Published : 23 May 2013, 06:08 PM
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দেড় বছর কারাভোগের পর দেশে ফিরেছে ৬৫ কিশোরী।
বৃহস্পতিবার রাতে বেনাপোল সীমান্তে তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ পথে এই কিশোরীদের ভারতে পাচার করে।
“মুম্বাই শহরে কাজের সন্ধানে ঘোরা-ফেরার সময় পুলিশ তাদের আটক করে। কারাভোগ শেষে বের হলে মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল জাসটিজ মিশন নামে দুটি সংগঠন তাদেরকে আশ্রয় দেয়।”
ফেরত আসা কিশোরীদের মধ্যে ৩৩ জনকে মানবাধিকার সংস্থা ‘রাইটস’-এর কাছে, ৩০ জনকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির কাছে এবং অপর দুজনকে রাজশাহীর ‘অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলাপমেন্টের (এসিডি) কাছে হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
দেশে ফেরা এসব কিশোরীদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করবে এ্ই সংগঠনগুলো।