২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রয়াত মার্কিন নারীবাদী নেত্রী গ্লোরিয়া স্টাইনেম-এর একটি পুরনো সাক্ষাৎকার

হ্যাঁ, আমিও এমন পুরুষের দেখা পেয়েছি যারা শ্রেণীস্তরভিত্তিক চিন্তার চেয়ে সমমর্মিতায় বিশ্বাসী বেশি। প্রধানত যেসব পুরুষের ওপর এককভাবে শিশুপালনের ভার বর্তেছে তারাই এভাবে চিন্তা করে থাকে, তবে বোধগম্য কারণেই তাদের সংখ্যা খুব কম।

আলম খোরশেদ

Published : 05 Sep 2026, 01:24 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

[ প্রতিটি আন্দোলনেই এমন কিছু ব্যক্তিত্ব থাকেন যাদের আলাদা করে চোখে পড়ে, তাঁদের নামগুলো তাঁদের বিশ্বাস ও কর্মের সমার্থক হয়ে ওঠে এবং যুগের পরীক্ষায় উত্তীর্ণ হয় তাঁদের কর্মকাণ্ডসমূহ। নারীবাদের ক্ষেত্রে গ্লোরিয়া স্টাইনেম তেমনি একটি নাম। কিন্তু কেবল নিকট অতীতের বিবেচনাতেই গ্লোরিয়া উজ্জ্বল নন, তাঁর তৎপরতার ইতিহাস, রাজনীতি ও সীমান্তভাঙা দর্শনসমূহ আজকের দিনেও সমান জরুরি, যখন অদূর ভবিষ্যতে আমাদের আজকের অনেক অর্জনের অস্তিত্ব অনিশ্চিত হয়ে উঠছে ক্রমে। তাঁর সঙ্গে আলাপচারিতার সঙ্গী বাছতে গিয়ে একটি নামকেই আমাদের মোক্ষম মনে হয়েছে, ফেইথ পপকর্ন, যিনি নিজে চিন্তাভাবনা ও ভবিষ্যৎ দর্শনকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে মার্কিন বাণিজ্যবিশ্বে একজন নারীর পক্ষে কী করা সম্ভব, তা হাতে কলমে করে দেখিয়েছেন। আমরা চেয়েছি গ্লোরিয়া ও ফেইথ এমনসব বিষয়ে কথা বলুন যা আমাদের সকলেরই সমস্যা। - সম্পাদক Interview ]

ফেইথ পপকর্ন : ১৯৯২ সালে প্রকাশিত Revolution from Within: A Book of Self-esteem এ তুমি বরং গভীরভাবে ব্যক্তিগত। এতে কি তোমার সমালোচক ও অনুসারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, এবং হয়ে থাকলে তাতে কি তোমার দৃষ্টিভঙ্গির কোনো বদল ঘটেছে?

গ্লোরিয়া স্টাইনেম : কার্যত আমি এর আগে যা লিখেছি তার চেয়ে কোনো অংশে বেশি ব্যক্তিগত ছিল না বইখানি। আমি বরাবরই ব্যক্তিগত অনুষঙ্গ ব্যবহার করে থাকি, আমি মনে করি, যেসব নিজস্ব অভিজ্ঞতা থেকে লেখক একটি সিদ্ধান্তে উপনীত হন, তা জানার অধিকার রয়েছে পাঠকের, তাছাড়া আজকাল সেই ভঙ্গি অচল যাতে মনে হয় সবকিছুই বুঝি অলিম্পাস পর্বত থেকে নাজেল হয়েছে এবং সর্বোপরি আমি 'ব্যক্তিগত মাত্রই রাজনৈতিক’ কিংবা তা উল্টে বলা, 'রাজনৈতিক মাত্রেই ব্যক্তিগত’ এই নারীবাদী প্রবাদে বিশ্বাস করি। গভীরতম অর্থে Revolution from Within আমার লেখা সবচেয়ে রাজনৈতিক গ্রন্থ। আমি বলতে চেয়েছি, অনেক প্রতিষ্ঠানই আমাদের নিজস্ব কর্তৃত্বকে খাটো করে দেখে তাদের কর্তৃত্ব মেনে নিতে বাধ্য করাতে, যে-কারণে বিপ্লবের একমাত্র বিশ্বস্ত উৎস হতে পারে আত্মসম্মানবোধ। এর অনুপস্থিতিতে হয় তুমি কেবল মেনে চলো অথবা মালিক বদল করতে থাকো। একমাত্র আত্মসম্মানবোধই প্রকৃত আত্মনিয়ন্ত্রণ ও খাঁটি গণতন্ত্র সম্ভব করে তোলে। প্রতিবাদী কৃষ্ণাঙ্গরা যখন আওয়াজ তুলেছিল,  ’আমরাও মানুষ’ তখন বোঝা যায় নাগরিক অধিকার আন্দোলনও এই কথাটি বিশ্বাস করেছিল। একই বিশ্বাস ছিল দক্ষিণ আফ্রিকার স্টিভ বিকো’র, যাকে খুন করেছিল তার নেতৃত্বাধীন ‘কৃষ্ণগর্ব’ আন্দোলনের শক্তিতে ভীত মহল। যখন যে-কোনো জাতির নারীরা একই আন্দোলনের ডাক দেয় তখন, হয় তাদের স্বার্থপর আখ্যা দেওয়া হয় অথবা ঠাট্টা তামাশা করে তা বানচাল করে দেওয়া হয়। আমি গতানুগতিক শিশুপালন পদ্ধতি, শিক্ষাব্যবস্থা, ধর্মীয় অনুশাসন, বর্ণ, শ্রেণী ও লিঙ্গ ভিত্তিক বৈষম্য- এ ধরনের সমস্ত প্রতিষ্ঠানকে, যা আমাদের নিজস্ব সত্তাকে অবিশ্বাস করে কোনো বিশেষ ভূমিকায় খাপ খাইয়ে নিতে বলে, ঢেলে সাজাবার আহবান জানিয়েছিলাম।

