২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুখসানা কাজলের গল্প: ঝপ্পাস

অনেকেই বলে, পুরুষ মানুষ করছে করুক রাজনীতি। ঘরের বউএর কি দরকার !

রুখসানা কাজলের গল্প: ঝপ্পাস
চিত্রকর্ম: মনিরুল ইসলাম

রুখসানা কাজল রুখসানা কাজল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 12:11 AM

Updated : 26 Aug 2026, 09:49 AM

জ্ঞাতি সম্পর্কের ভাশুরের ছেলেকে বিদায় জানিয়ে মেরি মমতাজ গেটের তালায় চাবি ঢুকিয়ে মোচড় দেয়। কি আশ্চর্য, চাবি ঘুরছে না-- এমনকি সামান্য নড়াচড়াও করছে না। শেষবার নিজের হাতে গেটের তালা বন্ধ করে নিলয়কে নিয়ে তারা পোষ্টার সাঁটাতে বেরিয়েছিল। তখন ছিল রাত সাড়ে এগোরোটা। নিলয় সাতজন বন্ধুসহ  এসেছিল তিনটে মোটর সাইকেল করে। পোষ্টারগুলো ভাগ করে শহরের তিন পাড়াতে রাতের মধ্যেই লাগাতে হবে। কি মনে করে নিলয়ের মোটর সাইকেলে মেরি উঠে বসেছিল। মেয়র ইলেকশন মুড়িবাতাসা ছড়ানোর মতো কোন ব্যাপার নয়। তাছাড়া  সাতজন পুরুষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইলেকশন লড়ছে মেরি। যতই সরকারি  দল করুক না কেন, দল তাকে অনুমোদন দেয়নি। দলের পছন্দ এলাকার ক্ষমতাসীন মন্ত্রীর মেয়ের বৈবাহিক সূত্রে পাওয়া এক নতুন ধনী আত্মীয়। এদিকে মেরি ঝুলে বসেছে। ইলেকশন করবেই। এলাকার সাংসদের কাছের আত্মীয় এবং অতি বিশ্বস্ত  প্রিয় রাজনৈতিক কর্মী মেরি। সাংসদ কেন্দ্র কমিটির সাথে রাজনৈতিক অঙ্ক কষে, একেবারে ফাঁকা মাঠে তাদের পছন্দের প্রার্থী জিতে গেলে গণতন্ত্রের অঙ্গহানি হবে।  ইলেকশন ত জমাতে হবে। তার জন্য কয়েকজন লাগসই প্রতিদ্বন্দ্বীও দরকার হয়। মেরির ওজন আছে। মেরির সাথে আরও দু একজন চাইছে যখন, লড়ুক না হয়। মেরি গ্রীন সিগন্যাল পেয়ে যায়।       

সাংসদের অনুমতিতে মেরি প্রচারণার কাজ শুরু করে দিয়েছে। ওর স্বামী ক্ষমতাসীন  পার্টির দীর্ঘিনের সাংগঠনিক পদবাহী। ব্যক্তিগতভাবে মেরিকে শতভাগ সমর্থন দিলেও বলে দিয়েছে মেরির ফেবারে কোন কাজ করতে পারবে না। ভরাডুবি নিশ্চিত। মেরি তবু ইলেকশন করবেই।       

নমিনেশন পেপার নেওয়ার সকালে করোল্লার জুস বানিয়ে মেরি স্বামীকে বলেছিল, এই  যে, তবে অই কথাই থাকলো। তুমি যখন আমার পক্ষে কিছু করবে না, তাহলে বাঁধাও দেবে না আশা করি।    

বিশ্বাস ফারুক হেসে বলেছিল, লড়ে যাও মাতঙ্গিনী। তবে ঘরে বাইরের কু কথা আর  কু আক্রমণ সহ্য করার জন্য মগজটাকে ফ্রিজে রেখে চামড়া শক্ত করে নিও।  

