২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ-- স্মৃতির ঈশান কোণে দাঁড়িয়ে

তবে একটি বিষয়ে নিশ্চিত থাকা যায়: বৈশাখে বছর শুরুর এই মহাসৌর উৎসব কোনো একজন সম্রাটের সৃষ্টি নয়। এটি কোনো এক সময়ে অগ্রহায়ণ মাসে ছিল, কালক্রমে বৈশাখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রকৃতির সাথে মানুষের কয়েক হাজার বছরের কথোপকথন ও পর্যবেক্ষণের ফল – সেই প্রাচীন প্রক্রিয়ার উত্তরাধিকারই আমাদের বৈশাখ।

বর্ষবরণ-- স্মৃতির ঈশান কোণে দাঁড়িয়ে
বৈশাখের প্রথম সকালে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। জাদুঘরের মোড় ঘুরে, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলা অনুষদে শেষ হয়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

দীপেন ভট্টাচার্য

Published : 15 Apr 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মানুষের স্মৃতি এমন একটি জিনিস যা রক্ষা করা খুব দুষ্কর। আর স্মৃতি হারিয়ে ফেললে মানুষটি আর সেই মানুষ থাকে না। ছোটবেলার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা তাই নিজের সত্তাকে হারিয়ে না ফেলার জন্য এক প্রয়াস। ঢাকা শহরে, আমাদের উয়ারি পাড়ার বাড়ির পাশে, পেছনদিকের বাড়িগুলিতে যাবার জন্য একটা বড় জায়গা ছিল; সেখানে আমরা গোল্লাছুট, কানামাছি, লুকোচুরি খেলতাম। বছর শেষে, চৈত্র মাসের এই সময়টা কালবৈশাখীর সঙ্গে যুক্ত থাকত। সারাদিনের উষ্ণতার পরে হঠাৎ করেই আকাশে কালো করে ঝড় আসত। ‘ওই বুঝি কালবৈশাখী সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি, ভয় কী রে তোর ভয় কারে, দ্বার খুলে দিস চার ধারে…’ রবি ঠাকুর যাই বলুক না কেন, আমরা কিন্তু ভয় পেতাম। খেলা ছেড়ে দৌড়ে বাসায় ঢুকতাম। সেই ঝড় হয়তো আধ ঘন্টা থাকত, তবু এত বছর পরেও সেই ক্ষণকালের দমকা বাতাস, বজ্র-বিদ্যুৎ, বৃষ্টি, মাঝে মধ্যে শিলাবৃষ্টি মনে হয় এই সেদিনের কথা। এতদিন ধরে আমি ভেবে এসেছি ঈশান কোণ, অর্থাৎ উত্তর-পুব দিকে থেকে ওই কালবৈশাখীগুলো আসত, কিন্তু দেখলাম কালবৈশাখীর মূল উৎস বায়ু-কোন, অর্থাৎ উত্তর-পশ্চিম। তাহলে ঈশান কেন মনে এত দাগ কেটে রেখেছে? হয়তো উত্তর-পুব মানে ভোরের সূর্যের আগমন রশ্মি, অথবা বাড়ির তুলসী গাছটির অবস্থান, মা’র পূজার ঘর। এসবই মনকে বাইরের পৃথিবীর শত ঝঞ্ঝার মধ্যেও একটা শান্তিতে ভরিয়ে রাখত।

স্বাধীনতার আগে, ১৯৭১ সনের আগের বছরগুলোর কথা। বছরের প্রথম দিনটিতে নতুন জামা পেতাম। সকালে উঠে বাবা আর মা’র সাথে যেতাম রমনা কালীবাড়ি। আজকের সোহরওয়ার্দি উদ্যানের, তখনকার রেসকোর্সের ঠিক মাঝখানে ছিল মন্দিরটি। ১২০ ফুট উঁচু ছিল তার চূড়া। কালী বিগ্রহটিতে পৌঁছুতে হলে কিছু সিড়ি ভেঙে ওপরে উঠতে হত। আমার শিশুবয়সে মনে হতো একটি পাহাড় বেয়ে উঠতে হবে ওপরে, মা উঠে গিয়ে ওপর থেকে আমাকে ডাকতেন। নিচ থেকে মাকে দেখে মনে হতো বহু উঁচুতে দাঁড়িয়ে আছেন, ওখানে কি পৌঁছাতে পারব? মা’র সেই ডাক এখনো আমার মনে গেঁথে আছে। ওপরে উঠে, প্রণাম সেরে প্রসাদ নিয়ে নিচে নামতাম, মনে হতো বছর শুরু হলো। 

