২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুহকের দিনরাত, সন্ধ্যা নামার উপত্যকায়

এ জল আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে না এবং যেহেতু দেখেছি ধর্মসাগর বিধৌত বাতাস আমাদেরকে শীতল করতে পারলেও সে শীতলতা কেবল শিথিলতা এনেছে এবং উদ্রেক করেছে বিরক্তির তাই পালকের মতো হালকা, বাতাসের চেয়ে ওজন কম এমন জল লাগবে অথবা লাগবে রক্তের মতো গাঢ় জল যা ধর্মসাগরের ঘন জলের চেয়েও আরও ঘনীভূত।

কুহকের দিনরাত, সন্ধ্যা নামার উপত্যকায়
চিত্রকর্ম: মনিরুল ইসলাম

আরিফুল হাসান আরিফুল হাসান

Published : 04 Dec 2025, 11:06 AM

Updated : 26 Aug 2026, 05:15 PM

(সদ্যপ্রয়াত ডাক্তার ফাহমিদা আজিম কাকলিকে উৎসর্গীকৃত)

ধর্মসাগরের পারে আমাদের বিলাসযাপন শেষ হলে আমরা আবার পুড়তে বের হই। নজরুল ইন্সটিটিউটের ঘাটে গিয়ে আবারও বসি। আবারও ধর্ম সাগরের বাতাস, জলবিধৌত বাষ্পকণিকা আমাদের দেহে শীতল, স্থিত, ধীর, ধৈর্যপরায়ন সুখকীর্তি দিতে থাকলে আমরা আবারো বিরক্ত হই। আমাদের চোখের কোণ থেকে রক্তবর্ণ ছুটে যায়, আমরা হয়ে পড়ি সাধারণ মানুষ। 

এই সাধারণ মানুষে আমাদের ঘৃণা আছে। আমাদের মতে, সাধারণ মানুষেরা অপরাপর হাঁস-মুরগি, গরু-ছাগল, মহিশ-ভেড়া, মাছ-কাকড়া, গাছ-পাথরের মতো। প্রকৃতির নগন্য উপাদান। দুনিয়ার কোনোকিছুতে তাদের যায় আসে না। কেবল তখনই তারা সজাগ হয় যখন তাদের নিজের উপর কোনোকিছু আসে। অনেকটা গরুর পিঠে ডাশ-মাছি বসলে সে যেমন লেজ দিয়ে মশা তাড়ায়—কেবল পিঠের মশা তাড়ায়—মশা আবার উড়ে গিয়ে পাঁজরে বসে, তেমন, নিজের নির্দিষ্ট ঘটমান বর্তমানের ভাবনা ছাড়া তাদের আর ভাবনা নেই। আছে, দুনিয়াবি কিছু ভাবনা আছে তবে নিজস্বই, একান্তই নিজের জন্য। সমষ্টির জন্য যে কল্যাণচিন্তা এবং উদযোগ, তা এদের মধ্যে নাই। তো, আমাদের কাছে নজরুল ইন্সটিটিউট, নজরুল ইনস্টিটিউটে চলমান প্রোগ্রাম, মঞ্চে নৃত্যশিল্পী ষোড়শী, নাটকের জাফরিনা, প্রবীণ পত্রিকা সম্পাদককেও সাধারণ, অতি নগন্য মনে হয়। আমাদের কাছে মনে হয়, এই যে নজরুল ইন্সটিটিউটের সিঁড়ি, তার উপরে বিস্তৃত বেলগাছ, পাশে হাসনুহেনার ঝোপ, উপরে মুক্তমঞ্চের সিঁড়িবেঞ্চিতে বাহারি পাতাবাহার—এসবও সাধারণ। এবং ধর্মসাগরের যে জল—এখন অনেকটা ঘন হয়ে এসেছে, এবং যার তলে সহস্রাব্দের মিথ ও মাছ, এবং যার তলে সোনার কলস, এবং যাকে ঘিরে এক বিরাট পার্ক—নগরউদ্যান, এবং যেই ধর্মসাগরের পাড়ে সকালে ডায়বেটিসের রুগিরা হাঁটে, এবং যেই ধর্মসাগরের পাড়ে রাতে পতিতারা ঘুরে বেড়ায়, এবং বন্দুকের নিশানা প্র্যাকটিস করা যায় যার পাড়ে (আমি অবশ্য দশটার মধ্যে নয়টা লাগিয়ে ফেলতে পারি আজকাল, সাত আটটা তো পারিই, এবং কিছুদিন আগে প্র্যাকটিসের পুরনো এয়ারগান দিয়ে বেলুন ফাটানোর বাহানায় এক স্কুল ছাত্র তার বন্ধুর বুকে ঢুকিয়ে দেয় নির্ভুল নিশানার বুলেট), সেই ধর্মসাগরকেও সাধারণ লাগে। আমাদের মনে হয়, ধর্মসাগর না, আমরা রাণীর কুটিরে গিয়ে বসি—সেটাও ধর্মসাগর পাড়েই। কিন্তু এখানে শতাব্দীপ্রাচীন ভগ্ন-বিধ্বস্ত বাস্তবতা অন্তত আমাদেরকে নাগরিক টিপটপ প্রতারণা থেকে রক্ষা করবে এবং আলোয় ঝলমলে ধর্মসাগর পাড়, এবং নজরুল ইন্সটিটিউটের সিঁড়ি (যা নেমে গেছে ওই ধর্মসাগরের জলেই) থেকে এই অন্ধকার বিধ্বস্ত স্তূপ আমাদেরকে কিছুটা হলেও যন্ত্রণাকাতর বেশি করবে এবং আমরা আরেকটু পুড়তে পারবো আগুনে এবং তাপিত দহনের ভেতর আমাদের চিন্তাগুলো শান দিতে পারবো এবং আমরা নিষ্কৃতি পাবো হয়তো নাগরিক কোলাহল থেকে। সেই ভাবনায় আমরা রাণীর কুটিরে যাই এবং আমাদের শীত তাবৎ, আমাদের স্থিতি তাবৎ, এবং আমাদের ধৈর্য ও ধীরতা তাবৎ পোড়াতে থাকি। এবার আমাদের কাছে আরাম বোধ হয়।