জন্মসূত্রে মেরির চামড়া শক্ত। আড়িয়াল খাঁ নদ শেষ হয়ে যেখান থেকে নদী  মধুমতির শুরু সেই সঙ্গম স্থানের এক গাঁয়ের মেয়ে মেরি। ভিলেজ পলিটিক্সে ওর বাপ দাদাদের কুকীর্তির কাহিনী স্থানীয় যাত্রাদলে বেনামে অভিনীত হত। নদীসঙ্গম ছুঁয়ে গড়ে উঠেছিল ওদের খামারবাড়ি। বর্ষায় মধুমতির উত্তাল ঢেউ সীমানা প্রাচীরে আছড়ে পড়ে ফুঁসে উঠত। কখনও আড়িয়াল খাঁ নদের উদ্দাম ঢেউ মধুমতি ছাপিয়ে শোঁ শোঁ করে ছুটে আসত। ছোটবেলায় ছাদ থেকে কলাগাছের পেটে দড়ি বেঁধে নদীতে ফেলে ওরা তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকত। ঝপ্পাস করে পানিতে পড়ে নদী গহ্বরের অজানা রসায়নে অনেকক্ষণ তলিয়ে থেকে আড়িয়াল খাঁ নদে, কখনও আবার নদী মধুমতির বুকে ভুস করে ভেসে উঠত। সেই দেখে স্রোত কোনদিকে ধাইছে সেটা বুঝতে পেরে ওরা চেঁচিয়ে বলত, হোহোহো এই কলাগাছ আড়িয়াল খাঁ হয়ে বরিশালের তেঁতুলিয়া নদী ছুঁয়ে ভেসে যাবেনে বঙ্গোপসাগরের কোলে -- অন্যদিন স্রোতের গতিপ্রকৃতি দেখে সঙ্গী কেউ চেঁচাতো, হাহাহা অই দ্যাখ কলাগাছ আজকে মধুমতির সাইডে --- এইবার বাগেরহাটের চিতলমারী ছুঁয়ে কালীগঙ্গা পেরিয়ে বলেশ্বর, হরিনঘাটা নদী হয়ে চলে যাবেনে বঙ্গোপসাগরে ---

২     

মেরি দেখে, গেটের উপর লাগানো বড় ভাশুরের বউয়ের কোচিং সেন্টারের সাইনবোর্ডের ছায়া পড়ে কিছুটা জায়গা অন্ধকার হয়ে আছে। অই অন্ধকারে নিজেকে সে ঠেসে দেয়। এত রাতে নিজের বাড়িতে ঢুকতে না পেরে এভাবে দাঁড়িয়ে আছে দেখলে কেউ ছুটে  আসতে পারে। হয়ত অপরাধীও শনাক্ত হয়ে যেতে পারে। মেরির সমর্থক পাড়ার কেউ কেউ  উত্তেজনার বশে মারধোরও করতে পারে। বিশ্বাস ফারুক  সাংগঠনিক কাজে রাজধানীতে গেছে। এমুহুর্তে পারিবারিক শত্রুতার কথা ছড়িয়ে পড়লে ফারুকের রাজনৈতিক ফিউচারের চাকা পাংচার হয়ে পথে বসবে। ফারুকের স্বপ্ন ক্রমশ রাজনৈতিক উত্থান। সাত আসমান ছুঁতে না পারুক, অনেক দূর যেতে চায়  ফারুক। ছেলেমেয়েরাও ভয় পেয়ে যাবে। রাতদুপুরে মেরি কোন হাঙ্গামা করতে চায় না। এমনিতে সাতজন পুরুষের বিপক্ষে সে একা নারী  নির্বাচন করছে বলে প্রচুর রসালু আলাপ জমে উঠেছে শহরের ঘরে বাইরের আনাচ-কানাচ, অলিগলি, মেইন রোডে। পোষ্টারে তার  হিজাব পরা ছবির উপর কে বা কারা লিখে যাচ্ছে, পারবি ত ? ঠাপ কিন্তু সাতজনের!   

