Published : 25 May 2013, 05:00 AM
নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এস্টোরিয়ার একটি পাবলিক স্কুল মিলনায়তনে ২৪ মে শুরু হওয়া এ উৎসব তিন দিন ধরে চলবে।
দেশ ও প্রবাসের কবি-সাহিত্যিক-সাংবাদিক-লেখকদের সঙ্গে নিয়ে উৎসব উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।
প্রবাসে বাঙালি সংস্কৃতির বিকাশে মুক্তধারা ফাউন্ডেশন এই মেলার আয়োজন করেছে, এটা তাদের ২২তম আয়োজন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল বিজয়ের শত বছর, জাতীয় কবি কাজী নজরুলের ১১৪তম জন্মবার্ষিকী এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবার উৎসব শুরু হয়েছে।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার ‘ধর্মভিত্তিক রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন অধ্যাপক আলী রীয়াজ।
উদীচীর সভাপতি কামাল লোহানী এবং সেলিম রেজা নূর এই আলোচনায় অংশ নেবেন।
‘প্রেমিক কবি নজরুল’ শীর্ষক একটি আবৃত্তি অনুষ্ঠান ছাড়াও রোববার শেষ দিনে রয়েছে ‘রবীন্দ্রনাথের নোবেল বিজয়ের শতবর্ষ এবং গীতাঞ্জলী প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভা।
এবারের উৎসবের মূলমঞ্চের নাম দেয়া হয়েছে ‘রবীন্দ্র মঞ্চ।’ রয়েছে ‘হুমায়ূন আহমেদ কক্ষ’, ‘সুনীল গঙ্গোপাধ্যায় কক্ষ’ এবং ‘কলিম শরাফী কক্ষ’।
উৎসবে সদ্য প্রকাশিত বইয়ের মেলা বসেছে। প্রবাসের লেখকদের প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি ওই সব গ্রন্থের ওপর আলোচনাও হচ্ছে।
বাংলাদেশ ও কলকাতা থেকে বিভিন্ন প্রকাশনা সংস্থা ছাড়াও বিভিন্ন পণ্যের স্টলও বসেছে। রয়েছে আবৃত্তি পর্ব। শিশুদের জন্যে আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্য ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন, আনিসুল হক, কলকাতার সাহিত্যিক বিনয় হাজরা, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, নিউ জার্সী সিটি কাউন্সিলম্যান বিজ্ঞানী ড. নূরন্নবী এবং ইউনিভার্সিটি অব ম্যাসেচুসেটসের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক উইনস্টন ই ল্যাঙ্গলে।
অতিথিদের মধ্যে আরো ছিলেন চলচ্চিত্র নির্মাতা কবীর আনোয়ার, উত্তর আমেরিকার বাংলা পত্রিকা ‘ঠিকানা’র সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, ড. গুলশান আরা কাজী, হাসান ফেরদৌস প্রমুখ।
উৎসবে বাংলাদেশ ও ভারত ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে- যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের শতাধিক কবি-সাহিত্যিক-লেখকদের।