আবারও গ্রেপ্তার হওয়ার শঙ্কা প্রকাশ করলেন ইমরান খান
মঙ্গলবার ইসলামাবাদ গেলে পুনরায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ৮০ শতাংশ বলে জানিয়েছেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী।
আগামী মঙ্গলবার ইসলামাবাদ গেলে পুনরায় তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ৮০ শতাংশ বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
নিজের জামান পার্কের বাড়ি থেকে রোববার ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতেই এ সবকিছু করা হচ্ছে। এখন পর্যন্ত (পিটিআইর) ১০ হাজারের বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার দলে জ্যেষ্ঠ নেতাদের সবাই এখন কারাগারে।
‘‘জামিনের জন্য আগামী মঙ্গলবার আমাকে ইসলামাবাদ যেতে হবে এবং ওইদিন আমাকে গ্রেপ্তার করার সম্ভাবনা ৮০ শতাংশ।”
দুইটি মামলার শুনানির জন্য ইমরান গত ৯ মে ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গনে গেলে অন্য একটি মামলায় তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
দুইদিনের মাথায় দেশটির সুপ্রিম কোর্ট ওই গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করে ইমরানকে দ্রুত হাই কোর্টে উপস্থাপনের নির্দেশ দেয়।
১২ মে ইসলামাবাদ হাই কোর্ট থেকে সুরক্ষামূলক জামিন পান তেহরিক-ই-ইনসাফ নেতা। পরে তার জামিনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয় করা হয়।