তবে তুমি হোমরা চোমরা সমালোচকদের, বিশেষ করে লন্ডন নিউইয়র্কের যারা, তাদের সম্পর্কে ঠিকই বলেছো। তারা শঙ্কিত হয়ে পড়েছিল। আমার মতো একজন গভীরভাবে রাজনৈতিক ব্যক্তিকে- হঠাৎ করেই কেন জানি তারা আমার সম্পর্কে এই সিদ্ধান্ত নিয়েছিল- অন্তর্গত কোনো কিছুর ব্যাপারে উদ্বিগ্ন হতে দেখে, তারা ধরে নিয়েছিল আমি বুঝি লড়াই থেকে সরে দাঁড়িয়েছি। আমি ভেবেছিলাম, আমি বলেছি ’এবং’ অথচ ওরা শুনেছিল ’অথবা’। আমার বইয়ের প্রচার অভিযানের প্রথম সপ্তাহে আমি ভাবতে বাধ্য হয়েছিলাম আত্মসম্মান বিষয়ে একটি বই লেখার ঘটনাকে ধারণ করার মতো আত্মসম্মানবোধ আদৌ আমার অবশিষ্ট রয়েছে কি-না।

কিন্তু দেশের আধাআধি অতিক্রম করার পর আমি খেয়াল করলাম অন্য আলোচনাগুলো অনেক ইতিবাচক এবং পাঠকেরা বিস্ময়করভাবে সাড়া দিচ্ছে, বইয়ের দোকানে লম্বা লাইন পড়ছে, ফলে সবাইকে জায়গা দেবার জন্য দোকানগুলো মিলনায়তন কিংবা ছবিঘর ভাড়া নিচ্ছে। বস্তুত পাঠক এমন বিপুলভাবে সাড়া দিয়েছিল যে, টাইম ম্যাগাজিনের দুই মেয়ে-সাংবাদিক ঘটনা দেখতে এসে অবশেষে আমার এবং সুসান ফালুদির Backlash বইখানার সাফল্য বিষয়ে তাদের পত্রিকায় প্রচ্ছদকাহিনি লিখে বসে। ফালুদির বইখানাও ছিল মিডিয়ার ঘোরতর অপছন্দের, কেননা, বইতে তাদের তীব্র সমালোচনা ছিল। এঁরা বলেন, আমার বইয়ের রাজনৈতিক অভিঘাতটুকু ব্যক্তিগত অনুষঙ্গে বিভোর সমালোচকদের দৃষ্টি এড়িয়ে গেছে। কী চমৎকার অবস্থান পরিবর্তন!

ফেইথ পপকর্ন : আমার প্রথম বই The Popcorn Report  ছিল আদতে ‘ব্যবসা বিষয়ক’ বই, কিন্তু চল্লিশ হাজার পাঠক আমাকে জানিয়েছেন তারা একে তাঁদের জীবনেও প্রয়োগ করেছেন। ফলে আমি পরের বইয়ের নাম দিই Clicking । এটা স্থানকালের সঙ্গে লাগসই হওয়া, ভবিষ্যতের সঙ্গে জীবনকে সুরে বাঁধার বিষয়ে লেখা। আমার নেয়া সাক্ষাৎকারগুলোতে আমি জেনেছি, অনেক বড় বড় লোকের জীবনেই কোনো গুরু কিংবা অভিভাবকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মায়ের সঙ্গে তোমার সম্পর্ক ছিল বেশ চমৎকার, আমারই মতো। তোমার মায়ের মৃত্যুর সময়, Marlo Thomas এর বয়ানে তুমি যে কথাটি বলেছিলে- ”আমি কাঁদছি আমার মায়ের মৃত্যুর জন্য নয়, তাঁর জীবনের জন্য।”, সেটি সাংঘাতিক মর্মস্পর্শী। তোমার মায়ের এমন কোনো কথা কিংবা কাজ কি দিকনির্দেশনা দিয়েছে তোমাকে জীবনে?

