১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 01:02 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলীমের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নিয়ে তার ফাঁসির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন মঞ্চের কর্মীরা।

মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সংগঠক মারুফ রসুলসহ শতাধিক নেতাকর্মী যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শ্লোগানে মুখরিত করে তুলছে শাহবাগের প্রজন্ম চত্বর।

একাত্তরে হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা এবং এসব অপরাধে উস্কানি ও সহযোগিতার ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুল আলীমের বিরুদ্ধে।

ইমরান এইচ সরকার বলেন, “আলীম মুক্তিযযুদ্ধকালে যে ঘৃণ্যতম ঘটনা ঘটিয়েছে সেজন্য তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি ছাড়া অন্য কোনো দণ্ড হতে পারে না বলে বাংলার ১৬ কোটি মানুষ বিশ্বাস করে।”

এর আগে গত ০১ অক্টোবর যুদ্ধাপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে হিন্দু ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক নিধনে অংশ নেয়া এবং নির্যাতন কেন্দ্র চালানোর অপরাধ প্রমাণিত হয়।

গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের রায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হওয়ার পর শাহবাগে ক্ষুব্ধ ছাত্র-জনতার সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চ গড়ে উঠে।

এরপর থেকে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে তারা।