২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য, অনন্য ও অভিন্ন বোর্হেস

কিন্তু এই বইয়ের মূল আকর্ষণ এর বিষয় ও অনুবাদের গুণ। আলম খোরশেদের অনুবাদের গুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ইতিমধ্যে তিনি অনুবাদে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে তিনি বরেণ্য এক অনুবাদক হিসেবে পরিচিত। গত ৩৫ বছর যাবত তিনি কেবল অনুবাদ নামক সাহিত্যের এই গুরুত্বপূর্ণ শিল্পের সাথে জড়িতই নন, আমাদের দেশে লাতিন আমেরিকার সাহিত্যকে ব্যাপকভাবে যারা অনুবাদ করছেন তিনি তাঁদের অন্যতম।

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

Published : 24 Aug 2025, 01:22 AM

Updated : 26 Aug 2026, 01:38 PM

লাতিন আমেরিকার সাহিত্যের প্রতি অনুবাদক ও প্রাবন্ধিক আলম খোরশেদের মনোযোগ আমরা লক্ষ করবো প্রথম যখন জাদুবাস্ততার গাথা (লাতিন আমেরিকার গল্প সংকলন) নামক গল্পগ্রন্থটি  ১৯৯১ সালে প্রকাশিত হয়। দুই বাংলাতেই এটি ছিল দক্ষিণ আমেরিকার গল্পসংকলনের প্রথম বাংলা তর্জমা গ্রন্থ। এর পরে নানা সময় তিনি বিচ্ছিন্নভাবে লাতিন আমেরিকান গল্প বা প্রবন্ধ অনুবাদ করলেও, বিশ বছর পর, লাতিন আমেরিকার দুই দিকপাল ব্যক্তিত্বের সংলাপের একটি বিরল গ্রন্থ বোর্হেসের সাথে বিক্তোরিয়া ওকাম্পোর কথোপকথন ২০১০ সালে গ্রন্থকারে প্রকাশিত হয়। এটি যদিও অনূদিত হয়েছিল বেশ আগেই। আলম খোরশেদ এটি মূল থেকে বাংলায় অনুবাদ করেন। দক্ষিণী ও লাতিন আমেরিকা অন্যান্য গল্প (বেঙ্গল পাবলিকেশন্স) ২০১৮ সালে বের হয় আরেকটি গ্রন্থ যার বিষয়বস্তু ওই একই মহাদেশের। এ বছর জুন মাসে বেঙ্গলবুকস থেকে প্রকাশিত হয় বোর্হেস বোর্হেস শিরোনামে বোর্হেসের গল্প, কবিতা, প্রবন্ধ, সাক্ষাৎকার ও পত্রাবলি নিয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন একটি বই। এই গ্রন্থে রয়েছে ৪টি গল্প, ১৩টি কবিতা, ২টি প্রবন্ধ, ওকাম্পোর সাথে বোর্হেসের সেই দীর্ঘ সাক্ষাৎকার এবং সহযাত্রী কবি, প্রেমিকা এবং আর্হেন্তিনার বিখ্যাত সংবাদ সংগঠন এফ-এর কর্মকর্তাদের উদ্দেশ্যে মোট ৩টি চিঠি। বোর্হেসের চিঠিগুলো বাংলাভাষায় এই প্রথম মূল থেকে বাংলা অনুবাদে প্রকাশিত হল। এই গ্রন্থের কিছু লেখা ইংরেজি অনুবাদের ভিত্তিতে আর কিছু লেখা সরাসরি স্প্যানিশ থেকে অনূদিত হয়েছে। চারটি গল্পের দুটি এই প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো অনূদিত হলো। কিছু কিছু কবিতা অন্য হাতে অনূদিত হলেও কয়েকটি কবিতা আলম খোরশেদ এই প্রথমবার অনুবাদ করলেন। সাক্ষাৎকারটির কথা তো আগেই বলেছি। ‘সি-মোরগ ও ঈগল’ এবং `জাদু ও আখ্যান শিল্প' নামক প্রবন্ধ দুটি বাংলায় এই প্রথম অনূদিত হলো। বোর্হেস বোর্হেস নামক এই ১৩৬ পৃষ্ঠার এই বইটি মুদ্রণসৌকর্যে খুবই সুন্দর একটি বই। প্রতিটি বিভাগের শুরুতে বোর্হেসের ভিন্ন ভিন্ন ছবির ব্যবহার গ্রন্থটিকে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। 

