২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিংসার চাকচিক্য, বিতর্কের ক্রীড়ায়ন

প্রত্যেক দেবতাকে রাগান্বিত, পেশীবহুল ও সহিংস দেখায়। বিজ্ঞতা এখন বিজয় দ্বারা প্রতিস্থাপিত হয়।

ইমন রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 09:31 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

মূল প্রবন্ধঃ দেবদত্ত পট্টনায়েক

অনুবাদঃ ইমন রায়

একটি বৃহৎ যুদ্ধের মধ্য দিয়ে হ্যারি পটার শেষ হয়। দ্য লর্ড অফ দ্য রিংস-ও তাই। সব মার্ভেল কমিকসও তাই। খারাপ জাদুকরের সাথে লড়ছে ভালো জাদুকর। এলফরা (elf) লড়ছে ওর্কদের (orc) সাথে। সুপারভিলেনের সাথে লড়ছে সুপারহিরো। শয়তানের সাথে লড়ছে ফেরেশতা। বিগত ত্রিশ বছর ধরে আমরা হলিউড থেকে এটিই সাবাড় করে যাচ্ছি। যুদ্ধই জীবন। অনন্তকাল ধরে আমরা হুমকির মধ্যে। আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য যোদ্ধা দরকার।

এই ধারণার ভিত রয়েছে গ্রীক মিথ ও নর্স মিথের মধ্যে, যেখানে শত্রুদের দূরে রেখে ক্ষমতায় রয়েছেন দেবতারা — কিন্তু শত্রুরা সবসময় থাকে দুয়ারে, একটি সুযোগের অপেক্ষায়। এটি সিরিয়াল বই ও সিরিয়াল মুভির বিষয় হয়ে দাঁড়ায়। এটি বাইবেল এবং কুরানেরও বিষয়। পৃথিবীর শেষে শুভ ও অশুভ শক্তির মধ্যে একটি বড় যুদ্ধ আছে। মহাপ্রলয়।

হিংসা চাকচিক্যময়। আর এখন আমরা চোখের সামনে, লাইভ টেলিভিশনে, বড় বড় যুদ্ধ ঘটতে দেখছি। আমরা নিরুপায় হয়ে দেখি যখন শহরগুলোতে বোমাবাজি করা হয়, শিশুদের বিকলাঙ্গ ও অনাথ করা হয়, মহিলারা মৃত স্বামী ও ভাইদের জন্য কাঁদে। প্রত্যেক পক্ষই তাদের দিকটি ভালোভাবে তুলে ধরে। তাদের হিংসাকে জায়েজ করা হয়। শত্রু হচ্ছে আক্রমণকারী, উপনিবেশকারী, দখলদার, সন্ত্রাসী। অন্যকে মরতে হবে। আপনার যদি একজন বিশিষ্ট আইনজীবী থাকে তাহলে গণহত্যা ও সন্ত্রাসবাদকে নিখুঁতভাবে জায়েজ করা হয়।       

মানুষ হিসেবে সহিংস কাজকে জায়েজ করার দায় আছে আমাদের। তবে পশুদের তা নেই। পশুরা যা চায় তা পাওয়ার জন্য শক্তি ও চালাকি কাজে লাগায়। রাজনীতিবিদরা এটিই করেন। বলিউড ফিল্ম এখন এটিই প্রচার করছে — আমরা যা চাই সেটা পাওয়ার কৌশল হচ্ছে হিংসা ও চাতুরি। আলেক্সান্ডার হচ্ছে বিজয়ী (হিন্দি প্রবাদ আছে, জো জিতা, ভো সিকান্দার)। বিজয়ীরা সবসময় সঠিক। তাই সঠিক হওয়াটা বিষয় না; বিষয় হচ্ছে জেতা।

আমরা আমাদের সন্তানদের এসব মূল্যবোধ দিচ্ছি। তারা শ্রেণীকক্ষে, ক্রীড়া ক্ষেত্রে বন্ধুদের চেয়ে প্রতিদ্বন্দ্বী দ্বারা অধিক পরিবেষ্টিত হয়ে সারা দিন প্রতিযোগিতায় অতিবাহিত করছে। তাদের ভিডিও গেমও হিংসা নিয়ে। আপনাকে মারতে হবে জম্বি, এলিয়েন, বর্বর, অন্যকে। এমনকি সামাজিক মাধ্যম প্রতিযোগিতামূলক: আপনার অনুসারী কজন? আপনার লাইক কত?

