ইসমাইল কাদারে: প্রাসঙ্গিক কিছু কথা
প্রতি বছরই বিশ্বের পাঠক প্রত্যাশা করতেন, ইসমাইল কাদারের সাহিত্যের নোবেল-পুরস্কারে সম্মানিত হওয়ার সুখবরের জন্য। বছরের পর বছর তাঁর নাম মনোনীত হতে থাকলেও, সাহিত্যের শ্রেষ্ঠতম সম্মানটি শেষ পর্যন্ত এল না আর। বিদায় নিলেন তিনি। আলবানিয়ার স্বনামধন্য ঔপন্যাসিক ইসমাইল কাদারেকে (১৯৩৬-২০২৪) অভিহিত করা হতো বিশ্বযুদ্ধ পরেকার ইয়োরোপীয়-সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রূপে, যার মৃত্যুতে আধুনিক সাহিত্যের এক রাজসিক যুগের অবসান ঘটল। মিলান কুন্দেরার পর তিনিই রয়ে গিয়েছিলেন একমাত্র, সাহিত্যের যে বিশেষ ধারাটিতে চারের দশক থেকে একসঙ্গে অনেক মহাপ্রতিভার একে একে যোগদানে বিশ্বসাহিত্য এক ধাক্কায় কয়েকশো বছর এগিয়ে আসতে পেরেছিল। কখনো তাঁর সাহিত্যের তুলনা হয় নগিব মাহফুজের সঙ্গে, কখনো নিকো কাজানসাকিস, কখনো বা ফ্রানৎস কাফকার সঙ্গে। যদিও তাঁর লেখায় পশ্চিমের তুলনায় প্রাচ্যের ভাববাদী রাজনৈতিকদর্শন অনেকটাই প্রকট। কাদারে নিজেই একবার লিখেছিলেন তাঁর অন্যতম মাস্টারপিস ‘দ্য পিরামিড’ (১৯৯২) উপন্যাসে— “দীর্ঘকাল আমাদের ‘রুমেলিয়া’, অর্থাৎ স্লাভ-দেশগুচ্ছ বা বলকান-দেশগুলো ওটোমান শাসনের অন্তর্গত থাকায় বৃহত্তর ইয়োরোপের চাইতে নিকট প্রাচ্যের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সংযোগ বেশি ছিল। তাই হয়তো আমরাও এশিয়দের মতো করেই খানিক ভাবতে অভ্যেস করে ফেলেছি।”
কাদারে চলে গেলেন। তাঁর সুবৃহৎ সৃষ্টিসম্ভারে রেখে গেলেন, তাঁর আপন দেশ আলবানিয়া ও সুবিস্তারিত বলকান-দ্বীপভূমির ইতিহাস, সেইসঙ্গে আধুনিক পৃথিবীর অধিকাংশ দেশের মতোই শেষ শতাব্দ ধরে যুদ্ধে-যুদ্ধে ক্লান্ত বলকান-দেশগুচ্ছ, তাদের কাহিনি। সেই যুদ্ধ কখনো আন্তর্জাতিক সীমানা বেঁধে দেওয়ার, কখনো বা সুদীর্ঘ গৃহযুদ্ধ। লাগাতার দেশত্যাগ আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আলবানিয়া কিংবা মাসিদোনিয়ার লক্ষ-লক্ষ স্লাভ-ভাষী মানুষের শরণার্থী হয়ে ভিন্ন দেশে খুঁজে নেওয়া নতুন অস্তিত্ব। বলকান-দ্বীপভূমির মানুষের বেঁচে থাকার কৌম-সঙ্কট নেহাত সাম্প্রতিক নয়। যদিও কে গ্রিক, কে ক্রোট বা সার্ব, কে বসনিয়ার কৌম, সব ঐতিহাসিক প্রশ্নের ক্ষণকালের জন্য বিরতি ঘটেছিল দীর্ঘকালীন ওটোমান-তুর্ক শাসনে। ওটোমান শাসনে একত্রিত হওয়া বিভিন্ন বলকান-জাতিগোষ্ঠীর এক বৃহদাংশের ইসলামিকরণ ঘটে যাওয়ায় খ্রিস্টীয় (রোমান) এবং ইসলামের (ওটোমান) সুপ্রাচীন দ্বন্দ্বই মূলত একটি ভূখণ্ডের ইতিহাসের প্রধান উপজীব্য হয়ে দাঁড়ায়।