আপনারা অনেকেই হয়তো জানেন ১৯৭১-এর ২৭-শে মার্চ পাকিস্তানি বাহিনি মন্দির প্রাঙ্গনের আশ্রমনিবাসী এবং অন্যান্য আশ্রয়প্রার্থী মিলিয়ে প্রায় এক শ’র মতো মানুষকে হত্যা করে। শুধু এটুকু করে তারা ক্ষান্ত হয়নি, ডাইনামাইট দিয়ে মন্দিরটিকে মাটির সাথে মিশিয়ে দেয়। দুঃখের বিষয় স্বাধীনতার পর কোনো সরকারই সেখানে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠার অনুমতি দেয়নি, যদিও উদ্যানের এক কোনায় বর্তমানে রমনা কালীবাড়ির প্রতিষ্ঠা হয়েছে, সেটি মূল স্থাপত্যের একটি মলিন চিত্র মাত্র। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণের, কিংবা তখনকার ঘোড়-দৌড়ের বিভিন্ন ফটোতে ওই মন্দিরটির সুউচ্চ চূড়াটি দেখা যাবে। আমার ছোটোবেলার পহেলা বৈশাখের সাথে এই হারিয়ে যাওয়া মন্দিরটির স্মৃতি জড়িয়ে আছে। 

১৯৬৭ থেকে মনে হয় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। রমনা কালীবাড়ি থেকে তখন আমরা রমনা পার্কে যেতাম। অশ্বত্থ তলায়, যাকে আমরা বটমূল বলে জানি। অশোক আর বট নাকি একই গোত্রভুক্ত? তবু এতদিন পরে ভাবতে ইচ্ছে করে — রমনা অশ্বত্থতলা বললেও কি আমাদের মনের গ্রহণে বাঁধত? তখন তো এই ভিড় হতো না, ছায়াময় অশ্বত্থতলায় শিল্পীদের একদম কাছাকাছি গিয়ে বসা যেত —  তাঁরা গাইতেন, ‘ আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও।’ গান যে খুব একটা বুঝতাম এমন নয়, কিন্তু বর্ষশুরুর সকালের স্নিগ্ধতায় ভরে থাকত উদ্যানটি, যেটির একটি কোনায় ছিল শিশুদের জন্য খেলার জায়গা। সেখানে আমাকে মাঝে মধ্যে নিয়ে আসা হতো, বড়রা ভেতরে ঢুকতে পারত না, আমি গিয়ে অচেনা ছোটোদের সাথে খেলতাম, হয়তো ১৯৬৬-এর দিকে।

এরপরে আমাদের উয়ারির বাসায় ফিরে এলে পরে, বাবার কিছু মক্কেল হালখাতা উপলক্ষে ঢুঁ দিয়ে যেতেন। তাঁরা অনেক সময় মাছ নিয়ে আসতেন – শোল, মাগুর কি কৈ। ওই সময়ে মাছ যে পাওয়া যেত সেটাই ছিল আমার কাছে আশ্চর্যের। আমরা খনার বচন আওড়াতাম – চৈত্রে চালিতা, বৈশাখে নালিতা। খরার তীব্রতায় মাছ কচুরিপানার চালিতা থেকে সরু নালায় চলে যায়। তখন থেকে কৈ আমার খুব পছন্দ ছিল, শুধু ইদানীং কালে এসে সেই পছন্দে ভাটা পড়েছে, হয়তো ছোটোবেলার সেই স্বাদটা আর পাই না বলে।  

