Published : 27 Jun 2018, 08:36 PM

অলংকরণ:ফাহমিদা জামান ফ্লোরার চিত্রকর্ম
আমার স্বপ্নমোহবন্ধন
অপরের কাছে থেকে
কতোবার যে নিজেকে
চড়ামূল্যে খরিদ করেছি
তার হিসেব রাখিনি
কতোবার যে নিজেকে
অল্পদামে বিক্রি করে
সেই ভুলেরই মাশুল গুনেছি
তার হিসেবও জানা নেই
অসুখীর হৃদয়ে সুখ দিয়ে
দুুখী মানুষের কাতারে দাঁড়িয়েছি
অভাবীর মতো নষ্ট-স্বভাবে
রৌদ্রকে ছায়া দিয়ে
ছায়াকে রৌদ্র দিয়ে
নাড়িয়ে দিয়েছি প্রকৃতির বুক
আমার ইচ্ছাগুলোই আমার শব্দ
আমার স্বাধীনতা
আমার স্বপ্নমোহবন্ধণ
নিয়তি: ভাগ্য
কর্মফল দিয়েছে কি চুল-পরিমাণ ছাড়
ভালোবাসা আর হিসেবের রেষারেষি
মনোযোগ দিয়ে গুনছে পাওনা তার
যৎকিঞ্চিৎ লাভ, ক্ষয়ক্ষতি খুব বেশি
ভাগ্য-ভাগ্য বলে কেঁদে-কেটে লাভ নেই
ওটা নিয়তির পৃথক সংস্করণ
প্রাত্যহিক ক্লেশে তার কোনো পাপ নেই
নিয়তিই জানে, ভাগ্য বদলের ক্ষমতায়ণ
এই হাতে পাপ একদা ছিলো যা পূণ্য
রদবদলের কাহিনী জানি না, খোদার কসম
প্রাপ্তিতে-প্রাপ্তিতে যোগফল থাকে শূন্য
মানুষ বোঝে না কোনখানে সে বেশরম
কর্মফল দেয় না চুল পরিমাণ ছাড়
নিয়তির প্রতি ভাগ্য এমনই বেজার
পরশ
আমি আসিও না, যাইও না কাছে
আবেগ শুধু আসা-যাওয়া করে
এই রহস্যের তামাশা জানিয়ে দিই
আগুন পানি বাতাসের অক্ষরে
মাটির পুতুল জীবন্ত হয়ে যায়
আমি অধরা নই, ধরিও না কিছু
যতো স্পর্শকাতরতা ছোটে
চিররহস্যের অন্তরাল থেকে
নিয়তির প্রেম লেগে রয় ঠোঁটে
মৃত ভালোবাসা চোখ মেলে চায়
আমি আসিও না, যাইও না কাছে
আমি অধরা নই, ধরিও না কিছু
আমার তামাশা আসমান জানে
জমিনও জেনেছে সামান্য কিছু
পরশ তাহার ছুঁয়ে-ছুঁয়ে যায়…
সময়সাধন
যখন যা করার করো, এতেই মহাজগত ন্যস্ত
কাল না হলে পরশু হবে
এই অনুমান অনুভবে
নিজের হাতে নিজেই হবে চরম অপদস্থ
কাজের মধ্যে খেয়ালিপনা খামখেয়ালির রাজা
দেহটা তার ছুঁয়ে দ্যাখো, গন্ধে তরতাজা
কীসের গন্ধ কীসের গন্ধ বুঝেও কি ভান করো
কাদাজলে শুদ্ধ হয়ে রক্তজলে স্নান করো
যখন যা দেওয়ার দাও তাতেই জীবন পায় মাত্রা
দিচ্ছি-দেবো করে-করে
টের পাবে না ঘুণাক্ষরে
তোমার জগত চেয়ে দেখছে অন্ধকারের যাত্রা…
স্বপ্নকল্প
কল্পনার শব্দকে সম্মান জানিয়ে লাভ কী তোমার
যখন হাতে-ধরা টাটকা বাস্তব
বজ্রপাতে পুড়ে মরছে
আত্মহত্যা করেছে ধর্ষিত শব্দ
পরকীয়ায় পালিয়েছে দুধকলায় পালিত শব্দ
পাঁপড়ির ঘোমটা-পরা লজ্জিত গোলাপ
নিজের পরিচয় আড়াল ক'রে বলে
আমি বাগানের কেউ নই, এসেছি বেড়াতে
ভালো থাকলে ফুটবো আগামী বসন্তে
এক মুঠো ভাত হয়ে
মিশে থাকবো অনাহারী চোখের স্বপ্নে চিরকাল