অনেকেই মনে করেন কাফকার ‘দ্য কাসল’ এর মতোই দুর্ভেদ্য চেতনার জাল বুনেছিলেন তিনি ‘দ্য পিরামিড’-এ। কিন্তু তা সত্ত্বেও, তাঁর লেখায় প্রাচীন গ্রিস এবং সার্বিয়া-মাসিদোনিয়াসহ বলকান-দেশগুলোর ইতিহাস, উপকথা এবং পৌরাণিক অজস্র উপাখ্যান আধুনিক পৃথিবীর আয়নায় ধ্রুপদী ধরনেই প্রস্ফুটিত হয়েছে। চারের দশকের পর থেকে বিশ্বসাহিত্যে যে আধুনিকতার জোয়ার আসে, পুরনো গড়নেই চিত্রিত হতে শুরু করে বহুস্তরীয় ও সুসংগঠিত বহুমুখী চেতনা এবং বিপন্নতা, সেই ধারায় তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। গ্রিসের বরেণ্য সাহিত্যিক নিকো কাজানসাকিসের মতো তিনিও ধ্রুপদী রীতিতে লেখা শুরু করে, আধুনিকতার সবরকম অনুষঙ্গে পরে নিজেকে পাল্টে ফেলেন আমূল, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর লেখা বারবার হয়ে ওঠে পাঠক এবং সমালোচকদের কাছে অত্যন্ত উপভোগ্য এক শিল্পবস্তু, যা বহুস্তরীয় চিন্তা এবং সময়ের পরিচিত সুস্থিতির থেকে দূরে সরিয়ে এনে সেই সময়কেই আরও একবার নতুন করে জগতের সামনে মেলে ধরে। সৃষ্টির অন্তঃস্থলের কথাগুলোর মধ্যে থেকে যায় একটি ভিন্ন দেশ-কালের ইতিহাস এবং তার বিশ্লেষণের বীজ, পাঠক যার থেকে তাঁর দেশ আলবানিয়ার পাশেপাশে আপন দেশ-কালকেও অনুভব করতে পারবেন।
ওটোমান-সুলতানরা বলতেন ‘রুমেলিয়া’। অর্থাৎ যে ভূখণ্ড তাঁরা রোমানদের থেকে অধিকার করেছিলেন। ‘রোমান’ বলতে প্রাচ্যের মধ্যযুগীয় ইতিহাসবিদদের মতে ‘বাইজান্টাইন-সাম্রাজ্য’, বলকান-দেশগুলোতে বাইজান্টাইনদের দীর্ঘ শাসনেই শুরু হয় প্রাথমিক স্তরের খ্রিস্টীয়করণ। তারও আগে বলকানরা নিজস্ব আদি-ধর্মের অনুসারী ছিলেন। সুপ্রাচীনকাল থেকেই প্রায় সম্পূর্ণ বলকান-দেশই ছিল গ্রিসের অধীন। তারপর বাইজান্টাইন বা রোমান, তারপর ওটোমান অর্থাৎ ইসলাম, তারপর আরব-মহাবিদ্রোহের কারণে হাজার বছরের ঐতিহ্যশালী ওটোমান-সাম্রাজ্য বা পৃথিবীর শেষ রাজতান্ত্রিক সাম্রাজ্যটির পতন ঘটলে সেই যে গৃহযুদ্ধের সূচনা ঘটল, মার্শাল জোসেফ ব্রোজ টিটোর সবল-একত্রীকরণ বা য়ূগোস্লাভিয়ার গঠনেও তা শান্ত হয়নি। উপরন্তু একের পর এক গৃহযুদ্ধে দেশছাড়া হতে হয়েছে কখনো সার্বদের, কখনো বা বসনিয়ার মানুষকে, কখনো বা শুধু ‘গ্রিক’ না বলে ‘স্লাভ’ বলার