ইসরায়েলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয়: বার্নি স্যান্ডার্স
ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে আরবদের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার পর তিনি এ আহ্বান জানালেন।
আরবদের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোকে আসন্ন পার্লামেন্ট নির্বাচনে নিষিদ্ধ করার পর ইসরায়েলে সব ধরনের মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনেটর বার্নি স্যান্ডার্স।
ইসরায়েলের সেন্ট্রাল ইলেকশন কমিটি (সিইসি) পার্লামেন্ট নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে আরবদের প্রধান দুটি রাজনৈতিক দলের ভোটে অংশগ্রহণ নিষিদ্ধ করে। এতে ইসরায়েলের ফিলিস্তিনি আরব নাগরিকদের দেশটির পার্লামেন্ট নেসেটে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে, জানিয়েছে আল জাজিরা।
সোমবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে স্যান্ডার্স বলেছেন, “যদি বিষয়টি ইতোমধ্যেই পরিষ্কার না হয়ে থাকে তবে জেনে রাখুন, নেতানিয়াহু ও তার ডানপন্থি মিত্ররা এমন এক ইসরায়েল চায় যেখানে ফিলিস্তিনি নাগরিকদের (যারা জনসংখ্যার ২০ শতাংশ) কোনো কথা বলারই সুযোগ থাকবে না।”
তিনি লিখেছেন, “ইসরায়েলকে আর কোনো মার্কিন সামরিক সহায়তা নয়।”
যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সিনিয়র সেনেটর স্যান্ডার্স মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের একজন নির্দলীয় সদস্য। তিনি মার্কিন কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী স্বতন্ত্র সদস্য। তিনি নিজেকে একজন ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেন।