তাছাড়া এখন কোন গন্ডোগোল হলে নাগরিকদের মনে কলকলিয়ে প্রশ্ন উঠবে, যে  নিজের ঘর সামলাতে পারে না, সে-----   

বড়ভাইজানের দোতলার জানালা থেকে আবছা মতো জোড়া ছায়া দেখা যাচ্ছে। রুমে ডিম লাইট জ্বলছে। নেটের পর্দার পলকা আড়াল ফাঁস করে দিচ্ছে অনেককিছু। এর আগেও বড়ভাইজান এরকম কান্ড করেছে। কিছুতেই বুঝতে চায় না, মেরি একজন  রাজনৈতিক কর্মী। দলের দরকারে ওর রাত দিন সব সমান। কিন্তু বড়ভাইজানের  কাছে মেরি বেশ্যা। রাতদিন মোটর সাইকেলে করে এতগুলো বয়স্ক কম বয়স্ক  পুরুষের সাথে ঘুরে বেড়ালে সেকি আর ঘরের বউ থাকে ! সমাজে তার নাক কাটা যায়। ক্লাবে হাসি ঠাট্টা করে অনেকে। অনেকেই বলে, পুরুষ মানুষ করছে করুক রাজনীতি। ঘরের বউএর কি দরকার ! বনের পাখীও সন্ধ্যা হলে ঘরে ফেরে আর তোমার ভাইয়ের বউ----  বিশ্বাস ফারুক সহজে রাগে না। কিন্তু সেবার প্রচন্ড রেগে বড়ভাইজানের মুখে ঘুঁষি মেরে হিসহিস করে বলেছিল, নাকটা ঘরে রাইখে বাইরে যাবেন। আমার বউরে যদি কেউ চু —যায় তাতে আপনার কি!    

নিজেকে শান্ত রাখার জন্য মেরি আয়তুল কুরসি পড়তে থাকে।            

একথা সত্য, দুর্জয় সাহস ওর। বুদ্ধিতেও যথেষ্ট সরস সে। মাঝে মাঝে বিশ্বাস ফারুক  মেরির অনুরক্ত সমর্থকদের মজাক করে বলে, সাবধান। তোমাদের নেত্রীর কিন্তু ঠগী  বংশ। অস্ত্রফস্ত্র লাগে না। একটা গামছাতেই খতম করতে পারে তোমাদের মা জননী।       

শুনে হাসে মেরি। হেসে হেসে ভাবে, ইতিহাসে কত রকমের যে সত্যমিথ্যার মিশেল  থাকে। তার বাপদাদার যে ঠগী বংশ এর কি কোন প্রমাণ আছে ? যদিও এ অঞ্চলে  গল্প ভাসে, তারা পাঙ্গু ঠগীর বংশধর। এখনকার ছেলেমেয়েরা বোমাবাজ, হাইজ্যাকার, কিডন্যাপার, চোর, ডাকাত, সন্ত্রাসীদের চেনেজানে। ওরা কি জানে ঠগী কারা ? বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশের এই নিম্ন অঞ্চলে নদীতে নদীতে সেই কোন বৃটিশ  যুগে পাঙ্গু ঠগীরা ঠক্কারী করেছে তার ইতিহাস কি লেখা আছে কোথাও! দুর্জনের মুখ পুঁথি পাঁচালীর মতো। কালের সীমানা পেরিয়ে যায়। অথচ ক্ষমতার বলে আজকাল যারা নিষ্ঠুরতা করে তাদের কেউ ঠগী বলেনা। তবে হ্যাঁ, মেরি অনেক রকমের গুপ্ত অস্ত্র চালাতে জানে। বিশ্বাস ফারুক সে সব কিচ্ছু জানে না। মেরি আরও জানে, বর্ষা মরসুমে তাদের ছাদ থেকে কোনো কোনো মানুষকে গলায় দড়ি বেঁধে ঝপ্পাস করে ভাসিয়ে দেওয়ার ইতিহাস। তাদের বুকে পিঠে পায়ে বেঁধে দেওয়া হত জমাট সিমেন্টের চাঙ্গড়। তারা আড়িয়াল খাঁ বা নদী মধুমতির গহন তলদেশে নানাবিধ মাছের খাবার হয়ে ঠিকানা খুঁজে নিত নাকি বঙ্গোপসাগরের টানে ভেসে যেত কে জানে!