আকাশ নিয়ে আমার আগ্রহ সেই সময় থেকেই, আর বৈশাখ নামের সাথেও তো আকাশের এক গভীর যোগ আছে — পূর্ণিমার চাঁদ এই সময় আকাশের বিশাখা নক্ষত্রমণ্ডলে থাকে বলেই মাসটির নাম বৈশাখ। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে চাঁদ পৃথিবীর চারদিকে যে ভ্রমণ করে সেই পথটিকে ২৮টি ভাগে ভাগ করা হয়, এক একটা ভাগকে চন্দ্রনিবাস বা নক্ষত্র বলে। চাঁদ যখন যে নক্ষত্রে অবস্থা করে সেই নক্ষত্রের নাম অনুযায়ী মাসের নাম হয়। জেষ্ঠা নক্ষত্রে চাঁদ থাকলে হবে জৈষ্ঠ্য মাস, কিন্তু সবসময় যে এটা একেবারে মিলে যায় এমন নয়। ওদিকে আবার চৈত্র সংক্রান্তির পরে সূর্য যখন মীন রাশি পেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করে, সেই পথ ধরেই শুরু হয় নতুন বছর। যদিও নক্ষত্রের উল্লেখ যজুর্বেদে পাওয়া যায়, খৃষ্টপূর্ব ৫০০ থেকে ১০০০ বছর আগেই, কিন্তু মাসের নাম সেখান থেকে কবে গৃহীত হলো তা বলা যায় না, কিন্তু আর্যভট্টের সময়ে যে সেটা মোটামুটিভাবে প্রচলিত ছিল তা বলা যায়। ভাবলে অবাক লাগে, সময়ের এই সরল হিসাব প্রকৃতি আর মহাকাশকে এমন মেলবন্ধন করে রেখেছে। 

চৈত্র মাসের শেষে চরক মেলা শুরু হতো। ঢাকায় সেই মেলা হতো কিনা জানি না, কিন্তু একবার ঐ সময়ে আমাদের গ্রামের বাড়িতে ছিলাম। বুধবার ছোটো হাট, আর শনিবারে বড় হাট বসত। শুকনো নদী পার হয়ে, ধুলো উড়িয়ে পিঠে চালের বস্তা নিয়ে আসত শীর্ণকায় ঘোড়াগুলো। মেলার সঙ্গে নিয়মিত হাট মিশে যেত। চরক গাছ মানে উঁচু কাঠের কাঠামো, তাতে দড়ি বেঁধে মানুষকে তুলে ঘোরানো হয়। খেয়াল আছে দুঃসাহসী ডাকাবুকো কিছু ছেলে পিঠের চামড়ায় লোহার হুড়কো লাগিয়ে উঠে যেত, আর আমার তো এই দৃশ্য দেখার মত সাহস থাকেনি, চরক ঘোরার আগেই বাড়ির দিকে দৌড়।

এখন বহুদিন নববর্ষে আমার দেশে থাকা হয় না। ২০০৭ সনে ঢাকায় একটা কাজ নিয়ে এক বছর ছিলাম, তখন অনেক দিন পরে রমনা বটমূলে গিয়েছিলাম। নিরাপত্তা খুব জোরদার ছিল সেদিন। ছয় বছর আগে, ২০০১ সনের বর্ষবরণ অনুষ্ঠানে ওইখানে একটি বোমা হামলা হয়, তাতে উপস্থিত নয়জন প্রাণ হারান, বলতে বাধা নেই মাঝখানে ছ’টি বছর কেটে গেলেও সেদিন যে কিছুটা আতঙ্কিত ছিলাম না এমন নয়। তারপরে গিয়েছিলাম মঙ্গল শোভাযাত্রায়। আর এখন বিদেশে বসে গুটিকয়েক মানুষ নিয়ে আমরা প্রতি নববর্ষে ছোটো করে মঙ্গল শোভাযাত্রা করা চেষ্টা করি আমরা।

