বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বার্তা সংস্থা বিডিনিউজ-এর পথচলা শুরু ২০০৫ সালে। অন্যান্য বার্তা সংস্থার মতো সংবাদ মাধ্যমগুলোর জন্য খবর সরবরাহ করত সংস্থাটি। দেশের অন্য সংবাদ সংস্থাগুলো টেলিপ্রিন্টারে খবর সরবরাহ করলেও বিডিনিউজ তাদের সরবরাহ বা বণ্টন মাধ্যমটি করে ইন্টারনেট। বিশ্বের অন্যান্য অনেক সংবাদ সংস্থার মতো তারাও সংবাদ মাধ্যমসমূহে একটি করে গ্রাহকযন্ত্র স্থাপন করে এর সাহায্যে খবর সরবরাহ করত। বিশ্বজুড়েই বার্তা সংস্থাগুলোর খবরের তাৎক্ষণিক সংস্করণ প্রচার ছিল বৈশিষ্ট্যমণ্ডিত। বলাবাহুল্য, এটিকে অনলাইন সাংবাদিকতা বলে ভুল বোঝার অবকাশ নেই। ২০০৬ সালে বার্তা সংস্থাটির মালিকানা ও ব্যবস্থাপনা বদল একে বদলে দেয় খোলনলচে। সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানটিকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। নতুন আঙ্গিকে এর পরিচয় হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে। বার্তা সংস্থা হিসেবে কর্মপ্রক্রিয়া অব্যাহত রাখলেও কিছু কিছু সংবাদ পাঠকের জন্য উন্মুক্ত রেখে নতুন লক্ষ্যে অগ্রসর হয় প্রতিষ্ঠানটি। নতুন রূপে পরিচিত সংবাদ প্রতিষ্ঠানটিতে দেশের প্রতিশ্রুতিশীল তরুণ কর্মীদের পাশাপাশি যোগ দেন প্রাজ্ঞ কয়েকজন সম্পাদকও।
সম্পাদকীয় নেতৃত্বের স্বাধীনতার বলিষ্ঠ উদাহরণ রেখে কিছুদিনের মধ্যে আলোচনায় উঠে আসে প্রতিষ্ঠানটি। নতুন ব্যবস্থাপনার অধীনে মাত্র ছয়দিনের মাথায় বাংলাদেশের সর্বাধিক পঠিত ওয়েবসাইট হয়ে ওঠে দ্বিভাষিক সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
২০০৬ সালের ২৩ অক্টোবরের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ০১ মিনিটে ওয়েবসাইটটি সব পাঠকের জন্য সব খবরই উন্মুক্ত করে দেয়। আত্মপ্রকাশ করে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্ররূপে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই গুটিকয় শুধু ইন্টারনেট নির্ভর সংবাদ মাধ্যমের একটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
বাংলাদেশে প্রথম ২৪/৭ সংবাদকক্ষ চালু করা হয় এখানে।
২০০৬ সালের ডিসেম্বর মাসে মোবাইল ফোনে ২৪ ঘণ্টা ধরে হালনাগাদ খবর সম্প্রচার শুরু করে এই প্রতিষ্ঠান। খবর প্রচারে নতুন প্রযুক্তির ব্যবহার দেশের সাংবাদিকতা চর্চায় নতুন দিক উন্মোচন করি আমরা।
খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে মোবাইল ফোনে টেস্ট মেসেজে খবর পরিবেশন করে বার্তা-বিনিময় প্রযুক্তিকে সংবাদ সরবরাহ মাধ্যমের নতুন পরিচয় দেই আমরাই।
পেশাগত সাংবাদিকতার সর্বোচ্চ মান নিশ্চিত করার পাশাপাশি একইসঙ্গে কয়েকটি নতুন মাধ্যমে খবর পরিবেশন ও সম্প্রচারের বহুমুখে দ্রুততম সময়ে সংবাদ তুলে দেওয়ার কাজটিকে আমাদের সাবেক একজন বার্তা সম্পাদক উচ্চতর দক্ষতা হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, “মুদ্রণ সাংবাদিকতার নির্ভুল অনন্যতা ও সম্প্রচার সাংবাদিকতার তাৎক্ষণিকতা, এই দুই দক্ষতার সমন্বয়ে তৈরি হয় আমাদের সংবাদের নির্ভরযোগ্যতা।”
সাম্প্রতিক ৭
১.বাংলা এসএমএস
বাংলা ভাষায় প্রথম
এসএমএস নিউজ অ্যালার্ট সার্ভিস
২. নতুন কার্যালয়
১৭ মহাখালী বাণিজ্যিক এলাকা
রেডক্রিসেন্ট কনকর্ড টাওয়ার (১৭ তলা)
৩. নতুন সাইট
নতুনরূপে সজ্জিত পাঠকবান্ধব সাইট
৪. হ্যালো
hello.bdnews24.com
বাংলায় শিশু সাংবাদিকতার প্রথম সাইট
৫. মিথস্ক্রিয়া
সাম্প্রতিক বিষয়ে আয়োজিত গোলটেবিল
৬. গ্রন্থ প্রকাশনা
তর্ক: মাতৃভাষায় বিজ্ঞানচর্চা
(প্রকাশিতব্য)
৭. চালু হয়েছে ‘পাঠকের মন্তব্য’