৩    

মেরি আরেকবার চেষ্টা করে তালা খোলার। নাহ্, এ চাবি এ তালার নয়। তালা বদলে  গেছে। কে বদলেছে মুহূর্তে বুঝে যায় সে। নিজেকে কট্রোল করে নিলয়কে ফোন দেয়, এ বাপ, তোরে যে ফিরে আসতি হবেক।   

খ্রিষ্টান পাড়ার পম্পা গোমেজের বাসার সামনে মোটর সাইকেল বেশ জোরেই হল্ট করে নিলয়, ওকে আম্মু---  

নাহিয়েন উকিলের খোলা চত্বরে আলো জ্বলছে। মেরির লজ্জা করে আলোতে গিয়ে দাঁড়াতে। কেউ না কেউ তো দেখছে। সে হেনস্থা হচ্ছে তার নিজের পরিবার থেকে। দেওয়ালের ছায়ায় অন্ধকারে শরীর মিশিয়ে কিছুটা পেছনে সরে আসে মেরি। দশ কাঠা জায়গার ভেতর তার বিল্ডিংটা গেট থেকে দূরে। দুই পাশে বড় ভাশুর আর ছোট দেওরের বিল্ডিং। মাঝখানে ছয় ফুটের রাস্তা। কিন্তু সেই রাস্তার শুরুতে কয়েক ইঞ্চি  জায়গা নিয়ে বড় ভাশুর একতলা একটি ঘর তুলেছে তার শিক্ষিকা বউয়ের কোচিং সেন্টারের জন্য। অনেক দেনদরবার করেও বিশ্বাস ফারুক এই জায়গাটুকু উদ্ধার করতে পারেনি। তার গাড়ি ঢুকতে পারে না। অন্য বাড়ির গ্যারেজে থাকে। অবশ্য শক্তিপ্রয়োগ করে উদ্ধার করা যেত। কিন্তু বড়ভাইজানের সাথে সে এটা করতে  চায়না। তাদের আব্বা এখনও জীবিত আছেন। অচল, দিন দিন স্মৃতিহারা হচ্ছেন। বড়ছেলেকে পছন্দ না করলেও প্রথম সন্তান হিসেবে অবোধ এক মায়ায় তার কাছেই থাকেন আব্বা। বড়ভাইজান, তার বউ, দুইমেয়ের কেউ মেরিদের সাথে কথা বলেনা।  তবে মেরিকে আটকে রাখার সাহস নেই। শত ব্যস্ততার ভেতরেও যে কোন সময় মেরি শ্বশুরের সাথে দেখা করে আসে। গোপনে খাবারও খাইয়ে দেয়। ওরা জানতে পারলে হুলুস্থুল করে আব্বার দুই বেলার খাবার বন্ধ করে দেয়।  