রক্তপালকের বাঁশি :

আমাদের চোখগুলো আবার রক্তবর্ণ ধারণ করে। আমরা চেচাতে থাকি, ডাক্তার ডাক্তার! ডাক্তার আমরা পাবো কোথায় আর তাছাড়া ডাক্তারকেও তো আমরা ঘৃণা করি। তবে একজন ডাক্তার আছেন যাকে আমরা আপন বলে পাই, দুঃখে দুঃখে, দুঃখ-দহনে তিনি আমাদের পাশে দাঁড়ান। চিন্তা করি, তার কাছে গেলে কেমন হয়? ধর্মসাগরের অদূরেই তার চেম্বার। আমরা গেলে আদরযত্ন করে। আসার সময় পাঁচশো/একহাজার টাকাও ধরিয়ে দেয় কখনো কখনো। আর টাকাটাই তো আমাদের দরকার, এই মুহূর্তে দরকার। যেহেতু আমাদের চোখ লাল হয়ে গেছে এবং যেহেতু আমাদের জলজ সংস্পর্শ দরকার এবং যেহেতু আমরা ধর্মসাগরের জলের কাছে বসে থেকে দেখেছি—পা ডুবিয়ে বসে থেকে দেখেছি, এ জল আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে না এবং যেহেতু দেখেছি ধর্মসাগর বিধৌত বাতাস আমাদেরকে শীতল করতে পারলেও সে শীতলতা কেবল শিথিলতা এনেছে এবং উদ্রেক করেছে বিরক্তির তাই পালকের মতো হালকা, বাতাসের চেয়ে ওজন কম এমন জল লাগবে অথবা লাগবে রক্তের মতো গাঢ় জল যা ধর্মসাগরের ঘন জলের চেয়েও আরও ঘনীভূত। 

আমরা চোখের সামনে আর উপায়ন্তর দেখি না। কিন্তু ডাক্তার তো এমনি দিবে না টাকা। তার ইচ্ছে, আমাদের চোখের ভেতর যে রক্তরং, সেখান থেকে রক্তবীজের উদ্গীরণ হোক। তবেই তিনি পরিচর্যা করবেন। প্রতিবারই যখন আমরা তার কাছে যাই তখন আমাদের হাতে থাকে নতুন সম্পাদিত কাগজ, ভাঁজপত্র কিংবা সাহিত্য পত্রিকা। কখনো কখনো এসব ছাপানোর আগেই ডাক্তার আমাদেরকে পৌঁছে দিয়েছেন টাকা এবং ছাপা হলে পর যখন কপি নিয়ে গিয়েছি তখন আবার দিয়েছে। এসব ডোনেশন বা স্পন্সর নয়, এমনটা করে দেখিওনি আমরা। তাহলে আর নেয়ার প্রশ্নই থাকতো না।

