Published : 18 May 2013, 04:03 PM
পুনর্বাসনের অংশ হিসেবে শনিবার নগরীর টাইগারপাস এলাকার দিগন্ত ক্লাব মাঠে তাঁবু খাটানো শুরু হয়েছে। তবে তাঁবুতে এখনো কোনো পাহাড়ি বাসিন্দাকে তোলা সম্ভব হয়নি।
গত ৯ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় নগরের ১৩টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের আসন্ন বর্ষা মৌসুমে তিন মাসের জন্য সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
তাদের অস্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়।
এর অংশ হিসেবে শনিবার দিগন্ত ক্লাব মাঠে প্রায় ৫০টির মতো তাঁবু খাটানো হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লালখান বাজার ও এর আশপাশের পাহাড়ের লোকজনকে এখানে থাকতে দেয়া হবে।
পর্যায়ক্রমে পাঁচশ’র মতো তাঁবু খাটিয়ে নগরীর বিভিন্ন পাহাড়ে বেশি ঝুঁকিতে থাকা বসবাসকারীদের সরিয়ে নিয়ে অস্থায়ীভাবে রাখা হবে বলে জানান তিনি।
শনিবার এই কার্যক্রমের তদারক করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে ৫০ হাজারের বেশি মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন।
“আমরা হয়তো সবাইকে সরিয়ে নিতে পারব না। যারা বেশি ঝুঁকিতে রয়েছে তাদের প্রথম দফায় সরিয়ে নেয়া হবে।”
তিনি বলেন, অস্থায়ী তাঁবুতে এখনই থাকতে হবে বিষয়টি এমন নয়। বৃষ্টির সময় এখানে এসে থাকতে হবে। এই কার্যক্রমের মাধ্যমে কিছু মানুষকে বাঁচানো গেলেই সার্থকতা।
এসময় সিটি করপোরেশন, রেলওয়েসহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।