মামদানির হুমকি: নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির কঠোর অবস্থানের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরকালে জন এফ কেনেডি বিমানবন্দর এড়িয়ে যেতে চাইছেন।
ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উড়োজাহাজ নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে না।
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি উড়োজাহাজ অবিলম্বে ছেড়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন, এমন উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেএফকে বিমানবন্দরের পরিবর্তে নেতানিয়াহুর রাষ্ট্রীয় বিমান ‘উইং অব জায়ন’ পার্শ্ববর্তী রাজ্য নিউ জার্সির একটি সামরিক ঘাঁটিতে অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে।
‘মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জটিলতা’ এবং নিউ ইয়র্কে নেতানিয়াহুর উপস্থিতিকালীন তার বিমানকে বিমানবন্দরে পার্ক করে রাখার অনুমতি না দিয়ে মেয়র মামদানি সেটিকে অবিলম্বে উড্ডয়নের নির্দেশ দিতে পারেন, এমন শঙ্কা থেকেই বিমানটি নিউ জার্সিতে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদপত্রটি জানিয়েছে।
তাছাড়া, এর আগে জোহরান মামদানি একাধিকবার বলেছিলেন, গাজায় হত্যাকান্ডে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফলে নিউ ইয়র্কে পা দিলে তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেবেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়, ‘বিক্ষোভের আশঙ্কাযর কারণেও নিউ ইয়র্ক সফর উল্লেখযোগ্যভাবে সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু এবং তিনি সেখানে রাতে অবস্থান করবেন না।’
এতে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করতে টেক্সাসে নির্ধারিত একটি বিরতির কর্মসূচিও বাতিল করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
মাস্কের সঙ্গে বৈঠক বাতিলের বিষয়ে এক ইসরায়েলি সূত্র ইয়েদিওথ আহরোনোথকে বলেছে, “সমন্বয় করা নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল; এর কারণ হতে পারে জ্বালানি নেওয়ার জন্য অবতরণের প্রয়োজনীয়তা, অথবা মার্কিনরা শেষ মুহূর্তে কোনো সমন্বয় করতে পছন্দ করে না।”