তিনি নিজেও পুড়তে চান আামাদের সাথে, তারও দরকার রক্তপালকের শিশির অথবা তিনিও প্রতিষ্ঠান ঘৃণা করেন। তবে যেহেতু তিনি ডাক্তার এবং তার প্রতিষ্ঠান তিনি ছাড়ছেন না তাই তাকেও আমাদের ঘৃণা করার অধিকার থাকতো যদি না আমরা তাঁর ভেতরে অনুশোচনা দেখতাম। তিনি ছিলেন অনুতপ্ত এবং আমাদেরই সহচর। 

ডাক্তার ফাহমিদার কাছে আমরা যাবো ঠিক করলাম কিন্তু তার কাছে আমরা কী নিয়ে যাবো সেই ভাবনা আমাদেরকে বিলম্ব করাতে লাগলো। আমরা ভাবলাম, আমাদের সেরা লেখাগুলো যদি তাকে আবৃত্তি করে শোনাতে পারি, অপরজন ভয়ানক আপত্তি তুলে বললো, আবৃত্তিও শিল্পের বিকৃতি এবং এক ধরনের প্রাতিষ্ঠানিকতাই। আমরা চিন্তা করলাম পাঠ করবো তাহলে, কিন্তু তার চেম্বারে এতক্ষণ বসে থাকার সময় দিতে পারবেন কি তিনি অথবা আমরা কি আমাদের কবিতার পাণ্ডুলিপি সাথে বয়ে বেড়াই—এ অনিশ্চয়তা থেকে আমাদের যাওয়া আরও পেছায়। 

আগুনের পরিখা :

আমরা রিকশায় বসে নিজেদের কবিতা পাঠ করি। কবিতাগুলো আমরা সদ্য লিখেছি। রানীকুটিরের কোনায় বসে, জরাজীর্ণ দেয়ালে চাঁদের আলোকে সাক্ষী রেখে আমরা লিখেছিলাম সিগারেটের প্যাকেট ছিড়ে তার অপর পৃষ্ঠায় এবং আমার পকেট হাতড়ে পুরনো একটুকরো কাগজ পাওয়া গিয়েছিল তাতে। আমরা নতুন করে লিখেছিলাম কারণ নিজের লেখা বয়ে বেড়ানো, অর্থাৎ যা লিখে ফেলা হয়েছে তার ভার বহনের মতো গাধা আমরা ছিলাম না কারণ আমরা মনে করতাম আমরা এতটাই কবিতা-ভরপুর যে নতুন যে অলিখিত কবিতা, যা কবিতা হয়ে বলপেনের ফলায় ঝলসে ওঠার অপেক্ষায়, সেসব এত বেশি পরিমাণে যে মস্তিষ্ক এমনিতেই মাটিকাটা শ্রমিকের চেয়ে আরও ক্লান্ত—তাই আমরা লিখিত কবিতাকে প্রকৃত প্রস্তাবে নিজের আর মনে করতাম না কারণ সেগুলো প্রাকৃতিক নিয়মে বেরিয়ে গেছে এবং সেসবের উত্তরাধিকার বহন করা নিছক ছোটলোকি মাত্র। আমরা আমাদের নতুন কবিতা পড়ছি। রিকশা চলছে ধর্মসাগরের উত্তরপাড় ধরে ঝাউতলার পথে। আমরা দেখলাম রিকশার ড্রাইভার মুচকি মুচকি হাসে। আমরা জিজ্ঞেস করি, কী মামা, কবিতা ভালো লাগেনাই? রিকশাওয়ালা উত্তর দেয়, না মামা, এইসব মিছা কথা। আমরা পরস্পরের মুখের দিকে তাকাই। আমরা পরস্পরের মুখে নিজের মুখ দেখতে পাই। লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে আমার সাথের অপরজন ফাৎ করে তার কবিতাটি ছিঁড়ে ফেলে। ছিঁড়ে টুকরো টুকরো করে উড়িয়ে দেয় ধূলোয়। আমিও আমার মলিন কাগজের টুকরোটাকে (যাতে কিছু শব্দ বন্দি হয়েছে) সিগারেটের আগুনে পুড়তে থাকি। প্রতিটি শব্দ পুড়তে থাকি, শেষ শব্দটিও পুড়ে ফেলি। কবিতার শরীরে গুলির চিহ্নের মতো ঝাঁঝরা হয়ে যাওয়া কাগজের ওপারে শূন্য সুনসান শহর দেখি। 

২৪ নভেম্বর ২০২৫, ঢাকা।