২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহনজিন ১৮ – ল্যাবে শিক্ষক ও ছাত্রদের দায়িত্ব

জাপানে তখন সব বাড়িতে স্নানের ব্যবস্থা ছিল না, তা সারতে হতো গণস্নানাগারে, পয়সা খরচ করে। এই নিয়ে ছাত্রদের যেন সময় ও পয়সার অপচয় না হয়, কিয়োতো ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ছিল যে কোনো সময়ে ব্যবহারের স্নানাগার। ছাত্ররা যেন শিক্ষাঙ্গণের পরিবেশেই অধিকাংশ সময় কাটাতে পারে তেমন ব্যবস্থাই করে রেখেছে কর্তৃপক্ষ।

আশরাফ আহমেদ

Published : 08 Oct 2025, 11:45 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

ল্যাবে শিক্ষকের দায়িত্ব ছাত্রদের শিক্ষাদান করা আর ছাত্রদের দায়িত্ব শিক্ষাগ্রহণ করা। এই বাক্যটির মাঝে আশ্চর্য হবার কিছু নেই,নেই কোনো নতুনত্বও। বাংলাদেশে নিজেই আমি ছাত্র যেমন ছিলাম, পরবর্তীতে শিক্ষক হিসেবে সঠিক দায়িত্ব পালন করেও নিজেকে বাহবা দিয়েছি। কিন্তু জাপানে যাবার আগে ছাত্র ও শিক্ষকের নিজ নিজ দায়িত্ব পালনের গভীরতা যে কি, সে সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না।

আগে সেন্সেয়, গুরু বা ওস্তাদ অধ্যায়ে যেমন বলেছি বিশ্ববিদলয়ের ল্যাবে একজন অধ্যাপক ছাড়াও শিক্ষক হিসেবে সহকারী বা সহযোগী অধ্যাপক এবং জোসু বা প্রভাষক থাকেন। আর থাকে কুড়ি বা ততোধিক ছাত্র।

কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ফুকুই-ল্যাব এবং সোদা-ল্যাবে মূলতঃ চার স্তরের ছাত্র ছিল। সবচেয়ে নিচের ছত্ররা ছিল স্নাতক শেষ বর্ষের, তাঁরা পরিচিত ছিল গাকসেই বা ছাত্র হিসেবে। ভবিষ্যতে উচ্চতর শিক্ষা ও গবেষণায় আগ্রহী ছাত্রদের মেধা পরীক্ষা করে অধ্যাপকগণ স্ব স্ব ল্যাবে গবেষণা পদ্ধতি শিখতে তাদের সুযোগ করে দিতেন। এরা একজন ‘স্যুসিই-কাতেইই-নো-গাকসেই’ বা মাস্টার’স পর্যায়ের ছাত্র থেকে প্রাত্যহিক শিক্ষা নিতো।

স্নাতকোত্তীর্ণ ছাত্ররা একটি পরীক্ষা দিয়ে মাস্টার্স শিক্ষাক্রমে ভর্তি এবং একজন অধ্যাপকের সম্মতিক্রমে তাঁর ল্যাবে গবেষণা করার সুযোগ পেতো। কয়েকজন ছাত্রকে দেখেছি শিক্ষানবীশ হিসাবে বৎসরাধিককাল সোদা-ল্যাবে কাটানোর পরও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ অথবা উচ্চতর গবেষণার জন্য সোদা সেন্সেয়র অনুমতি লাভে ব্যর্থ হয়েছে। তাঁরা যে কোনো কারণে অধ্যাপকের বিরাগভাজন হয়েছিলেন তা মোটেও কিন্তু নয়। ‘স্যুসিই-কাতেইই-নো-গাকসেই’ দুই বৎসর ধরে একজন ‘হাকুসেই-কাতেই-নো-গাকুসেই’ বা পিএইচডি পর্যায়ের ছাত্রের অধীনে গবেষণা করে থাকে। 

