Published : 19 Jun 2026, 01:42 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফ্ল্যাট থেকে এক আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জীবননগর থানার ওসি সোলায়মান সেখ মাহমুদুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের বসুতিপাড়ার বহুতল ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করেন তারা।
মৃত ৩৫ বছর বয়সী মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
তার লাশ উদ্ধার করে করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সোলায়মান বলছেন, এক সন্তানের জনক মাহমুদুর রহমান তিন বছর আগে জীবননগরে সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) পদে যোগদান করেন। পাশাপাশি মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বেও ছিলেন তিনি।
স্ত্রী ইতি খাতুনের সঙ্গে পারিবারিক বিবাদের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।
এ প্রসঙ্গে জানতে চাইলে নিহতের স্ত্রী ইতি খাতুন বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে মাঝে মাঝে ঝগড়া হলেও পরে তা মিটে যেত। তিনি বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বা শুক্রবার আমাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। সকালে মাহমুদুর ছেলের জন্য জুস আনতে যান এবং ফিরে ঘরের দরজা লাগিয়ে দেয়।
“দীর্ঘক্ষণ দরজা না খোলায় আমি ডাকাডাকি ও দরজা ধাক্কাধাক্কি করি। পরে প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।”