অপরাধে স্লাভ-বলা গ্রিক এবং মাসিদোনিয়ার হাজার হাজার মানুষকে। আরব-মহাবিদ্রোহ এবং বলকান-দেশগুলোর স্বাধীনতা পাওয়া, সেইসঙ্গে আধুনিক কূটনীতির প্রবেশে মুসোলিনির গ্রিক ভাবশিষ্য মেটাক্সাসের শাসন, এবং তাঁর শাসনকলাকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করে লাগাতার কমিউনিস্ট আন্দোলনে যে বিপুল জনক্ষয়, বিশ্বযুদ্ধের পরেকার ইতিহাসে ইয়োরোপের অনেক পিছিয়ে থাকা ভূমিখণ্ডের মতো বলকান-দেশের ভাগ্যাকাশেও শেষ পর্যন্ত লিখিত ছিল সোভিয়েত-প্রযুক্ত একটি স্ব-শাসন, এবং অতি আবশ্যিক এক ‘সমাজতন্ত্র’ যা আন্তর্জাতিক মহলে বিশেষত্ব দাবি করলেও গৃহযুদ্ধ প্রশমনে ছিল সম্পূর্ণ ব্যর্থ।
সেই ভূখণ্ডের কথাসাহিত্যিক আলবানিয়ার ইসমাইল কাদারে। যার উপন্যাসে রয়েছে সেই খোঁজ বা আত্ম-অনুসন্ধান, যা বিশ্বযুদ্ধ-পরেকার ইয়োরোপের ঔপন্যাসিকদের রচনাতে বহুলাংশে দেখা গিয়েছে। মানচিত্রের বদল, সেইসঙ্গে মানুষের অস্তিত্বের বদল। নতুন দেশ, নতুন আত্ম-পরিচয়। শরণার্থী হয়ে আমেরিকা কিংবা অন্য কোথাও পাড়ি জমানো, সেইসঙ্গে সেসব দেশে নিজের অস্তিত্বের নতুন একপ্রস্থ খোঁজ। বিশ্বযুদ্ধ-পরেকার জার্মান ঔপন্যাসিক সিগফ্রিড লেনৎস এবং গুন্টার গ্রাস, মিশরের নগিব মাহফুজ, চেক-দেশের মিলান কুন্দেরা, ইতালির ইতালো কালভিনো, গ্রিসের নিকো কাজানসাকিস, এঁদের প্রত্যেকের লেখায় কমবেশি যুদ্ধ-পরবর্তী আধুনিক ইয়োরোপের সবচাইতে গুরুতর সমস্যাটি, অর্থাৎ স্বদেশ এবং স্বজনচ্যুত মানুষের অস্তিত্বের খোঁজ প্রাধান্য পেলেও, বলকান-দেশের দুই লেখক গ্রিসের কাজানসাকিস এবং আলবানিয়ার কাদারের লেখার সাধারণ বিশেষত্ব যেন— স্বদেশে নির্বাসন। সেইসঙ্গে নির্বাসনকালে আপন দেশকে নির্বাসিতের চোখে দেখা। যে দেখায় রয়েছে স্পষ্ট আত্মাভিমান, আপন দেশকে সহস্রাধিক বছরের পুরনো পরাধীনতার আলোকে বারংবার বিশ্লেষণ এবং ধনসম্পদ ও মানবসম্পদের ক্ষয়ের খতিয়ান। কাজান্তজাকিস তাঁর বিখ্যাত ‘জোরবা দ্য গ্রিক’ উপন্যাসে লিখেছিলেন— ‘কখনো রোমান, কখনো বা ওটোমান, লুট করে গেছে এই দেশ।’ আর কাদারে সরাসরি লিখছেন— ‘আমাদের প্রেম, সুধা, স্মৃতি, নারী, রোমানদের ছিল। সোনা, রূপো, জহরত নিল ওটোমানরা, লড়াকু ছেলেদেরকে নিল কমিউনিস্টরা, আর বিপুল লৌহ আকরিক, খনিজ তেলের ভাণ্ডার, সব নিয়ে নিচ্ছে সোভিয়েতরা। আমরা একটা পিরামিড ধরে রেখেছি এখনও, ভেতরটা যার ফাঁপা।’ (দ্য পিরামিড, ১৯৯২)।
