২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার শৈশবে কোন রঙ নেই

সাদিকুর রহমান পরাগ

Published : 14 Apr 2017, 12:32 PM

Updated : 23 Jun 2022, 04:02 PM

বাবা,
তুমিতো আমার জন্মদাতা বাবা
বলতে পারো নিজের শিশুকে
যে হত্যা করে তাকে কি
বাবা বলা যায় না বলা উচিত-
আমি জানি না।
তোমার তথাকথিত 'সহি' মোড়কে
মুড়ে দিয়েছিলে তুমি আমার শৈশব
স্কুলে যেতে মানা, বই পড়তে মানা
টিভি দেখতে মানা, গান শুনতে মানা
জোরে হাসতে মানা, খেলতে মানা
নিষেধের বেড়াজালে জিম্মি শৈশব
জানালা দিয়ে চেয়ে দেখে
দূরের মাঠে শিশুদের হৈ হল্লা
বদ্ধ ঘরের ছাদে স্বপ্নহীন
আমার মেঘকালো আকাশ
আমার কোন আল্লাদ নেই
আমার কোন আবদার নেই
আমার শৈশবে কোন রঙ নেই

অজানা শংকায় কুঁকড়ে থাকা জীবন
আজ এখানে তো কাল ওখানে
এ কোন পৃথিবীতে আমার বাস
আমার শিশু মন জানে না
কেন এই অভিশপ্ত জীবন
আমার শিশু মন জানে না
তোমার পিতৃস্নেহ কেন মানুষকে
ভালোবাসতে শেখায় না
তোমার পিতৃস্নেহ কেন মানুষকে
পোড়ায় ঘৃণার আগুনে
তোমার পিতৃস্নেহ কেন উল্লসিত
হয় মানুষের বিনাশে
এ কেমন মানব জনম আমার
বলতে কি পারো আমার জন্মদাতা
কেন অন্য শিশুদের মতো
বেড়ে উঠতে পারবো না আমি
কেন বলি হবো তোমার স্বার্থপরতার
উত্তর পায় না আমার শিশুমন
বাবা বলে তোমাকে এটাই শেষ সম্বোধন
তোমার সুইডাল ভেস্টে ছিন্নভিন্ন
রক্তাক্ত আমার ছোট এই দেহটি
মেঝেতে লেপ্টে আছে আমার মগজ
ছিটকে পড়া চোখ ঝুলে আছে বদ্ধ দেয়ালে
প্রচন্ড আঘাতে বিদীর্ণ হয়েছি,
তবুও সয়েছি মুখ বুজে
তোমার নরক থেকে মুক্তি পেলো
আজ আমার অভিশপ্ত শৈশব