নিঃসঙ্গতাকে পঞ্চাশতম জন্মদিনের শুভেচ্ছা
আঠারো মাস গর্ভে থাকার পর আজকের দিনে জন্ম হয়েছিল নিঃসঙ্গতার। সে পঞ্চাশ বছর আগের কথা। জন্মের সময় তার বয়স ছিল একশো বছর। অবশ্য পরাগ মিলন ঘটেছিল আরো অনেক আগে, সৃষ্টিকর্তার বয়স তখন সবে আঠারো, একটা "বাড়ি"-র (La casa) অঙ্কুরোদগমের সম্ভাবনা দিয়ে তার শুরু। বিরাট বড়, বহু পুরোনো একটা বাড়ি, ক্যারিবিয়ার উপকূলে জুঁইফুলের গন্ধমাখা সে বাড়ির আনাচে কানাচে ফিসফিস করে কথা বলে প্রেতের দল, সন্ধের অন্ধকারে দিদিমা নাতিকে নিয়ে যায় অলৌকিক গল্পের এক অন্যতর সত্যের জগতে, এক মাসি বুনে যায় নিজের শবাচ্ছাদন, দাদামশাই, বাড়ির একমাত্র পুরুষ অভিভাবক, অবসরপ্রাপ্ত কর্নেল, আমৃত্যু যাঁর অস্তিত্ব যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারেনি, নাতিকে দেখান বেদেদের খেলা। আরাকাতাকায় এই নিবাস বাস্তবে মাত্র আট বছরের। কিন্তু তার স্মৃতি সঙ্গে নিয়ে স্রষ্টা পথ হেঁটেছেন বাররানকিয়া, কার্তাহেনা, বোগোতা, মেহিকোর পথে, "ঝরাপাতা", "দুঃসময়", "কর্নেলকে কেউ চিঠি লেখে না" উপন্যাস ও কিছু ছোটগল্পের পাতা এবং এভাবেই একদিন "বাড়ি"-র বহিরাবয়ব থেকে পৌঁছে গেলেন "নিঃসঙ্গতা"-র অন্তর্জগতে আর ঘটে গেল এক অভাবনীয় বিস্ফোরণ: ১৯৬৭ সালের বুয়েনোস আইরেসের সুদামেরিকা প্রকাশনা থেকে আত্মপ্রকাশ করল একশো বছরের নিঃসঙ্গতা (Cien años de soledad)। বইটি পড়েই কার্লোস ফুয়েন্তেসের স্বতঃস্ফূর্ত মন্তব্যঃ "লাতিন আমেরিকার দোন কিহোতে পড়লাম", যার প্রতিধ্বনি শোনা গেল পাবলো নেরুদার কথায়ঃ "স্প্যানিশ সাহিত্যের জগতে দোন কিহোতের পরে সম্ভবত সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি"। আর বই প্রকাশের পনের দিনের মধ্যে প্রথম সংস্করণ বিক্রি হয়ে যায় শুধুমাত্র একটি শহরে, বুয়েনোস আইরেসে। এখনও পর্যন্ত বিশ্বের ৪৪টি ভাষায় অনূদিত হয়েছে, দোন কিহোতের পরেই এই পরিসংখানের স্থান এবং মোট বই বিক্রির সংখ্যা আনুমানিক ৫ কোটি।
১৯৬১ সালের ২রা জুলাই গাব্রিয়েল গার্সিয়া মার্কেস পরিবারসহ কলোম্বিয়া থেকে মেহিকোয় পৌঁছান। সেদিনই সকালে আত্মহত্যা করেন আর্নেষ্ট হেমিংওয়ে। এই ঘটনা পরম্পরাকে মেহিকোর কবি ও প্রাবন্ধিক হোসে এমিলিও পাচেকো বিশ্বসাহিত্যে "ইঙ্গ-মার্কিন উপন্যাসের জমানার অবসান ও ইস্পানোআমেরিকার কথাসাহিত্যের জয়যাত্রার সূচনা" হিসাবে ব্যাখ্যা করেছেন। বস্তুত পাবলো