‘আর অজস্র ভারী ধাতুর মতো ভর্তি স্মৃতি’— তিনি দেখেছেন লৌহ-আকরিক বোঝাই মালগাড়ি ধীর গতিতে এগিয়ে চলেছে নব্যগঠিত য়ুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডের দিকে। সেখান থেকে অমূল্য সেই ধাতুসম্পদ একদিন পৌঁছবে সোভিয়েত রাশিয়ায়। হাঙ্গারির মতো আলবানিয়াও রাজনৈতিকভাবে বাধ্য ছিল দেশে উৎপাদিত প্রথম শ্রেণির খনিজসম্পদ সোভিয়েত রাশিয়ার হাতে তুলে দিতে, বদলে সোভিয়েত-শাসনধন্য কোনো একটি পূর্ব-ইয়োরোপীয় রাষ্ট্র থেকে অপেক্ষাকৃত নিম্নমানের খনিজ কিনতে। ‘কূটনৈতিক পরাধীনতা’ বা বৃহৎ কোনো ক্ষমতার ছায়ায় বেঁচে থেকে একদিন একটি স্বতন্ত্র অস্তিত্ব গড়ে তোলা, বিশ্বের ইতিহাসে নতুন কিছু নয়। কিন্তু সাহিত্যের ইতিহাসে দেখা গিয়েছে, এহেন স্তব্ধ বা কূটনৈতিকভাবে দীর্ঘকাল পরাধীন থেকে যাওয়া দেশের সাহিত্যে-কবিতায় যে বিষাদ ধরা পড়ে সেটি সমকালীন নয় যেন, বরং বীজটি সহস্রাব্দকালের পুরনো। এই কারণে, ইসমাইল কাদারের সমকালীন যে অল্প কয়েকজন সাহিত্যিক আজও রয়েছেন ইয়োরোপে, তাঁদের লেখনীতে যুদ্ধ-পরবর্তী সন্তাপ এবং যাবতীয় ঐতিহাসিক ভুলের প্রায়শ্চিত্ত প্রভূত পরিমাণে লক্ষিত হলেও, কাদারের লেখায় সেই ঐতিহাসিক প্রায়শ্চিত্তের অবকাশ নেই। বরং তাঁর মন সংশয়, সন্দেহ, আর প্রাচীন এক অভিমানে ভারাক্রান্ত। যে অভিমান তাঁকে যেন আপন দেশেই নির্বাসিত করে রেখেছিল সেই বয়ঃসন্ধির দিনগুলো থেকে।
বিশ্বজগতের সচলতার সঙ্গে নির্বাক সংলাপের জন্মও সেই থেকে। আধুনিকতার সঙ্গেও আলাপ শুরু। শুধু কাদারের একার নয়, তাঁর দেশ আলবানিয়ারও। তিনি চিরকাল নিজেকে আপন দেশে নির্বাসিত মনে করতেন। ঐতিহাসিকভাবে প্রায়শ্চিত্তহীন হৃদয়ের কোনো দুর্বলতা কিংবা অভিমানে ‘বাইরের জগত’ তাঁর জন্য বাইরেই রয়ে গিয়েছে। সেই জগতের সঙ্গে ধীরে ধীরে সংযোগ ঘটেছে আলবানিয়ার মানুষের শরণার্থী হয়ে ভিনদেশে পাড়ি দেওয়ার পর, তার আগে কদাপি নয়। ‘আলবানিয়ার সলসিনিয়েৎসিন’ বলে সোভিয়েত-বিরোধীরা তাঁকে আখ্যায়িত করলেও তিনি ছিলেন সেই দুঃসাহসিক স্রষ্টা, যিনি সেনাপতি হোখা’র শাসনকালেই একের পর এক রাজনৈতিক মতামত-সমৃদ্ধ উপন্যাস লিখতে থাকেন এবং সেগুলো প্রকাশও পেতে থাকে জনসমক্ষে। সলসিনিয়েৎসিনের রচনাবলীকে প্রকাশ পেতে স্নায়ুর লড়াই লড়তে হয়েছিল স্তালিনের সঙ্গে, কিন্তু হোখা’র উদারতা বা তাঁর সাহিত্য-চেতনায় ইসমাইল কাদারে নামের শক্তিশালী লেখকটি নেহাতই ‘রাজনৈতিক বিনোদনকারী’ ছিলেন হয়ত বা, না হলে তাঁর একটি উপন্যাসও সেনাপতি হোখা’র শাসনে প্রকাশিত হওয়ার কথা নয়।
