ফিরে আসছে কেরানীগঞ্জের হারিয়ে যাওয়া খাল
চারিদিকে নদীবেষ্টিত ঢাকার কেরানীগঞ্জের নদী ও খালগুলো প্রায় হারাতে বসেছিল। তবে স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপুর উদ্যোগে ১৭টি খাল উদ্ধার করে সেগুলোতে নৌচলাচল শুরু করা, দুই পাশে হাঁটাচলার জন্য ওয়াকওয়ে নির্মাণ, খালগুলোর পাশ ঘেঁষে পার্ক, উদ্যান, পাঠাগার ও বিনোদনকেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে বিশ্বদরবারে গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তেমনি কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা নসরুল হামিদ বিপুর নেতৃত্বে ঢাকার এই জনপদ উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দক্ষ নেতৃত্বে।
কেরানীগঞ্জের চারপাশে রয়েছে নদী, আর ভেতরে রয়েছে অনেক খাল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এসব খাল মরতে বসেছিল। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নসরুল হামিদ বিপু এসব খাল উদ্ধার করে সচল করার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।
কেরানীগঞ্জের মানুষের গর্ব ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল এক সময় ময়লার ভাঁগাড়ে পরিণত হলেও এই খালটি ঘিরে বিরাট প্রকল্পের কার্যক্রম শুরু হয়ে গেছে।
এছাড়াও আগামী প্রজন্মকে একটি সুন্দর কেরানীগঞ্জ উপহার দিতে নদী ও খাল উদ্ধারের একটি মহাপরিকল্পনা করেছেন নসরুল হামিদ বিপু।
নদী ও খাল উদ্ধারে মাস্টার প্লান
# খাল উদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ খালগুলো খনন করা হবে।
# মাছ ও অন্যান্য জলজ প্রাণীর সুষ্ঠু বিকাশের জন্য নদীর পানিকে দূষণমুক্ত রাখা হবে।
# ভূ-গর্ভস্থ পানির গভীরতা ঠিক রেখে নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।
# উন্মুক্ত ও প্রবহমান পানির(পুকুর, খাল-বিল ও নদী) উৎসকে রিসাইকেল করা হবে।
# আবর্জনার স্তূপ তৈরি, ফুটপাত বেদখল, বেহাল পয়ঃনিষ্কাশন এবং খাল ভরাট বন্ধ করা হবে।
# খাল ও বিলের মধ্য দিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব নৌকায় পরিবহনের ব্যবস্থা করা হবে।
# প্রাকৃতিক ও উন্মুক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং জলাধার রাখার কাজ এগিয়ে চলছে।
# খালগুলো অবৈধ দখলের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, একারণে খালগুলোকে নিষ্কাশনের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে।
# ইতোমধ্যে শুভাঢ্যা খালসহ আরও সাতটি খাল ও সিংহ নদী উদ্ধারের কাজ চলমান।
এ বিষয়ে শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। তার নেওয়া নদী-খালের উন্নয়নের প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ার পর কেরানীগঞ্জের চেহারা সম্পূর্ণ বদলে যাবে।”
