গাজায় স্থল-আকাশ-সমুদ্রপথে হামলার সতর্কবার্তা দিল ইসরায়েল
তবে এ হামলা কবে, কখন শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হবে বলে হঁশিয়ার করেছে।
গাজায় স্থল হামলা চালানোর সম্ভাবনার মধ্যে এ বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে এ হামলা কবে, কখন শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
বিবিসি জানায়, বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে যে, ইসরায়েলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। এই অভিযান চালানো হবে বিস্তৃত পরিসরে এবং দীর্ঘ সময় নিয়ে।
ইসরায়েল তাদের বিবৃতিতে আরও জানায়- স্থল, আকাশ ও সমুদ্রপথে পুরোদস্তুর হামলার জন্য ব্যাপক মাত্রায় প্রয়োজনীয় রসদের দিকেই এখন সবচেয়ে বেশি মনোনিবেশ করা হচ্ছে।
রসদকেন্দ্র স্থাপন, সাজ-সরঞ্জাম সরবরাহ এবং সেনাদেরকে পুরোপুরি অস্ত্রসজ্জিত হতে সক্ষম করে তোলার ব্যবস্থা করা হচ্ছে। গাজা সীমান্তে এখনও পাঠানো হচ্ছে সেনা।
ইসরায়েলের সেনাবাহিনী গত শুক্রবারেই উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাদকে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশের পর উত্তর গাজার হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে চলে গেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পাল্টা জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। একের পর এক বোমা হামলায় গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ।
হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করে দিতে গাজায় স্থল অভিযানের প্রস্ততিও এরই মধ্যে নিয়েছে ইসরায়েলের সেনারা। ইসরায়েল এর আগে শনিবার গাজায় স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছিল। এজন্য তারা বিমান থেকে প্রচারপত্র ছেড়ে গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছিল।
তবে শনিবার অভিযান শুরুর ঘোষণা দিলেও রোববার ভোর পর্যন্ত ইসরায়েলের পদাতিক বাহিনী গাজায় আক্রমণ করেনি।