তেইশ বছর আগে এলাকার বড়ভাই ওদের সাংসদ মেরির সাথে বিশ্বাস ফারুকের  বিয়ে ঠিক করে। ধনী, লোক বলে ক্ষমতাশালী এবং বহু আত্মীয়স্বজনে পরিপূর্ণ এমন পরিবারেই ফারুক বিয়ে করতে চাইছিল। কিন্তু বিয়ের আসরে বড়ভাইজান হঠাত বেঁকে বসে। কে বা কারা জানিয়েছে, চৌধুরী বংশের আড়ালে মেরিরা আসলে পাঙ্গু ঠগীদের উত্তরপুরুষ। ওদের বংশে অনেক গোপনসোপন ব্যাপার স্যাপার আছে যা বাইরের কেউ জানেনা। না জানুক, ফারুকের টার্গেট ভোট। বিয়ের পাগড়ি মাথায় নিয়ে ফারুক অঙ্ক কষে ফেলে, ভবিষ্যতে আত্মীয়তাসূত্রে এই বংশের সব ভোট তার পক্ষেই আসবে। সুতরাং বড়ভাইজানের আপত্তি, আব্বাকে নিয়ে রাগ করে চলে আসা সত্ত্বেও বিয়ে হয়ে গেছিল পরম সমাদরে। সেই থেকে প্রতি পদে ওদের সাথে বিশেষ করে মেরির সব কাজে ওরা শত্রুতা করে চলেছে।     

বিশ্বাস ফারুক চায় না মেরির বিস্ফোরণ ঘটুক। রাজনীতির পাঠ থেকে সে জানে, কিছু কিছু ক্ষেত্রে যা রটে, তার কিছুটা বটেও হয়।           

নিলয় আসার আগে মেরি নিজেদের রাস্তা ছেড়ে কিছুদূর হেঁটে বিসিক অফিসের  সামনে চলে আসে। নিজের পাড়ায় পোষ্টার লাগানোর পরিকল্পনা ছিল শেষদিকে। কিন্তু এই রাতের নির্লজ্জ সময়টুকু মেরি কাজে লাগিয়ে দেয়। নিলয় একা আসেনি। কিছু আঁচ করে বন্ধু সঞ্জয়, কবির, রানা, মানু, ইদ্রিস, পলাশ আর পম্পাকেও নিয়ে এসেছে।  বিসিকের হলুদ দেওয়াল স্বতন্ত্র প্রার্থী মেরি মমতাজের পোষ্টারে ভরে যায় আর রাতের নিস্তব্ধতাকে চমকে দিয়ে গদাই রানা শ্লোগান দেয়, ভোট চাই ভোট চাই--- সম্মিলিত  শব্দতরঙ্গে চমক লাগলেও পাড়ার কেউ বিস্মিত হয় না। জানে এই পার্টি চলে গেলে  আরেক পার্টি  আসবে। মাঝে মাঝে পুলিশের গাড়িও আসে। তারা গল্পটল্প করে চলে যায়। শহর জুড়ে এখন মেয়র নির্বাচনের মধুঋতু চলছে।

৪          

নিলয়দের বাসায় এসে গুছিয়ে বসে মেরি। এটি ফারুকের চাচাতো ভাইয়ের বাড়ি। এ বাড়িতে তার কথাতেই মোটামুটি সবাই চলে। এতরাতে এবাড়িতে মেরির আসাটা তাই অবাক করে না কাউকে। বরং এঘর ওঘর থেকে বেরিয়ে আসে সবাই। মেরিকে ঘিরে  ওরা ভাবে, সিওর ইলেকশনের কোন কৌশল নিয়ে ভাবছে আম্মু। যেদিন থেকে মেরি সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন সে করবেই, সেদিন থেকে দারিদ্র্য সীমার সামান্য উপরে থাকা এবাড়ির ছেলেমেয়ে বউদের চোখে মুখে আনন্দ খেলে যাচ্ছে। তাদের মণিআম্মু জিতলে তারাই জিতবে। নিলয়ের বড়ভাবি এসে বিছানার চাদর বালিশের কাভার পাল্টে দিয়ে জানতে চায়, চা বানাব মণিআম্মু?      

