২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমার চক্রবর্তী সুলতান ও অন্যান্য কবিতা

একদিন ছোটো সুলতান হয়ে শাসন করেছি বনবাদাড়, পতঙ্গপ্রাণ আর ছড়ুইদের ঘরবাড়ি, এখন বড়ো সুলতান হয়ে বুঝেছি, শুধু রাজ্যশাসনেই কিছু হয় না;

কুমার চক্রবর্তী সুলতান ও অন্যান্য কবিতা
ইফ তোঁগি (Yves Tanguy)-এর চিত্রকর্ম

কুমার চক্রবর্তী কুমার চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2025, 02:35 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

আদাজিয়ো

চিন্তা, তুমি দিলে না আমাকে স্থিরতা

অসুস্থ করেই রেখেছ আমারে:  যাত্রা থেকে 

গন্তব্য অবধি, দেখার অন্ধত্ববোধ

না-দেখায় আজ বৃথা সাইকোসিস করে।

 চেয়েছি স্বাধীন হতে, চেয়েছি  তোমার

 প্রেমের ফুলের স্টাফ নোটেশনে মত্ত থাকতে, কিন্তু

 কতিপয় রেখার বিস্তারে আটকে গেছি আমি আজ।

কে আমাকে মুক্ত করবে, বলো তুমি চিন্তামণিকর, 

কার স্পর্শে ঘটবে আমার জীবনের সমুদ্রউদ্ধার!

অনন্তলতায় ছাওয়া বৃষ্টি আর বাতাসের খেলা

বারে বারে ছল করে বলে যায়: মানুষেরা, আহা

 তোমরা ডানার অলীক পালকে উড়তে চেয়েছ  

জগতের অনিরুদ্ধ পারাবার! মরত্বের পোশাকেই চেয়েছ 

অমর হতে, ভেবেছ এ জীবন স্বপ্নের মিনাবাজার!

প্রকৃতই, এ জীবন হাওয়া-বাঁধা ঘর, উড়তে গেলেই খসে পড়ে 

পাতার ছাওনি আর ঘুণধরা বাঁশের খুঁটির ভার!

এখন এ মধ্যদিনে প্রাণবন্ত আদাজিয়ো বেজে চলে

জীবনের ফনোগ্রাফে, তোমারি গানের নোটেশন

বলে: যাওয়ার আগেই তুমি হে অনন্তমান, শুনে নাও 

মৃত্যুর সংগীত--- আদাজিয়ো লয়ে!

কেননা, তুমিই করেছ সৃষ্টি তোমার মৃত্যুর গান

কোনো এক অজানার প্রাজ্ঞতায়, আত্মঅহমের ছলে,

 চিরকাল বলে যায়: জন্মের আগেই মরে ছিলে তুমি

ভাবি প্রতিভার ঔদ্ধত্য সকালে!

ভাইবোন

অশ্রু ছিল তোমার পাতায়

আমি সাঁঝে মৃদু টোকা দিই

অশ্রুগুলো তারা হয়ে ভাসে আকাশেই 

আমি তার আলোপাতা, আস্তে তুলে নিই!

এসেছে যে রাত্রির উদ্যানে 

তারা, আনন্দ-বেদনা--ভাইবোন

আসে ধীরে তমসাসমীপে

বলে কথা পরস্পর, বুঝে গেছে পৃথিবীর মন?

শব্দহীন কথাবার্তা, রাতে ও বিরাতে

ভেসে চলে সাবলীল, হাওয়ায় হাওয়ায়

আত্ম-ভাইবোন আজ একাকার আঁধারে অদ্ভুত

জীবনপোশাক খুলে অতঃপর ধীরে চলে যায়! 

সুলতান

একদিন ছোটো সুলতান হয়ে শাসন করেছি বনবাদাড়, পতঙ্গপ্রাণ আর ছড়ুইদের ঘরবাড়ি,

এখন বড়ো সুলতান হয়ে বুঝেছি, শুধু রাজ্যশাসনেই কিছু হয় না; 

দরকার এক সুলতানার-- যে আমাকে আফিমফুলের বাগানে ছেড়ে দেবে,

আর দূর থেকে শুনবে আমার সুলতান-জীবনের  বৃন্দাবনি সারং!

তাই সুলতানার খোঁজে একদিন গেলাম এক অন্ধ প্রাসাদে,

কিন্তু পেলাম না তাকে, তার বদলে দেখা মিলল এক নিম্ফের!

বললাম তাকে: গ্রহণ করে আমায় অনেক সন্ধ্যার মতো রাতের দরজাহীন মিউজিয়ামকে।

জাফরান ফুলের বুদবুদ ছেড়ে সে আমাকে বলল: ‘আমি সব দেওয়া-নেওয়ার বাইরে,

আমি শুধু গোধূলিতে লুকিয়ে থাকা একটি নদী--যার উৎস আছে গন্তব্য নেই।’

ফিরে এলাম আমি।--আমি যেন চেসবোর্ডের সেই রাজা যে চেক খেতে খেতে এখন 

 আটকে রয়েছে শূন্যতার দেয়ালগুলির চারিভিতে!

সুখি তারাই যারা ভালোবাসা পায়, সুখি তারাই যারা ভালোবাসাকে হারায়!