তবে কী কোনো ধরনের আপোসকে মেনে নিতে হয়েছিল তাঁকে? ১৯৯২ সালে প্রকাশিত ‘দ্য পিরামিড’ উপন্যাসের গঠন অত্যন্ত জটিল, যার সময়কালকে ২৬০০ খ্রিস্টপূর্ব সময়ে নিয়ে গেলেন কাদারে। সেই সময়, যখনও মানুষের মনে জ্যামিতির ধারণা স্বচ্ছ হয়নি। কোনো গড়নকেই অতিরিক্ত জটিল চোখে দেখা অভ্যাস করেনি মানুষ। অথচ সে আপ্রাণ চেষ্টা করে চলেছে নিখুঁত জ্যামিতি আর প্রযুক্তির সাহায্যে আশ্চর্য অথচ অতিসরল এক কারিগরি-গঠন তৈরি করতে, যার আকৃতি হবে মানুষের সবরকম বিশালতার ধারণার বাইরে। এতটাই বড়ো যে, লোকালয়ের থেকে অনেকটা দূরে, মরুভূমিতে তাকে গড়া হবে। সেই সুবিশাল জ্যামিতিক গড়ন হবে সময়ের সঙ্গে অপরিবর্তনীয় এবং ক্ষয়হীন। সেই থেকে জীবনের গঠন, তার কার্যকারিতা, এবং অমরত্ব আর নশ্বরতার প্রতি মানুষের আকর্ষণের শুরু, সঙ্গে সভ্যতারও অগ্রগতির সূচনা। সেই পথ ধরে এগোতে এগোতে আজ তবে কোন অবিনশ্বর মানুষটির মূর্তি শহরে সকলের আগে বসাবেন সেনাপতি হোখা? কমিউনিস্ট নায়ক মার্শাল টিটোর? নাকি টিটোর রাজনৈতিক-প্রেরণা জোসেফ স্তালিনের? কিন্তু ততদিনে টিটো আর স্তালিনের মধ্যে মতান্তর এবং মনান্তর ঘটে গিয়েছে। আদর্শনেতা এখন তবে কে? কে প্রকৃত সর্বেসর্বা? তিনি নিজে? নাকি টিটো কিংবা স্তালিন? তাঁর প্রকৃত অবস্থানটি আজ কোথায়? তাঁর আলবানিয়া? নাকি টিটোর য়ুগোস্লাভিয়া, নাকি সুপ্রিম প্রেমিয়ার স্তালিনের সোভিয়েত ইউনিয়ন?
কাদারের মতে, সভ্যতার সবগুলো স্তর আজও একইরকম সহনীয়, অথচ ভারী। পিরামিডের একেকটি বিচ্ছিন্ন প্রস্তরখণ্ডের মতোই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। একটি মাত্র প্রস্তরখণ্ডের অতি সামান্য একটু বিচ্যুতিতে মূল গঠনে বিকার দেখা দিতে পারে। রাষ্ট্রনায়ক সেনাপতি হোখার একচ্ছত্রবাদী আধিপত্য আর অমরত্বের প্রতি তাঁর গভীর আকর্ষণকে সাধারণ তির্যকভাবে নয়, পিরামিডের মতোই স্তরে স্তরে এঁকে রেখেছেন কাদারে তাঁর বিভিন্ন উপন্যাসে। লিখেছেন তাঁর স্বদেশ আলবানিয়া, তথা অন্যান্য বলকান-দেশের মানুষের নৈতিক এবং অর্থনৈতিক ক্ষয়ের ইতিহাস। কিন্তু কখনোই সরাসরি নয়। তাই ঔপন্যাসিক ইসমাইল কাদারে হয়তো একটু বেশিরকমেরই জটিল তাঁর আপন সময়ের নিরিখে, দায়বদ্ধতার নিরিখে। তাঁর উপন্যাস কখনো কাহিনিবিহীন তো পরক্ষণে নাটকীয়তার আড়ম্বর ঘটে যায়, উদ্ভট সব চরিত্রের আনাগোনা প্রতিটি উপন্যাসে, এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সবিনয়ে তিনি জানিয়েছিলেন— ‘আমার কথা আমাকে বলে যেতেই হবে। তার জন্য যতরকমের ভণিতা, যত বিচিত্র সব রূপক, কি অপ্রাসঙ্গিকতার আয়োজন হোক না কেন, গ্রহণে আপত্তি নেই আমার।’ তখন ২০০৫ সাল। ‘ম্যান বুকার’ পুরস্কারে সম্মানিত হলেন তিনি। অনেককাল হল সেনাপতি হোখা নেই। তিনি নিজেও ফ্রান্সে বহুকাল নির্বাসিত, যে নির্বাসনের জন্যে তিনি মনে মনে প্রস্তুত ছিলেন উপন্যাস ‘দ্য জেনারেল অফ দ্য ডেড আর্মি’ (১৯৬৩) লেখার পর থেকেই।
এটি ছিল তাঁর প্রথম উপন্যাস। নিজের দেশকে দেখিয়েছিলেন বিদেশীর চোখ দিয়ে। যুদ্ধ-বিধ্বস্ত বলকান দেশগুলোকে প্রকৃত অর্থে ঠিক কেমন চোখে দেখতে ভালবাসতো মূল-ভূমি ইয়োরোপের মানুষজন। বিশ্বযুদ্ধের সময়কার মুসোলিনির ইতালি থেকে একবার একদল সেনা এসেছিল আলবানিয়ায়। যুদ্ধে মারা যায় সম্পূর্ণ দলটাই। তাদেরকে স্থানীয় পাহাড়ে কবর দেওয়া হয়েছিল। যুদ্ধের অনেক বছর পর, এক তরুণ ইতালীয় সেনাপতি এসে হাজির হলেন আলবানিয়ায়, মৃত সেনাদের দেহগুলোকে দেশে ফেরত নিয়ে যেতে, ওখানে ওদের সরকারি-মর্যাদায় নতুন করে অন্ত্যেষ্টি করা হবে। মাটি খুঁড়ে বেরোতে লাগল একের পর এক কঙ্কাল। তরুণ সেনাপতি বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। সত্যিই কি এতো সেনা মারা গিয়েছিল সেবার যুদ্ধে? নাকি এখানে অনেকেই আসলে আলবানিয়ার সেনা? কী করে ফারাক করবেন তিনি মৃত ফ্যাসি-সেনা আর আলবানিয়ার সেনার কঙ্কাল দেখে? নিশ্চয়ই কিছু না কিছু বিশিষ্টতা নজরে আসতে পারে দুই দেশের কঙ্কালের দেহে, বা অঙ্গ-প্রত্যঙ্গে? তিনি স্থানীয় আলবানিয়ার মানুষের সঙ্গে মেলামেশা শুরু করেন। এক স্থানীয় তরুণীর সঙ্গে প্রেমও হয় তার। ভালো লেগে যায় আলবানিয়া। মনে হয়, দেশটি আসলে সুখশান্তির দেশ। তার আরও মনে হয়, এই যে এত কঙ্কাল শুয়ে রয়েছে, যারা একসময়ে তার দেশ ইতালি থেকে এসেছিল এদেশে শুধু যুদ্ধ করতে, তারাও নিশ্চয়ই তবে সুখেই আছে এখন। তবে তাদের ফেরত নিয়ে যাওয়ার কী প্রয়োজন? তবুও তিনি বিরাট এক দায়িত্ব নিয়েই এসেছেন, মৃত সৈনিকের স্তুপের দিকে তাকিয়ে একদিন এক সকালে তাই বলে উঠেছিলেন, ‘অ্যাটেনশন! তোমরা সকলে আমার কথা শোনো। আমিই তোমাদের অধিনায়ক। এখনই ঘুম থেকে ওঠো সকলে। তোমাদেরকে ইতালিতে ফিরিয়ে নিয়ে যেতে আমি এসেছি। ওঠো এখনই!’
