২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গোটা গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামাসের হাতে থাকা  সব জিম্মিকে মুক্ত করাসহ হামাসকে বিনাশ করে ‘পুরোপুরি জয়’ অর্জনের অঙ্গীকার করেছেন।

গোটা গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু
দক্ষিণ গাজার খান ইউনিসে উদ্বাস্তু ফিলিস্তিনিদের একটি তাঁবু শিবিরে ইসরায়েলের হামলা পর উড়ছে কালো ধোঁয়া। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

গাজা ভূখন্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজা থেকে অবরোধ তুলে নিতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ জোরদার হওয়ার মধ্যে নেতানিয়াহু এমন কথা বললেন।

ইসরায়েলের সেনাবাহিনী শুক্রবার নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। তারা খান ইউনিসের অধিবাসীদেরকে সোমবার অবিলম্বে এলাকা খালি করে দিতে বলেছে।

সেখানে নজিরবিহীন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।  এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, “তুমুল যুদ্ধ হচ্ছে। আমরা গাজার সব অংশ নিয়ন্ত্রণে নেব।”

তিনি গাজায় হামাসের হাতে থাকা ৫৮ জিম্মিকে মুক্ত করাসহ হামাসকে বিনাশ করে ‘পুরোপুরি জয়’ অর্জনের অঙ্গীকার করেছেন।

একই সময়ে গাজায় সম্ভাব্য দুর্ভিক্ষ পরিস্থিতি এড়াতে খাদ্য সহায়তা পুনরায় শুরু করার সিদ্ধান্তও নিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক উদ্বেগের মুখে নেতানিয়াহু সেখানে কিছু পরিমাণে ত্রাণ ঢুকতে দিতে বাধ্য হয়েছেন।

দুই মাসের বেশি সময় ধরে গাজায় জারি থাকা ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহল, এমনকি যুক্তরাষ্ট্র কাছ থেকেও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

এই প্রেক্ষাপটে মার্কিন সিনেটরদের উদ্দেশে নেতানিয়াহু বলেছেন, তারা বিশ্বে আমাদের সবচেয়ে ভাল বন্ধু। এই বন্ধুরা তাকে বলেছে যে, গাজায় মানুষের অনাহারের চিত্র ইসরায়েলের সমর্থন ক্ষুন্ন করছে এবং ইসরায়েল এমন এক চরম সীমায় পৌঁছে যাচ্ছে যেখানে তারা সমর্থন হারাতে পারে।

সেই কারণে গাজার যুদ্ধে জয় পাওয়ার জন্য কোনওভাবে ইসরায়েলকে এই সমস্যা সমাধান করতে হচ্ছে বলে নেতানিয়াহু তার সরকারের কট্টর-ডানপন্থিদের ব্যাখ্যা দিয়েছেন, যারা চাইছে গাজায় ত্রাণ বন্ধ রাখা হোক যাতে তা হামাসের কাছে পৌঁছতে না পারে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা হামাসকে নির্মূল করতে এবং জিম্মিদের ঘরে ফেরাতে গাজাজুড়ে নতুন একটি অভিযান ‘অপারেশন গিডিওন চ্যারিওটস’ শুরু করেছে।

গাজার স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছে, রোববার রাতভর অভিযানে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় গাজার ১৬০ টি নিশানায় হামলা চালানোর কথা জানিয়েছে।

আলাদাভাবে গাজায় ইসরায়েলের চোরাগোপ্তা অভিযানও চলছে। এসব অভিযানে হামাস নেতাদের হত্যা করছে ইসরায়েল। গাজার দক্ষিণে এমনই এক অভিযানে এক হামাস নেতা নিহত হয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী নতুন স্থল অভিযানেও অগ্রসর হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে। সেখানকার প্রায় পুরো জনগোষ্ঠীই বাস্তুচ্যুত হয়েছে।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।