মাস্টার্স শেষ করার পর অধিকাংশ ছাত্রই কোনো কোম্পানিতে চাকুরি নিয়ে চলে যায়। অনেক কোম্পানি অধ্যাপকের সাথে করা চুক্তির বলে তাদের স্নাতক পাশ করা চাকুরেদের গবেষণা শিখতে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। বিনিময়ে কোম্পানিটি অধ্যাপকের ল্যাবে অর্থ, যন্ত্রপাতি বা গবেষণার কাচামাল দিয়ে সহায়তা করে থাকে। এই ছাত্ররা খাইসা-ইন বা কোম্পানির চাকুরে নামে পরিচিত। এই ছাত্রদের সম্ভবতঃ কোনো ভর্তি পরীক্ষা দিতে হতো না। এরা ‘হাকুসেই-কাতেই-নো-গাকুসেই’ বা জসুর অধীনে তাদের গবেষণা চালিয়ে যায়। এরকম অন্ততঃ তিনজন খাইসা-ইন ছাত্রের সাথে আমার গভীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁরা ছিলেন ফুকুই ল্যাবের মিস্টার ওমাতা,এবং সোদা-ল্যাবের মিস্টার কিমুরা ও মিস্টার মতোসুগি।

পিএইচডি শ্রেণিতে ভর্তির জন্য কোনো পরীক্ষা দিতে হতো কিনা আমার ঠিক মনে নেই। তবে এই সুযোগ যে কেউ যে পায় না তা হলপ করে বলতে পারি। ১৯৮০ সালের এপ্রিলে আমি ভর্তি হবার পর ল্যাবে একজন মাত্র পিএইচডি ছাত্র ছিলেন। আমার থেকে কয়েক বছর আগে শুরু করে মিস্টার তানিগুচি নামের এক ছাত্র পিএইচডি গবেষণা করে যাচ্ছিলেন। কিন্তু আমার প্রায় সাড়ে তিন বছর সেখানে কাটানো পর্যন্ত তিনি ডিগ্রি অর্জনের মতো গবেষণা সমাপ্ত করতে পারেননি। আমার সাথে আরেকজন জাপানি ছাত্র মিস্টার আসাদা শুরু করেছিলেন। আমার পরের দুই বছর তিনজন ছাত্র, মিস্টার ইয়োশিমুরা, মিস্টার শিনজি নাগাতা ও মিস্টার শিনজি ইনাগাকি পিএইচডি ছাত্র হয়ে ঢুকেছিলেন। তাঁদের কেউ কেউ মাস্টার্স থেকে পিএইচডি ছাত্রত্বে উন্নীত হয়েছিলেন। মাস্টার্স শ্রেণির ছাত্ররা হয় তাঁদের মাস্টার্স গবেষণাকেই এগিয়ে যেতেন, অথবা নূতন কোনো বৈজ্ঞানিক সমস্যা সমাধানে লেগে পড়তেন। আমি যেহেতু সরাসরি পিএইচডিতে ভর্তি হয়েছিলাম, আমাকে নূতন একটি সমস্যা নিয়েই গবেষণা শুরু করতে হয়েছিল।

যে চার শ্রেণির ছাত্রের কথা বলা হলো, এঁদের প্রত্যেকেই সকাল সাতটা থেকে নয়টার মাঝে ল্যাবে চলে এসে যে যার কাজে লেগে পড়তো। ঘরের মাঝ বরাবর কয়েক সারিতে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা-নিরীক্ষার ডেস্ক। সেখানে কেবিনেটসহ প্রত্যেকের জন্য আলাদা স্থান নির্দিষ্ট করা আছে। পড়াশোনার জন্য বিশাল ল্যাব কক্ষটির দেয়াল ঘেঁষে প্রত্যেকের জন্য আলাদা টেবিল ও চেয়ার ছিল। সারাদিন গভীর মনযোগ দিয়ে পড়া, লেখা বা কাজ করার পর সন্ধ্যা নাগাদ লোকজন ঘরে ফিরতে শুরু করতো। বিকালের দিকে ক্যাফেটারিয়ায় সন্ধ্যার খাবার শেষ করে পিএইচডি ও কিছু কোম্পানির চাকুরে ল্যাবে কাজ করে রাত দশটা-এগারোটার শেষ ট্রেন ধরে ঘরে ফিরতো। কেউ কেউ সারারাত ল্যাবেই কাটিয়ে দিতো। প্রয়োজনে ভাঁজ করে রাখা যায় ল্যাবের তেমন একটি বিছানায় কয়েক ঘণ্টা ঘুমিয়ে নিলেই হলো। গবেষণার প্রয়োজনে আমিও ঘুমিয়েছি সেই বিছানায়, রাতের পর রাত, পুরো দালানে একা একা। ফুকুই-ল্যাবের এক ছাত্র দিনের বেশির ভাগই ল্যাবে থাকতেন না, কিন্তু সারারাত একা একা ল্যাবে কাজ করতেন।