বলা বাহুল্য, মৃত সৈনিকদের একজনও সাড়া দেয়নি তাঁর ডাকে। কিন্তু সেই প্রথম পাঠকসমাজ আলবানিয়াকে অবলোকন করল সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণে। অর্থাৎ দেশের বাইরের কারও চোখে নিজের দেশকে নতুন করে দেখালেন তিনি। এর পরেকার তাঁর প্রায় সব উপন্যাসের ভিত্তি আধুনিক বলকান-জাতিগুচ্ছ, তাদের সুখ-দুঃখ, শান্তি-স্বস্ত্যয়ন, যার উৎসে রয়ে গিয়েছে দীর্ঘকালীন বাইজান্টাইন-শাসন, তারপর ওটোমান-শাসন। সময়ের সঙ্গে সঙ্গে ধর্ম এবং সাম্রাজ্যের গুরুত্বের একদিন অবসান হলে, আধুনিক পৃথিবীতে তখন একটিই কৌম-পরিচয়— স্লাভ। হিটলার বলতেন— পশ্চিমের স্লাভ। গ্রিক ছাড়া এই ভূখণ্ড থেকে সকল স্লাভকে তাড়াব— বলতেন মেটাক্সাস। হোকা বলতেন— যা কিছু করছি, সবই স্লাভদের জন্য। রাজনীতির এত বিচিত্র টানাপোড়েনে ওষ্ঠাগত প্রাণ নিয়ে বেঁচে থাকা বসনিয়া, ক্রোয়েশিয়া, আলবানিয়া, সার্বিয়া, ম্যাসিডোনিয়া, এসব দেশের মানুষগুলোর নৈতিক অস্তিত্ব স্লাভ কিংবা ক্রোট হলেও, খ্রিস্টান-মুসলমানের জাতিদাঙ্গায় বিধ্বস্ত দেশগুলোর সাধারণ দিনচিত্র এবং জীবনচিত্র পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে উঠেছে তাঁর উপন্যসে। গ্রিক চলচ্চিত্র পরিচালক থেও আঞ্জেলোপাওলোসের কিছু ছবি ছাড়া আর কোনো মহান শিল্পকর্ম তাঁর সাহিত্যকীর্তির সঙ্গে তুলনীয় হতে পারে না এই পরিপ্রেক্ষিতে। ‘দ্য ব্রোকেন এপ্রিল’ উপন্যাসে, তরুণসমাজ চাইছে সেনাবাহিনী কিংবা পুলিশের গুলিতে মারা যেতে, তবে পুরো পরিবারের দায়িত্ব নিয়ে নেবে সরকার। দারিদ্র্যের কিছুমাত্র দূর যদি হয় তাতে।
কাদারে বিশ্বাস করতেন, ইতিহাসও একটি সুনির্দিষ্ট জ্যামিতি মেনে চলে। যার সাম্যতা-প্রতিসাম্যতা নান্দনিক। তাঁর কথিত ‘জ্যামিতিক গড়ন’ সারল্যের স্বাভাবিক অনুসারী হয়েও ‘সকালে গির্জার ঘণ্টাধ্বনি’ আর ‘গোধূলিতে মুয়াজ্জিনের আজানের সুর’ ঐতিহাসিক সহাবস্থানকে মনে করায়। পাশাপাশি বাইজান্টাইন-স্থাপত্যের উঁচু গির্জা আর ওটোমান-স্থাপত্যের মসজিদ রয়েছে কাদারের শৈশবের শহর গিজরকাস্তোরে। শুধু তাঁর জন্ম-শহর নয়, সমগ্র বলকান দেশ একই চিত্রকল্পে আজও বিনত। এই সহিষ্ণুতা এবং সংবেদনশীলতা যে মিশ্র সংস্কৃতির জন্ম দেয় সাহিত্যে, তাতে প্রান্তীয় জনমানুষের চাইতে বেশি স্থান নেয় নগরকেন্দ্রিকতা। অর্থাৎ একটি নাগরিক জীবনের উৎস এবং বর্তমানকে বারংবার যাচাই করা হয় ইতিহাসের সামনে। সাম্রাজ্যের পর আরও একটি নতুন সাম্রাজ্য, নতুন রাজা, নতুন রাজধর্ম। মানুষের নাগরিক-অস্তিত্বের নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা যেন। সেই কারণে হয়তো ইসমাইল কাদারে, কিংবা তাঁর সমসাময়িক মিশরের নগিব মাহফুজ এবং তুরস্কের কথাসাহিত্যিক ওরহান পামুকের সবগুলো উপন্যাসের বিন্যাস সম্পূর্ণ নগরকেন্দ্রিক। মাহফুজের রচনায় মিশরের