গ্লোরিয়া স্টাইনেম : আমার মা সব সময় বলতেন, বাচ্চারা আমাদের জীবনে বেড়াতে আসা আশ্চর্য অতিথি। আমাদের সানন্দ দায়িত্ব তাদের যত্ন করা, কিন্তু তারা আমাদের কেউ নয়। আমি তাঁর এই দর্শনের কাছে কৃতজ্ঞ, কেননা আমি বরাবরই অনুভব করেছি, আমার যা হওয়া উচিত ছিল সেটা নয়, আমি যা, ঠিক তারই জন্যে শ্রদ্ধা ও ভালবাসা পেয়েছি আমি মানুষের। অন্যদের বেলাতেও আমি একই জিনিস মেনে চলি। স্কুলের গুরুত্ব বিষয়েও আমার মায়ের যথেষ্ট সন্দেহ ছিল, ফলে এগারো হওয়ার আগ পর্যন্ত আমি কখনও নিয়মিত স্কুলে যাইনি। আমার বাবার ভবঘুরে খেয়ালিপনার ফলস্বরূপ আমরা তখন গাড়িটানা বাড়িতে বাস করছিলাম। আমি তখন অন্যান্য বাচ্চার মত সত্যিকার বাড়িতে থাকতে ও ইস্কুলে যেতে চাইতাম। এখন পেছনে তাকিয়ে মনে হয় অনেক মগজ ধোলাই থেকে আমি বেঁচে গেছি।

আমার মা আরও বলতেন, ”তোমার বিষয়সম্পত্তিকে গ্রাস করতে দিও না তোমাকে।” তবে মনে হয়, এ ব্যাপারে আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি। মাত্র সম্প্রতি আমি একটানা একমাস চলার মতো যথেষ্ট অর্থ সঞ্চয় করতে পেরেছি। সবার ওপরে, আমার মায়ের যাপিত জীবনের নীরব শিক্ষা ছিল আমার সামনে। তাঁর কাছে যা কিছু জরুরি ছিল; কাজ, বন্ধু, সমাজ সবই তিনি ছেড়ে দিলেন, কেননা তিনি ভেবেছিলেন সেটাই তার করণীয়। এতে তাঁর প্রাণশক্তি চলে গিয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে মনে হয় আমার মায়ের অ-যাপিত জীবনখানাই যাপন করে চলেছি আমি।

ফেইথ পপকর্ন : কলেজ ছাড়ার পরপরই, তরুণ বয়সেই তুমি গর্ভপাত করিয়েছিলে। এর বহুবছর পরে তুমি যখন দেখলে অন্য অনেক মেয়েরই একই অভিজ্ঞতা হচ্ছে, তখন শুধু তাদের ব্যক্তিগত সমস্যার কথা ভেবেই নয়, যে-রাজনৈতিক শক্তি তাদের এই অধিকার ছিনিয়ে নিতে চাচ্ছিল তা প্রত্যক্ষ করে তোমার নিজের অভিজ্ঞতার কথা তুমি জনসমক্ষে প্রকাশ করলে। আমার ধারণা সেটাও একটি প্রক্রিয়া, যার ভেতর দিয়ে তুমি উপলব্ধি করেছিলে  ‘ব্যক্তিগতই রাজনৈতিক’; এই গর্ভপাত ঘটানোর সিদ্ধান্ত নিশ্চয়ই তোমার জীবনে একটি মোড়-ফেরানো ঘটনা, কেননা তখনই তো তুমি সিদ্ধান্ত নিলে অন্তঃসত্ত্বা হয়েছ বলেই বিয়ে করে স্ত্রীর ভূমিকায় নামতে তুমি বাধ্য নও। বস্তুত তখন থেকেই তো তুমি নিজের অস্তিত্ব ও বিশ্বাস নিয়ে বিশেষভাবে ভাবতে শুরু করলে। যে-ডাক্তাররা তোমার গর্ভপাত করিয়েছিল, তারা অন্য আরও কথার সঙ্গে একটি প্রতিশ্রুতি তোমার কাছ থেকে আদায় করেছিল যে, ‘জীবনে তুমি যা করতে ইচ্ছে কর তাই করবে’। তোমার কি মনে হয় সেই প্রতিশ্রুতি তুমি রাখতে পেরেছ?

গ্লোরিয়া স্টাইনেম : আমার মনে হয় মোটের ওপর আমি তা রাখতে পেরেছি, তবে অনেক সময় আমি অপচয় করেছি, আর সময়ই তো সব।  আমি এখনো ইংল্যান্ডের সেই ডাক্তারের কাছে কৃতজ্ঞ, যেখানে তখন গর্ভপাত বিষয়ক আইন অনেক উদার ছিল এবং আমার ভাগ্য ভাল আমি তখন সেখানে ছিলাম। (সেই সময় ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বেআইনি এবং যুক্তরাজ্যে শর্তাধীন ছিল) গর্ভপাত ঘটানোর সিদ্ধান্ত নেয়াটা বেদনাদায়ক কিংবা ইতিবাচক দুই-ই হতে পারে, সেটা নির্ভর করে তোমাকে জোর করে সেটা করানো হচ্ছে, নাকি তোমার মঙ্গলের কথা ভেবেই তুমি সেটা করছো তার ওপর। আমার ক্ষেত্রে সেটাই প্রথমবার যখন আমি নিজের জীবনের দায়িত্ব নিয়েছিলাম। কিন্তু আমি যদি সেই দয়ালু ও সাহসী ডাক্তারের সন্ধান না পেতাম তাহলে হয়ত আমাকে শারীরিক ক্ষতি কিংবা আরও খারাপ কিছুর ঝুঁকি নিতে হত।