নেরুদার বিশ্বজোড়া খ্যাতি এবং গার্সিয়া মার্কেসের পূর্বজ লাতিন আমেরিকার নোবেল পুরষ্কার প্রাপ্ত লেখকদের অবদানের অনস্বীকার্যতা সত্ত্বেও বিংশ শতকের কথাসাহিত্যের দুনিয়ায় "একশো বছরের নিঃসঙ্গতা"-ই লাতিন আমেরিকার স্ব-অস্তিত্ব ঘোষণায় সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় দৃঢ় ও দাম্ভিক পদক্ষেপ। সেখানে কোনও আর্জি নেই, বিনয় নেই, দার্শনিক প্রলেপ নেই। কয়েক শতাব্দি জুড়ে ইউরোপ আর আমেরিকা মিলে এই মহাদেশটাকে ছিঁড়ে-খুঁড়ে তার পঞ্জরাস্থির শেষ কণাটুকু পর্যন্ত উদরস্থ করে তারপর তাকে অন্ধকার আর অজ্ঞানতার নিঃসঙ্গ কুঠুরিতে ঠেলে দিয়ে যে মহাযজ্ঞ সমাপন করেছিল, এ উপন্যাস সেই যজ্ঞাগ্নি থেকে উত্থিত হয়ে সদম্ভে ঘোষণা করল যে আমি আছি এবং তথাকথিত জ্ঞাণী ও সভ্য পৃথিবীর দিকে আঙুল তুলে দেখিয়ে দিল তাদের অজ্ঞতা আর বর্বরতার প্রকৃত সত্য। স্টকলহোমের নোবেল মঞ্চে বুকপকেটে হলুদ গোলাপ নিয়ে ৫ ফুট ৮/৯ ইঞ্চি লম্বা "মাকোন্দো"-র স্রষ্টা তাই বলেছিলেন: "…the immeasurable violence and pain of our history are the result of age-old inequities and untold bitterness, and not a conspiracy plotted three thousand leagues from our home. But many European leaders and thinkers have thought so, with the childishness of old-timers who have forgotten the fruitful excess of their youth as if it were impossible to find another destiny than to live at the mercy of the two great masters of the world. This, my friends, is the very scale of our solitude." আর আত্মগর্বে অন্ধ সমস্ত বিশ্ববাসী সেদিন পৃথিবীর ওই অন্ধকারাচ্ছন্ন অংশটার দিকে চোখ মেলে তাকাতে বাধ্য হয়েছিল। এখানেই বিশ্বসাহিত্যের প্রাঙ্গনে গার্সিয়া মার্কেস ও তাঁর এই সৃষ্টির প্রধান ভূমিকা এবং লাতিন আমেরিকার সাহিত্যে উনিশ শতক থেকে আত্মপরিচয় আবিষ্কার ও প্রতিষ্ঠার যে অভিপ্রায় শুরু হয় তার চূড়ান্ত সাফল্য।
এ উপন্যাসকে জাদু-বাস্তববাদের সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি বলেও মনে করা হয়। অথচ গার্সিয়া মার্কেস নিজে বারবার, বহুভাবে এই কাহিনিতে নিখাদ বাস্তবের উপস্থিতির কথা বলতে চেয়েছেনঃ "…la fuente de creación al fin y al cabo es siempre la realidad" ( শেষ পর্যন্ত সৃষ্টির উৎস ও সমাপ্তি সবসময়ই বাস্তব। "পেয়ারার