Published : 06 Aug 2015, 06:03 PM
বৃহস্পতিবার দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার ইনিংস ৬০ রানে বেধে ফেলে শুরুটা অসাধারণ করে ইংল্যান্ড। এরপর ব্যাট হাতে রুটের অপরাজিত শতকে ৪ উইকেটে ২৭৪ রান করে দিনের খেলা শেষ করে তারা। এরই মধ্যে ২১৪ রানের লিড নিয়েছে অ্যালেস্টার কুকের দল, হাতে আছে ৬ উইকেট।
ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতে ঘুরে দাঁড়াতে চেয়েছিল অস্ট্রেলিয়া। শুরুটা আহামরি না হলেও দুই রানের মধ্যে প্রতিপক্ষের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম লাইথ (১৪) ও অভিজ্ঞ ইয়ান বেলকে (১) ফিরিয়ে দিয়ে আশা জাগিয়েছিলেন মিচেল স্টার্ক।

চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টোর সঙ্গে ১৭৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়েন রুট।
শেষ বিকেলে বেয়ারস্টো ৭৪ রান করে ফিরে গেলেও ১২৪ রান নিয়ে অপরাজিত আছেন ডান হাতি ব্যাটসম্যান রুট। ক্যারিয়ারে এটি তার অষ্টম টেস্ট শতক। এই রান করার পথে ১৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে। প্রথম ওভারে ১০ রান তুললেও দুটি উইকেট হারায় সফরকারীরা। ২০০৩ সালের পর এই নিয়ে তৃতীয়বারের মতো কোনো টেস্ট ম্যাচের প্রথম ওভারে দুই বা তার বেশি উইকেট পড়তে দেখে ক্রিকেট বিশ্ব।
অস্ট্রেলিয়ার উইকেট পতনের এই মিছিল আর থামেনি। ২৫ বলে ২১ রান তুলতেই প্রথম ৫ উইকেট হারায় তারা।
২০০৩ সাল থেকে এর চেয়ে কম বলে টেস্ট ম্যাচের কোনো ইনিংসে আর কোনো দল প্রথম ৫ উইকেট হারায়নি।

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ১৩ রান করেন মিচেল জনসন। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
যে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত রানের চেয়ে অতিরিক্ত খাত থেকেই সর্বোচ্চ ১৪ রান আসে।