গর্ভপাতকে অপরাধ অভিধা থেকে মুক্ত করার যে-আন্দোলন আমাদের, তার বিরুদ্ধাচারী ডানপন্থী মহল একদিকে রাষ্ট্রকে বলছে ব্যবসা প্রতিষ্ঠানের কাঁধ থেকে সরে দাঁড়াতে অন্যদিকে তাকে উস্কাচ্ছে নারীর জরায়ুর দখল নিতে। গর্ভপাত-বিরোধিতা এবং মৃত্যুদণ্ড, অস্ত্রের স্বাধীনতা ও সামরিক ব্যয়বৃদ্ধির সমর্থনের মধ্যে একটা নিগূঢ় যোগাযোগ রয়েছে। এদের আদত বক্তব্য, মানব জীবনের মহিমা রক্ষা নয়, বরং কে তাকে নিয়ন্ত্রণ করছে তা। রাষ্ট্র কিংবা গির্জার হাতে সে-নিয়ন্ত্রণ তুলে দিতে তাদের আপত্তি নেই। কিন্তু কোনো ব্যক্তিকে, বিশেষ করে মেয়েদেরকে সে-ক্ষমতা দেওয়া চলবে না। তার কারণ পুরুষতান্ত্রিকতা, এবং তার সুবাদে বর্ণবাদ জিইয়ে রাখতে হলে প্রজননের মাধ্যমরূপী নারী-শরীরের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। এ-জন্যই এই সমস্যার শেকড় অনেক গভীরে খুঁজতে হবে এবং বুঝতে হবে, এখন যখন ডানপন্থীরা গণতান্ত্রিক পথে গর্ভপাত নিষিদ্ধ করতে পারছে না তখন কেন তারা এমন হিংস্র হয়ে যত্রতত্র শক্তি প্রয়োগ করছে।

আমাদের এ-কথা ক্রমাগত বুঝিয়ে যেতে হবে যে, প্রজননের স্বাধীনতার অর্থ রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ছাড়া সন্তান ধারণের সিদ্ধান্ত নেওয়া কিংবা না নেওয়ার পূর্ণ অধিকার। নারীবাদীরা কোনো মেয়েকে জোর করে গর্ভপাত করানোর বিরোধিতা যেমন করে তেমনি কোনো মেয়ে যদি তা চায় তবে সেটা তার জন্য আইনসঙ্গত ও নিরাপদ করার ব্যাপারেও সমান তৎপর। তারা মেয়েদের নিরাপদ জন্মনিয়ন্ত্রণ ও শিশু জন্মপদ্ধতির জন্যও আন্দোলন করছে। প্রজননের অধিকার মৌলিক মানবাধিকার, যারা গর্ভপাতকে হত্যা বলছেন তাদের তাহলে গর্ভপাত ক্লিনিকগুলোর ওপর বোমা হামলা, ডাক্তারদের ওপর আক্রমণে নিহতদেরও দায়িত্ব নিতে হবে। কেননা তাদের এই অবস্থানই এমন পরিণতি টেনে আনছে। বাইবেলেও গর্ভপাতকে হত্যার সমার্থক করে দেখা হয়নি, উনিশ শতকের মাঝামাঝি অব্দি ক্যাথলিক গির্জাসমূহের কাছেও গর্ভপাত গ্রহণযোগ্য ছিল এবং তারা সেটা নিয়ন্ত্রণও করত।

আমাদের নিজেদেরকেই এই অধিকারকে বাকস্বাধীনতার অধিকারের মতোই গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। আমাদের দক্ষিণপন্থীরা প্রাণপণ চেষ্টা করছেন গর্ভপাতকে বেআইনি ঘোষণা করতে, তারা এমনকি ধর্ষণ ও অজাচারপ্রসূত বাচ্চাদের মতো অনাকাঙ্ক্ষিত শিশুদেরকে নিউট গিংগ্রিচের পরিকল্পিত অনাথাশ্রমে নিক্ষেপ করতে চাইছে। আমাদের জেগে উঠতে হবে এবং এদেশে আসা ইউরোপীয়দের এই কথা কানে নিতে হবে যে, ’এভাবেই শুরু হয় ফ্যাসিবাদ।  ‘গির্জা, রান্নাবান্না ও বাচ্চা পালন’, এই শ্লোগান নিয়েই নির্বাচন জিতেছিল হিটলারের জাতীয় সমাজতান্ত্রিক দল। মাইন ক্যাম্ফ বইয়ে হিটলার খোলাখুলি বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে ‘নারীর শরীরের মালিক নারী নিজে’ এই হাস্যকর ’ধারণার’ ইতি ঘটাবেন, কেননা তাঁর মতে নারী শরীরের মালিক রাষ্ট্র। এবং তিনি তাঁর কথা রেখেছিলেন। তাঁর প্রথম কর্মসূচির মধ্যে ছিল জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকগুলোর দরজায় তালা লাগানো এবং গর্ভপাতকে অবৈধ ঘোষণা করা। আমাদেরকে এই সমস্যার গুরুত্ব এবং প্রজননের স্বাধীনতার সঙ্গে সমাজের অন্যান্য মৌলিক স্বাধীনতার সম্পর্ক বুঝতে হবে।