গন্ধ") অথবা "… the truth is that there's not a single line in all my work that does not have a basis in reality." (Gabriel Garcia Marquez: The Art of Fiction No.69, the Paris Review) মহাকাব্যোপম এই উপন্যাসে লেখক অসাধারণ দক্ষতায় মানব সভ্যতা, লাতিন আমেরিকা ও কলোম্বিয়া – এই ত্রয়ী ইতিহাসকে একসঙ্গে বুনেছেন। তার মধ্যে কলোম্বিয়ার ইতিহাসের পাতা থেকে সরাসরি উপস্থিত ১৯৪৮-১৯৫৮ সালের "La violancia" অর্থাৎ গৃহযুদ্ধের সময়কাল, ইউনাইটেড ফ্রুট কোম্পানির পুজিঁবাদী আগ্রাসন ও সাহিত্য জগতের বিখ্যাত "বাররানকিয়া দল"-এর কথা। বাকি সবকিছু যেন বাস্তব আর অতিবাস্তবের সীমানায় হেঁটে বেড়াচ্ছে। মাকোন্দো স্বয়ং এক কাল্পনিক জগৎ, সেখানে অজাচারী সম্পর্কের ফলে শুয়োরের লেজ নিয়ে সন্তান জন্মের ভয় তাড়া করে বেড়ায় সাত প্রজন্ম ধরে, অনিদ্রায় আক্রান্ত হয়ে বিস্মৃতিতে তলিয়ে যায় গোটা গ্রাম, চার বছর এগার মাস দুই দিন ধরে বৃষ্টি হয়, এক ঠাকুমা তার কিশোরি নাতনিকে বিভিন্ন মেলায় প্রতিদিন সত্তরজন পুরুষের কাছে বিক্রি করে, একটি অসামান্যা সুন্দরী মেয়ে বিছানার চাদর জড়িয়ে উড়ে যায় আকাশে, অন্য এক মেয়ে মৃত বাবা-মায়ের হাড় বস্তায় বয়ে নিয়ে চলে যা থেকে অবিরাম ক্লক ক্লক শব্দ হতে থাকে, আরেকজন নিজের শবাচ্ছাদন বোনে আর বুনন শেষ হলেই সে মারা যায়। এরকম অসংখ্য অবাস্তব চিত্রকল্পে আমরা বুঁদ হয়ে থাকি। এখন প্রশ্ন, তাহলে কোথায় আছে ওই "basis in reality"?
ভবিষ্যৎবাণী এবং অলৌকিকতায় বিশ্বাস ক্যারিবিয়ার উপকূল অঞ্চলের প্রাত্যহিকতার অঙ্গ, তাই ভবিষ্যৎদ্রষ্টা পিলার তেরনেরা ও প্রুদেনসিও আগিলারের প্রেত নিয়ে তৈরি মাকোন্দোকে ওই অঞ্চলের যে কোনও স্থানে সহজেই প্রতিস্থাপন সম্ভব। তার প্রতিষ্ঠাতা হোসে আর্কাদিয়ো বুয়েন্দিয়া আর উরসুলা, এই বুয়েন্দিয়া পরিবার গোটা মাকোন্দোর প্রতিনিধিস্বরূপ। সূচনা লগ্নে হোসে আর্কাদিয়োকে আমরা দেখি বিজ্ঞানের বিস্ময়কর জগতের সামনে জ্ঞানপিপাসু এক মানুষ আর উরসুলা মাতৃতন্ত্রের প্রতিভূ, তিনি পরিবার প্রতিপালন করেন, প্রথমে পশুপালন ও পরে কৃষিব্যবস্থা, ঠিক যেভাবে এগিয়ে গেছে মানবসভ্যতা। তাঁরা ইউরোপীয় সাদা মানুষ নন, আবার প্রাক-ঔপনিবেশিক ভূমিপুত্রও নন, তাঁরা মেস্তিসো – ইউরোপীয় ও ভূমিপুত্রের মিশ্রণ, তাই কথা বলেন স্প্যানিশ ভাষায়। তবে কি ভুলে গেছেন নিজস্ব ভূমির