ল্যাবের নিজস্ব লাইব্রেরি ছাড়াও ইন্সটিটিউটের প্রধান লাইব্রেরিটিও খোলা থাকতো সারারাত। সারা দিনরাত তো আর একনাগাড়ে কাজ বা পড়াশোনা করে কাটানো যায় না। মাঝে মাঝে ঘুম, বিনোদন ও শরীর চর্চাও করতে হয়। শরীর ও মন ঠিক রাখতে ল্যাবের নিকটেই ছিল টেবিল টেনিস, টেনিস ও ব্যাটমিন্টন খেলার ব্যবস্থা। জাপানে তখন সব বাড়িতে স্নানের ব্যবস্থা ছিল না, তা সারতে হতো গণস্নানাগারে, পয়সা খরচ করে। এই নিয়ে ছাত্রদের যেন সময় ও পয়সার অপচয় না হয়, কিয়োতো ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ছিল যে কোনো সময়ে ব্যবহারের স্নানাগার। ছাত্ররা যেন শিক্ষাঙ্গণের পরিবেশেই অধিকাংশ সময় কাটাতে পারে তেমন ব্যবস্থাই করে রেখেছে কর্তৃপক্ষ।  ছাত্ররা সেই সুযোগটি গ্রহণ করতো পুরোপুরি। এ ছাড়া কোনো কোনো দিন ল্যাবের কয়েকজন মিলে শহরের কয়েক মাইল নির্ধারিত পথে লম্বা দৌড় প্রতিযোগিতা হতো। আমি কখনোই তা শেষ করতে পারতাম না, শেষের দিকে হেঁটে হেঁটে সবার শেষে ল্যাবে ফিরে আসতাম।  

অধিকাংশের বেলায় সৎ হলেও সব ছাত্রই যে একই রকম নিষ্ঠাবান ছিল তা হয়তো বলা যাবে না।  একজন ছাত্রকে কিছুটা ফাঁকিবাজ মনে হতো। সে ল্যাবে আসতো দেরি করে, চলেও যেতো তাড়াতাড়ি। আমি সারারাত কাটানোর সময় মাঝে মাঝে লক্ষ করেছি রাতের কোনো সময় পরদিনের তারিখ দিয়ে সে তাঁর ল্যাব নোটবইটি অধ্যাপক সোদার ঘরের সোফায় রেখে দিয়ে উধাও হয়ে যেতো। সোদা সেনসেয় সকালে এসে যেন মনে করেন ছাত্রটি সারারাত কাজ করতে করতে শ্রান্ত হয়ে এই সোফায় কিছুক্ষণ ঘুমিয়ে এইমাত্র ঘরে ফিরে গেছে। এই ফাঁকিবাজির জন্য ছাত্রটিকে আমি পছন্দ করতাম না। অধ্যাপকও হয়তো তা বুঝতে পারতেন। এই কারণে কিনা জানি না, ছাত্রটি পিএইচডি করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল।

নিজের গবেষণার কাজ করা ছাড়াও অধ্যাপক, সহকারী অধ্যাপক ও জোসুদের উপস্থিতিতে ছাত্রদের সপ্তাহে দুইটি সেমিনারে অংশগ্রহণ করতে হতো। দুই থেকে তিনজন ছাত্র সবার মাঝে ডাটাসহ তার গবেষণার ফলাফল সবার মাঝে বিতরণ করে তা নিয়ে আলোচনা করতো। তাতে কোনো ভুল বা ত্রুটি থাকলে শ্রোতারা ধরিয়ে দিতেন বা ভালো কোনো পরামর্শ দিতেন। সপ্তাহের অন্য দিনটি বরাদ্দ থাকতো দেশি বা বিদেশি জার্ণালে নূতন-প্রকাশিত কোনো প্রবন্ধের চুলচেরা আলোচনায়। একজন ছাত্র তাঁর নিজ পছন্দের গবেষণা প্রবন্ধটি ভালো করে পড়ে এবং হৃদয়াঙ্গম করে প্রবন্ধটির কপি সবার মাঝে আগের সন্ধ্যায়ই বিতরণ করে দিতেন। পরদিন সেমিনারে সেটি পড়ে পড়ে সবাইকে বুঝিয়ে দিতেন। প্রবন্ধের কোনো বিষয়ে কিছু অস্পষ্টতা থাকলে আলোচনার মাঝে তা বেরিয়ে আসতো। এই প্রক্রিয়ায় একজনের পরিশ্রমেই প্রবন্ধটি সম্পর্কে সবার সম্যক ধারণা হয়ে যেতো। কাজে যতোই ব্যস্ত থাকুক না কেন, এই সেমিনারগুলোতে অনুপস্থিত থাকার কোনো সুযোগই থাকতো না কারো।

