২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় হার্জোর তিনটি কবিতা

চাইলেই তোমাকে সেই পঞ্চম বেড়াল বানিয়ে ফিরে যেতে পারি কিংবা তোমার নাম উল্টো করে লিখে পাঠিয়ে দিতে পারি যুদ্ধরত কোনো নক্ষত্রের কাছে। না হয় আরও নিষ্ঠুরভাবে—মুছে ফেলতে পারি সব।

অমৃতা ইশরাত অমৃতা ইশরাত

Published : 25 Oct 2025, 01:57 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

লেখক ও সঙ্গীতশিল্পী জয় হার্জো (জন্ম-৯ মে, ১৯৫১) ওকলাহোমার টালসায় জন্মগ্রহণ করেন। মস্কোগি (ক্রিক) নেশনের এই সদস্যের ঝোলায় রয়েছে অসংখ্য পুরস্কার। নেটিভ রাইটার্স সার্কেল অব দ্য আমেরিকাস-এর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড; পোয়েট্রি সোসাইটি অফ আমেরিকার উইলিয়াম কার্লোস উইলিয়ামস অ্যাওয়ার্ড; একাডেমি অফ আমেরিকান পোয়েটস-এর ওয়ালেস স্টিভেন্স অ্যাওয়ার্ড; আমেরিকান ইন্ডিয়ান ডিসটিংগুইশড অ্যাচিভমেন্ট ইন দ্য আর্টস অ্যাওয়ার্ড; দুটি ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর দ্য আর্টস ক্রিয়েটিভ রাইটিং ফেলোশিপ।

জয় হার্জোর বহুল পঠিত বই দুটির মধ্যে একটি How We Became Human (W.W. Norton, 2002) অন্যটি She Had Some Horses (Thunder's Mouth Press, 1983)। 

পোয়েট্রি ফাউন্ডেশন অনুযায়ী, জয় হার্জোর কবিতা পড়া মানে পৃথিবীর কণ্ঠস্বর শোনা যেখানে সময় এবং চিরন্তনের দেখা পাওয়া যায়। তিনি সেইসব মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন যারা নিজেকে জানার জন্য, বেঁচে থাকার জন্য সংগ্রামরত।

লেখক প্যাম হিউস্টন বলেন, "জয় হার্জো পৃথিবীর জন্য একটি দয়ালু, মনোমুগ্ধকর এবং মহিমান্বিত উপহার। তাঁর শিল্প ও আত্মার প্রতি বিশ্বাস এতটাই শক্তিশালী যে সৌভাগ্যবান পাঠকের প্রতি দারুণ প্রভাব ফেলে।"

আমরা কখনোই নিখুঁত ছিলাম না। তবু যতটুকু পথ একসাথে যাই, পৃথিবীর মতোই নিখুঁত। তারার দীপ্তিতে ঝলমলে সেই পৃথিবীও একসময় মানুষের মতো ভুল করেছিল।

—জয় হার্জো (আমরা কীভাবে মানুষ হলাম বই থেকে নেয়া)

যদি আবার তোমাকে ভাবি, তবে সেটা হবে আগামী বছরের তিপ্পান্নতম সোমবার

একটি সুরেলা প্রাণ ওয়েদার রিপোর্ট ব্যান্ডের সুরের মতো বয়ে যাচ্ছে—শহরের কালোবাজারের ভেতর দিয়ে, বরফে ঢাকা এই নিস্তব্ধ সোমবারে। আমি চাইলেই যেতে পারি যেখানে মন চায়। কিন্তু এই সুর, এই মুক্তির শব্দ, আমাকে টেনে নেয় সেই মুখের কাছে যাকে হয়তো প্রাণ ভরে ঘৃণা করতে পারতাম!

ঘৃণা, আহা, কী অদ্ভুত এক দোষ—যেখানে মিশে থাকে পেট্রোলের ধোঁয়া, দগ্ধ চামড়ার গন্ধ আর জ্বলতে থাকা চারটি বেড়ালের আর্তনাদ। তার চেয়েও ভয়ংকর হলো—আমি আজও সেই পুরনো অভ্যাসে, নিজের কল্পনাকে নাড়া দিচ্ছি; যে কল্পনা সবসময় আমাকে বিপথে নিয়েছে। ভাবছি,  সত্যিই যদি তোমাকে কিছু করতে পারতাম—তবে কী করতাম? 

হয়তো গোধুলির অস্পষ্ট আঁধারে এক শরীর থেকে অন্য শরীরে লেপ্টে যেতাম আমরা—অথবা নাচঘরে আজীবন প্রিয় এক সঙ্গিনীর  পাশে নিঃশেষ হতে হতে পেতাম উষ্ণ মাছের মতো কিছু মুহূর্ত। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি তোমার জন্য আমার চিন্তায় এমন কোমলতা নেই।

চাইলেই তোমাকে সেই পঞ্চম বেড়াল বানিয়ে ফিরে যেতে পারি কিংবা তোমার নাম উল্টো করে লিখে পাঠিয়ে দিতে পারি যুদ্ধরত কোনো নক্ষত্রের কাছে। না হয় আরও নিষ্ঠুরভাবে—মুছে ফেলতে পারি সব।

তোমার অস্তিত্ব, তোমার গল্প, তোমার কথা, তোমার জীবনকে করে দিই এক ফাঁকা 

পৃষ্ঠা! 

হ্যাঁ, আজকের এই দিন দিয়েই শুরু হোক আমার নূতন জীবন। 

একটি সুরেলা প্রাণ ওয়েদার রিপোর্ট ব্যান্ডের সুরের মতো বয়ে যাচ্ছে—শহরের কালোবাজারের ভেতর দিয়ে, বরফে ঢাকা এই নিস্তব্ধ সোমবারে।

আমি চাইলেই যেতে পারি যেখানে মন চায়

আর পারি বেঁচে থাকতে—তোমাকে ছাড়াই।

না পাঠানো কোনো চিঠি

এখন দুপুর। দাঁড়িয়ে থাকাই কষ্টকর।

কিছু ছুঁয়ে গেলে আমি ছাই হয়ে যাই।

তোমার হাসিটা শুনে ভেবেছিলাম—

আবার যেন জন্ম নিলাম।

কিন্তু সময় আর দূরত্বের হিসেব মেলাতে গিয়ে দেখলাম—ফলাফল এখনো এক অমূলদ সংখ্যা।

এ তো সহজ ব্যাপার—আপেল আর কমলালেবু একসঙ্গে যোগ করা যায় না।

তোমার বিভ্রান্তির সঙ্গে আমি গুলিয়ে ফেলেছি নিজের বিশ্বাস।

অঙ্কে আমি কখনোই ভালো ছিলাম না—

না ছিলাম সেইসব পরীক্ষায়, যেখানে জলের বৃত্তে লাফাতে হয়।

এই হলো দুপুরের গৎবাঁধা দৃশ্য।

আমি আগুন—যাকে বাতাস গ্রাস করছে।

আরোগ্যের আশায় আমি জল খাই—

যেন কোনোদিন শিখে নিতে পারি

বিয়োগের সূক্ষ্ম শিল্প।

অগ্নিময় প্রেম

আমি যদি হারিয়ে যাই

তোমার চোখের বুনো মিষ্টি গভীরতায়,

তবে কি আমি আরও জানতে পারব—

এই দগ্ধ দেশটাকে, যাকে আমি ভালোবাসি?