ভাষা, কৃষ্টি, সভ্যতা? তাই কি নিদ্রাহরণকারী ঔপনিবেশিক শাসন গোটা জনগোষ্ঠীকে বিস্মৃতিতে নিমগ্ন করে তাদের সত্তাকে ধ্বংস করে দিতে চায়? শাসক তাই চায়, কিন্তু পারে না। তাঁদের ফেলে আসা, প্রায় ভুলে যাওয়া আত্মীয়ের অস্থি নিয়ে আসে মেয়ে রেবেকা যা বিরামহীন শব্দে জানিয়ে দেয় জোর করে উপড়ে দেওয়া শিকড়ের সেই অস্তিত্ব। সে কারণেই রেবেকা মাটি খায়, গুয়াখিরা ভাষায় কথা বলে। এই মাটি খাওয়া শুধুই প্রতীকি নয়, গার্সিয়া মার্কেসের এক বোন ছোটবেলায় সত্যি সত্যিই মাটি খেতেন। যেমন তাঁর এক মাসি নিজের শবাচ্ছাদন বোনা শেষ করার পরেই মারা যান, উপন্যাসের আমারান্তার মতো। লেখকের প্রতিবেশি এক বাড়ির মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় পারিবারিক কলঙ্ক গোপন করতে তার বাবা-মা বলে যে মেয়ে সন্ন্যাসিনী হয়ে আকাশে উড়ে গেছে। রেমেদিয়োস লা বেইয়ার বিশুদ্ধ সৌন্দর্য ও পবিত্র মন এ পৃথিবীর ধূলিমলিনতার উপযুক্ত নয়, তাই সেও উড়ে যায় আকাশে। স্পেনীয় শাসনের অবসান হতে না হতেই লাতিন আমেরিকায় শুরু হয় একনায়কতন্ত্রের শোষণ, সঙ্গে থাকে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন পুঁজিবাদী শক্তির আগ্রাসন, লুঠতরাজ আর নিপীড়নের যেন কোনও শেষ নেই, প্রতিটি দেশ প্রতিদিন বিকোতে থাকে ওই কিশোরী নাতনির ঠাকুমার ঋণ পরিশোধের জন্য। একনায়কতন্ত্রের দাপট ও তার বিরুদ্ধে প্রতিবাদ-বিদ্রোহ – এই হল লাতিন আমেরিকার স্বাধীনোত্তর ইতিহাস। মাকোন্দোয় প্রতিবাদের পথে এগিয়ে যায় কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া, কলোম্বিয়ার উদারপন্থী দলের বিখ্যাত নেতা জেনারেল রাফায়েল উরিবে উরিবের আদলে যাঁর সৃষ্টি। অন্যদিকে একনায়কের স্থান অধিকার করে আর্কাদিয়ো। আর এই যুদ্ধের হিংস্র সময়ের অবসরে হোসে আর্কাদিয়োর জ্ঞানপিপাসা চেস্টনাট গাছের নীচে দড়ি দিয়ে বাঁধা পড়ে থাকে – নিঃসঙ্গ ও বিস্মৃত। এভাবেই মার্কিনি পুঁজিবাদের হাত ধরে মাকোন্দো ধীরে ধীরে কুড়িটি কুঁড়ে ঘরের আদিম শান্ত স্বাবলম্বী গ্রাম্য সমাজ থেকে এগিয়ে যায় জৌলুস ও আর্থিক অসাম্যের আধুনিক নগর জীবনের সামুহিক বিনষ্টির দিকে, সেখানে রাতের অন্ধকারে একটা ট্রেন বয়ে নিয়ে চলে তিনহাজারেরও বেশি নিরীহ শ্রমিকের মৃতদেহ সমুদ্রে উগড়ে দিতে, যাদের সন্ধান কেউ পায় না, কেউ বিশ্বাস করে না, মনেও রাখে না। তারপর এক প্রলয়ংকারী বন্যার