শরীরের চেম্বার মিউজিক
হোটেল চেলসিয়ায় তুমি খুলে ফেলেছিলে পোশাক
আর তখনই বুঝলাম, পোশাকের নীচেই থাকে নগ্নতা,
তোমার ঐশ্বর্য।
দেখছিলাম তোমাকে, তোমার ঠাসবুনোটময় মন্দাক্রান্তা,
আর আবিষ্কার করতে চাইলাম তার অর্ধস্বর ও অভিপ্রায়।
আয়নাতে প্রতিফলিত তুমি, শরীর যেখানে জন্ম দিয়ে চলেছে
অসংখ্য গঙ্গা-যমুনার,
আমি দেখি তোমার রূপ আর প্রতিরূপ
ভাবি, দেহই প্রেম, এক শিল্পিত তরবারি।
স্পর্শ করলাম তোমাকে, হে সেমেলে, আমি জুপিটার,
কেউ যেন ফুঁ দিল শিঙায়, ধ্বংস কি হবে ব্রহ্মান্ড!
নদীগুলো উঠে যাবে আকাশে, পর্বতেরা নেমে যাবে সমুদ্রে
আর সৃষ্টি হবে এক সুস্বাদু যন্ত্রণার।
তোমার স্যুররেয়াল শরীর, তাতে তাইরেসিয়াসের স্তন,
ঊরুর চাপে উদভ্রান্ত রূপালি প্রিজম আজ গেয়ে যায়
অনন্ত রাতের সোনাটা;
এসো আয়নার গভীরে যাই, শুয়ে শুয়ে উপগত হই
সৃষ্টি হবে শরীরের চেম্বার মিউজিক, আর তুমি ও আমি
হয়ে উঠব— শরীর, সঙ্গমের,
সঙ্গম, শরীরের।