বাংলা নববর্ষ কিছুটা আন্তর্জাতিকও বটে — একদিকে বাংলা, পাঞ্জাবী, কোঙ্কিনি, তেলেগু, তামিল অন্যদিকে বার্মা, থাই, খেমের, বালি পর্যন্ত বছরের এই সময়টিতে নববর্ষ পালিত হয়। আবার মঙ্গল শোভাযাত্রা এখন ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভূক্ত, এটিকে বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তনের সাথে সাথে বর্ষবরণের পালনকেও নানাবিধ সঙ্কটের মধ্য দিয়ে যেতে হয়, ১৪৩২-এও সেটার অন্যাথা হয়নি। কিন্তু সমস্ত বাঙালি জাতি — ধর্ম, বর্ণ নির্বিশেষে এই আনন্দ উৎসবে যোগ দিতে পারে – এটাই বর্ষবরণের বড় শক্তি। আর শুধু বাঙালি কেন — চাকমাদের বিজু, রাখাইনদের সাংক্রান, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরিদের বোইসু, মনিপুরীদের চেইরাওবা — তাদের সবারই বর্ষবরণ এই সময়ই হয়, কাজেই সেই অর্থে সারা বাংলাদেশের প্রায় সব জাতিই এতে সমান অংশগ্রহণ করতে পারে। এই ঐতিহ্য আমাদের সবার গর্ব — তা শুধু অতীতের স্মৃতি নয়, বর্তমানের উৎসব, ভবিষ্যতের আশাবাদ। তাতে অংশ নিয়ে আমরা আনন্দ পাই, আবার নতুন বছরের জন্য সবার মঙ্গলকামনা করি। তবু এর মধ্যে আমার সেই ছোটোবেলার বৈশাখটা রয়ে গেছে — মা’র ডাক, ঈশান কোণ থেকে আসা বাতাস, কালবৈশাখীর ঝঞ্ঝা, নতুন জামা আর রেসকোর্স আর রমনা পার্কের সেই শান্ত সকালের স্নিগ্ধতা — তার মধ্যে জমা আছে হারানোর ব্যথা আর মায়াময় স্মৃতি।

কাল-গণনার প্রাচীন শিকড়

মাস ও বছর বলতে আমরা যা বুঝি তা এই অঞ্চলে অন্তত দুই থেকে তিন হাজার বছর পূর্ব থেকে প্রতিষ্ঠিত। না হলে বছরের শুরুর দিনটি তামিলনাড়ুর পুথান্ডু, কেরালার ভিশু, পাঞ্জাবে বৈশাখী, অসমীয়াতে বোহাগ বিহু, চাকমাদের বৈসাবী, ত্রিপুরীদের বৈসাগু কেমন করে একটি দিনেই সমাপতিত হল? সুদূর ক্যাম্বোডিয়ায় নতুন বছরটি এই ১৩ কি ১৪ কি ১৫ই এপ্রিল শুরু হয়, পুরনো বছর শেষ হয় মহাসংক্রান দিয়ে অর্থাৎ মহাসংক্রান্তি দিয়ে। লাওসের ঘটনা একই। থাইল্যান্ডেও, সেখানে নতুন বছর শুরু হয় সংক্রান দিয়ে অর্থাৎ সংক্রান্তি। সংক্রান্তি হল সূর্যের একটি রাশি থেকে অন্য রাশিতে গমন। এবং শ্রীলঙ্কায়। (অন্যদিকে ভিয়েতনাম আবার চীনা মতে নববর্ষ উদযাপন করে।) অর্থাৎ বঙ্গাব্দ ক্যালেন্ডারের মাসগুলি প্রাচীন পঞ্জিকায় কয়েক হাজার বছর ধরে রয়েছে।

প্রশ্ন হচ্ছে নতুন করে ক্যালেন্ডার বানানো নয়, বাংলা সনের প্রথম বছরটি কে নির্ধারণ করেছিলেন সেই নিয়ে। সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের বছরটি ছিল ১৫৫৬ খ্রিস্টাব্দ, যা কিনা ৯৬৩ হিজরি। এটাকে যদি সরাসরি বঙ্গাব্দে রূপান্তরিত করি তো সেটা হবে ৯৬৩ বঙ্গাব্দ। আজ হলো ১৪৩৩ বঙ্গাব্দ আর ১৪৪৭ হিজরি। পার্থক্য হলো ১৪টি বছরের, কারণ বাংলা বছর হল সৌরীয় আর হিজরি চান্দ্রীয়। প্রতি ২.৭ বছরে এক মাস, আর ৩২.৪ বছরে এক বছর পার্থক্য হবে এই দুটি ক্যালেন্ডারের। সেই হিসাবে ১৪৩৩ বিয়োগ ৯৬৩ = ৪৭০ বছরের তফাৎ হবে (৪৭০/৩২.৪ =) ১৪.৫ বছরের। এটিই হল সম্রাট আকবরের সঙ্গে বঙ্গাব্দের মূল যোগাযোগ। হিজরি সনের সঙ্গে বাংলা সনের এই যে ১৪ বছরের পার্থক্য – আকবর থেকে যে বাংলা সন শুরু সেটার পেছনে প্রধান যুক্তি। 

