০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ক্যারিবীয় সাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪

মানবাধিকার বিশেষজ্ঞরা এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ক্যারিবীয় সাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪

ক্যারিবিয়ান সাগরে একটি জলযানে আঘাত হানার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 10:56 AM

Updated : 05 Oct 2026, 10:55 AM

ক্যারিবীয় সাগরে একটি নৌযানে মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

ওয়াশিংটনের দাবি, তারা ওই অঞ্চলে ‘মাদক-সন্ত্রাসবাদীদের’ লক্ষ্যস্থল করছে; কিন্তু মানবাধিকার বিশেষজ্ঞরা এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড রোববারস এক্স এ জানিয়েছে, ক্যারিবীয় সাগরে প্রতিষ্ঠিত মাদক-পাচারের রুট ধরে দ্রুতগতিতে গমনরত একটি নৌযানে ‘প্রাণঘাতী’ আঘাত হনেছে তারা।

তারা আরও বলেছে, নৌযানটিতে করে মাদক পাচার করা হচ্ছিল, এমন ‘নিশ্চিত গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে সেটিতে আঘাত হানা হয়েছে আর তাতে চারজন নিহত হয়েছেন।

নিহতরা ‘মাদক-সন্ত্রাসবাদী’ ছিল বলে অভিযোগ মার্কিন সাউদার্ন কমান্ডের; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত যেসব জাহাজে তারা আঘাত হেনে সেগুলো মাদক পরিবহন করছিল।

ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে বিভিন্ন নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের এবং বাইরের বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবীরা এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞরা এইসব হামলাকে ‘বিচার বহির্ভূত হত্যাকান্ড’ বলে অভিহিত করেছে।

জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদ দমন বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার বেন সল বলেছেন, “এই ধরনের হামলাগুলো প্রচলিত আন্তর্জাতিক আইনের অধীনে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হওয়ার শামিল বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ রয়েছে।”