২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈবাল তালুকদারের কবিতাগুচ্ছ

শৈবাল তালুকদারের কবিতাগুচ্ছ

চিত্রকর্ম:

শৈবাল তালুকদার শৈবাল তালুকদার

Published : 15 Oct 2022, 07:35 PM

Updated : 15 Oct 2022, 07:42 PM

অরণ্যানী

পৃথিবীর রূপ রস গন্ধ সব ফুরিয়ে গেলে,

তুমি কিছু ধার দিয়ো, ধার দিয়ো মেয়ে-

তুমি সেই প্রথম বনষ্পতি শস্যাধার

সেই দ্বিজদ্বারে নমিত,

প্রণতি বারে বার।

অরণ্যের নিস্তরঙ্গে তুমি কারে ডাক দিলে। 

ভালোবাসা ভালোবাসা বিপ্র মন্ত্রে,

ঘামে, শ্রমে, প্রেমে, কামে, দেহজ গুহাবাসী

অন্ত্যজের সর্বস্ব নিলে-

জ্যোৎস্না বিলাস

জ্যোৎস্না ডেকে গেলে, কী এক হাহাকারে,

জোয়ারের জল ভাঙে আকুল উতল।

তুমি ডাক দিলে, আমিও তেমনি উচ্ছ্বল।

চন্দ্রাহত সমুদ্রের যেমন আক্রোশ-বিলাস,

প্রেমার্ত পুরুষও যেন যেমন তেমন,

ছেঁড়া খোঁড়া, উদাস উদাস -

সন্ধ্যা

ভিক্টোরিয়ান ল্যাম্পপোস্ট বেয়ে সন্ধ্যা নামছে

ওয়াশিংটন ব্যুলেভারের সামনের ফুটপাতে,

কিছু হিজিবিজি ইতিহাস জোড়া,

ব্রোঞ্জের ভাষ্কর্য হয়ে যাওয়া ব্যক্তিটি,

সবুজ হতে হতে আরো কুঁকড়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছেন একটু দূর থেকে -

চকচকে চার্চের সামনে

স্কাঙ্কের তীব্র গন্ধের গাঁজা টানছে তখন থেকেই হোমলেস ক'টা কালো মানুষ;

গুরু নিতম্বিনী ফুটপাতের বনিতা,

তার দেহবল্লরীতে শিকারের ঢেউ

“ইউ নো মাই এ্যানাটমি, ইউ নো মাই বডি”

সেই বুড়োটা তখন থেকেই ঠিক পাশে পুরোনো চেয়ারে বসে,

হাতে সস্তা বিয়ারের বোতল, নোংরা কোটের আস্তিনে একটা ফুল গোঁজা

আহা জীবন -

পাঁচতারা হোটেলের সামনের কায়দা-করা সবুজেও সন্ধ্যা নামছে-

উচ্ছল কেউ, কেউ বা বিমর্ষ

কেউ উচ্ছলতা খোঁজে -

শ্যানেল ব্লু, আরমানি সুরভিতে স্নায়ু জড়িয়ে

চকচকে গাড়ি এসে থামে, চলে যায়

কালো, সাদা, লাল-

কোনোটা গভীর নীল;

গাঢ় গভীর বেদনাদের চাদরে জড়িয়ে,

ল্যুই ভ্যুটন জীবন হীরের পালকে আদুল,

ক্ষীণ তনু ততোধিক ক্ষীণ ম্রিয়মাণ হতে হতে -

“ওয়াক এ্যাওয়ে, ইউ নো হাউ, ডোন্ট স্টার্ট কেয়ারিং এ্যাবাউট মি নাউ……”

আহা ডুয়া লিপা,

ফরাসি ক্যাভিয়র, রুপোলি চামচ

বেলজিয়ান ক্রিস্টালে ঢালে সোনালি সময়

চুমুকে চুমুকে জীবন।

স্কুল মাঠ, পরীক্ষার পড়া তৈরি

বদমেজাজি বেত কখনো সখনো

সহপাঠীদের উদোম খিস্তি, খিল্লি, স্কুলের দেওয়াল টপকালেই

বড় পর্দায় বসন ব্যাসন ত্যাজে

মসৃণ দেহবল্লরী, কিশোরের উদ্ধত সম্ভ্রম

কিশোরীর কোমল গান্ধার তবু ভালবাসাময়

করুণ তাকিয়ে থাকা

বারান্দার মেঘের আড়াল

হাত নেড়ে হারিয়ে যায়-

“ওহ্ ইওর কিসেস, সুইটার দেন হানি, গেস হোয়াট, সো ইজ মাই মানি-

অল আই ওয়ান্ট ইজ রে স পে ক্ট, হুইপ ইট টু মি”

প্রিয় অ্যারেথা, ভালোবাসা কেন নয়-

সিগারেটের শেষটুকু জুতোর তলায়-

ডেট্রয়েটে তুমুল সন্ধ্যা তখন -

চারপাশ

একাকী দাঁড়িয়ে থাকে নাগরিক চাঁদ

ফিরে তাকায় না কেউ

চাঁদ দেখে নবীন কিশোর

সলমন খান, চামেলি, মেট্রোর হোর্ডিং

বালক, বালিকা, বাস, ট্রাম, যুথবদ্ধ

মুখর চারদিক।

লাউড স্পিকার “বড় লোকের বিটিলো……….  “

ঘুঘনিওয়ালা তার দোকান গুটিয়ে,

গামলার জলগুলো ফুটপাতেই ছুঁড়ে দিলো।

পেঁয়াজ, ঘুগনির ছোলা, কাঁচা-লঙ্কার একটা কিম্ভুত দুর্গন্ধ বেরিয়েছে -

ক'টা কুকুর ছুটে গেল সেই শেষ তলানিটুকুর ভাগাভাগি নিয়ে চেঁচাতে চেঁচাতে।

ফুটপাথের ছুকরিটা তার সন্ধ্যার আশিক’কে ইশারায় ডেকে নিল গড়ের মাঠের দিকে।

এসব দেখে স্ট্যান্ডের অপেক্ষমাণ ট্যাক্সিওয়ালা,

খিল্লি খেয়ে দু'আঙুলে জোরে শিস বাজাল-

দেহাতি বুড়োটা একবার মুখ তুলে,

খইনিতে আরেকটু চুন ঘষে মকশো করে মুখে পুরে পাশ ফিরে ঝিম ধরল-

রবি ঠাকুর একাকী অনেকক্ষণ,

অত:পর আলখাল্লা সামলে শেষরাতের নম্বরবিহীন বাসে উঠে পড়লেন,

ধর্মতলার মোড়ে-