নারে আম্মু, একটু ঘুমিয়ে নিই। ভোরে এই পাড়ায় পোষ্টার লাগাতে যাব নিলয়কে  নিয়ে। তাই ফিরে আসলাম।    

দুমাস পরে বিভাগীয় সম্মেলন। বাস্তবে ক্ষমতাসীন সরকারের উপর সাধারণ মানুষের রাগ, ক্ষোভ উগরে পড়ছে। ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাওয়ায় মধ্যবিত্তরা ভয়ের মুখে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন উর্ধগতিতে নিম্ন আয়ের মানুষরা দিশেহারা। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। তাদের সরকারের উপর বিশ্বাস নেই, আস্থা হারিয়েছে জনগণ। ক্যারিশমেটিক চরিত্রের কোন বিরোধী নেতাও নেই। এই শূন্যতার সুযোগে জেগে উঠছে ধর্মোন্মাদরা। তাই যে করে হোক সম্মেলন সফল করতে হবে। বিশ্বাস ফারুক মহাব্যস্ত সম্মেলন সফল করার কলাকৌশল নিয়ে। এসময় জরুরি কল আসে।    

ছয় ফুট রাস্তার উপর বড়ভাইজানের লাশ খাটিয়ায় শোয়ানো। লোকে লোকারণ্য। জায়গা না পেয়ে বাড়ির সামনের রাস্তায় ভিড় জমেছে। ফারুক অবাক হয়। কি এমন হলো যে ভাইজানকে মেয়ের ওড়না গলায় দিয়ে ঝুলে পড়তে হলো তার সখের স্টাডিরুমে! এটা ঠিক এক বাড়ির সীমানায় থাকলেও মুখ দেখাদেখি নেই ওদের। ছোটভাইটি কাছেই প্রবাসী শ্বশুরের আটতলা বাড়িতে থাকে। তিনভাইয়ের কেউ কারও অবস্থা সেভাবে জানেনা। ফারুকের সাথে পাল্লা দিয়ে পাঁচতলা বাড়ি করতে ভাইজানের প্রচুর ঋণ হয়েছে এটুকুই শুধু জানে। তাছাড়া ভাইজান খুব স্ত্রীভক্ত। মেয়েরাও মা  ভক্ত। মেরিকে অপছন্দসহ ফারুকের সাথে ঘরোয়া প্রতিযোগিতা ছাড়া আর কোন অশান্তি নেই পরিবারে। তাহলে?

থানায় ছোটভাই ইকবাল মোবাইল ওপেন করে অনেকগুলো ফোনকল দেখায়, কয়েকদিন ধরেই এগারো লাখ টাকা ধার চেয়ে ফোন করছিল বড়ভাইজান। উনার শালার ছেলে স্পেন যাবে। ছয় মাস পরে সুদসহ ফেরত দেবে টাকা। কিন্তু ইকবাল সাহস পাচ্ছিল না। ব্যাংক, এনজিও, বন্ধুপরিচিতদের কাছে ভাইজানের এত ঋণ! তাছাড়া সম্পত্তিও সব বড়ভাবীর নামে। ফেরত না পেলে? রিস্ক হয়ে যাবে বলে বড়ভাইজানের ফোন ধরছিল না সে।    

গোরস্তান থেকে ফিরে লোহা আগুন ছুঁয়ে ড্রয়িংরুমে বসে আছে ফারুক। আজই ফিরে  যাবে সে। ভয়ানক মন খারাপ ওর। সোফার ব্যাকে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবে, মানুষের জীবনে বাল্যকালটাই সেরা সময় ছিল। সেই যে ফুলপ্যান্ট পরার আনন্দে নিজের ড্রয়ার থেকে একটি ভিউকার্ড বের করে বালক ফারুককে দিয়ে কিশোর ভাইজান বলেছিল, নে ফারু, তোরে দিয়ে দিলাম---       

৫

দুধে বলক উঠেছে উথালপাথাল। কিছু খাওয়ার ইচ্ছে নেই বলে মেরির অনুরোধে এক গ্লাস দুধ খেয়ে এখুনি রওনা হবে বিশ্বাস ফারুক। গ্লাসে দুধ তুলতে ষ্টীলের ভারী হাতাটা দুধের পাতিলে ডুবাতেই চমকে ওঠে মেরি মমতাজ, যেন শব্দ শুনতে পেল, ঝপ্পাস---