২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খণ্ডে তরুণকে পিটিয়ে হত্যা, ১০ জনের কারাদণ্ড

মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে এই তরুণকে মারধর করা হয়। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ঝাড়খণ্ডে তরুণকে পিটিয়ে হত্যা, ১০ জনের কারাদণ্ড

ছবি: বিবিসি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 01:00 AM

Updated : 06 Jul 2023, 12:59 AM

ভারতের ঝাড়খণ্ডে চার বছর আগে তাবরেজ আনসারি নামে এক মুসলমান তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগে ১০ জনকের দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে তাবরেজকে প্রচণ্ড মারধর করা হয়। গুরুতর আহত ওই তরুণ পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মারা যায়।

তাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যায়, তাবরেজ বার বার তার প্রাণ ভিক্ষা চাইছিলেন এবং হামলাকারীরা তাকে ‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করতে বলছে।

বিদ্যুতের খুঁটির সাথে বাঁধা তাবরেজের মুখমণ্ডল রক্ত ও অশ্রুতে মাখামাখি হয়ে আছে।

২০১৯ সালের ১৯ জুন তাবরেজকে মারধরের ওই ভিডিও ভাইরাল হয়।

তাবরেজের পরিবারে দাবি, মারের চোটে সে গুরুতর আহত হলেও পুলিশ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেনি।

রাজ্য পুলিশ থেকে অবশ্য কোনো ধরণের ‍অন্যায় করার ‍অভিযোগ অস্বীকার করেছে বলে জানায় বিবিসি।

তাবরেজকে রাতভর মারধর করে পরদিন সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে।

পুলিশ থানায় তাবরেজের সঙ্গে তার পরিবারের কাউকে দেখা করতে দেয়নি বলেও অভিযোগ রয়েছে।

২০১৯ সালের ২২ জুন ওই তরুণ আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গত সপ্তাহে ভারতের একটি বিচারিক আদালত ‘উদ্দেশমূলকভাবে না হলেও অপরাধমূলক হত্যাকাণ্ডের জন্য ১০ জনকে দোষীসাব্যস্ত’ করেন।

দোষীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের আরো কঠোর অভিযোগপত্র দায়ের না করায় বিচারক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের তিরস্কারও করেন।

তবে অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণের অভাবে হত্যাকাণ্ডের অপরাধের জন্য নির্দিষ্ট সর্বোচ্চ সাজা দেওয়া সম্ভব হচ্ছে না বলেও রায়ে জানিয়েছেন বিচারক।