Published : 19 Jun 2013, 06:20 AM
ঘটনাস্থল থেকে জামায়াত কর্মী মো. ইকবাল ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি বন্দুক, ১৬টি কার্তুজ ও তিনটি রাম দা।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, বুধবার ভোর রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দুর্গম পাহাড়ে গোলাগুলির ঘটনা ঘটে।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. ইকবাল (৩২), মো. নাসির (৪৫), ছগির আহামদ (২৩), মো. আরিফ (২২) ও আবু সুফিয়ান (২২)।
এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার সবাই স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এছাড়া ইকবাল নিজস্ব বাহিনী গড়ে তুলে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায়।
সহকারী পুলিশ সুপার জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শেষ রাতে কাঞ্চনা ইউনিয়নের দুর্গম পাহাড়ে ওই অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বাঁ পায়ে গুলিবিদ্ধ হন ইকবাল। এছাড়া তিন পুলিশ সদস্য আহত হন।”
সাতকানিয়া থানার এসআই ইয়ামিন সুমন জানান, ইকবালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে।
এছাড়া এসআই শফিকুল ইসলাম এবং কনস্টেবল আব্দুল মান্নান ও বেলায়েতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গ্রেপ্তার ইকবালের বিরুদ্ধে দেলওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর সাতকানিয়া এলাকায় সহিংসতার ঘটনায় পাঁচটি এবং নাসির ও ছগিরের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।