সবকিছু ক্রীড়ায়িত করা হয়। এটি সামাজিক মাধ্যমে স্পষ্ট। বামেরা ডানেদের সাথে হাতাহাতি করছে। প্রত্যেক পক্ষ অন্য পক্ষের পরাজয়ে আনন্দ খুঁজে পায়। বিজ্ঞানের সাথে যুদ্ধে ছদ্মবিজ্ঞানের জয়, যুক্তির বিরুদ্ধে ধর্মের বিজয় দাবি করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা গরীবের ঘর গুঁড়িয়ে দেওয়ার দৃশ্যে পরিবারের সদস্যদের আনন্দিত হতে দেখি, দল পরিবর্তন করতেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের বীর হয়ে যেতে দেখি, জনসমক্ষে মানুষকে প্রহার করতে দেখি, বিচার ব্যবস্থাকে শক্তিশালীদের সহায়তা করতে দেখি, ডেটা হেরফের হতে দেখি। বিষয় হচ্ছে জিততে হবে!

আমাদের বলা হয় এটি বৈশ্বিক সংস্কৃতি। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ যুদ্ধকে গৌরবান্বিত করে। রামায়ণ ও মহাভারত কি যুদ্ধ নিয়ে নয়? রাম কি সীতাকে রক্ষা করার জন্য যুদ্ধ করেননি? কৃষ্ণ কি গীতায় হিংসাকে জায়েজ করেননি? দেবতারা কি অনবরত অসুরদের সাথে লড়ছেন না? ভারতের আধুনিক মিথো-ফিকশন লেখকদের মধ্যে এই বয়ান জনপ্রিয়। তাদের বইয়ের মলাট দেখুন। প্রত্যেক দেবতাকে রাগান্বিত, পেশীবহুল ও সহিংস দেখায়। বিজ্ঞতা এখন বিজয় দ্বারা প্রতিস্থাপিত হয়। গুরুদের বক্তৃতার সুর হচ্ছে গৌরব ও দাম্ভিকতা ও জয় আহ্বান করা। দয়া হচ্ছে একঘেয়ে। সন্তুষ্টি হচ্ছে অবাস্তবিক।

তবে হিন্দু মিথকে যা আলাদা করে তা হচ্ছে কর্মের ধারণা। ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। ভোগের ফলে দেনা হয় যা সবাইকে পরিশোধ করতে হয়। পশ্চিমা মিথে এই ধারণা অনুপস্থিত। ভারতের অনেক রামায়ণে, রাম যে সকল খলনায়ক হত্যা করেন, তাদের বিধবা স্ত্রীরা তাঁকে অভিসম্পাত করেন। বালির বিধবা স্ত্রী তারা তাঁকে অভিশাপ দেন। রাবণের বিধবা স্ত্রী মন্দোদরী তাঁকে অভিশাপ দেন। একারণেই স্ত্রী ও পুত্রদের ছাড়া রাম তাঁর শেষ দিনগুলোতে ছিলেন নিঃসঙ্গ। মহাভারত শুধু পাণ্ডবদের বিজয় নিয়ে নয়; এটি যুদ্ধের মূল্য নিয়েও। দ্রৌপদীর সকল সন্তান যুদ্ধে মারা যান। কৃষ্ণের সকল সন্তানকে অভিশাপ দেওয়া হয় যে তাঁরা একে অন্যকে হত্যা করবে। জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে, ভালো কাজের পুরস্কার সবসময় ভালো হয় না। তাই কৃষ্ণ বলেন, ফলে নয়, কর্মে মনোযোগ দাও। আমরা ফলাফল নিয়ন্ত্রণ করতে পারি না।

ফলাফলের ধারণা, অনাকাঙ্ক্ষিত পরিণতির ধারণা, প্রতিক্রিয়ার ধারণা হচ্ছে ভারতীয় মিথলজির একটি নির্দেশক, যার মূলে রয়েছে পুনর্জন্ম। খ্রিস্টীয় ও ইসলামি মিথলজি এক সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা পরিচালিত একটি ক্লাইম্যাক্সের, এক চিরন্তন সুখময় অবস্থার কথা বলে। মধ্য প্রাচ্যের কাহিনীগুলোতে ঈশ্বরকে অভিশাপ দেওয়া হয় না। এগুলো রয়েছে ভারতীয় কাহিনীতে। যারা নিজেদের বিজ্ঞানমনস্ক ও সেক্যুলার দাবি করেন, তারাও গোপনে বিশ্বাস করেন যে এক দিন পৃথিবীর সব সমস্যার সমাধান হবে, যদিও তারা যৌক্তিক পথকে অগ্রাধিকার দেন। এখন, অনেক হিন্দু অভিজাতরা বিশ্বাস করেন যে আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদ চিরদিনের জন্য হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তারা তাদের নিজেদের ধর্মগ্রন্থ পড়েন না, যেখানে কৌরব মাতার অভিশাপের কারণে এমনকি কৃষ্ণের গৌরবময় দ্বারকা ধুয়ে-মুছে গেছে।     

(লেখাটি ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি ডেকান হেরাল্ড  পত্রিকায় প্রকাশিত হয়।)