ফেইথ পপকর্ন : নারীদের সঙ্গে সম্পর্কিত বর্তমানের অন্যান্য সমস্যাগুলো বিষয়ে তুমি কী ভাব, বিশেষ করে তাদের কর্মক্ষেত্র প্রসঙ্গে? আমাদের  ‘ব্রেইন রিজার্ভ’ প্রতিষ্ঠানে  ‘নারী ভাবনা’ নামে একটা নতুন ধারণা বিষয়ে কাজ করছি। ‘নারী ভাবনা’ আর কিছু নয়, একদা ‘মেয়েলি চিন্তা’ বলে যাকে তুচ্ছতাচ্ছিল্য করা হত, কিন্তু বর্তমানে আমেরিকার ব্যবস্থাপনা জগতে যা সাফল্যের নতুন মানদণ্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যকথায়, নারীরা তাদের কেনাকাটায়, সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে আদান-প্রদানের সময় এবং তাদের কর্মক্ষেত্র থেকে এক ভিন্ন ধরনের সুবিধা ও লাভের কথা ভাবে। তারা বিনিময়ের চাইতে সম্পর্ক স্থাপনে বিশ্বাসী।

তারা নিছক উত্তর পাওয়ার চেয়ে ঠিক প্রশ্নটি করাতে আগ্রহী। তারা শ্রেণীস্তরের চেয়ে দলবদ্ধতায় বিশ্বাস করে বেশি। আমরা একে ’নারী ভাবনা’ বলে চিহ্নিত করে থাকলেও অনেক পুরুষও এভাবে চিন্তা করে। তুমি কি এ-জাতীয় কোনো পুরুষের সঙ্গে কাজ করেছ?

গ্লোরিয়া স্টাইনেম : হ্যাঁ, আমিও এমন পুরুষের দেখা পেয়েছি যারা শ্রেণীস্তরভিত্তিক চিন্তার চেয়ে সমমর্মিতায় বিশ্বাসী বেশি। প্রধানত যেসব পুরুষের ওপর এককভাবে শিশুপালনের ভার বর্তেছে তারাই এভাবে চিন্তা করে থাকে, তবে বোধগম্য কারণেই তাদের সংখ্যা খুব কম। আমার ধারণা অনেক বেশি সংখ্যক মেয়েই বরং আজ, তোমরা যাকে বল ‘পুরুষ ভাবনা’, সেরকম করে ভাবে, কেননা সমাজে বিশেষ করে, হলিউড ও ওয়াশিংটনের মতো জায়গায় তাদেরই কদর বেশি। অবস্থা পাল্টাতে শুরু করার পূর্ব মুহূর্তে প্রশ্নশীল ও নতুন চিন্তার অধিকারী মেয়েদের সংখ্যা কম হতেই বাধ্য। তবে আমি একে ‘নারী ভাবনা’ বলতে কিছুটা শঙ্কিত। এযাবৎ অনুপস্থিত অথবা উপেক্ষিত চিন্তার ধরনটাকে মর্যাদা দেওয়ার ব্যাপারে তোমাদের উদ্যোগকে আমি বুঝি ও সমর্থন করি। আমাদের সেটা করা উচিতও, যতক্ষণ না দুই ধরন কিংবা সব ধরনের চিন্তাপদ্ধতিকেই সমান মূল্য দেওয়া হচ্ছে এবং একত্রে বিচার করা হচ্ছে, কেননা তখন আমাদের বেছে নেবার সুযোগ থাকে। আমাদের লক্ষ্য হওয়া উচিত চিন্তাপদ্ধতির সবকটা বিন্যাসকেই সবার কাছে সুলভ করা। আমরা যদি মানুষের সীমাবদ্ধতার চেয়ে তার সম্ভাবনাগুলোকে উদঘাটন করি, তাহলে খেলার ধারাই পাল্টে যাবে। তখন হয়তো এমন দিন আসবে, যেদিন কোনো ক্লাসঘরে শিক্ষক যখন বলার চেষ্টা করবে যে, মানুষের চামড়ায় উপস্থিত মেলানিনের পরিমাণ তার বুদ্ধি নির্ধারণ করে অথবা মানুষের যৌনাঙ্গই তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, তখন বাচ্চারা সব হেসে বলবে, ”বাজে কথা।”

ফেইথ পপকর্ন: আমরা শুনে আসছি যে, আমেরিকার বাণিজ্যজগতে পুরুষের সমকক্ষ হতে মেয়েদের আরও সাতশত বছর লাগবে। তোমার কী মত? ভবিষ্যতে ‘কর্পোরেট’ পৃথিবীতে নারীর অবস্থান, এটি কি আদৌ কোনো আলোচনার বিষয় বলে বিবেচিত হবে?