কিছু পরে শুয়োরের লেজসহ সদ্যজাত শেষ বুয়েন্দিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে এক ঘূর্ণিঝড়ে মাকোন্দো নিশ্চিহ্ন হয়ে যায়, কেননা একশো বছরের একাকীত্বের জন্য যারা বলিপ্রদত্ত এ পৃথিবীতে পুনরুজ্জীবনের আর কোনও সম্ভাবনা তাদের নেই। এই দীর্ঘস্থায়ী বন্যা মনে করিয়ে দেয় বাইবেলের বিশ্বজোড়া প্লাবনের উপকথা আর অজাচারী সম্পর্কের ভয় ও পরিণতি গ্রীক নাট্যকার সোফোক্লেসের প্রভাবকে।
আর এই পুরো ইতিহাস আগেই লিখে রেখেছিলেন যাযাবর মেলকিয়াদেস তাঁর সংস্কৃত ভাষার পান্ডুলিপিতে। সংস্কৃত কেন? নৃতত্ব অনুযায়ী এই যাযাবর সম্প্রদায়ের উৎস ভারতবর্ষে। উপন্যাসের একেবারে শুরুতে মাকোন্দোয় এসে ভেলকি দেখানোর সময় মেলকিয়াদেস চুম্বককে বলেছেন ম্যাসিডোনিয়ার জ্ঞাণী অ্যালকেমিস্ট বা অপরসায়নবিদদের অষ্টম আশ্চর্য আর দূরবীন ও আতস কাঁচ হলো আর্মস্টারডামের ইহুদিদের আবিষ্কার। ইতিহাস বলছে, ম্যাসিডোনিয়ার এক মঠ থেকে ১৪৬০ সালে পাওয়া যায় দ্বিতীয়-তৃতীয় শতকের বিখ্যাত হেরমেটিকার পান্ডুলিপি যা পরবর্তী দেড়শো বছর ধরে অপরসায়নের ভরকেন্দ্র বলে বিবেচিত হয় আর ১৪৯২-১৪৯৬ খ্রীষ্টাব্দে স্পেন ও পর্তুগাল থেকে বিতারিত ইহুদিরা ইউরোপের একটি মাত্র দেশ হল্যান্ডে আশ্রয় পেয়েছিলেন, আর্মস্টারডামে তাঁরা নতুন বসতি গড়ে তোলেন এবং সেখানেই তাঁরা উদ্ভাবন করেন ঘড়ি, চশমা, দূরবীন ইত্যাদি। এভাবেই "একশো বছরের নিঃসঙ্গতা"-র প্রতিটি অক্ষরে নিহিত ইতিহাস, পুরাতত্ব, নৃতত্ব, উপকথা আর ব্যক্তিঅভিজ্ঞতার নিখাদ বাস্তব।
পরিবারসহ আকাপুলকো যাওয়ার পথে সৃষ্টির আদি শ্লোকের মতো এক বাক্যের অমোঘ উৎসরণ দিয়ে শুরু হয়েছিল বিশ্বসাহিত্যের ইতিহাসের এই নতুন অধ্যায়ঃ "বহু বছর পরে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার মনে পড়ল দূরায়ত সেই বিকেলের কথা যখন তাঁর বাবা তাঁকে বরফ আবিষ্কার করতে নিয়ে গিয়েছিলেন।" তারপর আঠারো মাস ধরে নিরবচ্ছিন্ন লিখে যাওয়া। সবশেষে ইতিহাস, বাস্তব বা জাদু-বাস্তব, সবকিছু পেরিয়ে এই মহাকাব্য হিরন্ময় পাত্র দ্বারা আবৃত মুখ উন্মোচন করে সত্যদর্শন ঘটায়: বন্ধুত্ব আর সহমর্মীতার অভাবে জন্ম হয় নিঃসঙ্গতার আর তার পরিণতি সভ্যতার সমূহ বিনাশ। আজকের যুদ্ধোন্মত্ত পৃথিবীতে যে সত্যটি বুঝে নেওয়া একান্ত জরুরী। তাই পঞ্চাশ বছর পরেও এ উপন্যাস শুধু প্রাসঙ্গিকই নয়, এগিয়ে যাওয়ার পথপ্রদর্শকও।