কিন্তু এই বইয়ের মূল আকর্ষণ এর বিষয় ও অনুবাদের গুণ। আলম খোরশেদের অনুবাদের গুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ইতিমধ্যে তিনি অনুবাদে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে তিনি বরেণ্য এক অনুবাদক হিসেবে পরিচিত। গত ৩৫ বছর যাবত তিনি কেবল অনুবাদ নামক সাহিত্যের এই গুরুত্বপূর্ণ শিল্পের সাথে জড়িতই নন, আমাদের দেশে লাতিন আমেরিকার সাহিত্যকে ব্যাপকভাবে যারা অনুবাদ করছেন তিনি তাঁদের অন্যতম। তাঁর অনুবাদে থাকে স্বচ্ছতা, থাকে মূলানুগ হওয়ার বিশ্বস্ততা। তাঁর মতো এত নিষ্ঠাবান অনুবাদ আমাদের দেশে খুবই কম। অনুবাদের ব্যাপারে তাঁর আদর্শ হচ্ছে এই যে মূলের কোনো কিছু যেমন বাদ দেয়া যাবে না, তেমনি মূলে যা নেই তা অন্তর্ভুক্তও করা যাবে না। আমাদের দেশে অনুবাদের এমন দৃষ্টান্ত বিরল। বোর্হেস বোর্হেস নামক গ্রন্থটি দিয়ে এই দেশে ভুবনজয়ী আর্হেন্তিনিয় লেখক বোর্হেসকে এই দেশে যেমন সম্প্রসারিত করেছেন, তেমনি তিনি বাংলাভাষায় অনুবাদের ক্ষেত্রকেও করেছেন প্রসারিত। 

বোর্হেস এই দেশে সেই ষাটের দশক থেকে অনূদিত হয়ে আসছে। সেই হিসেবে অনুবাদের মাধ্যমে বাঙালি পাঠকদের মনোযোগের বয়স হিসেবে করলে আজ ষাটের অধিক কাল যাবৎ তিনি পরিচিতি। বোর্হেসের নতুন নতুন অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে দুই বাংলা থেকে। কিন্তু যদি অনুবাদের মান বিচার করা হয়, তাহলে দেখা যাবে, কোনো কোনো অনুবাদ গ্রহণযোগ্য মানে পৌঁছায়নি। জানি, অনুবাদ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হওয়া কঠিন, যেহেতু তা অন্য ভাষা ও সংস্কৃতির এক ফসল যা আমাদের ভাষিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার মতো নয়, এমনকি বাক্যগঠন ও অভিব্যক্তির ভিন্নতার কারণেও অনেক সময়ই মূলের শতভাগ কাছে যাওয়া সম্ভব হয় না।  কিন্তু যে-অনুবাদ ভাষিক ত্রুটি থেকে উদ্ভূত তা মূলের সাথে প্রতারণা। অনুবাদক আলম খোরশেদে এই ধরনের প্রতারণা পাঠকরা কখনো পাবেন বলে মনে হয় না। 

বলেছিলাম বোর্হেসের অনুবাদ বাংলা ভাষায় বহুদিন থেকে হয়ে আসছে, কিন্তু আমাদের প্রধান লেখকরা-- তা সেই ষাট, সত্তর বা আশির দশকের লেখকদের কথাই যদি বলি, তারা বোর্হেসের লেখা দ্বারা কতটা উপকৃত বা উদ্বুদ্ধ হয়েছেন তা নির্ণয় করা খুব কঠিন। পাণ্ডিত্যে, শিল্পকৌশলে কিংবা ভাষিক অনুশীলনের প্রশ্নে আমাদের লেখকদের মধ্যে এর আত্মীকরণ এবং সৃষ্টিশীল রূপান্তর কতটা ঘটেছে তা নিশ্চয়ই গবেষণার বিষয়। গ্যোয়েটে বলেছিলেন: ‘হার্ডার আমায় যা শিখিয়েছেন তার সবই আমি অনায়াসে আত্মস্থ করেছি।’ এই আত্মস্থ করার মধ্যেই রয়েছে নিজেকে সমৃদ্ধ করা এবং এই সম্পদকে কাজে লাগানো। বাইবেলে নাকি বলা হয়েছে: ‘ধন যার আছে তাকে আরো দেওয়া হোক, যার নেই তার কাছ থেকে যা আছে তা কেড়ে নেওয়া হবে।’  হাতের কাছে এইসব অমূল্য রত্নভাণ্ডার পেয়েও আগের প্রজন্ম কতটা কাজে লাগাতে পেরেছে জানি না, তবে আশার কথা এই যে আশির দশক পরবর্তী যেসব প্রজন্ম আছে তারা বোর্হেসের ব্যাপারে খুবই উৎসাহী। যেভাবে মার্কেস এবং মারিও বার্গাস ইয়োসা মার্কিন বা ফরাসি লেখকদের থেকে কলাকৌশল রপ্ত করে নিজেদের সাহিত্যকে অনন্য করে তুলেছিলেন, আমাদের পরবর্তী প্রজন্ম সেই কাজটি বোর্হেসের মাধ্যমে ঘটাবেন বলে আমি আশা করি। আর তখনই কেবল এই অনুবাদগুলোর গুরুত্ব আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। আলম খোরশেদ যে-গভীর নিষ্ঠায় আমাদের জন্য বিদেশি ধনরত্নকে মাতৃভাষায় অন্তর্ভুক্ত করে নিচ্ছেন তা শুধু গৌরবেরই নয়, তাঁর কাছে আমাদের সত্যিকারের ঋণ উতরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অনুবাদক আলম খোরশেদকে আমরা কৃতজ্ঞতা জানাই বোর্হেস নিয়ে এই নতুন গ্রন্থটি উপহার দেয়ার জন্য। এই বইয়ের নান্দনিক সৌকর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই শিল্পী আজহার ফরহাদকে।