তবে আকবরের রাজত্বকালে আইন-ই-আকবরী নামে একটি ইতিহাসগ্রন্থ রচিত হয়, তাতে বঙ্গাব্দের কোনো উল্লেখ পাওয়া যায় না, আর তারিখ-ই-ইলাহী নামে যে সৌর পঞ্জিকা চালু করেছিলেন সেটিও বেশি দূর এগোয়নি, যদিও অনেক বিশেষজ্ঞ বঙ্গাব্দকে এই ইলাহী পঞ্জিকার সঙ্গে যুক্ত করেন। তাহলে দেখা যাচ্ছে আকবর যদি বঙ্গাব্দ চালু করে থাকেন তিনি পুরোনো কাঠামোকে বজায় রেখে নতুন একটি সনের সূচনা করলেন, সেখানে সৌর ক্যালেন্ডার অনুযায়ী কিছু পরিবর্তন থাকতে পারে। অর্থাৎ আকবরের ভূমিকা এটুকুই যে তিনি ওই পুরনো পঞ্জিকার সংখ্যাটিকে হিজরি ৯৬৩-এর সাথে মিলিয়ে একটি প্রশাসনিক সুবিধা তৈরি করলেন — নতুন পঞ্জিকা সৃষ্টি করেনি।

কিন্তু আকবর ভারতের বিশাল অংশের সম্রাট হয়ে শুধুমাত্র বাংলার জন্য কেন একটি ক্যালেন্ডার তৈরি করবেন যখন বাংলা সেভাবে তখনও মোগল সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয়নি? শুধুমাত্র আকবরের মৃত্যুর পরে তার পুত্র জাহাঙ্গীরের সময় বারো ভুঁইয়াকে পরাজিত করে সমগ্র বাংলায় মোগল সাম্রাজ্য বিস্তৃত হয়। আর আকবরী ক্যালেন্ডার কেন উত্তর ভারতে প্রতিষ্ঠিত হলো না? আর একটি মতামতে সুলতান হোসেন শাহ (১৪৯৩ - ১৫১৯) ইতিমধ্যে প্রচলিত বঙ্গাব্দকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেন (আকবরের আগে)।

অনেকে রাজা শশাঙ্ককে এর প্রবর্তক বলেন – ৫৯৩ খৃষ্টাব্দে তাঁর রাজা হবার বছরটি শূন্য ধরলে আজকে ১৪৩৩ বঙ্গাব্দ পাওয়া যায়। কিন্তু তার পক্ষে যে প্রমাণগুলো দেওয়া হয় সেটিও বিশেষজ্ঞ মহলে পুরোপুরি গৃহীত নয়। 

অন্যদিকে আসামে ভাস্করাব্দ প্রচলিত আছে যা বঙ্গাব্দের বছরের সঙ্গে মিলে যায় (এই বছর হলো ১৪৩২ ভাস্করাব্দ)। শশাঙ্ক (বাংলায়) আর ভাস্করবর্মন (আসামে) একই সময়ে রাজত্ব করেছেন এবং অসমীয়ারা ভাবেন বঙ্গাব্দ এসেছে ভাস্করাব্দ থেকে। এমনকি হতে পারে শশাঙ্ক এবং ভাস্করবর্মন — দুই প্রতিপক্ষ রাজা, একই সময়ে, নিজ নিজ রাজ্যে দুটি আলাদা পঞ্জিকা-যুগ প্রবর্তন করেছিলেন, অথচ উভয়েই বৈশাখে বছর শুরু করেছিলেন? এটি একটি কৌতূহল-উদ্দীপক অনুকল্প, কিন্তু সেটির পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে নেই। তবে এটি প্রমাণ করে যে, বৈশাখে বছর শুরু করার ঐতিহ্য ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত ছিল — কোনো একজন রাজা তা নতুন করে আবিষ্কার করেননি। ভাস্করাব্দের উদাহরণটি আকবর-প্রসঙ্গে বিশেষভাবে প্রণিধানযোগ্য। আকবর যদি বঙ্গাব্দের একমাত্র প্রবর্তক হতেন, তাহলে আসামে স্বতন্ত্রভাবে গড়ে-ওঠা ভাস্করাব্দের সাথে এই মিল কীভাবে সম্ভব হল? আকবরের রাজত্ব আসাম পর্যন্ত বিস্তৃত ছিল না। বরং মনে হয় সূর্যসিদ্ধান্ত-ভিত্তিক একটি সুপ্রাচীন ভারতীয় সৌর পঞ্জিকা-ঐতিহ্য ছিল, যা এই গোটা অঞ্চলে প্রচলিত ছিল। 