স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে কেউ ল্যাবে অনুপস্থিত থাকলে তা আগেভাগেই সংশ্লিষ্ট জোসু এবং ল্যাব-সেক্রেটারিকে জানিয়ে রাখতে হতো। 

গবেষণার বাইরে আরেকটি কাজ আমাদের শিখতে ও করতে হতো যা আজকালের ছাত্ররা শুনলে হয়তো অবাক হবে। তা হচ্ছে ছবি তোলা ও তা ডেভালাপ করা। গবেষণা-প্রাপ্ত ফলাফল প্রকাশ করার জন্য চিত্রাকারে সেগুলো জার্নালে পাঠাতে অথবা সেমিনারে দেখাতে হতো। যন্ত্রপাতি থেকে উদ্ধার হওয়া চিত্র অথবা প্রাপ্ত ডাটা থেকে আঁকা গ্রাফের ছবি আমাদের তুলতে হতো ল্যাবের বিশেষ ক্যামেরার সাহায্যে। ফিল্মটি নিয়ে আমরা একটা অন্ধকার ঘরে ঢুকতাম। সেখানে কয়েকটি রাসায়নিক পদার্থ ওজন করে পানিতে গলিয়ে ফিল্মটি চুবিয়ে রেখে নেগেটিভ বানাতাম। নেগেটিভ কেটে স্লাইডের ফ্রেমে সেঁটে তা সেমিনারে প্রদর্শনের উপযোগী করে তুলতাম। আর ছবি হিসাবে জার্নালে পাঠানোর প্রয়োজনে নেগেটিভ থেকে ফটোগ্রাফিক কাগজে পজিটিভ বানিয়ে অন্য আরেকটি বানানো দ্রবণে নির্দিষ্ট সময় পর্যন্ত চুবিয়ে রাখতাম। পাওয়ার-পয়েন্ট খ্যাত আজকাল  কম্পিউটার গ্রাফিক্স এর প্রভূত উন্নতির ফলে এই কষ্টকর, সময়ক্ষেপন ও ধৈর্যশীলতা ছবি তোলা ও ডেভালাপের মতো  কাজ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে।     

পড়া ও গবেষণার কাজ স্থগিত রেখে বছরে দুবার আমাদের ল্যাব পরিস্কার করা হতো। নিজ নিজ ডেস্ক তো বটেই, সবাই মিলে উঁচু তাকে রক্ষিত মালামাল পরিষ্কার করা থেকে শুরু করে প্রতিটি ঘরের মেঝে ঝাঁট দিয়ে সাবান পানি দিয়ে ঘষে, ধুয়ে পালিশ করতে হতো। কাঁচের জানালার প্রতিটি ধুয়ে পরিস্কার করাও ছিল আমাদের দায়িত্ব। একটি মোটর চালিত মেশিনে মেঝে পলিশ করার কাজটি ছিল আমার প্রিয়। বলা বাহুল্য, এসব কাজের জন্য কোনো কোনো জমাদার স্থানীয় কর্মচারী ছিল না কোথাও।  

