আয়ারল্যান্ডে ছুরি হামলা, শিশুসহ আহত ৫
আইরিশ সম্প্রচারমাধ্যম আরটিই ছুরিকাঘাতে মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে। আহতদের একজন পুরুষ, একজন নারী এবং তিনজন শিশু।
আয়ারল্যান্ডের ডাবলিনে একটি ব্যস্ত শপিং এলাকায় ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইরিশ পুলিশ।
বৃহস্পতিবার ডাবলিনের উত্তরে পার্নেল স্কয়ার ইস্টে স্থানীয় সময় দুপুরের পর এ ঘটনা ঘটে।
আইরিশ সম্প্রচারমাধ্যম আরটিই ছুরিকাঘাতে মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে। আহতদের একজন পুরুষ, একজন নারী এবং তিনজন শিশু।
আহত শিশুদের মধ্যে একটি মেয়ে এবং আহত ওই নারীর অবস্থা গুরুতর। বাকীদের জখম ততটা গুরুতর নয়।
বিবিসি জানায়, ছুরি হামলার জায়গাটি সিল করে দিয়ে ওই এলাকাকে অপরাধস্থল হিসাবে ঘোষণা করা হয়েছে।
আইরিশ পুলিশ বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। হামলার উদ্দেশ্য কি ছিল তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তবে এ হামলার পেছনে সন্ত্রাসী তৎপরতা আছে বলে আপাতত সন্দেহ করা হচ্ছে না।
