Published : 12 Feb 2014, 01:01 PM
বিজিবির প্রশিক্ষণ চলার সময় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মর্টার শেল বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে বলে আইএসপিআরের সহকারী পরিচালক নূর ইসলাম জানিয়েছেন।
৮২ মিলিমিটারের একটি মর্টারশেল চালাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঘাটাইল থানার ওসি ফজলুল কবীর।
তার দেয়া তথ্য তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে নিহতরা হলেন- সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু (৩৫) ও ২০ ইস্ট বেঙ্গল রেডিমেন্টের ওয়ারেন্ট অফিসার পারভেজ (৪৬) এবং ৩ বর্ডারগার্ড ব্যাটালিয়নের সদস্য সদস্য ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহী আবু সুফিয়ান ও একরামুল হক।
আহত ১১ জনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। তারা হলেন- বিজিবি কর্মকর্তা মেজর এম এম ফরহাদুজ্জামান, দিনাজপুর সেক্টর বিজিবির সিপাহী পলাশ, জিন্নাহ, আনোয়ার, ফিরোজ, রিয়াজ, আলতাবুর, আজিজ, জাহিদ, শাহজাহান ও আজাবের।
এর মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে মারা যান বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মুহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাটাইলের সামরিক প্রশিক্ষণ এলাকায় ভারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই দুর্ঘটনা ঘটে।
“এটা বিজিবির বার্ষিক প্রশিক্ষণ। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি এবারের প্রশিক্ষণ চলবে।”

মুহসিন রেজা জানান, নিহত বিজিবি সদস্যরা জয়পুরহাট থেকে প্রশিক্ষণ নিতে টাঙ্গাইল গিয়েছিলেন।
নিহত দুই সেনা সদস্য ফায়ারিং রেঞ্জ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় হতাহতের এই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। আহতদের সুচিকিৎসা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।