জানতে পারবো না। আমরা যা জানি তা হচ্ছে ঋষিদের দ্বারা রচিত অথবা রক্ষিত অথবা নিতান্তই শ্রেণীবদ্ধ স্তোত্রগুলো স্পষ্টত দক্ষিণ এশিয়াতে (জাতি রাষ্ট্রসমূহের উত্থান ও বিভাজনের পূর্বে ভারতীয় উপমহাদেশ হিসেবে পরিচিত) উদ্ভূত ও প্রসার লাভ করেছিলো, অন্য কোথাও নয়।

নগরবাসী ও স্তোত্র গায়করা কি একে অপরকে আক্রমণ ও প্রভাবিত না করতে চেয়ে একই ভৌগোলিক এবং একই সময়ভুক্ত এলাকায় বসবাস করে থাকতে পারতেন? এই ধারণাটি গ্রহণ করা এত কঠিন কেন? কেন দুই প্রতিবেশী অবশ্যই সবসময় সংঘাতে লিপ্ত থাকবেন? ভারতের বনগুলোতে এমন উপজাতি আছে যারা একে অন্যের ছন্দকে সম্মান করার মাধ্যমে একসাথে বসবাস করে কিন্তু কখনো একে অন্যের সাথে কথা বলে না। আমরা কেন এমন একটি সম্ভাব্যতাকে গ্রহণ করতে উৎসাহিত নই? কেন আমাদেরকে বলা হয় যে এটি সম্ভব নয়? পৃথিবীর সবকিছুকে সংঘাতের নিরিখে ব্যাখ্যা করার ঘোর হচ্ছে একটি আধুনিক ঘোর।

হয়ত তারা ঠিকঠাক সমসাময়িক ছিলেন না। হয়ত দীর্ঘ সময় ধরে ভারতীয়রা স্থানীয় শব্দ ও বিদেশী শব্দ ব্যবহার করে স্তোত্রগুলো রচনা করেছিলেন, যেটি আরও বৃদ্ধি পেয়েছিলো যখন ঘোড়া ব্যাপকভাবে বিদ্যমান ছিলো, সম্ভবত নগরগুলোর শেষ পর্যায়ে (মধ্য এশিয়া থেকে যেমন চীনে, তেমনি ভারতে সবসময় ঘোড়া আমদানি করতে হত, কারণ ঘোড়া উন্মুক্ত তৃণভূমিতে থাকে)। হয়ত নগরবাসীদের গৌরবময় দিনগুলো বিগত হবার পর, যখন একটি কেন্দ্রীয় অথবা নিদেনপক্ষে কার্যকর ব্যবস্থাপনা ভেঙ্গে পড়ার দরুণ নিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছিলো তখন একটি ক্ষমতাশালী শক্তি হিসেবে স্তোত্র গায়কদের আবির্ভাব হয়েছিলো। হয়ত, সময় যত গড়িয়েছে, কিছু ধারণা টিকে গিয়েছে যেগুলোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দরকার হত না, যেমন উদ্ভিদ ও প্রাণীর উপাসনা এবং নির্দিষ্ট নকশা উপাদানের ব্যবহার। কিন্তু না, আমরা এমন তত্ত্ব চাই না। এটি বেশি এলোমেলো।   

এখন ভারতকে পরিচ্ছন্ন করার জন্য আমাদের ঘোরের পাশাপাশি ভারতীয়রা কেন “এত নোংরা” তা ব্যাখ্যা করার জন্য যখন অনেক তত্ত্ব ভেসে বেড়াচ্ছে তখন মন্ত্র গায়ক ও নগরবাসীর মধ্যে কল্পিত সংঘাত পুনরায় মাথাচাড়া দিয়েছে। একটি তত্ত্বকে উত্থাপন করা হচ্ছে যে মন্ত্র গায়করা জাতিভেদ ব্যবস্থা ও শুদ্ধিকরণ রীতি চালু করেছিলেন, তাই পরিচ্ছন্নতার প্রতি একটি বিতৃষ্ণা তৈরি হয়েছে, যা সমতাবাদী নগরবাসীদের দ্বারা সৃষ্ট পরিচ্ছন্নতার সকল স্মৃতিকে মুছে দিয়েছে।

ইউরোপীয় প্রাচ্যবিদরা আতঙ্কিত হবেন যদি নিষ্কাশন ব্যবস্থা ত্যাগ করা এবং খামখেয়ালীভাবে উন্মুক্ত মলত্যাগের উৎসাহদানের জন্য তাদের প্রিয় আর্যদেরকে অভিযুক্ত করা হয়। ভারতের জাতীয়তাবাদীরা স্পষ্টতই আনন্দিত নয়। আপনি যদি এই তত্ত্বের বিরোধিতা করেন তাহলে আপনাকে “সবর্ণ” বৈদিক সহানুভূতিশীল হিসেবে দাগিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি, যিনি সমতাবাদী পরিচ্ছন্ন নগরে বিশ্বাস করেন না।  

এসকল তত্ত্ব, যা নগরবাসীদেরকে ভালো “টয়লেট” গোষ্ঠী হিসেবে এবং স্তোত্র গায়কদেরকে খারাপ “জাতিভেদ” গোষ্ঠী হিসেবে দেখাতে চায়, সেগুলোর সাথে বর্তমান রাজনীতির অনেক সংযোগ আছে এবং ইতিহাসের বেশি সংযোগ নেই। আমরা ইউরোপীয় প্রাচ্যবিদদের যে দোষ দিয়েছি তা আমরাই করতে থাকি: আমাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রচার যন্ত্র হিসেবে ইতিহাসকে ব্যবহার করা। অনেক ইতিহাসবিদ রাজনৈতিক চাপের সামনে নত হন। আমরা আগের তৎকালীন সরকারের সময় এটি দেখেছি এবং আমরা নতুন সরকারেও এটি দেখতে পাচ্ছি (যদিও পরেরটা অনেক “উদারবাদীদের” দ্বারা চিহ্নিত হয়েছে)। তবে অনেক ইতিহাসবিদ আছেন যাদের অতীতের আরামপ্রদ সুবিধামাফিক ব্যবহার-উপযোগী সংস্করণ প্রদানের কোনো অভিপ্রায় নেই। কল্পকাহিনী লেখকদের প্রচেষ্টা সত্ত্বেও আমাদের অতীত এলোমেলো এবং রহস্যময়, যা সংগঠন ও ব্যাখ্যাকে অগ্রাহ্য করে। আসুন এটি যেমন, আমরা তাকে সেভাবেই গ্রহণ করতে শিখি।        

(মূল প্রবন্ধটি ডেইলিও তে প্রকাশিত হয়েছিলো।)