এইতো গেল ছাত্রদের দায়িত্বের কথা। অধ্যাপকের দায়িত্ব সম্পর্কে পূর্বের সেন্সেয়, গুরু বা ওস্তাদ অধ্যায়ে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ক্লাশে সময়ে সময়ে শিক্ষকদের বক্তৃতা দেয়া ছাড়া ল্যাবে সহকারী ও সহযোগী অধ্যাপক এবং জোসুদের অমানুষিক পরিশ্রম করতে দেখেছি। তাঁদের কাজ ও চিন্তা দেখে মনে হয়েছে এই ল্যাবই হচ্ছে তাঁর দেহ-মন-প্রাণ। নিজের সংসার নিয়ে তাঁদের কখনো আলাপ করতে দেখেনি। সারাদিন ধরেই তাঁরা স্ব স্ব ছাত্রদের বিভিন্ন গবেষণা পদ্ধতি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন, অথবা বৈজ্ঞানিক সমস্যা নিয়ে ছাত্রের সাথে গুরুগম্ভীর আলোচনা করছেন। এরপর তাঁর অধীনে ১০-১৫ জন ছাত্রের লেখা গবেষণাপত্র পড়ে সংশোধন করে দিচ্ছেন যেন তাঁর উর্ধতন অধ্যাপক সেটি পড়ে প্রকাশনার ব্যাপারে সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। পিএইচডি ডিগ্রি অর্জন করতে সোদা-ল্যাবের মান বা স্ট্যান্ডার্ডটি ছিল আমেরিকার বিশেষ দুটি জার্ণালের একটিসহ অন্ততঃ পাঁচটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্ণাল সমূহে প্রকাশ করা বা প্রকাশের যোগ্যতা অর্জন করা।  

সোদা সেনসেয় দেশ-বিদেশের আমন্ত্রণে প্রায়ই বিভিন্ন জায়গায় বৈজ্ঞানিক বক্তৃতা দিতে যান। তাঁর বক্তৃতার উপযোগী স্লাইড বানানোর কাজটি করেন জোসু। আর স্লাইড বানানো মানে শুধু লেখাই নয়, ক্যামেরা দিয়ে ছবি তোলা, অন্ধকার ঘরে নেগেটিভ ডেভালাপ করা, এবং সেই নেগেটিভ স্লাইডের ফ্রেমে স্থাপন করা।

আমাদের ল্যাবের নিজস্ব একটি রাসায়নিক পদার্থের গুদাম এবং ব্যাক্টেরিয়া, ছত্রাক বা ইস্ট এবং ফাঙ্গাস এর সংগ্রহশালাও ছিল। কোনো রাসায়নিক পদার্থ শেষ হয়ে গেলে ছাত্ররা তা লিখে নির্দিষ্ট স্থানে রেখে দেবে। জোসু সপ্তাহের একদিন বসে দাম যাচাই করে বিভিন্ন কোম্পানি থেকে সেসব পদার্থ কেনার জন্য অর্ডার করবেন। কখনও এমন হয়েছে যে জোসু ডঃ এসাকি সেনসেয় আমাকে জিজ্ঞেস করেছেন, আমার প্রয়োজনীয় পদার্থটির দাম অত্যধিক, সেটির পরিমাণ কম হলে আমার গবেষণার খুব ক্ষতি হবে কি?

ব্যাক্টেরিয়া, ছত্রাক বা ইস্ট এবং ফাঙ্গাস-এর সংগ্রহশালার কয়েকশত জীবাণুকে বছরে দুবার কালচার-ট্রান্সফার-এর মাধ্যমে নূতন করে জন্মানো বা নবায়ন করা হয়। কাজের দায়িত্ব ছাত্রদের ভাগ করে দিয়ে প্রায় সপ্তাহখানেক লাগিয়ে জোসু এসাকি সেনসেয় এবং জোসু তানিযাওয়া সেনসেয় পালা কাজটি সমাধা করেন। সপ্তাহে দুতিনবার ঝাঁট দেয়া ছাড়াও বছরে দুবার ল্যাবের মেঝে এবং দরজা জানালার কাঁচ সাবান দিয়ে দিয়ে ধুতে হয়। শিক্ষক-ছাত্র সবাই মিলে কাজটি সমাধা করে বিপুল কর্মদ্যোমের মাঝ দিয়ে।

মোদ্দা কথা হচ্ছে, ছাত্রদের দায়িত্ব শুধু লেখাপড়া ও গবেষণাতেই সীমাবদ্ধ থাকতো না। ঠিকমতো লেখাপড়া ও গবেষণার জন্য যতো ধরনের কাজের প্রয়োজন তা তাঁদের নিজেদেরই করতে হতো।

২২শে মার্চ, ২০২৩

চলবে