গ্লোরিয়া স্টাইনেম : কর্পোরেট পৃথিবীতে সমানাধিকারের জন্য যুদ্ধ করা অবশ্যই জরুরি তবে সেটাই আমাদের একমাত্র কৌশল হতে পারে না। আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্যও শুরু করতে হবে, প্রথাগত ব্যবসা এবং সমবায় পদ্ধতিতে পরিচালিত, স্বল্প আয়ের মেয়েদের নতুন ধরনের ব্যবসা, উভয়ই। শ্রমিক শ্রেণীর মধ্যে সব-জাতের মেয়েরাই একটা বড় অভিবাসী দলের মতো এবং আমাদের এদেশে সফল হওয়া অনেক অভিবাসীর কৌশলসমূহও আয়ত্ত ও প্রয়োগ করতে হবে। সমান জরুরি, গৃহ পরিচর্যা ও শিশু পালনেও পুরুষদের যুক্ত করা, তা না হলে মেয়েরা বরাবরই দুটো কাজ করে যাবে যেটা অসম্ভব। আমরা দেশকে বোঝাতে সক্ষম হয়েছি- পুরুষরা যে-কাজ করে মেয়েরাও তা করতে পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেশকে দূরে থাক, নিজেদেরই বোঝাতে পারিনি যে, মেয়েরা যে-কাজ করে পুরুষরাও তা করতে সক্ষম।

ফেইথ পপকর্ন : আদর্শ নারী-পুরুষ সম্পর্কের স্বরূপ কী হওয়া উচিত বলে তুমি মনে কর? তোমার কি মনে হয় আমরা আদৌ কোনোদিন সেটা অর্জন করতে পারব?

গ্লোরিয়া স্টাইনেম : আমার কাছে যেটা জরুরি আমি কেবল তা-ই বলতে পারি, যা অনেকটা ঘনিষ্ঠ বন্ধুত্বেরই মতো; বিশ্বাস, সহানুভুতি, উদারতা, মায়া, মমতার ভারসাম্য, সর্বোপরি ভালবাসা। এছাড়া দুজনেরই উচিত দু’জনকে আরেকটু ভাল হয়ে উঠতে সাহায্য করা, কেননা একে অন্যের সম্ভাবনাগুলো ভাল বুঝতে পারে। হ্যাঁ, আমার ধারণা আমরা সেখানে পৌঁছাচ্ছি। গতানুগতিক বিয়েতে এই নির্ভরশীলতাকে ভালবাসা বলে মনে হলেও আদতে সেটা তা নয়। এখনই বরং অনেক ভালবাসার দম্পতি চোখে পড়ে।

ফেইথ পপকর্ন : তুমি কি আদৌ কোনোদিন বিয়ে করবে?

গ্লোরিয়া স্টাইনেম : না, আমি ভাবতে পারি না আমাকে কেন বৈধভাবে বিবাহিত হতে হবে। ছেলেমেয়ের মা হতে চাইলে, কিংবা স্বাস্থ্যবীমার জন্য বিবাহিত হওয়াটা জরুরি না হলে, বিয়ের কোনো প্রয়োজন তো দেখি না, তাছাড়া এতে যেসব জটিলতার উদ্ভব হয় তাতে মনে হয় ভালর চেয়ে খারাপ দিকটাই বেশি। আমি জানি বৈধ বিবাহের অর্থ একেকজনের কাছে একেক রকম, তবে তা যদি ভিন্ন লিঙ্গের জন্য সিদ্ধ হয়ে থাকে তবে সমলিঙ্গের যুগলের জন্যও সেটা গ্রহণযোগ্য হওয়া উচিত। রাষ্ট্রের কেনো অধিকার নেই, একটি মেয়ে কার সঙ্গে থাকবে সে-সম্পর্কে সিদ্ধান্ত নেবার কিংবা তাকে জোর করে বিবাহিত হয়ে বাচ্চা জন্ম দিতে বাধ্য করার।

এটা সত্যি, আগের চেয়ে বিবাহ অনেক বেশি সম্ভব হয়ে উঠেছে, কেননা তা আগের চেয়ে বেশি সমতাভিত্তিক হয়েছে। অনেক তরুণীই, যাদের সঙ্গে আমি কথা বলি, এ ব্যাপারে বেশ আগ্রহী, কেননা নারীবাদীরা আইনের ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে পেরেছে। পরিচয় হারানোর সমস্যা মেয়েদের অনেক বেশি, পুরুষের চেয়ে। যদিও পদবী রক্ষা কিংবা বৈধ বাসাবাড়ি খুঁজে পাওয়া, ব্যবসার জন্য টাকা ধার নেওয়া ইত্যাদি নাগরিক অধিকারসমূহ আগের চেয়ে অনেক সহজ হয়েছে। মেয়েরা এখন দুইজন সম্পূর্ণ মানুষের মধ্যে বিবাহের কথা ভাবে, একজনের সঙ্গে অর্ধেক আরেকজনের নয়। আমি ভাবতে ভালবাসি, ‘সুখী অবিবাহিত’ জীবনযাপন করে আমি একটা  উদ্দেশ্যও সাধন করছি। সবাই যদি বিয়ে করতো তাহলে তো বিকল্প পছন্দ বলে কিছু থাকত না।

তবে আমারও একটি প্রশ্ন আছে; রালফ নেডার, যিনি আমার সমবয়সী এবং অবিবাহিত, তাকে কিন্তু আমার মতো এই প্রশ্নটি করা হয় না, এর কারণ কী? অবশ্য কারণটাও আমি জানি, বিয়ে ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ, একথা খুব কম লোকই ভাবে।

ফেইথ পপকর্ন : বর্তমানে নারীবাদী আন্দোলনের অবস্থান কোথায় তোমার মতে, বিশেষত কামিল পাগলিয়ার মত নতুন নারীবাদীদের ভূমিকার পটভূমিতে? এই নতুন ধারাটি কি নারীবাদী আন্দোলনে শক্তি সঞ্চার করেছে নাকি তাকে আরও বিভক্ত করছে?