এই একই সৌর ঐতিহ্যের প্রমাণ মেলে আরও দূরে। আগেই উল্লেখ করেছি থাইল্যান্ডের সংক্রান উৎসব, কম্বোডিয়ার মহাসংক্রান, লাওসের পি মাই, বার্মার থিংগান — এই সবক'টিই এপ্রিলের মাঝামাঝি সময়ে, সূর্যের মেষ রাশিতে প্রবেশকে কেন্দ্র করে। এমনকি বালির মানুষেরা এখনো শকাব্দ মেনে চলেন, যে শকাব্দ ৭৮ খ্রিস্টাব্দে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতীয় সংস্কৃতির স্রোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় পৌঁছে গিয়েছিল। থাইল্যান্ডে এই মুহূর্তে বৌদ্ধাব্দ ২৫৬৯ চলছে, কম্বোডিয়ায়ও একই সংখ্যা। এই পঞ্জিকাগুলো গৌতম বুদ্ধের পরিনির্বাণ থেকে গণনা করা হয়, যা খ্রিস্টপূর্ব ৫৪৩ অব্দে — অর্থাৎ আকবরের দুই হাজার বছরেরও বেশি আগে, এবং সেখানে বর্ষ শুরু হয় বৈশাখ দিয়ে, এপ্রিলের মাঝামাঝি।

শকাব্দের কথা উঠলে আরেকটু বলা দরকার। শকাব্দ শুরু হয়েছিল ৭৮ খ্রিস্টাব্দে — সূর্যের বসন্ত বিষুবে, অর্থাৎ ২২ মার্চের কাছাকাছি, যা হল চৈত্রের শুরু। আর বঙ্গাব্দ, বিক্রমাব্দ ও ভাস্করাব্দ শুরু হয় বৈশাখে — সূর্যের মেষ রাশিতে নাক্ষত্রিক প্রবেশের দিন, ১৩-১৪ এপ্রিল। দুটির মধ্যে প্রায় তিন সপ্তাহের পার্থক্য, যা সহস্র বছরের অয়নচলনের ফল। কিন্তু উভয়ই বসন্তকে কেন্দ্র করে, উভয়ই প্রাচীন সূর্যসিদ্ধান্তের সন্তান।

কে বঙ্গাব্দর প্রথম বছরটি নির্ধারণ করেছেন সেই  বিষয়টির পুরোপুরি নিষ্পত্তি এখনো হয়নি; এখানে সবাই নিজ নিজ পক্ষপাতিত্বমূলক দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনায় আসেন। আমার মতে এই আলোচনাটি নিজস্ব পূর্বাগ্রহ বা একপেশে ধারণা বিসর্জন দিয়ে করা উচিত। তবে একটি বিষয়ে নিশ্চিত থাকা যায়: বৈশাখে বছর শুরুর এই মহাসৌর উৎসব কোনো একজন সম্রাটের সৃষ্টি নয়। এটি কোনো এক সময়ে অগ্রহায়ণ মাসে ছিল, কালক্রমে বৈশাখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রকৃতির সাথে মানুষের কয়েক হাজার বছরের কথোপকথন ও পর্যবেক্ষণের ফল – সেই প্রাচীন প্রক্রিয়ার উত্তরাধিকারই আমাদের বৈশাখ।