হুয়ান রামোন হিমেনেসের কবিতা: রবীন্দ্রনাথ ঠাকুরের ফেনিল চিতাভস্ম
দেহদাহের পর মহাসমুদ্রে / ঠাকুরের অমূল্য জীবনের ভস্মকে/ বয়ে নিয়ে গেছে গঙ্গা।/ আর, সমুদ্রে ভস্ম হয়ে কবি/ সমগ্র বিশ্বের সঙ্গে একাত্ম হয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ফেনিল চিতাভস্ম
(La Espumosa Ceniza De Tagore)
১৯৪১
চির-চেনা সৈকত থেকে
ভালো লাগা ঢেউয়ের ফেনা
সযত্নে তুলে নিয়েছিলাম
হাতে —
শুভ্র-শীতল-মুক্তো-গুড়োর মতো সেই ফেনা
করতল আঁকড়ে ধরেছিল আমার।
জানি না কেন,
মুহূর্তে একটি ভাবনা শব্দ হয়ে উঠেছিল—
একটি নিশ্চিত, স্বতঃস্ফূর্ত শব্দ;
আর আমি চিৎকার করে বলেছিলাম:
“এ তো ঠাকুরের চিতাভস্ম!”
কেন বলেছিলাম?
তুমি তা শুনেছ।
আমার করতলে দেখেছ সেই ফেনিল ভস্ম,
মিলিয়ে যায়নি সে;
বরং ঝিকমিক করে উঠেছিল,
যেন জীবন্ত।
মহাসমুদ্রে, ঠাকুরের অমূল্য জীবনের
দেহদাহের ভস্মকে বয়ে নিয়ে গেছে গঙ্গা।
আর, সাগরে ভস্ম হয়ে কবি
সমগ্র বিশ্বের সঙ্গে একাত্ম হয়েছেন।
বিশ্ব-সাগরে নিহিত আজ ঠাকুরের চিতাভস্ম।
তবে কেন তার কিছু কণা এসে পৌঁছাবে না আমার হাতেও—
যেই হাত তাঁর বিশাল হৃদয়ের ছন্দকে
আমাদের স্প্যানীয় ভাষায়
অনুরণিত করেছে?
