২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলাল হাফিজের যে ছবি আঁকা হলো না

আমার আঁকা তাঁর মুখাবয়ব পোস্ট করে লিখেছিলেন "আর. করিমের ধ্রুপদী শিল্পকর্ম"--তাঁর কাছ থেকে পাওয়া এ আমার পরম প্রাপ্তি।

আর. করিম আর. করিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 02:07 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

হেলাল হাফিজকে জানি ছোটবেলা থেকেই। হেলাল হাফিজের যে কবিতাটি প্রথম পড়েছিলাম সেটা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’- “এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, /এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।” তখনো তাঁর কোনো ছবি দেখিনি। পরে তাঁর ছবির সাথেও পরিচিত হই। এভাবে হেলাল হাফিজকে জেনে আসছিলাম। সে সময় ছবি দেখে তাঁর মুখাবয়ব আঁকার চেষ্টা করতাম। হতো না। হয়েও হতো না।এতে করে খুব খারাপ লাগতো আমার। তবে ভালো লাগতো এটা ভেবে যে চেষ্টা করলে পারবো। আর খারাপ লাগতো এতো সময় দেওয়ার পরেও কাজটা মন মতো হলো না। এসব ভালো-মন্দ মিলিয়ে আমার আঁকাআঁকি চলছিলো। আর চলছিলো হেলাল হাফিজকে জানার কৌতূহল। তখন শুনেছিলাম তাঁর আরো ক'টি কবিতা- ‘একটি পতাকা পেলে’, ‘ইচ্ছে ছিলো’, ‘প্রস্থান’, ‘তুমি ডাক দিলে’, ‘নেত্রকোনা’, ‘ফেরিওয়ালা’, ‘যাতায়াত’ ও ‘পরাণের পাখি’। খ্যাতিমান আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার কন্ঠে হেলাল হাফিজের ’প্রস্থান’ কবিতাটি কতোবার যে শুনেছি তার কোনো হিসাব নেই। কবি যেন সে কবিতায় হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়েছেন।

কতোটা অভিমান জমা হলে এভাবে বলতে পারে!

কতোটা বাউল হলে এভাবে বলতে পারে!!

"এখন তুমি কোথায় আছো

কেমন আছো পত্র দিও।"

তিনি স্নরণযোগ্য কবিতার কবি।

এতো কম সংখ্যাক কবিতা সৃষ্টি করে এতো দীর্ঘ সময় আলোচনায় আর কে বা আছে এই দেশে! "অজস্রতা শ্রেষ্ঠত্ব দিতে পারে না" --এ কথাটি যাঁর দিকে তাকালেই যথার্থ বুঝতে পারি তিনি হেলাল হাফিজ। আমি একজন আঁকিয়ে। একজন হেলাল হাফিজ অনুরাগী। কোনো শব্দ শিল্পী নই। তাঁকে প্রকাশ করা আমার পক্ষে দুষ্কর।

তাঁকে আমি যখন এঁকেছি আমার মতো করেই এঁকেছি। তা যতোটাই হোক। কি আঁকতে চেয়েছি সেটাই বড় কথা। আর আমার সে আঁকতে চাওয়া কবি ঠিকই বুঝতে পেরেছিলেন তাই হয়তো।  ফেসবুকে আমার আঁকা তাঁর মুখাবয়ব পোস্ট করে লিখেছিলেন "আর. করিমের ধ্রুপদী শিল্পকর্ম"--তাঁর কাছ থেকে পাওয়া এ আমার পরম প্রাপ্তি। আমার আঁকা তাঁর যে-ক'টি মুখাবয়ব সে-সব তিনি দেখেছিলেন এবং তা ফেসবুকে শেয়ারও করেছিলেন। আমাাদের মধ্যে যোগাযোগ ছিলো। দেখা হওয়ার কথা ছিলো অথচ হলো না দেখা আর। আর হবেও না কোনোদিন! সে কল রেকর্ড বার বার শুনছি এখন। হেলাল হাফিজ, আপনাকে বিদায় বলতে ইচ্ছে করে না আমার। কেনো বিদায় বলবো? বড্ড ইচ্ছা ছিলো আপনার সান্নিধ্যে গিয়ে আপনার পোর্ট্রেট আঁকবো। আহা... সেটা আর হলো না। তারপরও আপনাকেই আঁকবো৷

রঙতুলিতে যাকে প্রাতিস্বিকতায় পেয়েছি বার বার, তাঁকে কি করে বলি বিদায়! এই দেখা না হওয়া আমার একজীবনের আক্ষেপ হয়ে থেকে যাবে। আপনি আমার রঙতুলিতে ছিলেন, আছেন - থাকবেন। না, আপনাকে আমি কখনোই বলতে পারবো না, বিদায়।