গ্লোরিয়া স্টাইনেম : একজন স্বনির্ভর নারীকে দেখলে বরাবরই খুশি হই আমি, কিন্তু পাগলিয়া সেটি যেভাবে অর্জন করেছেন তা দীর্ঘমেয়াদে আমার মনে হয় আত্মক্ষয়কারী এবং নারীবিরোধী। একদিক দিয়ে বিচার করলে নাগরিক অধিকার আন্দোলনের সঙ্গে ক্লারেন্স থমাসের যে-সম্পর্ক, নারীবাদী আন্দোলনের সঙ্গে কামিলেরও অনেকটা তা-ই, অর্থাৎ তাঁরা এই আন্দোলন থেকে লাভবান হয়েছেন; যার অংশ তাঁরা ছিলেন না কোনোদিনই। কিন্তু তাঁরা পরে আবিষ্কার করলেন যে, এর বিরোধিতা করলে ভালো পুরস্কার পাওয়া যেতে পারে। ফলে তাঁরা সে পথই ধরলেন। তাঁরা যা করছেন তাকে মনস্তত্ত্বের ভাষায় বলে, ‘আক্রমণকারীর সঙ্গে একাত্মতা’, যা জীবনে কমবেশি সকলেই করে থাকে বিশেষত যাদের অবস্থা এমন কোণঠাসা হয়ে পড়ে যখন অন্য কিছু করাটাই হয় বেদনাদায়ক।

আমার মনে হয়, এই দুটো ক্ষেত্রেই কারণগুলো ব্যক্তিগত। ক্লারেন্স থমাস নাগরিক অধিকার আদায় আন্দোলনের অপেক্ষাকৃত কম কালো চামড়ার অধিকারী নেতাদের দ্বারা প্রত্যাখ্যাত মনে করেন নিজেকে, আর পাগলিয়া বলেন, বই প্রকাশকেরা তাঁকে দীর্ঘদিন প্রত্যাখ্যান করেছে, শেষ পর্যন্ত হ্যারল্ড ব্লুম এসে তাঁকে পাত্তা না দেওয়া অব্দি, এবং এর জন্য তিনি নারীবাদীদের দায়ী করেন। আমি জানি না সেটা কিসের ভিত্তিতে, যদিও আমাকেও সে দোষী করে, যেখানে কিনা তাঁর বই প্রকাশ না হওয়া পর্যন্ত আমি তাঁর কথা জানতামই না। সে যাই হোক, টমাস যেভাবে রিপাবলিকানদের কাছে কালোদের আইনজীবী হিসেবে উপকারী ভূমিকা পালন করেছেন, ঠিক সেখানে পাগলিয়াও নারীবাদবিরোধী বুদ্ধিজীবী মহল ও প্রচার মাধ্যমে তাদের নিজস্ব নারীবাদী বুদ্ধিজীবী হিসেবে ব্যবহৃত হচ্ছেন। থমাস নিজেকে নাগরিক অধিকার আন্দোলনের সমর্থক মনে করেন, ঠিক যেভাবে পাগলিয়া বলেন তিনিও নারীবাদী, তবে তাঁদের দুজনেরই প্রধান লক্ষ্য মনে হয় তাঁদের আক্রমণাত্মক ভূমিকার দ্বারা পুরস্কৃত হওয়া। অন্যদিকে, আমি বলি, এটাও আমাদের এক ধরনের অর্জন যখন নারীবাদ-বিরোধীকেও নিজেকে নারীবাদী বলে জাহির করতে হয়। আমি অবশ্য ক্লারেন্সের প্রতি অবিচার করতে চাই না। আমি জানি তিনি কখনও সাদা-কালোর বেতন বৈষম্যের জন্য কালোদের দায়ী করেননি কিংবা কোনো অবস্থাতেই সাদারা একসময় যা করেছে, কালো মেয়েদের ধর্ষণ ও পীড়ন, তা সমর্থন করেননি। কিন্তু কামিল পাগলিয়া নারী-পুরুষের মধ্যে বেতন বৈষম্যের জন্য নারীকেই দায়ী করেন, বলেন, আমরা নাকি নোংরা ও কঠিন কাজ করতে চাই না, তিনি এমনকি যেসব মেয়েরা শরীর দেখিয়ে বেড়ায় এবং ধর্ষিত হয় তাকে স্বাভাবিক মনে করেন, তাঁর মতে এইডস রোগ আর কিছু নয়, আমাদের অস্বাভাবিক যৌনকর্মের জন্য প্রাকৃতিক শাস্তি, কী সাংঘাতিক কথা। বস্তুত, তার মধ্যে নিপীড়িতেরাই প্রায় সর্বক্ষেত্রে দায়ী তাদের অবস্থার জন্য, যে-কারণে এই শোষণ, বৈষম্য টিকিয়ে রাখতে চায় যে-মহল, তারা তাকে লুফে নিয়েছে।

