১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলা থেকে বেঁচে গেলেন ৫ জাপানি নাগরিক

এ হামলায় দুই পথচারী এবং জাপানি নাগরিকদের সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পাকিস্তানে আত্মঘাতী হামলা থেকে বেঁচে গেলেন ৫ জাপানি নাগরিক

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 19 Apr 2024, 02:33 PM

Updated : 19 Apr 2024, 02:57 PM

পাকিস্তানের করাচিতে শুক্রবার একটি গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলা হলেও প্রাণে বেঁচে গেছেন গাড়িতে থাকা জাপানের পাঁচ নাগরিক। আত্মঘাতী হামলাকারীর সঙ্গে একজন বন্দুকধারীও ছিলেন। পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে।

করাচি পুলিশের একজন মুখপাত্র জানান, আত্মঘাতী হামলার এই ঘটনায় দুই পথচারী আহত হয়েছেন।

গত কয়েক বছরে পাকিস্তানে ইসলামপন্থি জঙ্গিদের হামলার ঘটনা বেড়ে গেছে। বেশ কয়েকটি হামলায় বহু প্রাণহানিও হয়েছে। সেখানে বিদেশি নাগরিকদের লক্ষ্য করেও জঙ্গিরা হামলা চালায়।

শুক্রবারের হামলায় বেঁচে যাওয়া জাপানি নাগরিকদের পুলিশি হেফাজতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও করাচি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের মুখপাত্র আবরার হুসাইন বেলুচ বলেন, “পুলিশের একটি ভ্রাম্যমান ইউনিট ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিল। হামলার পরপরই তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিদেশি অতিথিদের নিরাপত্তা দিয়ে দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলে।”

Image

ছবি: রয়টার্স

হামলায় দুই পথচারী এবং জাপানি নাগরিকদের সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি বলেছেন, পুলিশ যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করে গুরুত্বপূর্ণ জীবন রক্ষা করেছে।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

জাপানি নাগরিকদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।