আদি-ধর্ম হয়ে গ্রিক (হেলেনিয়), রোমান, জরাথুস্ত্রিয়, ইসলাম, ফরাসি, এবং স্বল্পকালের ব্রিটিশ-শাসনে যে স্বয়ংসম্পূর্ণ ‘কায়রো’ চিত্রিত হয় সেটি পারস্পরিক অস্তিত্বের সহিষ্ণুতা আর সাম্রাজ্যচেতনার দীর্ঘ ইতিহাস যেন। আজকের আরব-সংস্কৃতির কায়রোর অলিতে-গলিতে মাহফুজ খুঁজে বেড়ান প্রাচীন মিশরের সুন্দরী দেবী ইসিকে, আবেস্তানি-বলা বৃদ্ধ কোনও পুষ্প-ব্যবসায়ীকে, বা আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারে অধ্যায়নরত তরুণ বৌদ্ধ ভিক্ষুকে। সেরকমই পামুকের ‘ইস্তানবুল’ শহরে প্রাচ্য-প্রতীচ্যের চিরকালীন সম্মিলন। কাদারে কথিত সারাজেভো, নোভিসাদ, দানিয়ুবের দুপাড় ধরে প্রাচীন সব শহর, এরা সকলেই এমন সব অসংখ্য সংবেদনশীল চিহ্ন বুকে ধারণ করে ইতিহাসের সেই নির্দিষ্টতা বা ধ্রুবতাকে নির্দেশিত করছে। পামুকের উপন্যাসে মুস্তাফা কেমালের বিরোধী গুপ্ত নাট্যদলে অচেনা কোনো বুলগারিয়ার সুন্দরী যেমন অক্লেশে মানিয়ে নিতে পারেন, কাদারের উপন্যাসের পাতায় তেমনি ধরা দেন ইতালি থেকে পালিয়ে আসা মুসোলিনি-বিরোধী এক সাংবাদিক যে আবার মাদকের চোরা-চালানে যুক্ত। কিংবা কোমল স্বভাবের এক মুসলিম যুবক যে নিজেকে ‘অ্যানার্কিস্ট’ বলে পরিচিত করাতে ভালবাসতো, তার একবার এক পুরনো চার্চের ভেতরকার অন্ধকারে হারিয়ে যাওয়ার উপক্রম ঘটল। কিংবা এক তরুণ ছাত্র একবার এক বৃদ্ধা ধূপ-বিক্রেতার প্রেমে পড়ল যার পূর্বপুরুষ ওটোমান-হারেমে সুগন্ধির যোগান দিত, মধ্যযুগীয় নোভিসাদ থেকে তার মাকে অনেককাল আগে হারেমে আনানো হয়েছিল। এই কাহিনির চলমানতায় বলকান-ওটোমান কৃষ্টির পাশেপাশে সুরভিত হয়ে ওঠে ওটোমান-যুগে সুগন্ধি আর রাজসিক রূপটানের প্রাচীন ইতিহাস।
তথাপি ইসমাইল কাদারের কথন সমকালীন ইয়োরোপীয় ঔপন্যাসিকদের মতো নয়। সিগফ্রিড লেনৎস-এর ফ্যাসিযুগের স্মৃতি তাঁর লেখায় নেই, গুন্টার গ্রাসের অহং এবং প্রত্যয় নেই তাঁর, মিলান কুন্দেরার অতি তির্যক শ্লেষ আর তাচ্ছিল্যকেও পরিহার করেছেন তিনি অধিকাংশ ক্ষেত্রেই, তবে তাঁর লেখনীতে স্পষ্ট হয়েছে এক বিরামহীন সংশয় এবং অস্তিত্বহীনতার বোধ। কিছু একটা হারিয়ে ফেলার ভয়— সেটিই হয়তো কাদারের আধ্যাত্মিক এক নিজস্ব বিশ্ব। যেখানে মানুষ ক্রমেই নত হয় সময়ের সামনে, বড়ো কিছুর সামনে, যা তার চোখে আজও শাশ্বত, এবং ঈশ্বরের সামনে। ‘দ্য পিরামিড’ উপন্যাসে প্রকৃতপক্ষে সেরকমই এক দুর্ভেদ্য আধ্যাত্মিকতার জাল বিস্তার করেন তিনি। পরিণত কাদারে নিজেই যেন এক অলৌকিক অধিষ্ঠান হয়ে ওঠেন, যেখানে হাজার বছরের ইতিহাস এবং মানব স্মৃতি সংরক্ষিত রয়েছে। যেখানে গিয়ে পৌঁছোলে একদিন নিজের পূর্বতন পুরুষদের সাক্ষাত পাওয়া যাবে। অতীতের ভুলত্রুটিগুলো নিয়ে হতে পারে নতুন বিচার কিংবা বিশ্লেষণ, যে ভুলগুলো হয়তো বা পরের প্রজন্ম আর নাও করতে পারে।
জুলাই-২০২৪