ব্যক্তিগতভাবে আমি বরং প্যাট রবার্টসনের সমালোচনাকে অনেক বেশি উপকারী মনে করি। তিনি অন্তত জানেন নারীবাদী আন্দোলনের জন্য তারা কী কাজ করছে। তবে কামিলের ভুল কথা বলার অধিকারকেও সমর্থন করা জরুরি, এবং তাঁকে মনোযোগ দিয়ে শোনা, কেননা হয়তো তাঁর কাছ থেকেও আমরা কিছু উপকারী সমালোচনা পেতে পারি।

অবশ্য, নারীবাদী আন্দোলন যতদিন ধরে আছে, একজন কামিল পাগলিয়াও ততদিন ধরেই আছেন। আমার মনে হয় একদম প্রথমজন ছিলেন আরিয়ানা স্টাসিনোপুলোস, যিনি জারমেইন গ্রিয়ারের The Female Eunuch এর পাল্টা লিখেছিলেন, The Female Woman । সেটা প্রায় ২৫ বছর আগের কথা। এই নারী-বিরোধী বইখানা টেকেনি, কেননা তাতে নারীদের অভিজ্ঞতার কোনো প্রতিফলন ছিল না। অধিকাংশ নারীই জানতে চান জীবনের বাস্তব সমস্যাসমূহের মোকাবিলা করতে হবে কীভাবে; কীভাবে জীবনকে উন্নত করতে হবে তা, অন্য মেয়েদের প্রতি অপমান ছুঁড়ে দেওয়া নয়। ঘটনাচক্রে, আরিয়ানা শেষপর্যন্ত বিয়ে করেন মাইকেল হাফিংটনকে, যিনি পরিবারের পয়সা খরচ করে ক্যালিফোর্নিয়ার সিনেটর নির্বাচনে লড়তে গিয়ে ফতুর হয়ে নিজেকে বোকা প্রমাণিত করেছিলেন- তাহলে দেখতেই পাচ্ছো জীবনেরও নিজস্ব শাস্তির বিধান রয়েছে।

ফেইথ পপকর্ন : আমরা ব্যক্তিগত ও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললাম, কথা বললাম নারীবাদ, গর্ভপাত, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি নিয়ে। আমি তোমাকে এবার একটা শেষ প্রশ্ন করতে চাই। তোমার যদি এখন একটি মাত্র স্বপ্ন থেকে থাকে, তবে সেটি কী?

গ্লোরিয়া স্টাইনেম : শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান করা যেতে পারে এমন ধারণার অবসান। তার অর্থ শিশুপীড়ন, ধর্ষণ, নারী নির্যাতন, রাজনৈতিক সন্ত্রাস, অস্ত্রব্যবসা, বিষাক্ত গ্যাস উৎপাদন, মৃত্যুদণ্ড, বর্ণ ও লিঙ্গভিত্তিক সকল সন্ত্রাসের অবসান। তাৎক্ষণিক আত্মরক্ষা ছাড়া শক্তি প্রয়োগের আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। উদ্দেশ্য উপায়কে সিদ্ধ করে না, উপায়ই হওয়া উচিত উদ্দেশ্য।

আমি জানি এটা খুব আদর্শবাদী শোনাচ্ছে, কিন্তু এটা সম্ভব। এমনও অনেক ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে যাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শক্তি প্রয়োগের কোনো অস্তিত্ব নেই। তাদের একটি সাধারণ বৈশিষ্ট্য, সেখানে নারী-পুরুষের এমন মেরুকরণ ঘটে যায়নি। ছোট ছেলেকে সেখানে শেখানো হয় না পুরুষত্বের অর্থ কর্তৃত্ব স্থাপন কিংবা ছোট মেয়েকেও এমনটি শেখানো হয় না যে, নারীত্বের অর্থ পুরুষ ও সমাজের সব কর্তৃত্ব মেনে নেওয়া।

আমরা যদি সন্ত্রাস ও নির্যাতনের মূলোৎপাটনের স্বপ্ন দেখতে পারি, তাহলে সেটা বাস্তবেও সম্ভব। আর সেই স্বপ্ন তো আমাদের সবার মধ্যেই এখন রীতিমতো বাস্তব।

* সাক্ষাৎকারটি প্রথম প্রকাশিত হয় যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত Interview পত্রিকায় ১৯৯৪ সালে।

* রাল্ফ নেডার : ষাটের দশকের বিখ্যাত র‌্যাডিকাল। চিরকুমার এবং বর্তমানে বহুজাতিক সংস্থার শোষণের বিরুদ্ধে আন্দোলনরত।

* ক্লারেন্স থমাস : কৃষ্ণাঙ্গ আইনজীবী। কৃষ্ণাঙ্গ স্বার্থের বিরোধী বলে এই ডানপন্থী আইনজীবীর কুখ্যাতি রয়েছে। অনিতা হিল কেলেঙ্কারির জন্য কুখ্যাত।

* কামিল পাগলিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত আলোচিত ও বিতর্কিত নারীবাদী। Sexual Personae; Vamps & Tramps নামক দুটো বহুল আলোচিত গ্রন্থের রচয়িতা। পত্রিকায় বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে আরো বিতর্কিত হয়ে উঠেছেন।